জুন ২৫, ২০১৯ ১১:১৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৫ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • দুর্ঘটনামন্ত্রীদের আজব-জবর থিওরি-দৈনিক প্রথম  আলো
  • সাকিব যেন ২০১১ বিশ্বকাপের যুবরাজ-দৈনিক প্রথম আলো
  • সাকিবকে বিশ্বসেরা কিংবদন্তী অলরাউন্ডার মানলেন মাইক হাসি-দৈনিক নয়া দিগন্ত
  • বিএনপি কার্যালয়ে ছাত্রদলের অবরোধ-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ-দৈনিক ইত্তেফাক
  • পুরনো সেতু দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর-দৈনিক যুগান্তর
  • টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ মানবপাচারকারী নিহত-দৈনিক মানবজমিন
  • দিনাজপুর নয়, রংপুরেই দেশের প্রথম লোহার খনি-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • সোশ্যাল মিডিয়ায় ‘সুন্দরী’ ফাঁদ, হানিট্র্যাপ নিয়ে জওয়ানদের সতর্ক করল সেনা-দৈনিক আনন্দবাজার
  • জয় শ্রীরাম’ বলতে অস্বীকার, খাস কলকাতায় ট্রেন থেকে ধাক্কা মুসলিম যুবককে-দৈনিক সংবাদ প্রতিদিন-দৈনিক সংবাদ প্রতিদিন
  • দেশে সুপার ইমার্জেন্সি চলছে’, ফের মোদি সরকারকে ঠুকে টুইট মমতার-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

পুরনো সেতু দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর-দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নড়বড়ে ও পুরনো সেতু দ্রুত মেরামতের জন্য রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন তিনি। একনেক সভাশেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের এ কথা জানান। গত রোববার মৌলভীবাজারে সেতু ভেঙে ট্রেন দুর্ঘটনায় চারজন নিহতসহ আহত হন শতাধিক যাত্রী।

দুর্ঘটনামন্ত্রীদের আজব-জবর থিওরি। 

কুলাউড়া ট্রেন দুর্ঘটনা

এটি দৈনিক প্রথম আলোর একটি নিবন্ধের শিরোনাম। লিখেছেন লেখক ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী গওহার নঈম ওয়ারা। তার এ নিবন্ধে এ বিষয়ে বিভিন্ন মিডিয়ার বক্তব্য তুলে ধরে লিখেছেন  কুলাউড়া, মৌলভীবাজারের রোববারের ট্রেন দুর্ঘটনার কারণ- যাত্রীর চাপে ট্রেন উল্টেছে। এরপর তিনি লিখেছেন, সোজা কথায় পাবলিকের দোষ। ট্রেনের মতো ভারী যান যাত্রীর ভারে উল্টে যায়—এটা এক ঐতিহাসিক আবিষ্কার। আমাদের এক রসিক বন্ধু এসব দেখে লিখেছেন, রানা প্লাজা ধসে জন্ম নিয়েছিল ‘থিওরি অব শেকিং’ আর কুলাউড়া ট্রেন দুর্ঘটনায় জন্ম নিল ‘থিওরি অব ওভারলোডেড প্যাসেঞ্জার’।বিএনপি আমলে এক মন্ত্রী বাবার বুকে থাকা সন্তান গুলিতে নিহত হলে ‘আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন’ থিওরি দিয়েছিলেন। রানা প্লাজা ধস নাকি বিএনপি কর্মীদের ওই ভবনের থাম ঝাঁকানোর ফল। ধান কাটার শ্রমিক না পাওয়া নাকি উন্নত কর্মসংস্থানের ফল। রাস্তায় যানজট নাকি দেশের উন্নতির লক্ষণ। আর এখন যাত্রীর ভারে ট্রেন উল্টানো গল্প! কী বিচিত্র এক দেশ আর সে দেশের মন্ত্রীমহোদয়গণ।

বিএনপি কার্যালয়ে ছাত্রদলের অবরোধ-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ-দৈনিক ইত্তেফাক

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে ছাত্রদল

কাউন্সিলের তফসিল বাতিল, নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ করেছেন ছাত্রদলের একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন তারা। সেখানে দেড় ঘণ্টা বিক্ষোভের পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কার্যালয় ত্যাগ করেন বয়স্ক নেতাকর্মীরা। বর্তমানে কাউন্সিলের পক্ষের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থানে রয়েছে।

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ মানবপাচারকারী নিহত-দৈনিক মানবজমিন

টেকনাফে বন্দুকযুদ্ধে তিন যুবক নিহত

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা মানবপাচার মামলার পলাতক আসামি ছিলো। আজ সোমবার ভোরে  টেকনাফ উপজেলার মহেষখালিয়াপাড়া নৌকা ঘাটে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৩টি এলজি, শর্টগানের ১৫টি তাজা গুলি ও ২০টি খালি খোসা উদ্ধার করা হয়েছে।   ওসি জানান, রাতে পলাতক আসামিদের ধরতে পুলিশের একটি দল উপজেলার মহেষখালিয়াপাড়ার নৌকা ঘাট এলাকায় পৌঁছায়। তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মানবপাচারকারী দলের সদস্যরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে অস্ত্রধারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়।  ওসি আরো জানান, নিহত তিনজনের বিরুদ্ধে ১৫ জন রোহিঙ্গাকে পাচারের অভিযোগে মামলা রয়েছে। এ মামলায় তারা পলাতক ছিলো। শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের কৌশলে মালয়েশিয়া পাঠানোর কথা বলে টাকা-পয়সা আত্মসাৎ করছিলেন তারা। 

দিনাজপুর নয়, রংপুরেই দেশের প্রথম লোহার খনি-দৈনিক নয়া দিগন্ত

Image Caption

৫৩ বছরেও উত্তোলনের উদ্যোগ নেইদেশের প্রথম লোহার খনি দিনাজপুরে নয়, রংপুরের পীরগঞ্জের ভেলামারি পাথারে আবিষ্কৃত হয়েছিল ৫৩ বছর আগে। ১৯৬৫ সালে এই লোহার খনির অস্তিত্ব নিশ্চিত করে পাকিস্তান খনিজসম্পদ বিভাগ এবং ১৯৯৯ সালে পুনরায় খনন শুরু করেছিল জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ-জিএসবি। সুদীর্ঘ ৫৩ বছর আগে এই লোহার খনিটির প্রথম সন্ধান পাওয়া গেলেও আজ পর্যন্ত উত্তোলনের কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। আর দিনাজপুরের হাকিমপুরের ইসবপুরে লোহার খনির অস্তিত্বের আনুষ্ঠানিক ঘোষণা আসে চলতি মাসের ১৪ জুন। কিন্তু সম্প্রতি সন্ধান পাওয়া লোহার খনির অস্তিত্বকে প্রথম বলে প্রচারণা পাওয়ায় ক্ষুব্ধ প্রথম লোহারখনি পাওয়া রংপুরের মানুষ। তারা অবিলম্বে পীরগঞ্জের ভেলামারি খনিকে প্রথম লোহার খনি স্বীকৃতি দিয়ে সেখান থেকে লোহা উত্তোলনের দাবি জানিয়েছেন।

এবার ভারতের দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি

জয় শ্রীরাম’ বলতে অস্বীকার, খাস কলকাতায় ট্রেন থেকে ধাক্কা মুসলিম যুবককে-দৈনিক সংবাদ প্রতিদিন

উত্তরপ্রদেশ বা বিহার নয়। এবার খাস কলকাতায় রামভক্তদের দাপাদাপি। এবার পার্ক সার্কাসে রামভক্তদের হাতে আক্রান্ত দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর বাসিন্দা হাফিজ মহম্মদ শাহরুখ হালদার । ‘জয় শ্রীরাম’ বলতে রাজি না হওয়ায় ওই মুসলিম যুবককে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল। পেশায় মাদ্রাসা শিক্ষক ওই যুবকের অভিযোগ, চলন্ত ট্রেনে তাঁকে ‘জয় শ্রীরাম’ বলতে জোরাজোরি শুরু করে একদল যুবক। কিন্তু, তিনি তাতে সম্মত না হওয়ায়, তাঁকে চলন্ত ট্রেন থেকেই ফেলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওই যুবক জখম হয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনার নেপথ্যে ‘জয় শ্রীরাম’ বলতে অস্বীকার করা নাকি অন্য কোনও কারণ, তা নিয়ে সংশয়ে তদন্তকারীরা।

নবপরিণীতার বেশে সংসদে নুসরত, বাংলায় শপথ নিলেন মিমিও-দৈনিক সংবাদ প্রতিদিন

নুসরত জাহান ও মিমি চক্রবর্তী সংসদে শপথ নিলেন

অধিবেশন শুরুর এক সপ্তাহ পর সংসদে গিয়ে শপথ নিলেন নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। মঙ্গলবার অধিবেশন শুরুর পর স্পিকার ওম বিড়লা বলেন, যে সব সাংসদরা এখনও শপথ গ্রহণ করেননি, তাঁরা যেন আগে শপথ নেন। তখনই এগিয়ে যান মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। বাংলায় শপথবাক্য পাঠ করেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ। আজ যখন নুসরত লোকসভায় পৌঁছান, তখন তাঁর দু’হাত ভরতি ছিল চুড়ি। সাদা-বেগুনি পাড়ের শাড়ি পরেছিলেন বসিরহাটের তারকা সাংসদ। সিঁথিতে ছিল চওড়া সিঁদুর। বসিরহাটের সাংসদও এদিন মিমির মতোই বাংলাতেই শপথ নেন। শপথগ্রহণের শেষে দু’জনের গলাতেই ছিল বাংলা ও ভারতের নামে জয়ধ্বনি।

দেশে সুপার ইমার্জেন্সি চলছে’, ফের মোদি সরকারকে ঠুকে টুইট মমতার-দৈনিক আজকাল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

ফের নরেন্দ্র মোদি সরকারকে টুইটার পোস্টে ঠুকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ১৯৭৫ সালে ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। মঙ্গলবার সেকথা উল্লেখ করে মমতা টুইট করেছেন, ‘১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। গত পাঁচ বছরে দেশ সুপার ইমার্জেন্সির মধ্যে দিয়ে গিয়েছে। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং দেশের গণতান্ত্রিক সংগঠনকে রক্ষা করতে লড়াই করতে হবে’। 

বৈষম্যমূলক আচরণ বন্ধ করার আহবান মমতা ব্যানার্জীর

এদিনই বিশ্ব ভিটিলিগো দিবস। বর্ণবৈষম্য সম্পর্কে মমতা ব্যানার্জি টুইটার পোস্টে লিখেছেন, ‘আজ বিশ্ব ভিটিলিগো দিবস। আসুন আমরা শপথ নিই কারও গায়ের রঙের তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ যেন না করি’।

সোশ্যাল মিডিয়ায় ‘সুন্দরী’ ফাঁদ, হানিট্র্যাপ নিয়ে জওয়ানদের সতর্ক করল সেনা-দৈনিক আনন্দবাজার

Image Caption

ভারতীয় সেনাবাহিনীর গোপন গতিবিধি ও কাজকর্মের হালহদিশ জানতে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় সুন্দরীর ফাঁদ (‘হানি ট্র্যাপ’) পেতেছে শত্রু দেশগুলি। সেনাবাহিনীর তরফে সোমবার এ ব্যাপারে সব জওয়ানের কাছে পাঠানো অ্যাডভাইসরিতে সতর্ক থাকতে বলা হয়েছে।

সেনাবাহিনীর গোয়েন্দা দফতরের কার্যালয় ডিরেক্টরেট অব মিলিটারি ইন্টেলিজেন্সের ওই অ্যাডভাইসরিতে বলা হয়েছে, আপাতত দু’টি হানি ট্র্যাপের হদিশ মিলেছে। একটি ফেসবুকে। অন্যটি ইনস্টাগ্রামে। ফেসবুকে যে অ্যাকউন্টটি খোলা হয়েছে, তার নাম- ‘গুজ্জর সৌম্যা’। আর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট টালু হয়েছে ‘ওয়িসোমিয়া’ নামে। দু’টি অ্যাকাউন্টের প্রোফাইলই ‘যথেষ্ট সন্দেহজনক’ বলে মনে করছে সেনাবাহিনীর গোয়েন্দা দফতর। তাদের সন্দেহ, গুপ্তচররাই হানি ট্র্যাপের অ্যাকাউন্ট খুলে সেনাবাহিনীর জওয়ান ও অফিসারদের সঙ্গে ভাব জমিয়ে তাঁদের গতিবিধি ও কাজকর্মের খবরাখবর জানতে চাইছে। জওয়ান ও অফিসারদের গুরুত্ব যাচাই করেই তাঁদের ফাঁদে ফেলার কৌশল নিয়েছে হানি ট্র্যাপরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫