নাটবল্টু ঢিলা, নষ্ট স্লিপার, তবু চলছে ট্রেন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৬ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- নাটবল্টু ঢিলা, নষ্ট স্লিপার, তবু চলছে ট্রেন -দৈনিক প্রথম আলো
- খালেদা জিয়া প্যারোল আবেদন করলে সরকার দেখবে-দৈনিক যুগান্তর
- শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধও শিখতে হবে : শিক্ষামন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না : মির্জা ফখরুল -দৈনিক নয়া দিগন্ত
- দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে যাবে বিএনপি-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- শিন্ডে-খড়্গে নন, রাহুলের উত্তরসূরি হোন তরুণ কেউ, মত ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহের-দৈনিক আনন্দবাজার
- বিতর্ক পিছনে ফেলে সেপ্টেম্বরের মধ্যেই বায়ুসেনার হাতে আসছে রাফালে যুদ্ধবিমান-দৈনিক সংবাদ প্রতিদিন
- বেড়ে গেল পেট্রল–ডিজেলের দাম, কলকাতায় দাম কত?-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
বেগম খালেদা জিয়ার মামলাকে সম্পূর্ণ সাজানো বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একই মামলায় আওয়ামী লীগ নেতাদের জামিন দেয়া হলেও বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না। যা সম্পূর্ণভাবে বেআইনি। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দি করে রাখার মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা গণতন্ত্রকে বন্ধি রাখতে চায়। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। যিনি সারাজীবন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে গেছেন আজকে তাকে এই সরকার কারারুদ্ধ করে রেখেছে।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।বিএনপির মহাসচিব বলেন, বিচারবিভাগের ওপর আমাদের নির্ভর করার কথা, সাধারণ জনগণের নির্ভর করার কথা। কিন্তু এই বিচার বিভাগের কাছে আমারা কোনো বিচার পাই না। এই বিচার বিভাগ সম্পূর্ণভাবে আওয়ামী লীগ সরকার, অনির্বাচিত সরকার তাদের করা আয়ত্ব হয়েছে, তাদের নির্দেশে এখন তারা বিচার করে।
খালেদা জিয়া প্যারোল আবেদন করলে সরকার দেখবে-ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া প্যারোলের আবেদন করলে সরকার এ বিষয়ে দেখবে।প্যারোল না চাইলে, পাবেন কিভাবে? তবে তিনি কেন প্যারোল চাইবেন? প্যারোলে মুক্তির কতগুলো নিয়ম আছে। সেই কারণগুলো যদি না থাকে তবে প্যারোলে মুক্তি পাবেন কি করে? এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘ক্রসফায়ার’ আর ‘এনকাউন্টার’ এক বিষয় নয়, আর আওয়ামী লীগও ‘বিচারবহির্ভূত হত্যা’ সমর্থন করে না।
দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে যাবে বিএনপি-দৈনিক মানবজমিন
দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের অবস্থান কি হবে সে বিষয়ে বিভিন্নভাবে নেতা-কর্মীরা জানতে চাচ্ছেন।
ইতিপূর্বে আমরা দলীয় প্রতীকে নির্বাচন করার বিরোধিতা করেছিলাম। তখন বলেছিলাম দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করা বাংলাদেশের জন্য উপযোগী হবে না। এটা রাজনীতিতে বিভিন্ন সমস্যা তৈরি করবে। আমরা এখনো মনে করি, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে দলীয় প্রতীক ব্যবস্থা তুলে নেয়া উচিত।
প্রণোদনার পরও অবস্থার পরিবর্তন নেই পুঁজিবাজারে-দৈনিক মানবজমিন
নতুন অর্থবছরের বাজেটে প্রণোদনা ও নীতি-সহায়তা দেয়ার পরও পুঁজিবাজারে থামছে না দরপতন। পুঁজিবাজার যেন ক্ষতিগ্রস্ত না হয়, এ জন্য কোম্পানি মালিক, বিনিয়োগকারী সবার স্বার্থের কথা ভেবে প্রণোদনা দেয় সরকার। কিন্তু কোনোভাবেই হতাশা কাটছে না। বাজেট পাসের পর গত তিন কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার মূলধন হারিয়েছে ২ হাজার কোটি টাকার বেশি। এদিকে শেয়ার বিক্রি করে বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছেন বিদেশিরা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
নাটবল্টু ঢিলা, নষ্ট স্লিপার, তবু চলছে ট্রেন-দৈনিক প্রথম আলো
রেলসেতুর নিচের গার্ডারের সঙ্গে কাঠের স্লিপার আটকানো থাকে। আর স্লিপারের ওপর বসানো থাকে রেললাইন, যা আটকানো হয় ক্লিপ দিয়ে। পাশাপাশি দুটি রেলসেতুর অধিকাংশ কাঠের স্লিপার পচে নষ্ট হয়ে গেছে। সেখানে স্লিপার ও গার্ডার আটকানোর জন্য ব্যবহৃত বেশির ভাগ নাটবল্টুও নেই। যে কয়টি আছে তা–ও নড়বড়ে। হাত দিয়ে টানলেই খুলে যায়। কিছু কিছু জায়গায় রেললাইন আটকানোর ক্লিপও নেই।এই দুরবস্থা মৌলভীবাজারের কুলাউড়া এবং লংলা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে ফানাই নদ ও রাউৎগাঁও ছড়ার ওপর অবস্থিত দুটি সেতুর। এ অবস্থার মধ্যেও ওই দুটি সেতু দিয়ে প্রতিদিন সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও আখাউড়ায় ২২টি ট্রেন আসা-যাওয়া করে।
শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধও শিখতে হবে : শিক্ষামন্ত্রী-দৈনিক ইত্তেফাক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে সব শিক্ষার্থী উচ্চ শিক্ষা নিবে না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হচ্ছে। শনিবার দুপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকার কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছে। কোনো শিক্ষার্থী যে পর্যায়ে গিয়েই শিক্ষা বন্ধ করতে বাধ্য হন কিংবা সিদ্ধান্ত নেন যে তিনি আর উচ্চ শিক্ষা নেবেন না, তারও যেন কর্মসংস্থানের সুযোগ থাকে শিক্ষা পদ্ধতিতে সে ব্যবস্থা নেয়া হচ্ছে।দীপু মনি আরো বলেন, শিক্ষার্থীরা ভাষা, গনিত, বিজ্ঞান ও আইসিটি বিষয়ে যেমন দক্ষতা অর্জন করবে তেমনি মানবিকতা, দেশপ্রেম, মূলবোধও শিখবে।
ছত্রভঙ্গ ‘বন্ড ০০৭’ এখনো আতঙ্ক কাটেনি স্থানীয়দের- দৈনিক মানবজমিন
বরগুনায় প্রকাশ্যে নৃশংসভাবে স্ত্রীর সামনে রিফাত শরীফ হত্যার মূল আসামি নয়ন বন্ড, রিফাত ও রিশান ফরাজী এবং তাদের সাঙ্গপাঙ্গ ‘০০৭’ মেসেঞ্জার গ্রুপে নিজেদের মধ্যে সর্বদা যোগাযোগ রক্ষা করতো। এ গ্রুপের ভয়ে আতঙ্কে দিন কাটতে বরগুনার কলেজ শিক্ষার্থীসহ এলাকাবাসীর। রিফাত হত্যার পর গ্রুপের পরিচালক নয়ন বন্দুকযুদ্ধে মারা যায়। রিফাত ফরাজীসহ গ্রুপের অনেক সদস্য গ্রেপ্তার হয়ে পুলিশ রিমান্ড ও জেলহাজতে রয়েছে। বাকি সদস্যরা রয়েছে গোয়েন্দা নজরদারিতে। এ অবস্থায় ছত্রভঙ্গ হয়ে গেছে গ্রুপটি। তবুও আতঙ্ক কাটেনি বরগুনাবাসীর। কারণ, রিশান এখনো গ্রেপ্তার হয়নি। নির্যাতিতদের আতঙ্ক, রিফাত-রিশান ছাড়া পেলে তারা কি এলাকায় থাকতে পারবেন!
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
বিতর্ক পিছনে ফেলে সেপ্টেম্বরের মধ্যেই বায়ুসেনার হাতে আসছে রাফালে যুদ্ধবিমান-দৈনিক সংবাদ প্রতিদিন
বিতর্ক পিছনে ফেলে দু’মাসের মধ্যেই ভারতীয় বায়ুসেনার হাতে আসছে প্রথম রাফালে যুদ্ধবিমান। ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত আলেকজান্দ্রে জিগলার সরকারিভাবে একথা জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যেই বায়ুসেনার হাতে প্রথম রাফালে যুদ্ধবিমান পৌঁছে দেওয়া হবে। এবং চুক্তিমতো ৩৬টি যুদ্ধবিমান যথাসময়েই ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে। ভোপালে এক অনুষ্ঠানে গিয়ে শীর্ষ এই ফরাসি কূটনীতিক এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, আগামী দু’বছরের মধ্যে ভারতীয় বায়ুসেনার হাতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান তুলে দেওয়া হবে। এই যুদ্ধবিমানগুলি হাতে পাওয়ার পরে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে তিনি আশাপ্রকাশ করেছেন।
ভারত-ফ্রান্স পারস্পারিক সম্পর্কের রসায়নের প্রশংসা করে জিগলার বলছেন,”আমার মনে হয় ভারতের সঙ্গে ফ্রান্সের গত ৫০ বছরে যে অসাধারণ সম্পর্ক গড়ে উঠেছে, তা আগামী অন্তত ৫০ বছর বজায় থাকবে।
বেড়ে গেল পেট্রল–ডিজেলের দাম, কলকাতায় দাম কত?-দৈনিক আজকাল
প্রত্যাশামতোই বাজেটে নতুন করে সেস বসানোয় বেড়ে গেল পেট্রল–ডিজেলের দাম। পেট্রলের দাম প্রতি লিটারে বাড়ল ২ টাকা ৪০ পয়সা। অন্যদিকে লিটার পিছু ডিজেলের দাম বাড়ল ২ টাকা ৩৬ পয়সা। এর ফলে শনিবার কলকাতায় লিটার পিছু পেট্রলের দাম দাঁড়াল ৭৫ টাকা ২৫ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৬৬ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে দাঁড়াল ৬৮ টাকা ৫৯ পয়সা।
একই অবস্থা দেশের বাকি তিন মহানগর–দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়েও। আর এর ফলে সাধারণ মানুষের চিন্তা আরও বেড়ে চলেছে। কারণ পেট্রপণ্যের দাম বৃদ্ধি মানেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি। ফলে কার্যত বাজেটের পরদিন থেকেই মাথায় হাত মধ্যবিত্তের।
শিন্ডে-খড়্গে নন, রাহুলের উত্তরসূরি হোন তরুণ কেউ, মত ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহের-দৈনিক আনন্দবাজার
রাহুল গাঁধীর উত্তরসূরি হিসাবে দলের প্রয়োজন তরুণ রক্ত। রাজীব তনয়ের ইস্তফা নিয়ে যখন আতান্তরে কংগ্রেস, সেই সময় দলীয় নেতৃত্বকে এমনই পরামর্শ দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। প্রগতিশীল মনোভাবাপন্ন কোনও তরুণ নেতা, যিনি দলকে উদ্বুদ্ধ করতে পারবেন, এমনই কারও হাতে কংগ্রেসের রাশ দেখতে চান বলে জানিয়েছেন তিনি। নেতৃত্ব নির্বাচন-সহ দলের হয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি। তাদের উদ্দেশেই সম্প্রতি এমন বার্তা দেন অমরেন্দ্র। শুক্রবার নিজের টুইটার হ্যান্ডলে তিনি লেখেন, “রাহুল গাঁধীর পদত্যাগের সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওঁর জায়গায় এ বার তরুণ কোনও নেতাকে কংগ্রেস সভাপতি দেখতে চাই।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬