জুন ১৭, ২০১৯ ১০:৫০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৭ জুন সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • প্রতিদিন মামলা বাড়ছে বিচারাধীন ৩৬ লাখ-দৈনিক যুগান্তর
  • মতামত শিরোনাম-বৈষম্যের উন্নয়নে বাজেট-দৈনিক প্রথম আলো
  • মরুকরণের ঝুঁকিতে বাংলাদেশ-দৈনিক ইত্তেফাক
  • ডিজিটাল বাংলাদেশের নামে ডিজিটাল দুর্বৃত্তপনার শেষ নেই : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
  • জামিন নাকচ, কারাগারে ওসি মোয়াজ্জেম-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • বাংলাকে নিশানা করবেন না, প্রধানমন্ত্রীকে বলল তৃণমূল, মমতাকে ফের বৈঠকে ডাকলেন মোদী-দৈনিক আনন্দবাজার
  • টার্গেট ২০২২-এর বিধানসভা নির্বাচন, নিয়মিত যোগীর রাজ্যে সফর করবেন প্রিয়াঙ্কা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • এনআরএস–কান্ডের প্রতিবাদে দেশে চিকিৎসক ধর্মঘট-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

 

বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

জামিন নাকচ, কারাগারে ওসি মোয়াজ্জেম-দৈনিক মানবজমিন

ওসি মোয়াজ্জেম কারাগারে

নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার মামলায় গ্রেপ্তার ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস শামস জগলুল হোসেনের আদালতে আজ এ আদেশ দেন। এর আগে মোয়াজ্জেমের জামিন চেয়ে আদালতে আবেদন করেছেন তার আইনজীবী মাসুমা আক্তার। পরে দুপুর আড়াইটার দিকে মোয়াজ্জেমকে আদালতে হাজির করার পর শুনানী শুরু হয়। এ সময় হাতকড়া পরানো নিয়ে বিতন্ডা হয়। আদালতে মামলার বাদী ব্যারিস্টার সুমন উপস্থিত ছিলেন। 

উভয় পক্ষের শুনানী শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া আগামী ৩০ জুন চার্জ গঠনের শুনানির দিন দাজ্জ করা হয়  

এর আগে রোববার শাহবাগ এলাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের পরোয়ানাভুক্ত আসামি ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

ফেনীতে হত্যাকাণ্ডের শিকার মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়।

প্রতিদিন মামলা বাড়ছে বিচারাধীন ৩৬ লাখ-দৈনিক যুগান্তর

Image Caption

দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ৩৪৭টিতে দাঁড়িয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখ ৬৯ হাজার ৭৫০টি। এরপর গত ৩ মাসে মামলা বেড়েছে ১২ হাজার ৫৯৭টি। যদিও মামলা নিষ্পত্তিতে সুপ্রিমকোর্টের পক্ষ থেকে নানা উদ্যোগ হাতে নেয়া হয়েছে। কিন্তু কিছুতেই মামলাজট কমানো যাচ্ছে না। প্রতিদিনই হচ্ছে নতুন নতুন মামলা। কিন্তু বিচারক সংখ্যা বাড়েনি সে হারে। দেশের অধস্তন আদালতে এখন বিচারক সংখ্যা ১ হাজার ৭০০ জন।

আদালত সংশ্লিষ্টরা বলছেন, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতায় ন্যায়বিচার প্রতিষ্ঠা দারুণভাবে ব্যাহত হচ্ছে। আইনি পদ্ধতিতে মামলা নিষ্পত্তিতে বছরের পর বছর লেগে যায়। রায় যখন পাওয়া যায়, তখন আর প্রাসঙ্গিকতা থাকে না। ফলে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়টি জোরদার করা দরকার। সর্বোচ্চ এক বা দু’দিন মুলতবি করে মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক বলেছেন, ৩ মাসে বেড়েছে ১২ হাজার ৫৯৭টি  মামলা। জট কমানোর চ্যালেঞ্জ নেয়া হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।

মরুকরণের ঝুঁকিতে বাংলাদেশ-দৈনিক ইত্তেফাক

মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই সুজলা সুফলা শস্য শ্যামল দেশটি হয়তো একদিন হারিয়ে যেতে পারে মরুভূমির ধূসর বালির গহ্বরে। বাংলাদেশের সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা এমনটাই আশঙ্কা করছেন। তারা বলছেন, মরুকরণের প্রধান দুটি বিষয় হচ্ছে একটি বিস্তৃত এলাকা জুড়ে যদি সেখানকার মাটি অনুর্বর হতে থাকে এবং যদি নদী-নালা, খাল-বিল শুকিয়ে যেতে থাকে এবং বৃষ্টির অভাব ঘটে। বিগত কয়েক দশক ধরে এ লক্ষণগুলো খুব বেশিভাবে পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশে।

এ পরিস্থিতিতে কৃষিজমি সংরক্ষণ, কৃষিকাজে জৈব সার ব্যবহারে কৃষকদের উত্সাহিতকরণে দেশব্যাপী ব্যাপক প্রচারণা, অপরিকল্পিত নগরায়ণ কঠোরভাবে নিষিদ্ধ করা, নদীর পানি প্রবাহে যথাযথ উদ্যোগ, খাল-বিল ও জলাভূমিসমূহ সংরক্ষণে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেন তারা।

এ পরিস্থিতিতে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস। এবারের প্রতিপাদ্য ‘চলো সবাই মিলে বিশ্ব গড়ি’। বিশ্বের অনেক দেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। মানুষের জীবনের সঙ্গে প্রকৃতির নিবিড় যোগ রয়েছে। প্রকৃতিকে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করলে তা ধ্বংস হয়ে যাবে। বর্তমানে অধিক রাসায়নিক সার ব্যবহার, মাটির গুণাগুণ নষ্ট করছে। তাই মাটির গুণাগুণ রক্ষা, স্বাস্থ্যসম্মত কৃষিকাজকে উত্সাহিত করতে ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন (ইউএনসিসিডি) ১৯৯৫ সাল থেকে ১৭ জুন দিবসটি পালন করে আসছে। মানুষকে সচেতন করে তোলাই এ দিবস পালনের লক্ষ্য।

সরকার শুধু ভাবে নিজের পকেট ভরার কথা: ফখরুল-দৈনিক ইত্তেফাক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এই সরকার শুধু ভাবে কিভাবে নিজের পকেট ভরা যায় এমনি অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে ধানের দাম নেই, কেন এই অবস্থা? এই সরকার কৃষকদের কথা ভাবে না, জনগণের কথা ভাবে না। যদি কৃষকদের নিয়ে ভাবতো তাহলে আজ সকলে এভাবে হতাশ হত না। সরকার শুধু ভাবে কি করে নিজেদের পকেট ভারি করা যায়। রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও রুহিয়া থানা বিএনপির আয়োজনে আবু নূর চৌধূরীর মিল মাঠে এক কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

ডিজিটাল বাংলাদেশের নামে ডিজিটাল দুর্বৃত্তপনার শেষ নেই: রিজভী-দৈনিক আনন্দবাজার

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ মিথ্যা ও অসত্য বিবৃতির উপর বেশি চর্চা করছে। মিথ্যা প্রচারে এরা অক্লান্ত ও বিরামহীন। তিনি বলেন, বিরোধীদলের নেতাকর্মীদের গুম, খুন ও হত্যার পরেও সরকার সন্তুষ্ট না হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে কলঙ্কলেপন করে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করছে। সোমবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র মহাসচিব বলেন, মধ্যরাতের নির্বাচনের পরেও সরকারের ভেতর থেকে শঙ্কা দূরীভূত হচ্ছে না। সুষ্ঠু ও সর্বজনমান্য নির্বাচনকে পাথরচাপা দেয়ার পরেও তারা নিজেদেরকে নিরাপদ মনে করছে না। তাই ডিজিটাল বাংলাদেশের নামে ডিজিটাল দুর্বৃত্তপনার কোন শেষ নেই।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

বাংলাকে নিশানা করবেন না, প্রধানমন্ত্রীকে বলল তৃণমূল, মমতাকে ফের বৈঠকে ডাকলেন মোদী-দৈনিক আনন্দবাজার

মমতা -মোদি

তাঁর সরকার যেন বাংলাকে ‘নিশানা’ না করে, সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেই সেই দাবি জানাল তৃণমূল। এই নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিল্লিতে আমন্ত্রণ জানাচ্ছেন প্রধানমন্ত্রী। সংসদের অধিবেশন শুরু হচ্ছে সোমবার। তার আগে আজ দিল্লিতে বসেছিল সর্বদল বৈঠক। সেই বৈঠকেই সংসদের দুই কক্ষের তৃণমূলের দুই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন দাবি করেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মর্যাদা দিয়ে রাজ্যের উপরে ‘হস্তক্ষেপ’ বন্ধ করুক কেন্দ্র। বিশেষ কোনও রাজ্যকে যেন ‘নিশানা’ করা না হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীরা থাকলেও প্রধানমন্ত্রী মোদী তখন বৈঠকে ছিলেন না। তিনি পরে এসে বৈঠকে যোগ দেন। যে কারণে বৈঠক শেষ হওয়ার পরে প্রধানমন্ত্রীর গাড়িতে ওঠা পর্যন্ত তাঁর সঙ্গে হাঁটতে হাঁটতে তাঁদের দাবির কথা জানান সুদীপবাবু। প্রধানমন্ত্রী তাঁকে বলেন, ১৯ জুন, বুধবার সব দলের নেতাদের বৈঠক ডাকা হয়েছে। সেখানে এই প্রসঙ্গে কথা হতে পারে।

টার্গেট ২০২২-এর বিধানসভা নির্বাচন, নিয়মিত যোগীর রাজ্যে সফর করবেন প্রিয়াঙ্কা-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয়াঙ্কা গান্ধী

২০১৯ লোকসভা ভোটে শোচনীয় ফল করেছে কংগ্রেস। হেরে গিয়েছে বিশ্রিভাবে। কোনওভাবে যাতে তার প্রভাব ২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে না পড়ে, তার জন্য এখন থেকেই শক্ত হাতে দলের রাশ ধরতে সচেষ্ট হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। পরাজয়ের গ্লানি ঝেড়ে ফেলে যোগীর রাজ্যে কংগ্রেসের হাত শক্ত করতে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিলেন রাজীবকন্যা৷ জানা গিয়েছে, এখন থেকে সপ্তাহে অন্তত দু’বার উত্তরপ্রদেশে যাবেন তিনি। সাক্ষাৎ করবেন, ঘনঘন বৈঠকে বসবেন সব স্তরের দলীয় কর্মীদের সঙ্গে। আর এভাবেই রাজ্য কংগ্রেসকে বছর তিন পরের মহা ভোটযুদ্ধের জন্য তৈরি করবেন এআইসিসিতে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এই কংগ্রেস নেত্রী।

এনআরএস–কান্ডের প্রতিবাদে দেশে চিকিৎসক ধর্মঘট-দৈনিক আজকাল

এনআরএস–কান্ডের প্রতিবাদে আইএমএ–এর ডাকে সোমবার দেশজুড়ে চলছে চিকিৎসকদের ধর্মঘট। সকাল ছয়টা থেকে শুরু হয়েছে ২৪ ঘণ্টার ধর্মঘট। রাজস্থান, গুজরাট, অসম, কর্নাটক, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর প্রদেশ, ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যের সরকারি এবং বেসরকারি হাসপাতালে বন্ধ বহির্বিভাগ। তবে রোগীদের কথা ভেবে সব হাসপাতালেই জরুরি বিভাগ খোলা রয়েছে। আর দৈনিক আনন্দবাজারের একটি খবরে লেখা হয়েছে, এনআরএস কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে এখনও জটিলতা কাটল না।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭