জুলাই ১১, ২০১৯ ১১:২৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১১ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ধর্ষকের বিরুদ্ধে লড়াইটা শেখাতে হবে-দৈনিক প্রথম আলো
  • চিহ্নিত সন্ত্রাসী-দুর্নীতিবাজরা আ.লীগের সদস্য হতে পারবে না: কাদের-দৈনিক যুগান্তর
  • ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড করতে রোডম্যাপ জরুরি : শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক
  • স্ত্রীর ডেঙ্গু, ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ডিএসসিসি মেয়রকে লিগ্যাল নোটিশ আইনজীবীর-দৈনিক মানবজমিন-দৈনিক মানবজমিন
  • দেশের বিভিন্ন স্থানে বন্যা নদ-নদীর পানি বিপদসীমার ওপরে-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • বঙ্গেও কি এনআরসি? সরাসরি জবাব নেই মোদী সরকারের -দৈনিক আনন্দবাজার
  • নকল জল বিক্রি চক্রের হদিশ, দেশজুড়ে তল্লাশিতে গ্রেপ্তার ৮০০ জন-দৈনিক সংবাদ প্রতিদিন
  • কর্নাটকের পর গোয়া, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান ১০ বিধায়কের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড করতে রোডম্যাপ জরুরি : শেখ হাসিনা-দৈনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে হলে সর্বাত্মক প্রচেষ্টা ও রোডম্যাপ থাকা জরুরি। ইসলামী পর্যটনের বিকাশে আন্তঃ-ওআইসি পর্যটক প্রবাহ বৃদ্ধি করার লক্ষ্যে ভিসা সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্র্যান্ডিং ও মানোন্নয়নের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দিনব্যাপী ‘ওআইসি সিটি অব ট্যুরিজম-২০১৯’এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব বলেন। শেখ হাসিনা বলেন, পর্যটন একটি বর্ধনশীল খাত। এ খাতকে সমৃদ্ধ করতে কাজ করতে হবে। বাংলাদেশকে আকৃষ্ট করে তুলতে হবে। আমাদের যেসব ঐতিহ্য এবং কালচার আছে সেগুলোকে আরও ভালোভাবে উপস্থাপন করে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে হবে।ইত্তেফাক

সাংবাদিক শুভা জিনিয়া চৌধুরীর একটি নিবন্ধ পরিবেশিত হয়েছে প্রথম আলোতে। শিরোনামটি এরকম যে, ধর্ষকের বিরুদ্ধে লড়াইটা শেখাতে হবে

ধর্ষকের বিরুদ্ধে লড়াইটা শেখাতে হবে বাচ্চাদের

নিবন্ধে তিনি লিখেছেন, ছোট ছোট প্রজাপতি মেয়েশিশুর মা-বাবার মনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। চারপাশের সমাজটা তো এখন কালো মেঘে ঢাকা আকাশের মতোই। একের পর এক ধর্ষণের শিকার হয় শিশু থেকে কিশোরী, তরুণী, নারী। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নিয়মিত মানবাধিকার প্রতিবেদনে শিশু ধর্ষণের যে হিসাব পাওয়া গেছে, তা রীতিমতো ভয়ংকর। আসকের হিসাবে ২০১৯ সালের প্রথম ছয় মাসে মোট ধর্ষণের ঘটনা ছিল ৬৩০টি।বাংলাদেশ মহিলা পরিষদ ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী বছরওয়ারি হিসাবের ভিত্তিতে বলছে, এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ২ হাজার ৮৩ জন নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১১৩ জন।

মেয়েকে কত–কী বানাতে চাই আমরা। প্লে স্কুলে ভর্তি। সেখান থেকে শুরু হয় স্বপ্ন বোনো। স্কুলে পড়াশোনা, নাচ, গান, সাঁতার—কোনোটাই তো বাদ রাখে না কেউ। সব জায়গাতেই তো ছড়িয়ে আছে বিপদ। কে বলতে পারে পড়ার বা গানের শিক্ষকটি ছোট্ট মেয়েটিকে শিকার বানাবেন না? সচেতন অভিভাবকেরা সেখানে বসে থেকে মেয়েকে পাহারা দেন। প্লে থেকে উচ্চমাধ্যমিক, এমনকি মাস্টার্সের পরেও পাহারা শেষ হয় না। বিয়ের পরে বোধ হয় পাহারার দায়িত্ব নেন স্বামী। কিন্তু বিপদ থেকে বাঁচাতে এই যে আগলে রাখা, তাতে কি সমাধান আসে? মেয়েটি কি তাতে নিজেকে সুরক্ষিত করতে শেখে কোনো দিনও?

ধরে নিই, এই সমাজটা যুদ্ধক্ষেত্র। কোনো না কোনো পর্যায়ে জীবনযুদ্ধে আপনার মেয়েটিকে একা ছেড়ে দিতেই হবে। তাহলে যুদ্ধের জন্য মেয়েসন্তানকে প্রস্তুত করতে হবে আপনাকেই। মেয়েশিশুটিকে ধারণা দিন কোনটা ভালো স্পর্শ আর কোনটা খারাপ স্পর্শ। তাকে বলুন শরীরের কোন কোন জায়গা ব্যক্তিগত। কোনটা ঝুঁকিপূর্ণ।

চিহ্নিত সন্ত্রাসী-দুর্নীতিবাজরা আ.লীগের সদস্য হতে পারবে না: কাদের-দৈনিক যুগান্তর

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)

দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো- মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চিহ্নিত সন্ত্রাসী ও দুর্নীতিবাজরা আওয়ামী লীগের সদস্যপদ পাবে না। বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে। জনগণের সঙ্গে যাদের সম্পৃক্ততা আছে, তাদেরই দরকার আমাদের। যারা সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ এমন গণশত্রুদের আমাদের দলে দরকার নেই। তারা আওয়ামী লীগের সদস্যপদ পাবে না। 

ওবায়দুল কাদেরের আরেকটি বক্তব্য পরিবেশিত হয়েছে দৈনিক নয়া দিগন্তে। শিরোনামটি এরকম-বিএনপি এখন গণতন্ত্র সঙ্কটে রয়েছে। তিনি বলেছেন, তি‌নি বলেন, দেশের কোথাও গণতন্ত্রের সঙ্কট নেই। বিএনপিতেই গণতন্ত্রের সঙ্কট চলছে। শেখ হাসিনার কারণে খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না বিএনপির নেতাদের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে সড়কমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তি সরকারের কোনো বিষয় নয়।

 স্ত্রীর ডেঙ্গু, ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ডিএসসিসি মেয়রকে লিগ্যাল নোটিশ আইনজীবীর-দৈনিক মানবজমিন

অ্যাডভোকেট তানজিম আল ইসলাম ও তার স্ত্রী

এডিস মশা নিধনে ব্যর্থ হওয়ায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।বৃহস্পতিবার সকালে রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম এ নোটিশ পাঠান। নোটিশে ওই আইনজীবী উল্লেখ করেন, ২৯ জুন আমার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর পর ৫ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হন। যেহেতু এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পুরোপুরি ব্যর্থ, তাই এর দায়ভার তাদের (মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা) নিতে হবে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

কর্নাটকের পর গোয়া, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান ১০ বিধায়কের-দৈনিক আজকাল

গোয়া পরিস্থিতি

অস্থির কর্নাটক। একের পর এক কংগ্রেস বিধায়কের ইস্তফায় যেকোনও সময় পড়ে যেতে পারে কংগ্রেস–জেডিএস জোট সরকার। এই পরিস্থিতিতে কংগ্রেসের জন্য আরও খারাপ খবর। এবার গোয়ার ১০ জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিলেন। এঁদের মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কাভেলকার। এর ফলে দলবদলের পর গোয়ায় কংগ্রেসে রইলেন মাত্র ৫ জন বিধায়ক। অথচ ২০১৭–র বিধানসভা নির্বাচনের একক বৃহত্তম দল হয়েছিল কিন্তু কংগ্রেসই। সেসময় তাদের আসন সংখ্যা ছিল ১৭। জানা গিয়েছে, দলত্যাগী ১০ বিধায়কই বুধবার রাতে দিল্লি পৌঁছে গিয়েছেন। এদিকে, এইভাবে দলের বিধায়ক সংখ্যা বৃদ্ধিতে রীতিমতো উচ্ছ্বসিত বিজেপি শিবির। এবার তারা জোটও ভেঙে দিতে পারবে।

বঙ্গেও কি এনআরসি? সরাসরি জবাব নেই মোদী সরকারের-দৈনিক আনন্দবাজার

অসমের পরে পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তৈরি হবে কি না তা নিয়ে ধোঁয়াশা রাখল নরেন্দ্র মোদী সরকার। অসমের ধাঁচেই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এনআরসি-র পক্ষে দীর্ঘ দিন ধরেই সরব রয়েছেন বিজেপি নেতৃত্বের একাংশ। একাধিক বার এ নিয়ে সংসদেও সরব হয়েছেন বিজেপি সাংসদেরাও। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটাতে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি প্রশ্নে রাজ্যের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন অসমের পরে এনআরসি প্রশ্নে পশ্চিমবঙ্গের পালা আসবে কি না? আজ সেই প্রশ্নের কোনও সরাসরি জবাব দেওয়া থেকে এড়িয়ে গিয়েছে কেন্দ্র।

নকল জল বিক্রি চক্রের হদিশ, দেশজুড়ে তল্লাশিতে গ্রেপ্তার ৮০০ জন-দৈনিক সংবাদ প্রতিদিন

নকল জল বিক্রি চক্রের ৮০০ জন গ্রেফতার

ট্রেন ও স্টেশনে মিনারেল ওয়াটারের বোতলে সাধারণ জল ভরে বিক্রি করার অপরাধে ৪ প্যান্ট্রি কার ম্যানেজার-সহ দেশের নানা প্রান্ত থেকে গ্রেপ্তার করা হল ৮০০জনকে। এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, যাত্রীদের অভিযোগের ভিত্তিতেই ভারতীয় রেলের তরফে দু’দিন ধরে প্রায় ৩০০ জায়গায় তল্লাশি চালানো হয়। বাজেয়াপ্ত করা হয়েছে ৫০ হাজার এরকম নকল জলের বোতল। রাজধানী, দুরন্তের মতো ট্রেনগুলিতে ‘রেল নীর’ দেওয়া হলেও অন্য ট্রেনের যাত্রীরা যাত্রাপথে যে সব জলের বোতল কেনেন, তা অপরিশোধিত কলের জল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১