জিয়া কখনই নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি: তথ্যমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২১ জুন শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- দুর্নীতির প্রমাণ মিললেও পদোন্নতির তোড়জোড়-দৈনিক প্রথম আলো
- জিয়া কখনই নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি: তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- পুলিশের ‘বাড়াবাড়িতে’ কপাল পুড়ল ২ শতাধিক চাকরিপ্রার্থীর!-দৈনিক যুগান্তর
- বাজেট নতুন করে সাজানো দরকার: সুজন-দৈনিক মানবজমিন
- আর কতদিন বাংলাদেশ এই বোঝা বহন করবে : রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- থমথমে কাঁকিনাড়ায় পুলিশি টহল, গ্রেফতার ১৪, কমিশনারেট ঘেরাও অভিযান বিজেপির-দৈনিক আনন্দবাজার
- মুসলমান যুবকদের মারধর করে বলানো হল ‘জয় শ্রীরাম’, চাঞ্চল্য অসমে-দৈনিক সংবাদ প্রতিদিন
- ব্রাক্ষ্মণ নন, তাই খাবার জুটল না এই হিন্দু মন্দিরে -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
জিয়া কখনই নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি: তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান কখনই নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি, যা বিএনপি করছে। আওয়ামী লীগ নেতা এম এ হান্নান সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ হান্নানের মৃত্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি জিয়ার মৃত্যুর পর সবসময় ইতিহাস ধ্বংসের চেষ্টা করেছে।
হাছান মাহমুদ বলেন, আমি তাদের (বিএনপি) স্মরণ করিয়ে দিতে চাই বিদেশেও সুস্পষ্ট দলিলপত্রের ভিত্তিতে বাংলাদেশের সঠিক ইতিহাস লেখা হয়েছে।হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ নেতা এম এ হান্নান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
দুর্নীতির প্রমাণ মিললেও পদোন্নতির তোড়জোড়-দৈনিক প্রথম আলো
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিবেদনে দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। কিন্তু কারও বিরুদ্ধে আজ পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। ঘুষের দুই খাত থেকে মাসে প্রায় আড়াই লাখ টাকা কামাচ্ছিলেন যশোরের বেনাপোল স্থলবন্দরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম। এই তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রতিবেদনের। পরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তদন্তে অভিযোগের সত্যতা মেলে। আমিনুলসহ সংশ্লিষ্ট কয়েকজনকে বদলিও করা হয়েছে। কিন্তু সেই আমিনুলকেই এখন প্রতিষ্ঠানের সচিব করার তোড়জোড় চলছে।
পুলিশের ‘বাড়াবাড়িতে’ কপাল পুড়ল ২ শতাধিক চাকরিপ্রার্থীর!-দৈনিক যুগান্তর
বরিশালে বৈরী আবহাওয়ার কারণে যথাসময়ে উপস্থিত না হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রে দুই শতাধিক চাকরিপ্রার্থীকে প্রবেশ করতে দেয়নি পুলিশ। এ ঘটনার প্রতিবাদে পরীক্ষার্থীরা বিক্ষোভ করলে পুলিশ তাদের লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে সরকারি বরিশাল কলেজকেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা গেছে, আজ সকাল ১০টায় বরিশাল নগরীর ৩২ কেন্দ্রে একযোগে শুরু হয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রবেশপত্রের শর্ত অনুযায়ী পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করার নিয়ম।
কিন্তু বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। অনেকেই পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে, কেউ কেউ ১০টায় এসে কেন্দ্রে উপস্থিত হন।কিন্তু পুলিশ নিয়মের দোহাই দিয়ে চাকরিপ্রার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে আসতে পারেননি জানালেও পুলিশ তাদের কোনো কথা শোনেনি। পরীক্ষায় বসতে না পেরে এ সময় অনেক নারী চাকরিপ্রার্থীকে কান্না করতে দেখা গেছে। কিন্তু তাতেও মনে গলেনি পুলিশের।এ কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীরা। একপর্যায়ে তারা সরকারি বরিশাল কলেজকেন্দ্রের প্রধান ফটক ঠেলে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। পরে পুলিশ তাদের কেন্দ্র থেকে বের করে দেয়।এ সময় পুলিশ বিনাকারণে তাদের লাঠিপেটা করেছে বলে অভিযাগ করেন পরীক্ষার্থীরা।
বাজেট নতুন করে সাজানো দরকার: সুজন-দৈনিক মানবজমিন
বাজেট এখন ছক বাঁধা বাজেটে পরিণত হয়েছে। কাঠামোগত সংষ্কারের পাশাপাশি মানুষের কল্যাণে বাজেট নতুন করে সাজানো দরকার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বাজেট ২০১৯-২০ ও নাগরিক ভাবনা’ গোলটেবিল শীর্ষক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, যাদের টাকায় সরকারি কর্মকর্তাদের বেতন হয়ে থাকে, দেশের উন্নয়নের জন্য বাজেট দেয়া হবে আর সেই বাজেটে সাধারণ জনগনের জন্য কিছু থাকবে না এটা হতে পারে না। বাজেট শুধু দিলেই হবে না সেই বাজেটে সাধারণ জনগণের জন্য কি আছে সেটা নিশ্চিত করা দরকার।
তিনি বলেন, আয়-ব্যয়ের হিসাব পেলেও বাজেটে স্বচ্ছতার প্রশ্ন থেকেই যাচ্ছে। বাজেটে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা দরকার। দরকার মানুষের অবস্থান ও অবস্থানের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো। বিশেষ করে দরকার দরিদ্র মানুষের জন্য মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি বৃদ্ধির জন্য বিনিয়োগ বাড়ানো।
এবার ভারতের দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি
থমথমে কাঁকিনাড়ায় পুলিশি টহল, গ্রেফতার ১৪, কমিশনারেট ঘেরাও অভিযান বিজেপির-দৈনিক আনন্দবাজার
কাঁকিনাড়ায় গুলি, বোমাবাজি ও সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হয়েছে ১৪ জন। এলাকায় এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। কমব্যাট ফোর্স ও র্যাফ টহল দিচ্ছে রাস্তায়। বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনার পর থেকেই এলাকা থমথমে। শুক্রবারের ছবিটাও এক। অল্প কিছু সংখ্যক দোকানপাট খুললেও, রাস্তায় লোকজন খুব একটা নেই। বিভিন্ন রাস্তার মোড়ে পুলিশ পিকেট বসানো হয়েছে।
এ দিকে, এই সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সাংসদ অর্জুন সিংহের নেতৃত্বে শুক্রবার ভাটপাড়া থানা ও ব্যারাকপুর কমিশনারেট ঘেরাও করে বিজেপি। ভাটপাড়া-কাঁকিনাড়ার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন অর্জুন। তাঁর অভিযোগ, পুলিশই গুলিতেই কাঁকিনাড়ায় মৃত্যু হয়েছে দু’জনের।পরিস্থিতি ফের উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়।
ব্রাক্ষ্মণ নন, তাই খাবার জুটল না এই হিন্দু মন্দিরে-দৈনিক আজকাল
ব্রাক্ষ্মণ নন। তাই খাবার জুটল না হিন্দু মন্দিরে। পরিবর্তে করা হল অপমান। উদুপির কৃষ্ণ মঠে এই ঘটনা ঘটেছে। মণিপালের সহকারী প্রফেসর বনিথা এন শেঠী গত ১৫ এপ্রিল উদুপি কৃষ্ণ মঠে গিয়েছিলেন। দুপুরের খাবার খেতে গিয়েছিলেন মঠের ভোজনশালায়। মহিলাকে খাবার দিতে গিয়ে মঠের এক শিষ্যের সন্দেহ হয়। তিনি হয়ত ব্রাক্ষ্মণ নন। প্রশ্ন করতেই মহিলাটি বলেন, এটা ঠিক যে তিনি ব্রাক্ষ্মণ নন। সঙ্গে সঙ্গে সেই শিষ্য ওই মহিলাকে ওখান থেকে উঠে যেতে বলেন। শিষ্যটি বলেন, এখানে ব্রাক্ষ্ণণদের খাওয়ার জায়গা। দ্বিতীয় তলায় রয়েছে যাঁরা ব্রাক্ষ্মণ নন। তাঁদের খাওয়ার ব্যবস্থা। এই প্রস্তাবে মহিলাটি রাজি হননি। তিনি অপমানিত বোধ করেন। মঠ থেকে বেরিয়ে আসেন।ঘটনাটি প্রকাশ্যে আসার পর নিন্দা শুরু হয়েছে। একজন মহিলার লাঞ্ছনা মেনে নিতে পারছেন না সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
মুসলমান যুবকদের মারধর করে বলানো হল ‘জয় শ্রীরাম’, চাঞ্চল্য অসমে-দৈনিক সংবাদ প্রতিদিন
মুসলিমদের বেধড়ক পিটিয়ে ‘জয় শ্রীরাম‘ বলতে বাধ্য করার ঘটনায় উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে অসমের বরপেটা শহরে। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে রাজ্যজুড়ে। বরপেটার পুলিশ সুপারের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কংগ্রেস বিধায়ক আবদুল খালেক। দুটি এফআইআরও দায়ের হয়েছে স্থানীয় একটি হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বরপেটা শহরে অটোয় করে যাচ্ছিলেন মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ। আচমকা একটি হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন সদস্য তাঁদের অটো আটকায়। তারপর অটো থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের পর ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কী জয়‘ ও ‘পাকিস্তান মুর্দাবাদ‘ বলে স্লোগান দিতেও বাধ্য করে। আর পুরো ঘটনাটির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। ভিডিওটি ভাইরাল হতে শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১