জুন ১৬, ২০১৯ ১১:৪৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৬ জুন রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদা জিয়ার জামিন না হলে আপিল বিভাগে যাব: মওদুদ-দৈনিক প্রথম  আলো
  • খাদ্যপণ্যে ভেজাল: ক্ষমা চাইলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান-দৈনিক ইত্তেফাক
  • ঋণখেলাপিরা প্রণোদনা পেলে কৃষক কেন নয়-দৈনিক যুগান্তর
  • ‘মোবাইল ফোনে শুল্ক বাড়ানোর প্রস্তাব আত্মঘাতী’-দৈনিক মানবজমিন
  • পুলিশকে জানাতে হবে ঢাকার বাসিন্দাদের তথ্য-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • অবস্থানে অনড় থেকে রফাসূত্রের খোঁজ, আলোচনা রাজ্যপালের দ্বারস্থ হওয়া নিয়েও-দৈনিক আনন্দবাজার
  • তৃণমূলকে চাপে ফেলতে তৎপর বাংলার বিজেপি সাংসদরা, নয়া কৌশল গেরুয়া শিবিরের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • পুলওয়ামার কায়দায় ফের হামলা হতে পারে কাশ্মীরে, এ বার সতর্ক করল পাকিস্তান-দৈনিক আজকাল-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

খালেদা জিয়ার জামিন না হলে আপিল বিভাগে যাব: মওদুদ-দৈনিক প্রথম আলো

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকারের রাজনৈতিক প্রভাবের কারণে আজ প্রায় এক বছর চার মাস ধরে খালেদা জিয়া কারাগারে আছেন। মওদুদ বলেছেন, ‘যদি জামিন না হয়, তাহলে অবশ্যই আমরা আপিল বিভাগে যাব।’

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে মওদুদ আহমদ এই আশা প্রকাশ করেন।মওদুদ আহমদ বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় এই সপ্তাহের মধ্যে হাইকোর্ট ডিভিশনে জামিন চাওয়া হবে। জামিন না দিলে আপিল বিভাগে যাওয়া হবে। এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার জামিনের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু তাঁর সত্যিকারের মুক্তি আসবে আন্দোলনের মাধ্যমে। রাজপথেই খালেদা জিয়া মুক্তি নিশ্চিত হতে পারে।

খাদ্যপণ্যে ভেজাল: ক্ষমা চাইলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান-দৈনিক ইত্তেফাক

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক

নিম্নমানের পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়ার জন্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। রবিবার সকাল ১০টার দিকে তিনি আদালতে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। পরে আদালত তার আবেদন মঞ্জুর করে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।

ডিআইজি মিজান কি দুদকের চাইতে ক্ষমতাশালী: আপিল বিভাগ-দৈনিক ইত্তেফাক

ডিআইজি মিজানুর রহমানকে দুদক গ্রেফতার করছে না কেন-আপিল বিভাগ!

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, ডিআইজি মিজানুর রহমান কি দুদকের চাইতে ক্ষমতাশালী? তাহলে কেন তাকে দুদক গ্রেফতার করছে না? রবিবার অর্থ আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন শুনানিকালে এ কথা বলেন আদালত। দুদকের আইনজীবী খুরশীদ আলম খানের উদ্দেশে আপিল বিভাগ বলেন, ঘুষ গ্রহণের বিষয়ে দুদক পরিচালকের (এনামুল বাছির) বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এটা আশঙ্কার কথা।

বাজেট নিয়ে প্রায় প্রতিটি দৈনিক নানামুখি খবর পরিবেশিত হয়েছে।  এ সম্পর্কে দৈনিক যুগান্তরের শিরোনাম-ঋণখেলাপিরা প্রণোদনা পেলে কৃষক কেন নয়-রাশেদ খান মেনন

সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন

খবরে লেখা হয়েছে,ঋণখেলাপি ও কালো টাকার মালিকরা প্রণোদনা পেলে কৃষক তার শস্য বিক্রিতে কেন তা পাবে না- সে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, যে কৃষক তেভাগা আন্দোলনে আওয়াজ তুলেছিল- ‘জান দেব, তবু ধান দেব না’, সেই কৃষক আজ ক্ষেতের ধান পুড়িয়ে দিচ্ছে দাম না পেয়ে। এর দায় সরকারকে নিতে হবে। সরকার কৃষিতে ভর্তুকি দিচ্ছে।

প্রথম আলোর খবর-২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে মওদুদ আহমদ বলেন, ‘সরকারে সুবিধাভোগীদের জন্য এ বাজেট। এ বাজেট জনসাধারণের জন্য না। প্রথম আলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ চেয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নেতারা বন্ড মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে কালো টাকার সুবিধা চেয়েছেন।

আর দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, মোবাইল ফোন ব্যবহারের ওপর শুল্ক বৃদ্ধিকে আত্মঘাতী বলে অভিহিত করেছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ ।

পুলিশকে জানাতে হবে ঢাকার বাসিন্দাদের তথ্য-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশ পুলিশ

তিন বছর পর আবার ঢাকার বাসিন্দাদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে পুলিশ। ‘নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদে রাখুন’ - এই প্রতিপাদ্য নিয়ে ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০১৯’ কার্যক্রমটি চলছে ২১শে জুন পর্যন্ত। এ সময় ঢাকা মহানগরীর ৫০টি থানায় একযোগে নাগরিকদের তথ্য সংগ্রহ ও হালনাগাদ করা হবে। পুলিশ কর্মকর্তারা বলছেন, সন্ত্রাস, উগ্রবাদ ও অপরাধের হুমকি থেকে বাসিন্দাদের সুরক্ষিত রাখতে এই তথ্য সংগ্রহ কার্যক্রম। কিন্তু তিন বছর পরে কেন আবার এই তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করছে পুলিশ?

আলোচিত সেই ওসি মোয়াজ্জেম গ্রেফতার-দৈনিক যুগান্তর

ওসি মোয়াজ্জেম গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশের দায়িত্বহীন আচরণের জন্য দোষী সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।রোববার রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরোয়ানা জারির ২০ দিন পর বহু আলোচনা-সমালোচনার তাকে গ্রেফতার করা হল। পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা ওসি মোয়াজ্জেমের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এবার ভারতের দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি

অবস্থানে অনড় থেকে রফাসূত্রের খোঁজ, আলোচনা রাজ্যপালের দ্বারস্থ হওয়া নিয়েও-দৈনিক আনন্দবাজার

জুনিয়ার ডাক্তারদের আন্দোলন

মুখ্যমন্ত্রীর বৈঠকের ডাক ফিরিয়ে দেওয়া আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা এ বার নিজেরাই রফাসূত্রের খোঁজে। আন্দোলনকারীরা জানিয়েছেন, রবিবার ১০টার সময় তাঁরা জেনারেল বডি-র বৈঠকে বসবেন। এবং সেখানেই ঠিক করা হবে আন্দোলনের পরবর্তী গতিপথ। যদিও সূত্রের খবর, শনিবার রাত পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর কিছুটা হলেও চাপে রয়েছেন আন্দোলনকারী ডাক্তারেরা। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে,নবান্নর পরিবর্তে কোথায় হতে পারে বৈঠক? মতভেদ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মধ্যেই।

পুলওয়ামার কায়দায় ফের হামলা হতে পারে কাশ্মীরে, এ বার সতর্ক করল পাকিস্তান-দৈনিক আজকাল

কাশ্মিরে জঙ্গি হামলা হতে পারে-সতর্ক করল পাকিস্তান

জঙ্গি হামলায় ফের রক্তাক্ত হতে পারে কাশ্মীর, তা নিয়ে ভারতকে আগাম সতর্ক করল পাকিস্তান। এ বছর ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় আইইডি বোঝাই গাড়ি নিয়ে সিআরপি কনভয়ে হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। সেই একই কায়দায় এ বার দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরায় হামলা হতে পারে বলে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনকে জানিয়েছেন পাক গোয়েন্দারা। মার্কিন যুক্তরাষ্ট্রকেও হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন তাঁরা। আর তার পরই গোটা উপত্যকা জুড়ে কড়া সতর্কতা জারি হয়েছে।

তৃণমূলকে চাপে ফেলতে তৎপর বাংলার বিজেপি সাংসদরা, নয়া কৌশল গেরুয়া শিবিরের-দৈনিক সংবাদ প্রতিদিন

বিজেপির স্ট্রাটেজি

আসন্ন লোকসভা অধিবেশনে প্রথম থেকেই বাংলার শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হবেন রাজ্য থেকে নির্বাচিত বিজেপির ১৮ জন সাংসদ। পঞ্চায়েত নির্বাচনের সময় তো বটেই , লোকসভা ভোট এবং পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার বিষয়টি নিয়ে তৃণমূলকে চাপে রাখাই কৌশল গেরুয়া শিবিরের। সেই মতোই ঠিক হচ্ছে স্ট্র‌্যাটেজি। তবে শুধু ‘সন্ত্রাস’ ইস্যুই নয়, এনআরএস কাণ্ডকে সামনে রেখে বিভিন্ন সময়ে ডাক্তারদের উপর যেসব হামলার ঘটনা ঘটেছে রাজ্যে সেগুলিও অধিবেশনে তুলে ধরতে চান বাংলার সাংসদরা। সংসদের অধিবেশনকে প্রতিবাদের প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে সারা দেশের কাছে বাংলার হিংসার ঘটনা থেকে চিকিৎসক নিগ্রহ তুলে ধরে তৃণমূলকে পাল্টা আক্রমণের কৌশল নিতে চলেছেন এ রাজ্য থেকে নির্বাচিত ১৮ জন বিজেপি সাংসদ। দিল্লিতে সংসদের সামনে ধরনা-অবস্থানও করতে পারেন তাঁরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬