জুন ২৩, ২০১৯ ১০:৫৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ জুন রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ব : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লেও দুর্নীতি কমেনি: টিআইবি-দৈনিক প্রথম আলো
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঘাটতি পূরণ-১৯ হাজার কোটি চাহিদার বিপরীতে ২০০ কোটি টাকা দেয়ার প্রস্তাব-দৈনিক নয়া দিগন্ত
  • ভারতে বিটিভি দেখা যাবে জুলাই থেকে : তথ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • শীর্ষ ৩০০ খেলাপির হাতে ৫০,৯৪২ কোটি টাকা-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • শপিং মলের ট্রায়াল রুমে ধর্ষণের চেষ্টা করেন ট্রাম্প, বিস্ফোরক অভিযোগ লেখিকার-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‘ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে’, মার্কিন রিপোর্ট খারিজ করল ভারত-দৈনিক আনন্দবাজার
  • সরকারি প্রকল্পে কেউ ঘুষ চেয়েছে? মানুষের কাছে খোঁজ নিলেন খাদ্যমন্ত্রী-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লেও দুর্নীতি কমেনি: টিআইবি-দৈনিক প্রথম আলো

টিআইবি 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) বলেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লেও দুর্নীতি কমার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ‘জনপ্রশাসনে শুদ্ধাচার: নীতি ও চর্চা’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এ কথা জানায় টিআইবি। আজ রোববার প্রতিবেদনটি প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি। রাজধানী ঢাকার ধানমন্ডির মাইডাস সেন্টারে তাদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গবেষণা প্রতিবেদনের তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। প্রতিবেদনে জনপ্রশাসনের নিয়োগ, পদোন্নতি, ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা), চুক্তিভিত্তিক নিয়োগসহ বিভিন্ন বিষয়ের তথ্য তুলে ধরা হয়।টিআইবির কর্মসূচি ব্যবস্থাপক মহুয়া রউফ প্রতিবেদনের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, রাজনৈতিক ও অন্যান্য প্রভাবের কারণে জাতীয় শুদ্ধাচারের কোনো কোনো কৌশলের চর্চা ফলপ্রসূ হচ্ছে না। প্রশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

প্রথম আলোর দুর্নীতি সম্পর্কিত অন্য একটি খবরের শিরোনাম

ইসলামি ফাউন্ডেশনের ডিজি শামিম মোহাম্মাদ আফজাল

‘এখানে যত নিয়োগ, তত দুর্নীতি’। ইসলামি ফাইন্ডেশন সম্পর্কে এ শিরোনাম করা হয়েছে। খবরটিতে লেখা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনে (ইফা) গত ১০ বছরে প্রায় ২ হাজার ৮০০ নিয়োগ হয়েছে। এর অধিকাংশ ক্ষেত্রেই অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে মহাপরিচালকের (ডিজি) শ্যালিকা, ভাতিজা, ভাগনে–ভাগনিসহ ১০ জন নিকটাত্মীয় নিয়োগ পেয়েছেন।

সর্বশেষ রাজস্ব খাতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ৯টি গুরুত্বপূর্ণ পদে যে নিয়োগ হয়, তাতেও মহাপরিচালকের নিকটাত্মীয় ও ঘনিষ্ঠজন রয়েছেন। তাঁদের নিয়োগ দিতে পরীক্ষার নম্বর পরিবর্তন এবং প্রার্থীদের কোটা পরিবর্তন করাসহ দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্তের জন্য ধর্ম মন্ত্রণালয় গত বুধবার অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি করেছে। ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ব : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে বাঙালি জাতি মর্যাদা অর্জন করেছে। রোববার দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করব- আজকের দিনে এটা আমাদের প্রতিজ্ঞা।

শীর্ষ ৩০০ খেলাপির হাতে ৫০,৯৪২ কোটি টাকা-দৈনিক মানবজমিন

বাংলাদেশের ঋণ খেলাপির তালিকা

দেশের শীর্ষ ৩০০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একইসঙ্গে ২০০৯ সাল থেকে বিভিন্ন ব্যাংক ও লিজিং কোম্পানির কাছ থেকে পাঁচ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন এমন ১৪ হাজার ৬১৭ জনেরও পূর্ণাঙ্গ তালিকা ও তথ্য প্রকাশ করেছেন তিনি। অর্থমন্ত্রী জানিয়েছেন, শীর্ষ  ৩০০ খেলাপির হাতেই ৫০ হাজার ৯৪২ কোটি টাকা রয়েছে। এছাড়া গত ৩৯ মাসে দেশে খেলাপি ঋণ বেড়েছে ৪৩ হাজার ২১০ কোটি টাকা।অর্থমন্ত্রী জানান, সেপ্টেম্বর ২০১৫ সালে ঋণ খেলাপির সংখ্যা ছিল এক লাখ ১১ হাজার ৯৫৪ জন এবং তাদের কাছে ঋণের পরিমাণ ছিল ৫৯ হাজার ১০৫ কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঘাটতি পূরণ-১৯ হাজার কোটি চাহিদার বিপরীতে ২০০ কোটি টাকা দেয়ার প্রস্তাব-দৈনিক নয়া দিগন্ত

জনতা ব্যাংক

দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তাদের মূলধন ঘাটতি মেটানোর জন্য ১৯ হাজার কোটি টাকা চেয়েছে। কিন্তু অর্থ মন্ত্রণালয় মাত্র ২০০ কোটি টাকা দিতে চায়। এ খাতে চলতি ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে রাখা আছে এক হাজার ৫০০ কোটি টাকা। 

অর্থ মন্ত্রণালয় বলছে, জনগণের করের টাকায় প্রতিবছর এই ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণের জন্য অর্থ দেয়া হয়। কিন্তু তার পরও এসব ব্যাংকের আর্থিক অবস্থা ভালো করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে জনতা ও বেসিক ব্যাংকের অবস্থা আগের চেয়েও খারাপ হয়েছে।অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, সরকারি এ ব্যাংকগুলোকে কোনো অর্থ দিতে আমরা একেবারেই রাজি নই। কারণ অতীতে এ ব্যাংকগুলোকে ১০ হাজার কোটি টাকার বেশি অর্থ দেয়া হয়েছে। কিন্তু যে কারণে অর্থ দেয়া হয়েছিল তা কোনো কাজে আসেনি।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‘ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে’, মার্কিন রিপোর্ট খারিজ করল ভারত-দৈনিক আনন্দবাজার

ভারতের সংখ্যালঘু মুসলিম নারী

ভারতে সংখ্যালঘুরা এখনও হিন্দু জাতীয়তাবাদীদের হাতে আক্রান্ত হয়ে চলেছেন বলে মার্কিন কংগ্রেসে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাকে খারিজ করে দিল বিদেশ মন্ত্রক। বলা হল, ভারতে নাগরিকদের অবস্থা কেমন, তা নিয়ে বিদেশিদের বলার কোনও এক্তিয়ার নেই। এর আগে কেন্দ্রে শাসক দল বিজেপির তরফেও ওই মার্কিন রিপোর্টকে ‘পক্ষপাতদুষ্ট’ তকমা দেওয়া হয়েছিল।‘রিপোর্ট অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, ২০১৮’ শীর্ষক মার্কিন বিদেশ দফতরের ওই রিপোর্টের প্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, ‘‘ভারতের মতো একটি সজীব গণতান্ত্রিক দেশে সংখ্যালঘু-সহ প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারগুলিকে সংবিধানই সুরক্ষিত রেখেছে।

সরকারি প্রকল্পে কেউ ঘুষ চেয়েছে? মানুষের কাছে খোঁজ নিলেন খাদ্যমন্ত্রী-দৈনিক আজকাল

সরকারি প্রকল্পের বাড়ি নির্মাণ করাতে গিয়ে কোনও নেতা বা সরকারি কর্মী উপভোক্তাদের কাছে কাটমানি চাইছে কিনা, তা জানতে উপভোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে রাজ্যের বেশ কিছু এলাকায় তৃণমূলের খারাপ ফল হয়েছে। কারণ পর্যালোচনা করতে গিয়ে দলের কাছে খবর এসেছে, অনেক জায়গায় সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য দলের অনেক নেতা, কর্মী কাটমানি খাচ্ছে। আর তার কারণে দলের ওপর ক্ষুব্ধ অনেক মানুষ। এই ঘটনা বন্ধ করতে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কড়া পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩