জুন ১৯, ২০১৯ ১১:০২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৯ জুন বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • খালেদা জিয়ার জামিনে সরকারের হাত আছে কাদেরের কথায় প্রমাণিত: রিজভী-দৈনিক যুগান্তর
  • রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থতার দায় স্বীকার জাতিসংঘের-দৈনিক প্রথম আলো
  • তিস্তায় হঠাৎ পানিবৃদ্ধি, বন্যর কবলে ৫ হাজার পরিবার-দৈনিক ইত্তেফাক
  • রাজধানী থে‌কে অ‌বৈধ যান অপসারণ হ‌চ্ছে : ওবায়দুল কাদের-দৈনিক নয়া দিগন্ত
  • বিশেষ বরাদ্দের চাল-গমের জন্য তদবিরবাজদের ভিড়-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • তৃণমূল ‘অঙ্কে’ সনিয়ার সভায় নেই এসপি, বিএসপি-ও-দৈনিক আনন্দবাজার
  • ৮ বছরেই জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে যাবে ভারত, রিপোর্ট রাষ্ট্রসংঘের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর্তৃত্ব করতে অর্ডিন্যান্স জারি যোগী সরকারের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. টেলিযোগাযোগখাতে বাজেট প্রস্তাবনা পুনর্বিবেচনার প্রস্তাব করেছে এসোসিয়েশন অব মোবাইল টেলিকমিউনিকেশন অপারেটরস অব বাংলাদেশ বা এমটব। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
২. প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ চান না- একথা আবারো বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। কতটা নির্ভরযোগ্য বক্তব্য এটি?

বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থতার দায় স্বীকার জাতিসংঘের-দৈনিক প্রথম আলো

মিয়ানমারে রোহিঙ্গা সংকট সমাধানে ‘পদ্ধতিগত ব্যর্থতার’ প্রমাণ খুঁজে পেয়েছে জাতিসংঘ। সংস্থা বলেছে, এই ব্যর্থতার কারণেই ২০১৭ সালে রোহিঙ্গারা দলে দলে দেশত্যাগ করতে বাধ্য হয়। গত সোমবার জাতিসংঘের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। মিয়ানমারে মুসলমান সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে হামলার সতর্ক বার্তা উপেক্ষা করার অভিযোগ ওঠে সে দেশে কর্মরত জাতিসংঘের কর্মকর্তাদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে রোহিঙ্গা সংকটের বিষয়ে মিয়ানমারে জাতিসংঘ কার্যালয়ের ভূমিকার বিষয়ে একটি অভ্যন্তরীণ মূল্যায়ন হাজির করতে গত ফেব্রুয়ারিতে আদেশ দেন বিশ্ব সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরপরই এই প্রতিবেদন প্রকাশিত হলো।

তিস্তায় হঠাৎ পানিবৃদ্ধি, বন্যর কবলে ৫ হাজার পরিবার-দৈনিক ইত্তেফাক

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে আকস্মিকভাবে পানিবৃদ্ধি হয়েছে। ফলে মহিষখোচা ইউনিয়নের তিস্তার চরাঞ্চলসহ ৫টি গ্রামের প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। গ্রামগুলো হচ্ছে- দ্বীপচর, দক্ষিণবালাপাড়া, গোবরধন, চন্ডিমারী ও কুটিরপাড়। সেই সঙ্গে পানিবন্দি হয়ে পড়েছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানও। সরেজমিন উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা বেষ্টিত এলাকা ঘুরে দেখা গেছে, তিস্তা নদীতে আকস্মিকভাবে পানিবৃদ্ধি পেয়েছে। এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে তিস্তা নদীতে পানি বাড়তে থাকে। আর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে অনেকের বাড়ি-ঘরে পানি উঠতে থাকে।

বিশেষ বরাদ্দের চাল-গমের জন্য তদবিরবাজদের ভিড়-দৈনিক মানবজমিন

অর্থ বছরের শেষ। জুন ক্লোজিং চলছে। এ কারণে ‘বিশেষ বরাদ্দ’ নিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে তদবিরবাজদের রীতিমতো ভিড় লেগেছে। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের দপ্তরে গতকাল দিনভর তদবিরবাজদের  আনাগোনা দেখা যায়। তদবিরবাজদের যন্ত্রণায় রীতিমতো অতিষ্ঠ তারা। তদবিরবাজদের তালিকায় রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে পেশাজীবীরাও রয়েছেন। পেশাজীবী কয়েকটি সংগঠন তালিকা ধরিয়ে দিয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এসব তদবির কিছু আমলে নিতে গিয়ে এখন দুর্যোগ মন্ত্রণালয়কে মধ্যরাত অবধি কাজ করতে হচ্ছে।

প্রতিমন্ত্রীর দপ্তরে গতকাল সরজমিন দেখা যায়, তদবিরকারীদের বেশির ভাগই আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ মহাজোটের শরিক অন্য রাজনৈতিক দলের নেতাকর্মী। অনেকে আসেন নিজ এলাকার সংসদ সদস্যদের সঙ্গে। অনেককে আবার নিজ আসনের সংসদ সদস্যের ডিও লেটার নিয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে আসতে দেখা যায়। এর বাইরে আরও অনেক তদবিরকারী রয়েছেন, যারা নিজেদের রাজনৈতিক পরিচয় দিলেও বরাবরই এরা ‘পেশাদার তদবিরবাজ’ হিসেবে পরিচিত। মন্ত্রীর এক ব্যক্তিগত কর্মকর্তার রুমে দলবদ্ধভাবে কয়েক জন পেশাজীবিকে চাল, গম বরাদ্দ নিয়ে আলাপ করতে দেখা যায়

রাজধানী থে‌কে অ‌বৈধ যান অপসারণ হ‌চ্ছে : ওবায়দুল কাদের-দৈনিক নয়া দিগন্ত

রাজধানী থে‌কে অ‌বৈধসব ছোট যান দু’মা‌সের ম‌ধ্যে অপসার‌ণের উ‌দ্যোগ নেয়া হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। বুধবার দুপু‌রে ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌র্পোরেশনের সভাক‌ক্ষে‌ আয়ো‌জিত ঢাকা প‌রিবহন সমন্বয় কতৃর্পক্ষ প‌রিচালনা পর্ষদ এর ১২তম সভায় সভাপ‌তির বক্ত‌ব্যে সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের এসব কথা ব‌লেন। তি‌নি ব‌লেন, পাশ্ববর্তী জেলাগু‌লো‌ থে‌কে যা‌তে ছোট যানগু‌লো প্র‌বেশ না ক‌রে সে ব্যবস্থা করা হ‌চ্ছে। মন্ত্রী ব‌লেন, রাজধানীর প্রধান স‌ড়‌কে যেসব স্থা‌নে অ‌বৈধ পা‌র্কিং করা হয় সেসব স্থান মুক্ত করা হ‌বে। আগামী দু ‘মা‌সের ম‌ধ্যে আমরা বিদ্যমান সমস্যাগু‌লো সমাধা‌নের চেষ্টা কর‌বো।

খালেদা জিয়ার জামিনে সরকারের হাত আছে কাদেরের কথায় প্রমাণিত: রিজভী-দৈনিক যুগান্তর

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনে সরকারের হাত আছে, সেটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথায় প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন।

রিজভী বলেন, গতকাল (মঙ্গলবার) উচ্চ আদালত কথিত মানহানির অভিযোগে করা বানোয়াট দুই মামলায় দেশনেত্রী খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন। কারণ এ দুটি ভুয়া মামলা সরকারি দলের যে ব্যক্তি করেছেন, তিনি মামলাবাজ ও মানুষের বিরুদ্ধে বানোয়াট মামলা করেই তিনি আনন্দ পান। তাকে সবাই চেনে ও জানে। যে অভিযোগে মামলা করা হয়েছে, তা সম্পূর্ণরূপে অসত্য এবং মামলারই যোগ্য না। তা কেবল প্রতিহিংসামূলক। তার প্রমাণ হলো- গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালত জামিন দিলে সে ক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।’

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

তৃণমূল ‘অঙ্কে’ সনিয়ার সভায় নেই এসপি, বিএসপি-ও-দৈনিক আনন্দবাজার

নিজেরা তো বটেই, ইউপিএ-র বাইরে অন্য কোনও দলও যাতে সনিয়া গাঁধীর আমন্ত্রণে বৈঠকে না যায়, তা সুনিশ্চিত করতে চাইছে তৃণমূল। এবং প্রাথমিক বাবে তাদের সেই কৌশল অনেকটাই সফল। আজ সন্ধ্যায় সংসদ ভবনে কংগ্রেস দফতরে বিরোধীদের নিয়ে বৈঠকে বসতে চেয়েছিলেন সনিয়া। সে জন্য সংসদের দুই কক্ষের তৃণমূলের দুই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও-ব্রায়েনকে বার্তা পাঠান। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা সেরে ওই দুই নেতা সনিয়ার বৈঠকে না যাওয়ারই সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, এসপি-বিএসপি-র মতো ইউপিএ-র বাইরের দলগুলোও যাতে ওই বৈঠকে না যায়, তাও সুনিশ্চিত করতে চাইলেন তাঁরা। এসপি-র রামগোপাল যাদব প্রথমে জানিয়েছিলেন, অখিলেশ যাদব এই বৈঠকে যাবেন। অখিলেশ সংসদেও ছিলেন। কিন্তু এসপি-বিএসপির কেউ শেষ অবধি বৈঠকে গেলেন না। কংগ্রেসের একাংশের ধারণা, এমন হতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর বিরোধী অধীর চৌধুরীকে লোকসভায় দলের নেতা করায় তৃণমূল অসন্তুষ্ট।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর্তৃত্ব করতে অর্ডিন্যান্স জারি যোগী সরকারের-দৈনিক আজকাল

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে আধিপত্য কায়েম করতে নয়া অর্ডিন্যান্স জারি করল যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশ জুড়ে এখন এই আলোচনাই তুঙ্গে উঠেছে। সেই অর্ডিন্যান্সের খসড়া ইতিমধ্যেই মন্ত্রিসভায় পাশ করিয়ে নেওয়া হয়েছে বলে খবর। সেখানে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে মুচলেকা দিতে হবে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও জাতীয়তাবাদ বিরোধী কার্যকলাপ অনুমোদন দেওয়া হবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলিকে প্রতিশ্রুতি দিতে হবে সেখানে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক পরিবেশ, সৌভ্রাতৃত্ব এবং সহিষ্ণুতা বজায় রাখতে হবে।  এই অর্ডিন্যান্সের মাধ্যমে গেরুয়া পরিবেশের বাতাবরণ তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

৮ বছরেই জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে যাবে ভারত, রিপোর্ট রাষ্ট্রসংঘের-দৈনিক সংবাদ প্রতিদিন

আর মাত্র আট বছরেই জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে যাবে ভারত। সোমবার রাষ্ট্রসঙ্ঘে প্রকাশিত ‘দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০১৯’ শীর্ষক রিপোর্টে এমনটাই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। ওই রিপোর্ট অনুসারে, ২০৫০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা দাঁড়াবে ৯৭০ কোটি। এই শতাব্দীর শেষেই তা ১ হাজার ১০০ কোটিতে পৌঁছাবে। বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত। রাষ্ট্রসংঘের এই রিপোর্টে প্রকাশিত তথ্যে উদ্বেগ বাড়বে ভারতে। খাদ্য, বাসস্থান ও কর্মসংস্থান নিয়ে এমনিতেই রীতিমতো সংঘর্ষ করতে হচ্ছে দেশকে। দিনকে দিন কমে আসছে চাষযোগ্য জমি। ফলে জনবিস্ফোরণ যে ভয়াবহ খাদ্য সংকট ডেকে আনবে তা বলাই বাহুল্য।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯