'অর্থনৈতিক স্বপ্নে পৌঁছতে হলে স্বাস্থ্যসেবা নিয়ে ভাবতে হবে'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২০ জুন বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- উন্নয়ন চলবে, পরিবেশও রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- দুদকের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে-দৈনিক প্রথম আলো
- পাবলিক পরীক্ষায় কমবে সময়, জিপিএ’র পরিবর্তে হবে সিজিপিএ-দৈনিক নয়া দিগন্ত
- রাজীবের পরিবারকে দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ-দৈনিক যুগান্তর
- অর্থনৈতিক স্বপ্নে পৌঁছতে হলে স্বাস্থ্যসেবা নিয়ে ভাবতে হবে-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ৪ দিনেই মোহভঙ্গ, গেরুয়া ছেড়ে ‘ঘর ওয়াপসি’ পুরুলিয়ার তৃণমূল সদস্যদের-দৈনিক সংবাদ প্রতিদিন
- ভারতে হামলা চালাতে পারে আইএস, নজরে কাশ্মীর এবং দক্ষিণের রাজ্যগুলি-দৈনিক আনন্দবাজার
- বিহারে শিশুমৃত্যুর কারণ লিচুই, ওডিশার বাজার থেকেও উধাও হচ্ছে এই ফল-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
উন্নয়ন চলবে, পরিবেশও রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষ বাড়লে বন ও পরিবেশ ধ্বংস হয়। সভ্যতার বিকাশ ও উন্নয়ন চলবে। তবে আমাদের পরিবেশও রক্ষা করতে হবে। এ বিষয়ে আমরা আইন করেছি, মোবাইল কোর্ট হচ্ছে।’ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘যত আধুনিকায়ন হচ্ছে, যন্ত্রের ব্যবহার বাড়ছে, আমাদের অবিবেচনাপ্রসূত কাজের ফলে পরিবেশ দূষিত হচ্ছে। আধুনিকভাবে বেঁচে থাকার জন্য আমরা যা যা ব্যবহার করছি তার কারণে পরিবেশ দূষণ হচ্ছে। তবে আমরা পরিবেশ রক্ষায় সচেতন হচ্ছি। উন্নয়ন দরকার, কিন্তু পরিবেশও রক্ষা করতে হবে। আমাদের বৃক্ষরোপণ করতে হবে, জলাধার রক্ষা করতে হবে।’
রাজীবের পরিবারকে দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ-দৈনিক যুগান্তর
রাজধানীতে দুই বাসের চিপায় হাত হারানো তিতুমীর কলেজছাত্র রাজীব হোসেনের পরিবারকে দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রাজীবের দুর্ঘটনার দায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ও স্বজন পরিবহনকে নিতে হবে বলেও পর্যবেক্ষণে বলেছেন আদালত। বিআরটিসি ও স্বজন পরিবহনকে ক্ষতিপূরণের ৫০ লাখ টাকার মধ্যে ২৫ লাখ করে দিতে বলা হয়েছে রায়ে।রাজীবের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না- এ মর্মে জারি করা রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন আদালত।
দুদকের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে-দৈনিক প্রথম আলো
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বগুড়ার আদমদীঘি উপজেলায় অবৈধভাবে সরকারি জমি বিক্রি করে প্রায় ৪১ লাখ টাকা ক্ষতি করাসংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালত এ আদেশ দেন। আজ বৃহস্পতিবার বগুড়ার জ্যেষ্ঠ বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালত এই নির্দেশ দেন।তবে আসামিপক্ষের আইনজীবী হেলালুর রহমান প্রথম আলোকে বলেন, আবদুল লতিফ সিদ্দিকী সরকারি সব নির্দেশনা মেনেই জমি বিক্রির সুপারিশ করেছেন। আইনগত সব ধাপও তিনি মেনে চলেছেন। আজ তাঁকে বেআইনিভাবে কারাগারে নেওয়া হলো।
বর্তমান নির্বাচন কমিশন কোমর ভাঙ্গা কমিশন: ফখরুল-দৈনিক ইত্তেফাক
বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের তাবেদার ও কোমর ভাঙ্গা কমিশন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই কমিশনকে পরিবর্তন করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি জানিয়েছেন। মির্জা ফখরুল অভিযোগ করে করেন, সরকার বিচার বিভাগে নিয়ন্ত্রণ করে জামিন ও রায় দিচ্ছে। এই নির্দেশনা আসছে আইন মন্ত্রণালয় থেকে। সেই নির্দেশনায় খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
অর্থনৈতিক স্বপ্নে পৌঁছতে হলে স্বাস্থ্যসেবা নিয়ে ভাবতে হবে-দৈনিক মানবজমিন
অর্থনৈতিক স্বপ্নে পৌঁছতে হলে বাংলাদেশকে স্বাস্থ্যসেবা নিয়ে ভাবতে হবে। অনলাইন কাউন্সিল অন ফরেন রিলেশনসে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলেছেন সিলভানা কিউ সিনহা। বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি দেশ হওয়ায় বাংলাদেশকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, দ্য ইকোনমিস্ট ও অন্যরা পরবর্তী এশিয়ান টাইহগার হিসেবে আখ্যায়িত করেছে।
যখন বাংলাদেশীদের জন্য এটি একটি খুব ভাল খবর, তখন স্বাস্থ্যখাতে এ বিষয়টি চিহ্নিত না করা একটি ঝুঁকি দেশের জন্য। এর ফলে এসব অগ্রগতি ঝুঁকিতে পড়তে পারে। একে বলা হচ্ছে ‘মিসিং মিডল’ সমস্যা। বাংলাদেশে যতই অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে, উন্নয়ন সহায়তা ততই কমছে। এরই মধ্যে স্বাস্থ্যখাতে সরকারের বিনিয়োগ যথেষ্ট গতিশীল নয়। প্রকৃতপক্ষে স্বাস্থ্যখাতে সরকার যে অর্থ খরচ করছে তা জাতীয় প্রবৃদ্ধির শতকরা হিসেবে গত ১০ বছরে শুধু কমছেই।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ভারতে হামলা চালাতে পারে আইএস, নজরে কাশ্মীর এবং দক্ষিণের রাজ্যগুলি-দৈনিক আনন্দবাজার
আইএস হামলায় চলতি বছরেই রক্তাক্ত হয়েছে শ্রীলঙ্কা। এ বার ভারতেও তাদের নজর পড়েছে বলে দাবি গোয়েন্দাদের। তা নিয়ে কেরল পুলিশকে ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়েছেন তাঁরা। তাতে বলা হয়েছে, ভারত মহাসাগরীয় এলাকায় শ্রীলঙ্কা এবং ভারতে নজর পড়েছে আইএস-এর। এই দুই দেশে বড় ধরনের নাশকতা চালানোর ছক কষছে তারা।
সম্প্রতি কেরল পুলিশের তিন আধিকারিককে চিঠি দিয়েছেন গোয়েন্দারা। তাতে বলা হয়েছে, মার্কিন যৌথ বাহিনীর অভিযানে ইরাক এবং সিরিয়ায় জমি হারিয়েছে আইএস। তাই বলে সন্ত্রাসী কার্যকলাপে ইতি টানার কোনও অভিসন্ধি নেই তাদের। বরং জঙ্গিরা যে, যেখানে রয়েছে, সেখান থেকেই নাশকতার ছক কষছে। এই মুহূর্তে ভারত এবং শ্রীলঙ্কার উপর নজর পড়েছে তাদের। এই দুই দেশে বড় ধরনের নাশকতা চালানোর ছক কষছে তারা।
বিহারে শিশুমৃত্যুর কারণ লিচুই, ওডিশার বাজার থেকেও উধাও হচ্ছে এই ফল-দৈনিক আজকাল
ছোট লাল ফল। গরমকালে অনেকেরই প্রিয় লিচু। কিন্তু সেই ফলকেই এখন বিহারের শিশুমৃত্যুর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। গত কয়েকদিনে বিহারে এনসেফালাইটিসে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫০ ছাড়িয়ে গিয়েছে। এছাড়াও এখন হাসপাতালে চিকিৎসাধীন ২০০–রও বেশি শিশু। এর মধ্যে মুজাফফপুরেই মারা গিয়েছে ১২০টির বেশি শিশু। ইতিমধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে জনস্বার্থে মামলাও দায়ের করা হয়েছে। তাতে আবার নাম রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনেরও। জানা গিয়েছে, মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়েই শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। আর এই এনসেফালাইটিস ছড়িয়েছে লিচুর কারণেই।ইতিমধ্যে গবেষকরা লিচু পরীক্ষা করে দেখেছেন। তাঁরা জানিয়েছেন, লিচুর বীজে ক্ষতিকর অ্যামিনো অ্যাসিডের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। আর বিহারে শিশুমৃত্যুর পিছনে এটাই দায়ী এই লিচুই।
৪ দিনেই মোহভঙ্গ, গেরুয়া ছেড়ে ‘ঘর ওয়াপসি’ পুরুলিয়ার তৃণমূল সদস্যদের-দৈনিক সংবাদ প্রতিদিন
চার দিনেই মোহভঙ্গ! একসময়ে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ছত্রছায়ায় থাকা পুরুলিয়া জেলা বাস ওয়ার্কস ইউনিয়নের সদস্যদের ঘর ওয়াপসি হল মাত্র ৪ দিনেই৷ গেরুয়া শিবির ছেড়ে ফিরে এলেন তৃণমূলে৷ বদলে যাওয়া গেরুয়া ফিকে হয়ে ফের সবুজের আভা৷গত শনিবার এই ইউনিয়নের প্রায় সাড়ে তিন হাজার কর্মী একযোগে বিজেপিকে সমর্থন করে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে যোগ দিয়েছিলেন। বুধবার আবার শহর পুরুলিয়ার বাস স্ট্যান্ড তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কার্যালয় মাতঙ্গিনী ভবনে গিয়ে তাঁরা তৃণমূলের পতাকা ধরলেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০