জুলাই ০২, ২০১৯ ১১:২৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত-দৈনিক প্রথম আলো
  • নয়ন বন্ডের ‘ক্রসফায়ার’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং মামলায় ডিআইজি মিজান কারাগারে/দৈনিক যুগান্তর/দৈনিক ইত্তেফাক
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প‘বালিশকাণ্ডের’ ঘটনায় হাইকোর্টের রুল-দৈনিক নয়া দিগন্ত
  • রাঙামাটিতে মা-মেয়েকে গুলি করে হত্যা-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • কাটমানি ফেরতের দাবিতে গাছে বেঁধে মার সুপারভাইজারকে-দৈনিক আনন্দবাজার
  • হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, রাজ্যসভায় সাফ জানালেন শাহ-দৈনিক সংবাদ প্রতিদিন
  • এটা মানতে পারব না’, নাম না করে আকাশ বিজয়বর্গীয়কে হুঁশিয়ারি মোদির-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

নয়ন বন্ড পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত

বরগুনার রিফাত হত্যার ঘটনাটি এখনও টক অব দ্যা কান্ট্রি। এরই কয়েকজন আসামি ধরা পড়েছে তবে মূল আসামি তার মধ্যে ছিল না। তবে আজকের আজকের জাতীয় দৈনিকগুলোর অনলাইন ভার্সন এবং অনলাইন পোর্টালগুলোর খবরে লেখা হয়েছে মূল আসামি নয়ন বন্ড বন্দুক যুদ্ধে নিহত। প্রথম আলো এ সম্পর্কে লিখেছে, রগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড (২৫) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাত সোয়া চারটার দিকে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে এ ঘটনা ঘটে।তবে মামলা প্রধান আসামি নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হলেও প্রধান অপর দুই আসামি রিফাত ফরাজী ও তার ছোট ভাই রিশান ফরাজী এখনো পলাতক।

রিফাত

দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার প্রতিক্রিয়ায় বলেছেন,  আমরা আগেই বলেছিলাম- সবাইকে ধরে ফেলব। কিন্তু ধরার শেষ মুহূর্তে নয়ন শুধু পালিয়ে বেড়াচ্ছিল। আমি যতটুকু শুনেছি, সে অবস্থান চেঞ্জ করছিল। তবে শেষ পর্যন্ত তাকে কেন গুলিবিনিময় করতে হয়েছিল সেটি না জেনে কিছু বলতে পারবেন না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

রিফাতের বাবা দুলাল শরীফ

এদিকে, নয়ন বন্ড 'বন্দুকযুদ্ধে' নিহত হওয়ায় রিফাতের বাবা দুলাল শরীফ সন্তোষ প্রকাশ করেছেন বলে যুগান্তরের অন্য একটি খবরে লেখা হয়েছে। বন্দুক যুদ্ধের আরও খবরে দৈনিক মানবজমিন লিখেছে, গাজীপুরে আটকের পর ১৭ মামলার আসামী ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। তাছাড়া টেকনাফে পুলিশের হাতে আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্য নিহত হয়েছে।

অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং মামলায় ডিআইজি মিজান কারাগারে-দৈনিক যুগান্তর/ইত্তেফাক

অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের মামলায় সাময়িক বরখাস্ত বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস এ নির্দেশ দেন। এর আগে বেলা পৌনে ১১টায় রাজধানীর শাহবাগ থানা থেকে তাকে মহানগর দায়রা ও সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির করা হয়। তার আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে তার জামিনের আবেদন নাকচ করেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের মামলায় হাইকোর্টের নির্দেশে সোমবার বিকালে ডিআইজি মিজানকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।

গ্যাসের দাম বাড়ার রহস্যটা কী?-দৈনিক প্রথম আলো

গ্যাসের দাম বৃদ্ধি

১০ বছরে সপ্তমবারের মতো গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। ঠিক যখন বিশ্ববাজারে গ্যাসের দাম কমেছে শতকরা ৫০ ভাগ, যখন ভারত তাদের ভোক্তাদের জন্য গ্যাসের দাম কমিয়েছে ১০১ রুপি, তখন আমরা অবিশ্বাস্য হারে (গড়ে ৪৬.৭৫ শতাংশ) দাম বাড়াচ্ছি। গ্যাসের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ, সার, শিল্প, চা–বাগান, ক্যাপটিভ পাওয়ারসহ সব শিল্প ও বাণিজ্যিক খাতের গ্যাস ব্যবহার, সিএনজি এবং গৃহস্থালি পর্যায় মিলে সব ধরনের গ্যাস ব্যবহারকে অতি উচ্চ মূল্যবৃদ্ধির গড় হিসাবে প্রাথমিক ও মৌলিক জ্বালানি গ্যাসের দাম গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বাড়ছে। এক অর্থবছরেই প্রাথমিক জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করা বিদ্যুৎ খাতের গ্যাসের দাম বাড়বে ৪১ শতাংশ, আর ক্যাপটিভ পাওয়ারের গ্যাসে দাম বাড়বে ৪৪ শতাংশ। দেশের কৃষক যেখানে উচ্চ উৎপাদন খরচের বিপরীতে অসহনীয় মূল্য বিপর্যয়ে পড়ছেন, সেখানে সার উৎপাদনের ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানো হয়েছে সর্বোচ্চ ৬৪ শতাংশ। এ কারণেই ভারতের কৃষক ধান চাষ করে লাভবান হন, আর আমাদের কৃষক হন ক্ষতিগ্রস্ত। পাশাপাশি শিল্প খাতের গ্যাসে দাম বেড়েছে ৩৮ শতাংশ। বিদ্যুৎ, কৃষি ও শিল্প—এই তিন খাতের ব্যবহৃত গ্যাসের দাম গড়ে ৪৬ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পাবে। প্রাথমিক ও মৌলিক জ্বালানি বলে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে তৈরি পোশাক, শিল্প উৎপাদন, বিদ্যুৎ মূল্য থেকে শুরু করে জনজীবনের প্রায় সর্বত্র।

দাম বাড়ানোর যুক্তি হলো, উচ্চ দামে যে এলপিজি বা তরল গ্যাস আমদানি করা হয়, তাতে ভর্তুকির ভার লাঘব করা হবে। এটা অযৌক্তিক এ কারণে যে বিশ্ববাজারে প্রাকৃতিক গ্যাসের দাম বিগত ছয় মাসে বাড়েনি, বরং অর্ধেকে নেমে এসেছে। সুতরাং যৌক্তিক হলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও গ্যাসের দামও কমাতে হবে। এটা অগ্রহণযোগ্য এ জন্য যে গ্যাস খাতের দুর্নীতিযুক্ত ব্যবস্থাপনা ঠিক না করে, নতুন উৎপাদনে না গিয়ে, সরবরাহ ও বিতরণব্যবস্থা (পাইপ লাইন) ঠিক না করে, গ্যাস চুরির সমস্যা সমাধান না করে শুধু দাম বাড়িয়ে এই খাত টেকসই করা যাবে না।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প' বালিশকাণ্ডের’ ঘটনায় হাইকোর্টের রুল-দৈনিক নয়া দিগন্ত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় কেনাকাটা নিয়ে হাইকোর্ট  প্রতিবেদন দাখিলের নির্দেশ দিল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনে আসবাবপত্র বিশ্বস্ততার সাথে (গুড ফেইথ) কেনা ও উত্তোলনের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসাথে ওই ঘটনায় করা দুটি তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল এবং প্রতিবেদন অনুসারে কি ব্যবস্থা নেয়া হয়েছে সেটা দুই সপ্তাহের মধ্যে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে দায়ের করা রিটের শুনানিতে আজ মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো: সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

এটা মানতে পারব না’, নাম না করে আকাশ বিজয়বর্গীয়কে হুঁশিয়ারি মোদির-দৈনিক আজকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশের ঘটনায় নিজের অসন্তোষ ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিজেপির সংসদীয় বৈঠকে আকাশ বিজয়বর্গীয়র নাম না করে মোদি বলেছেন, মন্ত্রী বা সাংসদের ছেলেই হোক বা বিধায়ক নিজে, দলের বদনাম হয় এমন কোনও কাজ করলে তাঁকে ক্ষমা করা হবে না। এই সব লোকদের দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মোদি। সংসদীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ রাজীবপ্রতাপ রুডি একথা জানিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রী দলের সব সদস্যকে সাফ বার্তা দিয়ে বলেছেন, দলের নাম খারাপ হয় এমন কাজ বরদাস্ত হবে না। কেউ ভুল করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ম সবার জন্যই লাগু।’‌  

গত সপ্তাহে মধ্য প্রদেশের ইন্দৌরে উচ্ছেদ অভিযানে যাওয়া পুর অফিসারকে ব্যাট দিয়ে পিটিয়েছিলেন আকাশ। তাঁকে গ্রেপ্তার করা হলেও গত শনিবার জামিন পান এবং রবিবার সকালেই জেল থেকে বেরন তিনি। তাঁকে ফুলের মালা পরিয়ে জয়ধ্বনি দিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে যান বিজেপি কর্মীরা। সেপ্রসঙ্গেও নাম না করে মোদির হুঁশিয়ারি, যাঁরা ওই ভুলকে সমর্থন করবেন তাঁদেরও বহিষ্কার করা হবে।

হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, রাজ্যসভায় সাফ জানালেন শাহ-দৈনিক সংবাদ প্রতিদিন

ফের হিন্দু শরণার্থীদের পাশে থাকার আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রাজ্যসভায় শাহ সাফ জানান, নাগরিকত্ব বিল পাশ করিয়ে অসমে সমস্ত হিন্দু অনুপ্রবেশকারীকে শরণার্থীর তকমা দিয়ে নাগরিকের অধিকার দেওয়া হবে।   সোমবার রাজ্যসভায় অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অসমের মতো অন্য রাজ্যেও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরি করা হবে। তারপরই এনআরসি প্রসঙ্গে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আগামী ৩১ জুলাই অসমে চূড়ান্ত এনআরসি প্রকাশিত হলে প্রায় ২৩ লক্ষ হিন্দু বাঙালি নাগরিকত্ব হারাতে পারে। তাদের কথা কেন ভাবছে না সরকার, এই প্রশ্নও তোলেন ডেরেক। জবাবি বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নাগরিকত্ব আইন পাশ করিয়ে অসমে সমস্ত হিন্দু অনুপ্রবেশকারীকে শরণার্থীর তকমা দিয়ে নাগরিকের অধিকার দেওয়া হবে। তারপর নতুন করে অন্যত্র এনআরসি করতে নামবে সরকার।”

বিগত লোকসভা নির্বাচনের আগে থেকেই পশ্চিমবঙ্গে এনআরসি করার পক্ষে সওয়াল করে আসছে বিজেপি। এদিন জিরো আওয়ারে ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে বলেন, “তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত হয়েছে। ফলে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বহু জেলায় জনবিন্যাস পালটে গিয়েছে।’’ এই যুক্তি দিয়েই পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে এনআরসি-র দাবি করেন দুবে।

বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি টাকার বিনিময়ে পরিষেবা, সমান্তরাল ব্যবস্থা চান মমতা-দৈনিক আনন্দবাজার

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস বা এমস-এর আদলে রাজ্যেও সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি টাকার বিনিময়ে পরিষেবার ব্যবস্থা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালগুলিতে পরিকাঠামোর সুযোগ থাকলে উন্নয়নের খরচ তুলতে এই ধরনের সমান্তরাল ব্যবস্থা চালু করা উচিত।সোমবার, চিকিৎসক দিবসে এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে বিশিষ্ট চিকিৎসকদের সম্মানিত করে রাজ্য সরকার।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২