খালেদা জিয়ার জামিন প্রমাণ করে বিচারবিভাগ স্বাধীন: কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৮ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করতে নির্দেশ হাইকোর্টের-দৈনিক প্রথম আলো
- আড়ংয়ে অভিযান‘এভাবে বদলি করা হলে সৎ কর্মকর্তারা কাজ করতে নিরুৎসাহিত হয়-দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়ার জামিন প্রমাণ করে বিচারবিভাগ স্বাধীন: কাদের-দৈনিক যুগান্তর
- সরকারের একটি ভালো কাজ হবে খালেদা জিয়াকে মুক্তি দেয়া: দুদু-দৈনিক মানবজমিন
- পদ না থাকলেও পদোন্নতি-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- কৃষকের রোজগার দ্বিগুণ কী ভাবে? ভারতের কাছে জানতে চাইল ইউরোপীয় ইউনিয়ন-দৈনিক আনন্দবাজার
- দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি, লোকসভায় কংগ্রেসের দলনেতা হচ্ছেন অধীর-দৈনিক সংবাদ প্রতিদিন
- চুরি করে ধরা পড়া কাউন্সিলাররা বিজেপিতে যাচ্ছে: মুখ্যমন্ত্রী-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
আড়ংয়ে অভিযান'এভাবে বদলি করা হলে সৎ কর্মকর্তারা কাজ করতে নিরুৎসাহিত হয়'-দৈনিক ইত্তেফাক
হাইকোর্ট বলেছে, আড়ংয়ে অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তাকে বন্ধের দিনে যেভাবে বদলি করা হয়েছে সেটা লজ্জার। যারা বদলি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। এ ধরনের বদলির ফলে যারা সৎ অফিসার তারা কাজ করতে নিরুৎসাহিত হয়। আজ বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেন। আদালত বলেন, বন্ধের মধ্যে বদলির এই আদেশ স্থগিতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছে। যদি সবকিছুতেই প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয় তাহলে সচিবরা কেন আছেন? তারা কি ওদের পকেটে ঢুকে গেছে?
মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করতে নির্দেশ হাইকোর্টের-দৈনিক প্রথম আলো
একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধের মজুত ও বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ’ শিরোনামে গত ১১ জুন প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এটিসহ এ নিয়ে গণমাধ্যমে আসা কয়েকটি প্রতিবেদন যুক্ত করে এ বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে সংগঠনের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান গতকাল সোমবার রিটটি করেন। আজ তা শুনানির জন্য ওঠে।
খালেদা জিয়ার জামিন প্রমাণ করে বিচারবিভাগ স্বাধীন: কাদের-দৈনিক যুগান্তর
বিচারবিভাগ যে স্বাধীন তা মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনই প্রমাণ করে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মানহানির দুই মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
আরা দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারের অনেক খারাপ কাজের মাঝে একটি ভালো কাজ হবে খালেদা জিয়াকে মুক্তি দেয়া। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পদ না থাকলেও পদোন্নতি-দৈনিক নয়া দিগন্ত
জনপ্রশাসনের ১৩৬ কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনে এটাই প্রথম বড় ধরনের পদোন্নতি। যদিও নির্বাচনের আগে গত ২৪ অক্টোবর সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ২৫৬ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়। এদিকে বঞ্চিতদের মধ্যে ক্ষোভ-হতাশা সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পদ না থাকা সত্ত্বেও প্রশাসনে চলছে গণপদোন্নতি। এমনি অবস্থায় প্রশাসনে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ধরনের গণপদোন্নতি নিয়ে খোদ প্রশাসনেই বিরাজ করছে চরম ক্ষোভ, অসন্তোষ ও হতাশা। বিশেষ করে পদবঞ্চিতদের মধ্যে হতাশা ও ক্ষোভ বেশি।
এবার ভারতের দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি
চুরি করে ধরা পড়া কাউন্সিলাররা বিজেপিতে যাচ্ছে: মুখ্যমন্ত্রী-দৈনিক আজকাল
সামনেই পুরসভা নির্বাচন। তার আগে কলকাতা এবং জেলার সব কাউন্সিলারদের নিয়ে রিভিউ মিটিং করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লোকসভা নির্বাচনে বিজেপি এলাকার মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল বলে অভিযোগ তোলেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘যেসব কাউন্সিলার চুরি করে ধরা পড়ছে, তারা অন্য রাজনৈতিক দলে গিয়ে নাম লেখাচ্ছে। কিন্তু তাতে বাঁচা যাবে না। তৃণমূলের কোথায় ১৫–২০ জন কাউন্সিলার বিজেপিতে চলে গিয়েছে তাতে কিছু যায় আসে না। আমি নতুন করে সব তৈরি করে দিয়েছি। তৃণমূলকে দুর্বল ভাববেন না।
দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি পেলেন অধীর চৌধুরি: দৈনিক সংবাদ প্রতিদিন
লোকসভায় কংগ্রসের দলনেতা নির্বাচিত হলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। মঙ্গলবার দলের স্ট্র্যাটেজি বৈঠকে পাঁচবারের সাংসদকেই দলনেতা নির্বাচন করেন ইউপিএ চেয়ারপার্সন তথা কংগ্রেসের সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেসের কাছে ৫৫ জন সাংসদ না থাকায় প্রধান বিরোধী দলনেতার স্বীকৃতি না পেলেও, বৃহত্তম বিরোধী দলের নেতা হিসেবে কার্যত বিরোধী দলনেতার সব সুযোগ-সুবিধায় পাবেন তিনি। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, দলনেতা হওয়ার পাশাপাশি সমস্ত জরুরি কমিটিতেও কংগ্রেসের তরফে প্রতিনিধিত্ব করবেন তিনিই। সোনিয়া গান্ধীর পর এই মুহূর্তে অধীর এবং কেরলের সাংসদ ডি সুরেশই কংগ্রেসের সবচেয়ে অভিজ্ঞ সাংসদ।
কৃষকের রোজগার দ্বিগুণ কী ভাবে? ভারতের কাছে জানতে চাইল ইউরোপীয় ইউনিয়ন-দৈনিক আনন্দবাজার
তিন বছরের মধ্যে ভারতের কৃষকদের রোজগার দ্বিগুণ করে দেওয়ার ঘোষণা কীসের ভিত্তিতে করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কাছে তার ব্যাখ্যা চাইল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কী ভাবে কেন্দ্রীয় বাজেটে কৃষি ও গ্রামোন্নয়ন খাতে ২৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হল, কী ভাবে ধরে নেওয়া হল পাঁচ বছরে ওই খাতে বরাদ্দ করা যাবে ১০০ লক্ষ কোটি টাকা, তা-ও জানতে চাওয়া হয়েছে। শুধু ভারতেরই নয়, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (ডব্লিউটিও) সদস্যরা খতিয়ে দেখতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃষি নীতিও। প্রশ্ন তুলেছে। সোমবার জেনেভায় ডব্লিউটিও-র বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন-সহ বেশ কয়েকটি সদস্য দেশ ওই প্রশ্ন তুলেছে। ভারত ও আমেরিকার ব্যাখ্যাও চেয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮