বাংলাদেশে ২ বছরে অপ্রয়োজনে সিজারিয়ান সন্তান জন্মদান বেড়েছে ৫১ ভাগ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২২ জুন শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- ‘আইনের ফাঁক গলে পালাতে পারবেন না ডিআইজি মিজান’-দৈনিক যুগান্তর
- অনুমোদিত নকশা ও গ্যারেজ ছাড়া ভবন নির্মাণ নয়: গৃহায়ণমন্ত্রী-দৈনিক প্রথম আলো
- জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: ফখরুল-দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়ার জামিন আবেদন দ্রুত শুনানির সম্ভাবনা-দৈনিক নয়া দিগন্ত
- বাংলাদেশে ২ বছরে অপ্রয়োজনে সিজারিয়ান সন্তান জন্মদান বেড়েছে ৫১ ভাগ-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ভাটপাড়ায় বিজেপির সংসদীয় দল, থমথমে পরিস্থিতির মধ্যে মাঝেমধ্যেই উত্তেজনা-দৈনিক আনন্দবাজার
- সন্ত্রাসে মদতদান বন্ধ করুক পাকিস্তান, চূড়ান্ত হুঁশিয়ারি আন্তর্জাতিক সংস্থার-দৈনিক সংবাদ প্রতিদিন
- বিমান কেনায় দুর্নীতি! বায়ুসেনার আধিকারিক–সহ রবার্ট ভদ্রের ঘনিষ্ঠের বিরুদ্ধে দায়ের এফআইআর-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বাংলাদেশে ২ বছরে অপ্রয়োজনে সিজারিয়ান সন্তান জন্মদান বেড়েছে ৫১ ভাগ। এর কারণ কী?
২. ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান কী এ প্রস্তাবে সাড়া দেবে বলে মনে হয়?
বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কযেকটি খবর:
‘আইনের ফাঁক গলে পালাতে পারবেন না ডিআইজি মিজান’-দৈনিক যুগান্তর
পুলিশের বিতর্কিত ডিআইজি মিজান আইনের ফাঁক গলে পালাতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে। খুব শিগগিরই জানা যাবে তদন্ত প্রতিবেদন। আইনের ফাঁক গলে যাতে তিনি (ডিআইজি মিজান) বের হয়ে যেতে না পারেন সেজন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলেও জানান তিনি। প্রসঙ্গত ‘তুলে নিয়ে বিয়ে করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার!’ শিরোনামে ৭ জানুয়ারি যুগান্তরে ডিআইজি মিজানের বিরুদ্ধে বহুল আলোচিত রিপোর্ট প্রকাশিত হয়।
নানা নাটকীয়তার পর সামীম আফজাল স্বপদে বহাল-দৈনিক যুগান্তর
নানা নাটকীয়তা ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের পরও স্বপদেই বহাল থাকছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল। শনিবার সচিবালয়ে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণস এর সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আবদুল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ধর্মপ্রতিমন্ত্রী বলেন, আজ বোর্ড অব গভর্ণস এর নিয়মিত বৈঠক ছিল। তবে বৈঠকে ইফা ডিজির বিষয়ে কোন আলোচনা হয়নি। ডিজি যেহেতু তার পদে বহাল আছে, সেখানে নতুন করে বহাল রাখার সিদ্ধান্ত নেয়ার প্রশ্ন আসে না। তিনি তার পদে বহাল ছিলেন, এখনও আছেন। এ সময় সামীম মোহাম্মদ আফজালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাকচ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের ভার তার ওপরই ন্যস্ত করা হয়েছে।
বাংলাদেশে ২ বছরে অপ্রয়োজনে সিজারিয়ান সন্তান জন্মদান বেড়েছে ৫১ ভাগ-দৈনিক মানবজমিন
দুই বছরে বাংলাদেশে অপ্রয়োজনে সিজারিয়ান অপারেশনে সন্তান জন্মদান বৃদ্ধি পেয়েছে শতকরা ৫১ ভাগ। এর ফলে রোগিরা বছরে খরচ করছেন ৪৮ কোটি ৩০ লাখ ডলার। সিজারিয়ান অপারেশনের এই ধারাকে বিশাল বৃদ্ধি হিসেবে আখ্যায়িত করেছেন সেভ দ্য চিলড্রেন। তারা নতুন একটি ডাটা উপস্থাপন করেছে। তাতে বলা হচ্ছে, ২০১৬ থেকে ২০১৮ সাল, এই দুই বছরে অপ্রয়োজনীয় এমন অপারেশন বৃদ্ধি পেয়েছে শতকরা ৫১ ভাগ। এতে বলা হয়, শুধু গত বছরে প্রয়োজন নেই তবু এমন অপারেশন করানো হয়েছে ৮ লাখ ৬০ হাজার নারীর। অন্যদিকে যাদের এমন অপারেশন প্রয়োজন তাদের সংখ্যা প্রায় তিন লাখ। এসব নারী এই অপারেশন করানোর সামর্থ নেই অথবা তারা এই সুবিধার আওতায় নেই।
‘জঙ্গিদের ৫৬ শতাংশ সাধারণ শিক্ষায় শিক্ষিত’-দৈনিক মানবজমিন
জঙ্গিবাদের জন্য শুধু মাদ্রাসা শিক্ষাকে দায়ী করা যাবে না। কারণ, জঙ্গিবাদে যারা জড়িত তাদের মধ্যে শতকরা ৫৬ ভাগ সাধারণ শিক্ষায় শিক্ষিত। পুলিশ সদর দপ্তরের এক গবেষণায় এ কথা বলা হয়েছে। পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিটের অতিরিক্ত ডিআইজি (গোয়েন্দা) মো. মনিরুজ্জামান আজ শনিবার সকালে এ কথা বলেছেন। তিনি বলেছেন, যেসব জঙ্গি আমাদের হেফাজতে আছে তাদের বেশির ভাগই সাধারণ শিক্ষায় শিক্ষিত। ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত ‘প্রিভেন্টিং টেরোরিজম অ্যান্ড এক্সট্রিমিজম থ্রু কমিউনিটি এনগেজমেন্ট’ শীর্ষক এক সেমিনারে এক গবেষণা রিপোর্ট প্রকাশ করেন তিনি। অতিরিক্ত ডিআইজি বলেন, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা ২৫০ জনেরও ওপর তারা এ গবেষণা চালান। মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তার করা ওইসব ব্যক্তির মধ্যে শতকরা ৫৬ ভাগই সাধারণ শিক্ষায় শিক্ষিত।
জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: ফখরুল-দৈনিক ইত্তেফাক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের সপ্তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ইতোমধ্যে আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ সব কথা বলেন। এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নতুন দুজন সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন ফখরুল।
খালেদা জিয়ার জামিন আবেদন দ্রুত শুনানির সম্ভাবনা-দৈনিক নয়া দিগন্ত
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের নথি হাইকোর্টে আসায় এখন দ্রুত এ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হবে। আগামীকাল রোববার এ মামলায় হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে মামলার নথি আসার বিষয়টি অবহিত করে জামিন আবেদন উপস্থাপন করা হবে বলে খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন। রোববার খালেদা জিয়ার জামিন আবেদন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে মেনশন করা হবে এবং যত দ্রুত সম্ভব জামিন আবেদনের শুনানির উদ্যোগ নেয়া হবে।
আইনজীবীরা জানিয়েছেন, এই মুহূর্তে খালেদা জিয়ার মুক্তির জন্য দুটি মামলায় জামিন প্রয়োজন। একটি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং অপরটি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন আবেদনের শুনানি করার পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও খালেদা জিয়ার আপিল যত দ্রুত সম্ভব শুনানির উদ্যোগ নেয়া হবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
বিমান কেনায় ইউপিএ আমলে দুর্নীতি! বায়ুসেনার আধিকারিকসহ রবার্ট ভদ্রের ঘনিষ্ঠের বিরুদ্ধে দায়ের এফআইআর-দৈনিক আজকাল
বিমান কেনায় দুর্নীতি। আর তাই বায়ুসেনার কয়েকজন অধিকারিক, প্রতিরক্ষা মন্ত্রক, অস্ত্র ব্যবসায়ী তথা রবার্ট ভদ্রের অত্যন্ত ঘনিষ্ঠ সঞ্জয় ভাণ্ডারি এবং সুইজারল্যান্ডের বিমান নির্মাতা সংস্থা পিলাটাস এয়ারক্রাফট লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। ২০০৯ সালে তৎকালীন ইউপিএ সরকারের আমলে বেসিক ট্রেনার এয়ারক্রাফট কেনার চুক্তিতে ৩৩৯ কোটি টাকার তছরুপের অভিযোগ এনেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বহুদিন ধরেই এই চুক্তিতে দুর্নীতির অভিযোগের তদন্ত করছিল সিবিআই। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১২ সালে ৭৫ টি বিমান কেনার জন্য ২৮৯৬ কোটি টাকার চুক্তি করেন। তখন অন্যান্য কয়েকটি বিমান সংস্থা অভিযোগ করেছিল, ওই চুক্তিতে অনিয়ম হয়েছে। আর তারপরই সিবিআই তদন্ত শুরু করেছিল।
সন্ত্রাসে মদতদান বন্ধ করুক পাকিস্তান, চূড়ান্ত হুঁশিয়ারি আন্তর্জাতিক সংস্থার-দৈনিক সংবাদ প্রতিদিন
অক্টোবরের মধ্যে জঙ্গিদের আর্থিক সাহায্য করা বন্ধ করতে হবে পাকিস্তানকে। না হলে তাদের বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়া হবে। আন্তর্জাতিক আর্থিক নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএ)-র তরফে শুক্রবার এই সর্তকবার্তা পাঠানো হয়েছে ইসলামাবাদকে। এরপরই এবিষয়ে তাদের সর্তক করল ভারত। এফএটিএ-র নির্দেশ মেনে সন্ত্রাসবাদ ও তাতে আর্থিক মদত দেওয়া বন্ধ করতে পরামর্শ দিল পাকিস্তানকে। এবিষয়ে প্রতিবেশী দেশ বিশ্বাসযোগ্য, প্রমাণসাপেক্ষ, অপরিবর্তনীয় ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেবে বলেও আশাপ্রকাশ করে দিল্লি। ভারতীয় কূটনৈতিকদের সূত্রে জানা গিয়েছে, এফএটিএ-র তরফে বিবৃতি প্রকাশ করে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তানকে। অক্টোবরের মধ্যে সেদেশের মাটি থেকে জঙ্গিদের নির্মূল করার চূড়ান্ত সময়সীমার বিষয়েও মনে করিয়ে দেওয়া হয়েছে।
ভাটপাড়ায় বিজেপির সংসদীয় দল, থমথমে পরিস্থিতির মধ্যে মাঝেমধ্যেই উত্তেজনা-দৈনিক আনন্দবাজার
ভাটপাড়ায় অশান্তির জন্য পুলিশ প্রশাসনকেই দায়ী করলেন বিজেপি সাংসদ এস এস অহলুওয়ালিয়া। শনিবার তাঁর নেতৃত্বে বিজেপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল ভাটপাড়ায় পৌঁছন।অহলুওয়ালিয়া বলেন, “রামবাবু, ধর্মবীর কোনও আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন না। পুলিশ ওঁদের গুলি করে মারে।” গোটা পরিস্থিতির জন্য তৃণমূল ও পুলিশ দায়ী। পুলিশকে নিয়েই তৃণমূল হামলা চালাচ্ছে বলেই দাবি করেন অহলুওয়ালিয়া।পরিস্থিতিটা যে এখনও স্বাভাবিক হয়নি, কাঁকিনাড়ার কাছারি রোডে পৌঁছতেই টের পাওয়া গেল। গোটা এলাকা শুনশান। যেন বন্ধের চেহারা নিয়েছে! দু’একটা দোকানপাট খুলেছে। গুটিকয়েক লোকও রাস্তায় বেরিয়েছেন। চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তাঁদের মধ্যে অনেকেই বলছেন, দেখে মনে হচ্ছে পরিবেশ শান্ত, কিন্তু পরমুহূর্তে কী হবে কেউ জানে না। এলাকার পরিস্থিতি এতটাই খারাপ।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২