জুলাই ০৫, ২০১৯ ১১:৫৫ Asia/Dhaka
  • দুদক কর্মকর্তা বাছিরের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৫ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের সম্মান রক্ষায় এক বছর সময় পেল বাংলাদেশ-দৈনিক প্রথম আলো
  • খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইলে সরকার দেখবে: ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ
  • খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর
  • রিফাত হত্যা: দায় স্বীকার করে আরো ২ আসামির জবানবন্দি-দৈনিক ইত্তেফাক
  • দুদক কর্মকর্তা বাছিরের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক মানবজমিন
  • এরশাদের চিকিৎসার জন্য 'বি পজেটিভ' রক্তের প্রয়োজন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ভারতের খবর:

  • সভাপতির পদে রাহুলের ইস্তফা সাহসী পদক্ষেপ, বললেন বোন প্রিয়াঙ্কা গান্ধী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • চলতি বছরে ৩ ট্রিলিয়ন ডলার পৌঁছবে ভারতের অর্থনীতি:‌ নির্মলা সীতারমণ-দৈনিক আজকাল
  • বিশ্বাস ও আকাঙ্ক্ষার বাজেট’, অর্থমন্ত্রীর প্রশংসায় মোদি-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের সম্মান রক্ষায় এক বছর সময় পেল বাংলাদেশ-দৈনিক প্রথম আলো

সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের সম্মান রক্ষায় এক বছর বাড়তি সময় পেল বাংলাদেশ। ২০২০ সালের বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৪তম অধিবেশনে সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কি হবে না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিশ্ব ঐতিহ্য কেন্দ্র ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) একটি প্রতিনিধিদল বাংলাদেশের সুন্দরবনে আসবে। তারা সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থা ও পানিপ্রবাহের ওপর একটি সমীক্ষা করবে। চারপাশের শিল্পকারখানা ও রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হচ্ছে কি না, তা মূল্যায়ন করে দেখবে।

সুন্দরবন

গতকাল বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। গতকাল সভার বিষয়ে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইউনেসকো। বিশ্ব ঐতিহ্য কমিটি সুন্দরবন রক্ষায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে।      

খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইলে সরকার দেখবে: ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  ‘খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইলে, সেটা সরকার দেখবে। কিন্তু তিনি কি প্যারোলে মুক্তি চেয়েছেন? প্যারোলের কতগুলো নিয়ম আছে। কী অবস্থায় প্যারোলে মুক্তি চাইতে পারেন, সেটা যদি না থাকে, তাহলে প্যারোলে মুক্তি কীভাবে দেওয়া যাবে?’ আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হাইকোর্টের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পর্যবেক্ষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

এ সময় প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দুই বিলিয়ন প্লাস ইনভেস্টমেন্টের চুক্তি তুচ্ছ বলে উড়িয়ে দেওয়া যায় না। চীন আমাদের উন্নয়ন পার্টনার। রোহিঙ্গাদের বিষয়ে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তাদের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে; রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তারা মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করবে।’

খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ গণমাধ্যমের স্বাধীনতা নেই। অথচ গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছেন খালেদা জিয়া। যে নেত্রী সারাটা জীবন দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য ত্যাগ শিকার করেছেন, আজ সেই নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলায় সম্পূর্ণ অনৈতিক, অমানবিক এবং বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে’।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশন’ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। এ মুহূর্তে দেশে গণতন্ত্র ফিরে আসা মানে খালেদা জিয়ার মুক্তি। তার মুক্তি হলে, সেটি হবে গণতন্ত্রের মুক্তি, গণমাধ্যমের মুক্তি, গণমানুষের মুক্তি’।

রিফাত হত্যা: দায় স্বীকার করে আরো ২ আসামির জবানবন্দি-দৈনিক ইত্তেফাক

রিফাত শরীফ হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে মামলার ৪ নম্বর আসামি চন্দন ও ৯ নম্বর আসামি মো. হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী মো. সিরাজুল ইসলামের আদালতে হাজির করা হলে তাো দায় স্বীকার করে জবানবন্দি দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে পহেলা জুলাই মামলার এজাহারভূক্ত ১১ নম্বর আসামি অলি ও তানভীরও হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এনিয়ে ৪ জন আসামি রিফাত হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিল।

বরগুনায় রিফাত হত্যা মামলায় বৃহস্পতিবার পর্যন্ত ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান আসামি নয়ন বন্ড মঙ্গলবার ভোররাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করে।। মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে ৭ দিন এবং ১২ নম্বর আসামি টিকটক হৃদয়, সন্দেহভাজন আসামি মো. সাগর, কামরুল হাসান সাইমুন, নাজমুল হাসান ও রাফিউল ইসলাম রাব্বীকে ৫ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। বরগুনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।

দুদক কর্মকর্তা বাছিরের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক মানবজমিন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঘুষ লেনদেনের ঘটনায় আলোচিত দুদক পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে ঢাকা ব্যাংক ফিবা অনুর্ধ্ব ১৬ এশিয়ান চ্যাম্পিয়নশীপ দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।স্বরাষ্টমন্ত্রী বলেন, আমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

দেশের মানুষও আইনের শাসন প্রতিষ্ঠা দেখতে চায়। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।তিনি বলেন, দুদকের কর্মকর্তা বাছিরের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যেমনটি নেয়া হয়েছিল ডিআইজি মিজানের বিরুদ্ধে। ডিআইজিকেও তদন্তের পর আইনের আওতায় আনা হয়েছে।

এরশাদের চিকিৎসার জন্য 'বি পজেটিভ' রক্তের প্রয়োজন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শুক্রবার ভোর ৪টায় তার ডায়ালাইসিস করা হয়েছে। তার চিকিৎসার জন্য প্রচুর পরিমাণে 'বি পজেটিভ' রক্তের প্রয়োজন।

 

এরশাদের ব্যক্তিগত সচিব মেজর অব. খালেদ আখতার বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বি পজেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন। তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্রুত সিএমএইচে রক্ত দেওয়ার জন্য যোগাযোগের আহ্বান জানান।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

সভাপতির পদে রাহুলের ইস্তফা সাহসী পদক্ষেপ, বললেন বোন প্রিয়াঙ্কা গান্ধী-দৈনিক আনন্দবাজার পত্রিকা

লোকসভা নির্বাচনের ভরাডুবির দায় নিয়ে ট্যুইটারে খোলা চিঠি লিখে কংগ্রেস সভাপতির পদ ছেড়েছেন রাহুল গান্ধী। দাদার এই সিদ্ধান্তে ‘গর্বিত’ বোন প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরা। বোনের মতে, সাহস না থাকলে এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। বুধবার ট্যুইটারে সমর্থকদের উদ্দেশে লেখা চিঠিতে রাহুল বলেন, ‘ক্ষমতাবানরা ক্ষমতার সঙ্গে থাকেন। ভারতে এটা অভ্যাসে পরিণত হয়েছে। কেউ গদি ছাড়তে চান না। কিন্তু ক্ষমতার লোভ ছেড়ে আদর্শবাদী লড়াই না করলে বিরোধী পক্ষকে হারাতে পারব না।’

এরই পাশাপাশি চার পাতার খোলা চিঠিতে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটিকে পরবর্তী সভাপতি নির্বাচিত করার অনুরোধ করেছেন তিনি। কংগ্রেসের অভ্যন্তরে আমূল বদলের প্রয়োজন আছে বলেও মনে করেন রাহুল গান্ধী। দাদার এই ট্যুইট বৃহস্পতিবার রিট্যুইট করেন প্রিয়াঙ্কা। একইসঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘খুব কম মানুষ এই সাহস দেখাতে পারে। তোমার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল।’ 

চলতি বছরে ৩ ট্রিলিয়ন ডলার পৌঁছবে ভারতের অর্থনীতি:‌ নির্মলা সীতারমণ-দৈনিক আজকাল

শুক্রবার দ্বিতীয় মোদি সরকারের বাজেট পেশ করলেন মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এখানেও বিদ্যুৎ ক্ষেত্রে ‘এক দেশ এক গ্রিড’ আওতায় আনা হবে সব রাজ্যকে বলে ঘোষণা করেন তিনি। এমনকী ২০১৯ সালের মধ্যে ২১০ কিলোমিটার মেট্রো লাইন পাতা হবে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

পাশাপাশি বাড়ি ভাড়া আইনে বদল আনার আশ্বাস দেন অর্থমন্ত্রী। তিনি জানান, ‘‌বাড়ি ভাড়া আইনে অনেক ত্রুটি রয়েছে। ভাড়াটে–মালিকের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই সব আইন।’‌ যদিও এটা কতদিনে করা হবে তা নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। তবে পরিকাঠামো সংস্থাগুলিতে আরও বিনিয়োগ করার আশ্বাস দেন অর্থমন্ত্রী।

বিশ্বাস ও আকাঙ্ক্ষার বাজেট’, অর্থমন্ত্রীর প্রশংসায় মোদি-দৈনিক সংবাদ প্রতিদিন

এই বাজেট মানুষের বিশ্বাস ও আকাঙ্ক্ষার বাজেট৷ গ্রিন বাজেট৷ গ্রাম, গরিব ও কিষাণের স্বার্থে বাজেট৷ দেশের বিকাশে গতি আনবে এই বাজেট৷’’ তাঁর সরকারের দ্বিতীয় ইনিংসের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সম্পর্কে এমনই ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এমন উন্নয়নমুখী বাজেট পেশের জন্য তিনি ধন্যবাদ জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে৷ তবে বাজেটের সমালোচনা করেছে কংগ্রেস৷

এ দিন প্রধানমন্ত্রী জানান, গত পাঁচ বছরে দেশ অনেক এগিয়েছে৷ ঘরে ঘরে বিদ্যুৎ ও গ্যাস পৌঁছে গিয়েছে৷ ভিআইপি কালচারের অবসান ঘটেছে৷ মানুষ বুঝতে পেরেছে যে দেশ সঠিক দিশায় এগোচ্ছে এবং উন্নয়নের লক্ষ্যে অটল রয়েছে৷ বাজেটের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই বাজেট নয়া ভারত তৈরিতে গতি আনবে৷ ২০২২-এ স্বাধীনতার ৭৫ বছরে নতুন মার্গদর্শন করাবে এবং গরীব ও কৃষকদের স্বাবলম্বী করবে৷’’

যদিও এই বাজেট খুব একটা খুশি করতে পারেনি বিরোধীদের৷ এই বাজেটকে ‘ওল্ড ওয়াইন, ইন নিউ বটল’ বলেই ব্যাখ্যা করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি৷#

পার্সটুডে/বাবুল আখতার/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।