শেখ হাসিনার ট্রেনে হামলা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩ জুলাই বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- জাবিতে মিষ্টি খাওয়া নিয়ে ছাত্রলীগের দুগ্রুপে গোলাগুলি, আহত ৩০-দৈনিক যুগান্তর
- শেখ হাসিনার ট্রেনে হামলা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড-দৈনিক প্রথম আলো
- সরকার বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না : ফখরুল-দৈনিক ইত্তেফাক
- রাজধানীতে বিএনপির বিক্ষোভ-গ্যাসের মূল্য বৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
- এবার ২ নং আসামী রিফাত ফরাজী গ্রেপ্তার-দৈনিক মানবজমিন-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- কাটমানি, সন্ত্রাসে তোলপাড় লোকসভা, আক্রমণে রাজ্যের বিজেপি সাংসদেরা-দৈনিক আনন্দবাজার
- রাজ্যের নাম বদলের প্রস্তাবে সায় নেই কেন্দ্রের, এখনই ‘বাংলা’ হচ্ছে না পশ্চিমবঙ্গ-দৈনিক সংবাদ প্রতিদিন
- পঞ্চায়েতের উপনির্বাচনে ব্যাপক সাফল্য কংগ্রেসের, ছিটকে গেল বিজেপি-দৈনিক আজকাল
- পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বরগুনা রিফাত হত্যা মামলার প্রধান আসামী নয়ন বন্ড বন্দুকযুদ্ধে মারা গেছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
২. সিরিয়ায় ইসরাইলি হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি- একথা বলেছে রাশিয়া। আপনার মন্তব্য কী?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
রিফাত হত্যা:এবার ২ নং আসামী রিফাত ফরাজী গ্রেপ্তার-দৈনিক মানবজমিন
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ২ নম্বর আরেক আসামী রিফাত ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীররাতে তাকে গ্রেপ্তার করা হয়। বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি জানাননি। এর আগে সোমবার রাতে এ মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগ নেতা ফরহাদ আলী হত্যা মামলার প্রধান আসামি রমজান (৩৭) মহানগর গোয়েন্দার (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হয়েছেন। ফরহাদ বাড্ডার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার রাতে বাড্ডার সাতারকুল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ হাসিনার ট্রেনে হামলা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড-দৈনিক প্রথম আলো
পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনায় করা মামলার রায়ে নয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
একই মামলায় ২৫ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এ ছাড়া ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড হয়েছে। আজ বুধবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-৩–এর ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলী এ আদেশ দেন। শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে ট্রেনবহর নিয়ে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। ট্রেনটি পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় ট্রেনবহরকে লক্ষ্য করে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। ট্রেনে ব্যাপক গুলিবর্ষণ ও বোমা হামলা করেন।
পৃষ্ঠপোষকদের না ধরলে আরও বন্ড তৈরি হবে-দৈনিক প্রথম আলো
বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে যখন সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ডের গুলিবিদ্ধ লাশ আনা হয়, তখন সকাল সাড়ে আটটা। সাতসকালেই লাশ দেখতে ভিড় করেছিলেন হাজার দেড়েক মানুষ। অনেকে বলছিলেন, এখানেই কি বন্ডদের শেষ? যারা এসব বন্ডকে তৈরি করে, তাদের কিছু না হলে তো কয়দিন পর আবারও এ রকম সন্ত্রাসীর সৃষ্টি হবে।
নয়নের পৃষ্ঠপোষকতাকারীদের কেউ কেউ এখন তাঁর মৃত্যুতে উল্লাস প্রকাশ করছেন বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। লাশ দেখতে আসা বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারুক সিকদার বলেন, নয়নের বিচরণক্ষেত্র ছিল পৌর এলাকার ৯ ও ৪ নম্বর ওয়ার্ড। নয়ন বন্ড তো শেষ। এখন সবার প্রত্যাশা, যাদের পৃষ্ঠপোষকতায় নয়ন বন্ড তৈরি হয়েছে, সেই লোকগুলোও যেন আইনের আওতায় আসে। নইলে আবারও নয়ন বন্ড তৈরি হবে।
সরকার বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না : ফখরুল-দৈনিক ইত্তেফাক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মানুষের মর্যাদা, মানবতা ও নাগরিক স্বাধীনতাকে পদদলিত করছে শুধুমাত্র একদলীয় কর্তৃত্ব চিরস্থায়ী করার জন্যই। তবে দুঃশাসনের অবসানের আলামত ইতোমধ্যেই ফুটে উঠতে শুরু করেছে। এই সরকার আর বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না। জনগণের বিজয় হবেই।
তিনি বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং বর্তমান সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ সাহসিকতার সাথে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়বেই
জাবিতে মিষ্টি খাওয়া নিয়ে ছাত্রলীগের দুগ্রুপে গোলাগুলি, আহত ৩০- দৈনিক যুগান্তর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি খাওয়া নিয়ে কথা কাটাকাটিতে মাওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের দুই গ্রুপে গোলাগুলিতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে দুগ্রুপের মধ্যে অন্তত ৮ রাউন্ড গুলিবিনিময় হয়।
বুধবার দুপুর আড়াইটার দিকে দুই আবাসিক হলের সংযোগস্থল বটতলা মোড়ে এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিষ্টি খাওয়া নিয়ে বটতলা মোড়ে দুই আবাসিক হল শাখা ছাত্রলীগের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পর দুই হলের নেতাকর্মীরা বটতলায় জড়ো হলে ব্যাপক সংঘর্ষ বাধে।
রাজধানীতে বিএনপির বিক্ষোভ-গ্যাসের মূল্য বৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোনো কারণ ছাড়াই গ্যাসের মূল্য বৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা।
আজ বুধবার বেলা ১২টায় ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল নয়া পল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারো বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রিজভী।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
রাজ্যের নাম বদলের প্রস্তাবে সায় নেই কেন্দ্রের, এখনই ‘বাংলা’ হচ্ছে না পশ্চিমবঙ্গ-দৈনিক সংবাদ প্রতিদিন
রাজ্যের নাম বদলের প্রস্তাবে ছাড়পত্র দিল না কেন্দ্র। ফলে এখনই ‘বাংলা’ হচ্ছে না পশ্চিমবঙ্গের নাম। গত বছরের জুলাই মাসে রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে বিল পাস করিয়ে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বাংলা করানোর প্রস্তাব দেওয়া হয় কেন্দ্রকে। কিন্তু, সেই প্রস্তাবে এখনও কেন্দ্র ছাড়পত্র দেয়নি। ফলে নাম বদলের প্রস্তাব এখনও অথৈ জলে। রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’করার প্রস্তাব আগেই বিধানসভায় পাশ করিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘বাংলা’ নামের প্রস্তাবে সম্মতিও দিয়েছে বিরোধীরাও৷ একমাত্র বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষই রাজ্যের নাম ‘বাংলা’ করার বিরোধিতা করেছিলেন। আসলে, পশ্চিমবঙ্গ নাম থাকার ফলে একাধিক জায়গায় সমস্যায় পড়তে হয়েছে বাংলাকে।
কাটমানি, সন্ত্রাসে তোলপাড় লোকসভা, আক্রমণে রাজ্যের বিজেপি সাংসদেরা-দৈনিক আনন্দবাজার
কাটমানি ও রাজনৈতিক হিংসার ঘটনা নিয়ে আজও লোকসভায় তেড়েফুঁড়ে আক্রমণে নামলেন রাজ্যের বিজেপি সাংসদেরা। জিরো আওয়ারে কাটমানি নিয়ে লকেট চট্টোপাধ্যায় এবং রাজনৈতিক হিংসার প্রশ্নে সরব হন দিলীপ ঘোষ। জোড়া হামলার মুখে পড়ে দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান তৃণমূল নেতৃত্ব।
লকেট আজ বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে, কাটমানি নেওয়া হয়। তাঁর দলের লোকেদের তা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। রাজ্যের বিজেপি সাংসদেরা যে ভাবে প্রতিদিন সংসদে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে সরব হচ্ছেন তাতে বেশ অস্বস্তিতে তৃণমূল সাংসদেরা।
পঞ্চায়েতের উপনির্বাচনে ব্যাপক সাফল্য কংগ্রেসের, ছিটকে গেল বিজেপি-দৈনিক আজকাল
লোকসভা নির্বাচনে সাফল্য পেলেও স্থানীয় নির্বাচনে ধরাশায়ী বিজেপি। স্থানীয় নির্বাচন হলেই বিজেপি’র ভরাডুবি হয় কেন? এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। কারণ রাজস্থানে জেলা পরিষদের ৯টি আসন ও পঞ্চায়েত সমিতির ৭৪টি আসনে গত ৩০ জুন উপনির্বাচন হয়। ফলপ্রকাশের পরে দেখা যাচ্ছে, আবার কংগ্রেসের জয়জয়কার। গত ২৯ মে কর্নাটকে যে স্থানীয় নির্বাচন হয়, তাতেও কংগ্রেসের কাছে হার স্বীকার করে বিজেপি। ফলে এই পরিস্থিতিতে খানিকটা অক্সিজেন পেল কংগ্রেস বলে মনে করা হচ্ছে।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩