জুলাই ০১, ২০১৯ ১১:৪৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১ জুলাই সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • দুর্বৃত্তদের পকেট ভারী করতেই গ্যাসের দাম বাড়িয়েছে সরকার’-দৈনিক যুগান্তর
  • এরশাদ বেঁচে আছেন: জাপা-দৈনিক প্রথম আলো
  • ডিআইজি মিজানের জামিন খারিজ, পুলিশে সোপর্দ-দৈনিক ইত্তেফাক
  • মূলধন ঘাটতি মেটানোর অর্থ পেল না সরকারি ব্যাংকগুলো-দৈনিক নয়া দিগন্ত
  • এরশাদের মৃত্যুর খবর গুজব, তবে শঙ্কামুক্ত নন: জি এম কাদের-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • মুখ্যমন্ত্রীর মিম কাণ্ডে ফের বিপাকে রাজ্য, আদালত অবমাননার নোটিস সুপ্রিম কোর্টের-দৈনিক আনন্দবাজার
  • সবকা বিকাশ! ভারতের আয় বৈষম্য বেড়েছে ছয়গুণ-দৈনিক সংবাদ প্রতিদিন
  • জম্মু–কাশ্মীরে খাদে ম্যাটাডোর, হিমাচলে খাদে বাস, মৃত্যুমিছিল-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ব্যবসায়ীদের পকেট ভারী করতে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে সরকার- এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আপনার পর্যবেক্ষণ কী?

২. কাতারে এফ-২২ বিমান মোতায়েন করেছে আমেরিকা। এ ঘটনায় অনেকে মনে করছেন ইরানের ওপর সামরিক আগ্রাসন  চালানোর জন্য আমেরিকা এ পদক্ষেপ নিয়েছে। আপনার কী মনে হয়?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

ডিআইজি মিজানের জামিন খারিজ, পুলিশে সোপর্দ-দৈনিক ইত্তেফাক

সাময়িক বরখাস্তকৃত পুলিশের ডিআইজি মিজানুর রহমান

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাময়িক বরখাস্তকৃত পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে আগাম জামিন দেয়নি হাইকোর্ট। আদালত তার জামিন আবেদন খারিজ কারে দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। সোমবার (০১ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। এর আগে সোমবার তিনটার দিকে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে হাজির হন তিনি। ২৫ জুন মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করার প্রস্তাবে অনুমোদন দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

এরশাদ বেঁচে আছেন: জাপা-দৈনিক প্রথম আলো

সাবেক প্রেসিডেন্ট ও জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বেঁচে আছেন। এরশাদ মারা গেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়ানোর পরিপ্রেক্ষিতে আজ সোমবার সাবেক এই রাষ্ট্রপতির শারীরিক অবস্থা সম্পর্কে জানালেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।জাপা মহাসচিব আজ বেলা একটার দিকে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। দৈনিক মানবজমিনের শিরোনাম করা হয়েছে এরকম, এরশাদের মৃত্যুর খবর গুজব, তবে শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

এরশাদকে নিয়ে বিদিশার ফেসবুক পোস্ট‘এই নির্মমতার শেষ কোথায়?’-দৈনিক মানবজমিন

সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদ ও তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ

জীবন সঙ্কটে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। এতে তিনি এরশাদকে নিয়ে রাজনীতি চলছে বলে মন্তব্য করেছেন। কেউ তার পদ, কেউ তার স্থাবর-অস্থাবর সম্পত্তি চায় বলেও অভিযোগ করেন তিনি। নিজের ফেসবুক পেজে দেয়া ওই স্ট্যাটাসে তিনি এসব দাবি করেন। এছাড়া স্ত্রী হিসেবে তিনি এবং সন্তান হিসেবে তার ছেলে এরিক পিতাকে দেখতে না পারার দুঃখও প্রকাশ করেছেন। বিদিশা এরশাদের সেই স্ট্যাটাসটি তুলে দেয়া হলো- 

তিনি লেখেন- ‘এই নির্মমতার শেষ কোথায় ? স্ত্রী দেখতে পারছেনা তার স্বামীকে সন্তান দেখতে পাচ্ছ না তার পিতা কে, এরকম এক নির্মমতার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হচ্ছে আমার দিনগুলো। সবসময়ই বুকের  ভেতরটা কেঁপে উঠছে এই বুঝি কোন দুঃসংবাদ শুনি, আর কারো কথা বলছিনা আমি সাবেক রাষ্ট্রপতি হোসেন  মোহাম্মদ এরশাদ সাহেবের কথা বলছি। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

অথচ তাকে নিয়ে চলছে রাজনীতি, কেউ বা চায় তার পদ দখল করতে, কেউ বা তার স্থাবর-অস্থাবর সম্পত্তি।কি নির্দয় এ সমাজের মানুষগুলো? যাদের জন্য জীবনে এত কিছু করে গেলেন তিনি, তারাই আজ তার মৃত্যু কামনা করছেন। বাবার মৃত্যু ক্ষণে ছেলেকে সুকৌশলে দূরে রাখা হচ্ছে, কেউ কেউ তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখাও শুরু করেছেন।আমি অতো সাত, পাঁচ বুঝিনা, আর এগুলো বুঝতে চাইও না, আমি চাই আমার ছেলেটা সুন্দরভাবে বেড়ে উঠুক, বাবার স্বপ্ন পূরণে সেও এক সময় দেশ ও জাতির জন্য কাজ করবে, কিন্তু আমার ভয় হচ্ছে আমার ছেলেকে নিয়ে, ও যেন আমার মত কোনো ষড়যন্ত্রের শিকার না হয়। তাই আমি এরশাদের গড়া জাতীয় পার্টির সকল নেতা কর্মীদের অনুরোধ করবো, আপনাদের নেতার এই দুঃসময়ে তার পরিবারের পাশে এসে দাঁড়ান সত্য উদঘাটন করুন, ষড়যন্ত্র হাত থেকে এরিককে বাঁচান।জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কি এরিক তার বাবাকে দেখতেও পারবে না? পারবে না কি  শেষবারের মতো একবার বাবা বলে ডাকতে? এই প্রশ্ন জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীর কাছে আমার রইল, পাশাপাশি ওনার সুস্থতার জন্য সকলকে দোয়া করার অনুরোধ রইলো। বিদিশা। 

দুর্বৃত্তদের পকেট ভারী করতেই গ্যাসের দাম বাড়িয়েছে সরকার’-দৈনিক যুগান্তর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্বৃত্তদের পকেট ভারী করতেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার নিজেরাই একটা লুটেরা সরকার, এই সরকার নিজেরাই একটা লুণ্ঠনকারী সরকার। তারা জনগণকে লুণ্ঠন করছে। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের (অ্যাব) উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।বিএনপি মহাসচিব বলেন, ১৭৫ টাকা প্রতি চুলায় গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এই দাম বাড়ানো হয়েছে শুধু তাদের যে ব্যবসায়ী, যারা এলএনজি গ্যাস আমদানি করছে, তাদের সুবিধা দেয়ার জন্য, তাদের পকেট ভারী করার জন্য এবং দুর্বৃত্তদের পকেট ভারী করার জন্য তারা (সরকার) এটি করেছে।

মির্জা ফখরুল বলেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাজেটের মাধ্যমে একদিকে জনগণের সম্পদকে লুট করে নিচ্ছে, অন্যদিকে তারা গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে আরও বেশি করে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এই সরকার এক এক করে রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে এবং সামাজিক জীবনে এক ভয়াবহ সংকট সৃষ্টি করেছে।

মূলধন ঘাটতি মেটানোর অর্থ পেল না সরকারি ব্যাংকগুলো-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশ ব্যাংক

প্রকট মূলধন ঘাটতিতে থাকা রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে এবার বাজেট থেকে কোনো অর্থ দেয়া হলো না। রোববার শেষ হয়ে যাওয়া ২০১৮-১৯ অর্থবছরের বাজেট থেকে দু’টি ব্যাংকের জন্য মাত্র ১৫১ কোটি ৩৩ লাখ টাকা ছাড় করা হয়েছে। তবে এ অর্থ দেয়া হয়েছে ভর্তুকি হিসেবে এবং একটি ব্যাংকের সরকারি অংশের শেয়ার টিকিয়ে রাখার জন্য। এক যুগ পর এবারই প্রথম মূলধন ঘাটতি পূরণে সরকারি ব্যাংকগুলো কোনো অর্থ পেল না। এর আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তাদের মূলধন ঘাটতি পূরণে সরকারের কাছে ১৯ হাজার কোটি টাকা চেয়েছিল। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

মুখ্যমন্ত্রীর মিম কাণ্ডে ফের বিপাকে রাজ্য, আদালত অবমাননার নোটিস সুপ্রিম কোর্টের-দৈনিক আনন্দবাজার

বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মাকে

মুখ্যমন্ত্রীর মিম বানানোর অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মাকে মুক্তি দিতে গড়িমসি করার অভিযোগে সুপ্রিম কোর্টের নোটিস পেল রাজ্য। প্রিয়াঙ্কার তরফে তাঁর ভাই অভিযোগ করেছিলেন, সর্বোচ্চ আদালত প্রিয়াঙ্কাকে মুক্তির নির্দেশ দেওয়ার পরও রাজ্য সরকার তাঁকে ছাড়তে গড়িমসি করেছে। এবং আদালতের নির্দেশ হাতে আসার অনেক পরে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে সর্বোচ্চ আদালতে একটি আদালত অবমাননার মামলা করেছিলেন ওই বিজেপি নেত্রীর ভাই। তাঁর সেই অভিযোগের ভিত্তিতেই এবার রাজ্য সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট।মুখ্যমন্ত্রীকে নিয়ে মিম বানানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বিজেপি যুবা মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মা। বিজেপির দাবি ছিল, বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে প্রিয়াঙ্কাকে।

সবকা বিকাশ! ভারতের আয় বৈষম্য বেড়েছে ছয়গুণ-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের ধনী-গরিব বৈষম্য

সম্প্রতি কাউন্সিল ফর সোশ্যাল ডেভলপমেন্টের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০০০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতে অর্থনৈতিক বৈষম্য ছয়গুণ বৃদ্ধি পেয়েছে। ‘সবকা বিকাশ’ বুলি আউড়ে মোদি সরকার ক্ষমতায় এলেও, পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। বিগত পাঁচ বছরে এই বৈষম্য আরও বেড়েছে।

গত সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একটি সভায় কাউন্সিল ফর সোশ্যাল ডেভলপমেন্ট (সিএসডি)-র এই রিপোর্টটি উল্লেখ করে বলেছিলেন, দারিদ্র‌ দূরীকরণ প্রকল্প ও কর্মসূচি সত্ত্বেও গত ১৭ বছরে দেশের সম্পদ বৈষম্য ছয়গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী ও বিশেষজ্ঞরা ‘রাইজিং ইনইকুয়ালিটিস ইন ইন্ডিয়া, ২০১৮’ শীর্ষক এই রিপোর্ট তৈরি করেছেন। সেখানে দেখা গিয়েছে, ২০০০ থেকে ২০১৭ সালের মধ্যে আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে ছয়গুণ। 

জম্মু–কাশ্মীরে খাদে ম্যাটাডোর, হিমাচলে খাদে বাস, মৃত্যুমিছিল-দৈনিক আজকাল

কাশ্মিরে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ৩৫ জনের

খাদে যাত্রীবোঝাই ম্যাটাডোর পড়ে মৃত্যু হল ৩৫ জনের। জখম ১৭ জন। ঘটনাটি ঘ‌টেছে সোমবার সকাল ৭.‌৩০ মিনিট নাগাদ জম্মু–কাশ্মীরের কিশত্‌ওয়ার জেলায়। কিশ্‌তওয়ারের ডেপুটি পুলিস কমিশনার আংরেজ রাণা এখবর জানিয়েছেন। জখমদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক থাকায় তাঁদেরকে এয়ারলিফ্‌ট করে জম্মুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেশোয়ান থেকে কিশত্‌ওয়ারগামী ম্যাটাডোরে মোট ৪৫ জন ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, সির্গওয়ারির কাছে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে খাদে গড়িয়ে পড়ে ম্যাটাডোর। দুর্ঘটনার খবর পেয়ে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী, জম্মু–কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লা। দুপুরে রাজ্যসভাতেও প্রশ্নোত্তর পর্বে কিশত্‌ওয়ার দুর্ঘটনার প্রসঙ্গ উত্থাপন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জখমদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

অন্যদিকে, সোমবার সকালেই সোমবার সকালে হিমাচল প্রদেশের শিমলার কাছে লোয়ার খালিনিতে খাদে যাত্রীবোঝাই বাস পড়ে মৃত্যু হল দুই স্কুল পড়ুয়া এবং বাসচালকের। জখম আরও চারজন। বাস গড়িয়ে পড়ার শব্দ এবং মানুষের আর্তনাদ শুনে প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিস গিয়ে স্থানীয়দের সাহায্যে জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালেই মৃত্যু হয় তিনজনের। বাকিরা এখনও চিকিৎসাধীন।উত্তরাখণ্ডের মালারিতেও রবিবার রাতে খাদে গাড়ি গড়িয়ে পড়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১