জুন ১২, ২০১৯ ১১:৪৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১২ জুন বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • দুর্বলতা ঢাকতেই ঘুষ দিয়েছেন ডিআইজি মিজান: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • বাসির ও মিজানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি টিআইবির-দৈনিক প্রথম আলো
  • হত্যা করে লাশের সঙ্গে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক-দৈনিক ইত্তেফাক
  • নিজের চরকায় তেল দিন আওয়ামী লীগকে গয়েশ্বর-দৈনিক নয়া দিগন্ত
  • ব্যাংক খাতে সরকারের ঋণ বাড়ছে-৯ মাসে সঞ্চয়পত্র থেকে ধার ৪০ হাজার কোটি টাকা-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • অচলাবস্থা এখনও কাটল না, রাজ্য জুড়ে চলছে চিকিত্সা সঙ্কট, চরম হয়রানি রোগীদের -দৈনিক আনন্দবাজার
  • বিজেপির লালবাজারে অভিযানে ধুন্ধুমার, জল কামান ও টিয়ার গ্যাস ছুঁড়ল পুলিশ-দৈনিক সংবাদ প্রতিদিন
  • সাংবাদিকের মুখে প্রস্রাব!‌ যত কাণ্ড যোগীর রাজ্যে-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. আমরা উন্নত হচ্ছি, সভ্য হচ্ছি কি- প্রশ্নটি করেছেন বাংলোদেশের মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের অন্যতম কর্ণধার সুলতানা কামাল। কী বলবেন আপনি?

২. মার্কিন উদ্যোগে বাহরাইনে অনুষ্ঠেয় সম্মেলনে জর্দান ও মিশর যোগ দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে গভীর দুঃখ প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। ফিলিস্তিনিরা কেন দুঃখ প্রকাশ করছেন?

বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কযেকটি খবর:

বাসির ও মিজানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি টিআইবির-দৈনিক প্রথম আলো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাসির এবং ডিআইজি মিজানুর রহমানের মধ্যে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল এক বিবৃতিতে সংস্থাটি উভয়ের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির এই দাবি জানিয়েছে। টিআইবি বলছে, তদন্ত কর্মকর্তার দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। প্রাতিষ্ঠানিকভাবে দুদকের পক্ষে এর দায় কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। একই সঙ্গে ঘুষ লেনদেনে জড়িত পুলিশ কর্মকর্তার সব অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দায়ও পুলিশ প্রশাসনের পাশাপাশি দুদকের।

দুর্বলতা ঢাকতেই ঘুষ দিয়েছেন ডিআইজি মিজান: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

দুদক কর্মকর্তার সঙ্গে ডিআইজি মিজানের ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ডিআইজি মিজান ঘুষ কেন দিয়েছেন, নিশ্চয়ই তার কোনো দুর্বলতা আছে। সেই দুর্বলতা ঢাকতেই তিনি ঘুষ দিয়েছেন। না হয় ঘুষ দেবেন কেন? ঘুষ দেয়া-নেয়া দুটোই অপরাধ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বুধবার রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘কারা অধিদফতরের উদ্ভাবনী মেলা ও শোকেসিং-২০১৯’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ডিআইজি মিজানের বিরুদ্ধে এর আগের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিচার এখনও প্রক্রিয়াধীন। এর মধ্যে আবার ঘুষ কেলেঙ্কারি। বিষয়টি যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

হত্যা করে লাশের সঙ্গে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক-দৈনিক ইত্তেফাক

নরসিংদীর চাঞ্চল্যকর সাবিনা আক্তার হত্যা ও লাশকে ধর্ষণ করার অভিযোগে ধর্ষক সাইফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব-১১। বুধবার সকালে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক কাজী শামসের আহম্মেদ। তিনি জানান, গত ৬ জুন বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের সাবিনা আক্তার (২১) নামে এক প্রতিবন্ধী যুবতীকে একই উপজেলার দুলালপুর (খালপাড়) গ্রামের মৃত হানিফ উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (২৮) বিয়ের প্রলোভন দেখিয়ে একটি সিএনজি যোগে স্থানীয় কাজীরচর পূর্বপাড়া গ্রামের মোঃ নাজিম উদ্দিনের কলাবাগানের ভিতর নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে সাবিনা বাধা দিলে সাইফুল তার জামা দিয়ে সাবিনাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং তার লাশকে ধর্ষণ করে। পরে তার লাশ কলা ক্ষেতে ফেলে চলে যায়।

এ সময় সে সাবিনার ব্যবহৃত মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ নিয়ে তার নিজ বাড়িতে চলে যায়। ঘটনার পর থেকে সাইফুল আত্মগোপন করে থাকে। গত ৮ জুন স্থানীয় লোকজন উল্লেখিত কলাবাগানে লাশ দেখে শিবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে সাবিনার মা আফিয়া আক্তার বাদী হয়ে শিবপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

ব্যাংক খাতে সরকারের ঋণ বাড়ছে-৯ মাসে সঞ্চয়পত্র থেকে ধার ৪০ হাজার কোটি টাকা-দৈনিক মানবজমিন

ব্যাংক খাতে  সরকারের ঋণ বাড়ছে

দীর্ঘদিন কমতির ধারায় থাকার পর সমপ্রতি আবার বাড়তে শুরু করেছে সরকারের ব্যাংক ঋণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, এই অর্থবছরে গত জুলাই থেকে ২১শে মে পর্যন্ত ব্যাংক থেকে সরকার ১১ হাজার ৭০ কোটি টাকা ঋণ নিয়েছে। অন্যদিকে চলতি অর্থবছরের ৯ মাসে সরকারের সঞ্চয়পত্র থেকে ঋণ দাঁড়িয়েছে ৪০ হাজার কোটি টাকার মতো। ফলে বাজেট ঘাটতি মেটাতে সরকার  চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে যে পরিমাণ অর্থ ধার করার লক্ষ্য ধরেছিল, তার চেয়েও ৫২ শতাংশ বেশি নেয়া হয়েছে ৯ মাসেই। সরকারের ঋণ বেড়ে যাওয়ায় আসন্ন বাজেটে সঞ্চয়পত্র খাতে বড় ধরনের সংস্কার আনা হচ্ছে বলে জানা গেছে। এছাড়া কমছে বেচাকেনার লক্ষ্যমাত্রা। অপরিবর্তিত থাকছে সুদহার ও ১লা জুলাই থেকে দেশব্যাপী অনলাইনে লেনদেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, সঞ্চয়পত্রে বিনিয়োগ নিরাপদ ও ঝুঁকিমুক্ত এবং সুদের হার বেশি হওয়ায় এখানে সাধারণ মানুষের বিনিয়োগ বাড়ছে। তবে যেভাবে বাড়ছে এটা নিয়ন্ত্রণ করা উচিত। কারণ এটা বন্ধ করা কিংবা সুদের হার কমিয়ে আনা কোনোটাই সরকারের পক্ষে সম্ভব হবে না। তিনি বলেন, সেক্ষেত্রে সরকারের করণীয় হলো বাজেটে সঞ্চয়পত্র বিক্রির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, তা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ করে দেয়া। এতে করে সরকারকে অতিরিক্ত সঞ্চয়পত্র বিক্রির সুদের বোঝা টানতে হবে না।

নিজের চরকায় তেল দিন আওয়ামী লীগকে গয়েশ্বর-দৈনিক নয়া দিগন্ত

Image Caption

‘বিএনপি একটি বিশৃঙ্খল রাজনৈতিক দল‘ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ওবায়দুল কাদের সাহেবকে বলবো, উনি নিজের চরকায় তেল দেক, তার চেহারাটা আয়নায় দেখুক। কারণ আমার সংগঠনকে তিরস্কার করে তার সংগঠনের দুরবস্থা থেকে পরিত্রান পাওয়ার কোনো কারণ নেই। সুতরাং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নিজের ঘর গোছানোর কাজটা আগে করুক। বয়সসীমা না করে ধারাবাহিক কমিটির দাবিতে ছাত্রদলের আন্দোলন ও কমিটি নিয়ে বিএনপি উভয় সংকটের মধ্যে আছে বলে মন্তব্য করে তিনি।  বুধবার রাজধানীর নয়াপল্টন গয়েশ্বর চন্দ্র রায়ের চেম্বারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এই প্রশ্নের জবাবে ছাত্রদলের আন্দোলন ও কমিটির বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এটা নিয়ে আমরা উভয় সংকটে। এই যে ওরা (ছাত্ররা) দীর্ঘদিন জেল খাটলো, মামলা এবং পুলিশের হয়রানির স্বীকার হলো, অথচ ওদের অবদানের বিনিময়ে ওরা কি পাবে? ওদের কি মূল্যায়ন হবে? দোষটা কার? দোষ কারো না। কারণ গণতান্ত্রিক পরিবেশ না থাকলে কোন রাজনৈতিক দল তার কাজটি সঠিকভাবে করতে পারে না।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

বিজেপির লালবাজারে অভিযানে ধুন্ধুমার, জল কামান ও টিয়ার গ্যাস ছুঁড়ল পুলিশ-দৈনিক সংবাদ প্রতিদিন

বসিরহাট কাণ্ডের প্রতিবাদে বিজেপির লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বিবি গাঙ্গুলি স্ট্রিটে। অবরুদ্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ। বিবি গাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে, বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান ও টিয়ার গ্যাসে সেল ছুঁড়ে পুলিশ। মুকুল রায়-সহ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন বিজেপি সমর্থকরা।

অতীতে বিজেপির লালবাজার অভিযানকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়েছিল কলকাতা। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন বিক্ষোভকারীরা, পুড়িয়েছিল পুলিশের গাড়িও। এবার বিজেপির লালবাজার অভিযানকে কেন্দ্র করেও তুমুল অশান্তি শহরে।

অচলাবস্থা এখনও কাটল না, রাজ্য জুড়ে চলছে চিকিত্সা সঙ্কট, চরম হয়রানি রোগীদের-দৈনিক আনন্দবাজার

এখনও অচলাবস্থা কাটল না এনআরএস হাসপাতালে। কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়ার ডাক্তাররা।  তাঁরা বার বারই দাবি করছেন, ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, প্রশাসনের শীর্ষ কর্তারা যত ক্ষণ না এ ব্যাপারে কোনও আশ্বাস দেবেন, তত ক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ফলে বুধবারেও হাসপাতালের পরিষেবা কার্যত স্তব্ধ। আউটডোর বন্ধ। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে তালা ঝুলছে। জুনিয়র তো বটেই, হাসপাতালে দেখা মিলছে না সিনিয়র ডাক্তারদেরও।  ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে। একই ছবি ধরা পড়েছে এসএসকেএম হাসপাতালে।  সেখানেও আউটডোর ও বিভিন্ন জরুরি পরিষেবা বন্ধ। হাসপাতালে আসা রোগীর পরিবারদের অভিযোগ, কোনও পরিষেবা পাচ্ছেন না তাঁরা।আউটডোর বন্ধ কলকাতা মেডিক্যাল কলেজ, আর জি কর এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজেও।শুধু কলকাতাই নয়, রাজ্য জুড়ে সরকারি হাসপাতালগুলিতে চিকিত্সা পরিষেবার ছবিটা একই রকম।

আর সংবাদ প্রতিদিন শিরোনাম করেছে এরকম যে, এনআরএস কাণ্ডে প্রায় পঙ্গু বাংলার স্বাস্থ্য পরিষেবা, প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের।

সাংবাদিকের মুখে প্রস্রাব!‌ যত কাণ্ড যোগীর রাজ্যে-দৈনিক আজকাল

উত্তরপ্রদেশে ফের সাংবাদিক হেনস্থা। শামলি জেলায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর কভার করতে গিয়েছিলেন নিউজ ২৪ টিভির সাংবাদিক অমিত শর্মা। কিন্তু খবর কভার করতে গিয়ে পুলিশের হাতে মার খেতে হয় অমিতকে। ঘটনাটির ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে। অমিত শর্মা বলেছেন, ‘রেল পুলিশের আধিকারিকরা সাধারণ পোশাকে ছিলেন। একজন ধাক্কা দিয়ে আমার ক্যামেরা ভেঙে দিয়েছেন। একজন ধাক্কা দিয়ে আমাকে মাটিতে ফেলে দেন। আমি উঠতে গেলে মারা হয়। গালিগালাজ করা হয়। আমাকে আটকে রাখা হয়। এমনকি আমার মুখে প্রস্রাব পর্যন্ত করা হয়েছে।’‌ মঙ্গলবার রাতের এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। রেল পুলিশরা অমিতের ফোন পর্যন্ত কেড়ে নিয়েছেন। লাইনচ্যুত ট্রেনের ছবি তোলার অপরাধে।

  • পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।