জুন ১৫, ২০১৯ ১১:০৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৫ জুন শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • রোহিঙ্গা সংকট সমাধান না হলে অস্থিতিশীল হবে এশিয়া: রাষ্ট্রপতি-দৈনিক যুগান্তর
  • বাজেট নিয়ে বিএনপির সমালোচনা গতানুগতিক: কাদের-দৈনিক প্রথম আলো
  • লাকসামে মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার, আটক ১-দৈনিক ইত্তেফাক
  • ওসি মোয়াজ্জেমকে আটকাতে বেনাপোলে সতর্কতা-দৈনিক নয়া দিগন্তপ্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব ও জনমুখী:এফবিসিসিআই-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • জুনিয়র ডাক্তারদের আবেগ নিয়ে খেলবেন না, বহিরাগত বিতর্কে এ বার জড়ালেন আইএমএ সভাপতি-দৈনিক আনন্দবাজার
  • ওদের কী দোষ? প্রশাসন-ডাক্তারদের ‘ইগো’র লড়াইয়ে পিষ্ট রোগীরা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • অযোধ্যায় হতে পারে জঙ্গি হামলা, জারি উচ্চ সতর্কবার্তা-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বাংলাদেশের জাতীয় সংসদে উত্থাপিত খসড়া বাজেট সম্পর্কে গবেষণা সংস্থা সিপিডি বলেছে, প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক অপশাসনের সুবিধাভোগীদের পক্ষে গেছে। বিষয়টি একটু ব্যখ্যা করবেন?

২. ওমান সাগরে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনী যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্রিটেন বাদে ইউরোপের বেশিরভাগ মার্কিন মিত্র দেশ ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এর কারণ কী?

বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

বাজেট নিয়ে বিএনপির সমালোচনা গতানুগতিক: কাদের-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বাজেট নিয়ে বিএনপির বিরূপ সমালোচনা মনগড়া এবং গতানুগতিক। বিএনপি ১০ বছর ধরে বাজেট সম্পর্কে যে মনোভাব প্রকাশ করেছে, ঠিক একই মন্তব্য এবারও করেছে। এবারও এর কোনো ব্যতিক্রম আমরা লক্ষ করিনি। এটা তাঁদের নেতিবাচক রাজনীতির নেতিবাচক মনোভাবেরই প্রতিফলন।’আজ শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে বাজেটের প্রতিক্রিয়া জানাতে এসে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বাজেট–পরবর্তী প্রতিক্রিয়ায় গতকাল শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বাজেট উচ্চাভিলাষী। জনগণের বিরুদ্ধে এ বাজেট দেওয়া হয়েছে। এতে ধনী-দরিদ্রের বৈষম্য বাড়বে; জনপ্রত্যাশা পূরণ হবে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ১০ বছর ধরে বিএনপি প্রতিটি বাজেট সম্পর্কে এ ধরনের মনোভাব প্রকাশ করেছে। কিন্তু প্রতিটি বাজেটই নানা সোপান অতিক্রম করে উন্নয়নশীল দেশে দেশকে পরিণত করে নিয়ে এসেছে।

লিখিত বক্তব্যে বিএনপির সমালোচনা করে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে জনগণের কল্যাণে কোনো প্রস্তাব থাকলে তা সুনির্দিষ্টভাবে সংসদে উপস্থাপন করুন। যুক্তিসংগত প্রস্তাব গ্রহণের মতো উদারতা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকারের রয়েছে। নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।’

বাজেট নিয়ে দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম যে, সরকারের ‘স্মার্ট’ বাজেটকে ‘চটকদার’ বলছে গণফোরাম। খবরটিতে লেখা হয়েছে, প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটকে হতাশাজনক বলেছে গণফোরাম। দলটি বলছে, বিগত বছরগুলোয় সামষ্টিক অর্থনীতির নীতির ফলে সার্বিক অর্থনীতিতে সৃষ্ট বিপদ ও ঝুঁকি সম্পর্কে এবারের বাজেটে অজ্ঞতা প্রকাশ পেয়েছে। এ বাজেটের ফলে অর্থনৈতিক অব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়বে। জনগণের বাজেট নয় উল্লেখ করে গণফোরাম একে প্রত্যাখ্যান করেছে।

গণফোরাম মনে করে, সরকার একে ‘স্মার্ট’ বাজেট বললেও এটি ‘চটকদার’ বাজেট। অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্য ও বেকারত্বের মতো সমস্যা মোকাবিলায় কোনো উদ্যোগ নেই। দলটি অভিযোগ করে বলেছে, জনগণের স্বার্থকে উপেক্ষা করে শক্তিশালী ব্যবসায়ী গোষ্ঠী ও রাজনৈতিক স্বার্থান্বেষী ব্যক্তির স্বার্থ হাসিলের বাজেট এটি।

লাকসামে মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার, আটক ১-দৈনিক ইত্তেফাক

কুমিল্লার লাকসামে সপ্তম শ্রেণিতে পড়া এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। পরে ধর্ষণের অভিযোগে সুমন হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আজগরা ইউপির দামবাহার গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ধর্ষিতা ওই ছাত্রী শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পুকুরে যাওয়ার সময় ওৎপেতে থাকা সুমন তার মুখ চেপে ধরে পুকুরের পাড়ের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ওই সুমন পালিয়ে যায়।পরে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে। বর্তমানে ওই ছাত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সীমান্তে হত্যার ঘটনা বেড়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত: বিএসএফ ডিজি-দৈনিক ইত্তেফাক/প্রথম আলো

সীমান্তে হত্যার ঘটনা বেড়ে যাওয়াকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে দাবি করেছেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) শ্রী রজনীকান্ত মিশ্রা। চারদিন ব্যাপী সীমান্ত সম্মেলন শেষে শনিবার সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে উভয় দেশের প্রেস ব্রিফিংয়ে বিএসএফ ডিজি এ দাবি করেন।

বুধবার থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়। সীমান্তে সম্মেলনে বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

বিএসএফ ডিজি শ্রী রজনীকান্ত মিশ্রা বলেন, ‘হত্যার ঘটনা কেন বেড়ে গেছে-তা আমরা খতিয়ে দেখছি। সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে আমাদের বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ’

বিএসএফ ডিজি দাবি করে বলেন, ‘গত বছর সীমান্তে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। পক্ষান্তরে বাংলাদেশি চোরাচালানিদের হামলায় ৬ জন ভারতীয় নাগরিক ও ১ জন বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। বিএসএফ সদস্যদের ওপর ধারালো ছুরি, পাথর নিক্ষেপসহ অনেক ধরনের ভয়াবহ হামলা চালানো হয়। তখন আত্মরক্ষার্থে আমরা গুলি (ফায়ার আমর্স) চালাই। তবে কাউকে টার্গেট করে চালানো হয় না।’

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

জুনিয়র ডাক্তারদের আবেগ নিয়ে খেলবেন না, বহিরাগত বিতর্কে এ বার জড়ালেন আইএমএ সভাপতি-দৈনিক আনন্দবাজার

জট কাটিয়ে রফাসূত্র বার করতে এ বার আসরে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর সর্বভারতীয় সভাপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। এনআরএস মেডিক্যাল কলেজে গিয়ে শনিবার সকালে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বললেন তিনি। প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বিকেল ৫টায় গিয়ে দেখা করার। যদিও জুনিয়র চিকিৎসকরা জিবি বৈঠক করেই সিদ্ধান্ত নেবেন বলে তাঁকে জানিয়ে দেন।  

শুক্রবার রাতেই নবান্নে মুখ্যমন্ত্রীর দেওয়া বৈঠকের প্রস্তাব ফেরত পাঠিয়ে নিজেদের অনড় অবস্থান স্পষ্ট করেছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাঁরা পাল্টা দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রীকে এনআরএসে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে হবে। এদিকে আনন্দবাজারের অন্য একটি শিরোনামের খবরে লেখা হয়েছে, সোমবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন ডাক্তাররা।

ওদের কী দোষ? প্রশাসন-ডাক্তারদের ‘ইগো’র লড়াইয়ে পিষ্ট রোগীরা-দৈনিক সংবাদ প্রতিদিন

দৈনিকটির এ প্রতিবেদনে লেখা হয়েছে, কথায় বলে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। মুখ্যমন্ত্রী এনআরএসে আসবেন নাকি জুনিয়র চিকিৎসকরা যাবেন নবান্নে? দড়ি টানাটানি অব্যাহত। আর এই লড়াইয়ের মধ্যে পিষে যাচ্ছে ওই অসহায় প্রাণগুলো। যাঁরা দূর-দূরান্ত থেকে শুধুমাত্র এই আশা নিয়ে হাসপাতালে এসেছেন, যে বাড়ির অসুস্থ মানুষটাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে যাবেন। কিন্তু হায় রে ইগো! সে যে কোনওভাবেই পরিস্থিতি স্বাভাবিক হতে দিতে রাজি নয়।

পরিবারের এক অসুস্থ সদস্যকে নিয়ে হাজিবুল মুর্শিদাবাদ থেকে সোজা নীলরতন সরকারি হাসপাতালে হাজির হয়েছেন। এমার্জেন্সিতে নিয়ে যেতেই রোগীকে আউটডোরে নিয়ে যেতে বলা হয়। গেলেন আউটডোরে। কিন্তু আউটডোরে কোনও চিকিৎসকই নেই। রোগী দেখা হবে না। হাজিবুল বলছেন, “খবরে শুনেছিলাম, ডাক্তারদের আন্দোলনের চারটে দিন কেটে গিয়েছে। তাই ভাবলাম আজ হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু কিছু হচ্ছে না। মাঝখান দিয়ে ভুগতে হচ্ছে রোগী আর তার পরিবারকে। কী করব জানা নেই।”

অযোধ্যায় হতে পারে জঙ্গি হামলা, জারি উচ্চ সতর্কবার্তা-দৈনিক আজকাল

অযোধ্যায় জঙ্গি হামালার আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে হবে। লোকসভা নির্বাচনের পর থেকেই ফের একবার মন্দির তৈরির দাবি জানাতে শুরু করেছে বিভিন্ন হিন্দু সংগঠন। তবে এর মধ্যেই যোগীর রাজ্যের এই এলাকায় জঙ্গি হামলার সতর্কতা জারি হয়েছে। গোয়েন্দাদের কাছ থেকে এই রিপোর্ট আসা মাত্রই অযোধ্যা জুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা। গোয়েন্দা সূত্রে খবর, নেপাল সীমান্ত দিয়ে উত্তর প্রদেশে প্রবেশ করার পরিকল্পনায় রয়েছে জঙ্গিদের। সেখান থেকে তাদের লক্ষ্য অযোধ্যা। আর এই খবর পেয়েই অযোধ্যায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চলছে নাকা তল্লাশি। অযোধ্যায় ঢোকার আগে সব গাড়ি বিশেষভাবে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহজনক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে পুলিসকে জানাতে অনুরোধ করা হয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫