দেশে আইনের শাসন নেই: নেহাল করিম
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৫ জুলাই সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- কুমিল্লার আদালতে আসামির হাতে আসামি খুন-দৈনিক প্রথম আলো
- ভাড়ায় ফ্ল্যাট পাবেন বস্তিবাসী: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- ‘এরশাদের অবর্তমানে জাপা নাও টিকতে পারে’-দৈনিক নয়া দিগন্ত
- পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া গ্যাস-বিদ্যুতের লাইন নয়: নসরুল হামিদ-দৈনিক ইত্তেফাক
- দেশে আইনের শাসন নেই: নেহাল করিম ‘-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- কংগ্রেসের হুমকির আশঙ্কা, মুম্বইয়ে হোটেল থেকেই পুলিশকে চিঠি বিক্ষুব্ধদের-দৈনিক আনন্দবাজার
- বিজেপি বিধায়কের জামাইকে অপহরণের চেষ্টা, প্রাণহানির আতঙ্কে কাঁটা স্ত্রী-দৈনিক সংবাদ প্রতিদিন
- টাকার বিনিময়ে সিপিএম ভোট দিয়েছে বিজেপি–কে-দৈনিক আজকাল
- জল গিলেছে গ্রাম শহর- প্রশাসনের দেখা নেই-দৈনিক গণশক্তি
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. সাবেক প্রেসিডেন্ট, সংসদে বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দাফন সংক্রান্ত প্রস্তাবে সায় মেলেনি সরকারের। কীভাবে দেখছেন বিষয়টিকে?
২. পরমাণু সমঝোতা রক্ষায় ইউরোপকে দৃঢ় সংকল্প দেখাতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। প্রশ্ন হচ্ছে- ইউরোপ কী সেই সংকল্প দেখাবে?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
কুমিল্লার আদালতে আসামির হাতে আসামি খুন-দৈনিক প্রথম আলো
কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাতেমা ফেরদৌসের এজলাসের খাস কামরায় আজ সোমবার সকালে এক আসামি অপর আসামিকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। নিহত যুবকের নাম ফারুক হোসেন (২৭)। এ ঘটনায় অভিযুক্ত নিহতের ফুপাতো ভাই আবুল হাসানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘মামাতো-ফুপাতো ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটেছে। আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছি এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’
পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া গ্যাস-বিদ্যুতের লাইন নয়: নসরুল হামিদ-দৈনিক ইত্তেফাক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া কোথাও গ্যাসের লাইন, বিদ্যুতের সংযোগ দেব না, এটা একদম স্পষ্ট।’ ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কার্যঅধিবেশনে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল অনুশাসন দিয়েছেন যে- যেখানে সেখানে শিল্প এলাকা করা যাবে না। আমরা জেলা প্রশাসকদের বলে দিয়েছি কেবলমাত্র পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাসের লাইন, বিদ্যুতের সংযোগ দেব না।’
ভাড়ায় ফ্ল্যাট পাবেন বস্তিবাসী: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর ইস্কাটনে মন্ত্রী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফ্ল্যাট উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান। অনুষ্ঠানে সাতটি প্রকল্পের আওতায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এক হাজার ৬৭১টি ফ্ল্যাট উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, বস্তিবাসীরা নাজুকভাবে থাকলেও তাদের ভাড়া কিন্তু কোনো অংশে কম নয়। তারা যেন শান্তিতে থাকতে পারে, সে জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারা প্রতিদিন, সপ্তাহ বা মাসভিত্তিক ভাড়া পরিশোধ করতে পারবে। শেখ হাসিনা বলেন, সুপরিকল্পিত নগরায়ণের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দ্রুত সেগুলো বাস্তবায়ন করা হবে।
দেশে আইনের শাসন নেই: নেহাল করিম-দৈনিক মানবজমিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নেহাল করিম বলেছেন, দেশে আইনের শাসন নেই বলেই ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। শিশুরাও এর থেকে রেহাই পাচ্ছে না। ধর্ষণকারী শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হচ্ছে না, প্রমাণ মুছে ফেলতে মেরেও ফেলছে। তিনি বলেন, যখন কোন ঘটনা ঘটছে, তখন সবাই চিৎকার-চেঁচামেচি করছে, আবার ক’দিন পরেই ভুলে যাচ্ছে। বিশেষ ট্রাইব্যুনালের ম্যাধমে ধর্ষণকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, তা নাহলে সমাজে এসব ঘটনা ঘটতেই থাকবে। ড. নেহাল করিম আরও বলেন, বাবা-মা তার ছোট মেয়ে শিশুটিকে নিয়ে এখন নিশ্চিন্তে থাকতে পারছেন না। মানুষের মধ্যে ভীতি কাজ করছে। এটি সমাজের একটি বড় অবক্ষয়।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
কংগ্রেসের হুমকির আশঙ্কা, মুম্বইয়ে হোটেল থেকেই পুলিশকে চিঠি বিক্ষুব্ধদের-দৈনিক আনন্দবাজার
আস্থা ভোটের আগে কংগ্রেসের সঙ্গে কোনও রকমের সমঝোতাতেই যেতে নারাজ কর্নাটকের বিক্ষুব্ধ বিধায়কেরা। কংগ্রেসের থেকে গুরুতর হুমকির আশঙ্কায় পুলিশের কাছে ফের চিঠি দিলেন মুম্বইয়ের হোটেলে আশ্রয় নেওয়া ওই রাজ্যের ১৪ বিধায়ক। এর ফলে আরও ঘোরাল হল রাজ্যের জোট সরকারের ভবিষ্যৎ। এই আবহেই সোমবার দুপুরে কর্নাটক বিধানসভার স্পিকার রমেশ কুমারের সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ইস্তফা দাবি করেন তাঁরা। বিজেপির আরও দাবি, কর্নাটকের জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এ দিনই বিধানসভায় অনাস্থা প্রস্তাব পেশ করেন তাঁরা।
এর আগে মুম্বই পুলিশের কাছে লেখা একটি চিঠিতে বিক্ষুব্ধ বিধায়কেরা দাবি করেন, কংগ্রেস নেতারা তাঁদের সঙ্গে দেখা করে হুমকি দিতে পারেন। সে কারণেই কর্নাটক বা মহারাষ্ট্রের কোনও কংগ্রেস নেতার সঙ্গে দেখা করতে চান না তাঁরা। পুলিশের কাছে ওই নেতাদের থেকে সুরক্ষার আবেদনও করা হয়েছে ওই চিঠিতে।
টাকার বিনিময়ে সিপিএম ভোট দিয়েছে বিজেপি–কে-দৈনিক আজকাল
টাকার বিনিময়ে বিজেপি–কে ভোট ট্রান্সফার করেছে সিপিএম। এমনই অভিযোগ তুললেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার খেজুরি ২ ব্লক তৃণমূলের কর্মিসভায় বক্তব্য পেশ করতে গিয়ে খেজুরির ভোট ফলাফল এভাবে বিশ্লেষণ করেন শুভেন্দু। ভুল, ত্রুটি সংশোধন করে জনসংযোগ তৈরির নির্দেশ দেন স্থানীয় নেতৃত্বদের। বিদ্যাপীঠ স্কুল মাঠে আয়োজিত এই কর্মিসভায় মন্ত্রী ছাড়াও ছিলেন স্থানীয় বিধায়ক রণজিৎ মণ্ডল, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মণ্ডল, ব্লক তৃণমূলের সভাপতি বিমান নায়ক প্রমুখ। সিপিএমের কায়দায় খেজুরিতে বিজেপি গ্রাম দখলের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে এদিন অভিযোগ করেন শুভেন্দু। বলেন, ‘২৩ মে ভোট ফলাফলের পর থেকেই আমাদের কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে, গ্রাম দখলের চেষ্টা চলছে।
জল গিলেছে গ্রাম শহর- প্রশাসনের দেখা নেই-দৈনিক গণশক্তি
অবিরাম বৃষ্টিতে উত্তরবঙ্গের জেলাগুলো বন্যার মুখে পড়েছে। পাহাড় থেকে নেমে আসা ঢল থেকে সৃষ্ট বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বসত বাড়ি থেকে শুরু করে কৃষিজমি। তবে দুর্গত বানভাসি মানুষের পাশে নেই প্রশাসন, নেই শাসক দল। নদীপাড়ের মানুষের অভিযোগ-নদীর ভাঙন রুখতে বাঁধ নেই। প্রতিটি প্রকল্পেই নিয়ম করে তোলাবাজি আর কাটমানি নিচ্ছে এবং পাহাড়সম দুর্নীতি করা হচ্ছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫