জুলাই ২১, ২০১৯ ১৩:৫৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২১ জুলাই রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম

  • ট্রাম্পের কাছে প্রিয়া সাহার নালিশ ‘ছোট্ট ঘটনা’: আইনমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • দুধে ভেজাল: মানুষ বনাম ব্যবসা-দৈনিক প্রথম আলো-দৈনিক প্রথম আলো
  • গণরোষেই বেগম জিয়ার রাজনৈতিক পতন হয়েছে: তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • মিন্নির মা-বাবার বিরুদ্ধে মামলা করবো : রিফাতের বাবা-দৈনিক নয়া দিগন্ত
  • বাড্ডায় নিহত নারী ছেলেধরা ছিলেন না, ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • ‘কাটমানি’ রুখতে পাল্টা স্লোগান ‘ব্ল্যাকমানি’ ফেরত দাও! ব্যালট ফেরানোর দাবিতেও সরব মমতা-দৈনিক আনন্দবাজার
  • পঞ্চায়েত, পুরসভা, সব ভোটই ব্যালটে করতে বলব কমিশনকে:‌ মমতা -দৈনিক আজকাল
  • মমতারও দাম ২ কোটি নয়’, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

Image Caption

প্রিয়া সাহাকে নিয়ে নানামুখী খবর আজকের প্রায় সব জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে পরিবেশিত হয়েছে। দৈনিক প্রথম আলোসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের দুটি মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সজীব ওয়াজেদ জয় বলেছেন, প্রিয়া সাহার বক্তব্য- মার্কিন দূতাবাসেরই দূরভিসন্ধি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রিয়ার ব্যাখ্যা না শুনে ব্যবস্থা নয়।

দৈনিক যুগান্তরের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের যে অভিযোগ প্রিয়া সাহা করেছেন, সেটিকে ‘ছোট্ট ঘটনা’ হিসেবে দেখছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি এটিকে রাষ্ট্রদোহিতা মনে করেন না।

বাড্ডায় নিহত নারী ছেলেধরা ছিলেন না, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা-দৈনিক মানবজমিন/ইত্তেফাক 

দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে এক নারী নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। শনিবার রাতে বাড্ডা থানায় নিহতের ভাগিনা নাসির উদ্দিন এ মামলা করেন। দৈনিক মানবজমিনের খবরে এ সম্পর্কে লেখা হয়েছে, সন্তানকে স্কুলে ভর্তির জন্য স্কুলে খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন এক হতভাগ্য মা। তার নাম তাসলিমা বেগম রেনু (৪০)। শনিবার সকালে রাজধানীর বাড্ডায় এ ঘটনা ঘটলেও এই হতভাগ্য মায়ের পরিচয় মিলে রাতে। নিহত তাসলিমা বেগম রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ সনাক্ত করেন। নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার এই নির্মম হত্যাকান্ডের বিচার দাবি করেছেন।  সৈয়দ নাসির উদ্দিন টিটু ঢামেক হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান, নিহত হওয়া ওই নারী তার খালা তাসলিমা বেগম রেনু। বয়স আনুমানিক ৪০ বছর।

খবরটিতে আরও লেখা হয়েছে, তিনি মহাখালীর ৩৩/৩ জিপি জ ওয়ারলেস গেইটে থাকতেন। তার দুই ছেলে। এর আগে তিনি স্কুলের পাশে আলী মোড় এলাকায় স্বামী তসলিম হোসেনের সাথে পরিবার নিয়ে থাকতেন। দুই বছর আগে পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে সন্তানদের নিয়ে মহাখালীতে বাসা ভাড়া করে থাকতেন। তিনি ছেলেধরা ছিলেন না। তিনি আরও বলেন, নিহত রেনু শনিবার সকালে উত্তর বাড্ডায় ওই স্কুলে গিয়েছিলেন সন্তানকে ভর্তি করানোর জন্য খোঁজখবর নিতে।  আর সেখানে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ প্রশাসন থাকতে ওই এলাকার লোকজন তাকে পিটিয়ে হত্যা করায় ক্ষোভ প্রকাশ করে এর বিচার দাবি করেন তিনি। নিহত রেনু লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার সোনাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে।

কেলেঙ্কারি-জালিয়াতিতে ডুবছে ২২ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান-দৈনিক মানবজমিন

দৈনিকটির অর্থনীতি বিষয়ক এ খবরে লেখা হয়েছে, নানা অনিয়ম, কেলেঙ্কারি, জালিয়াতি ও অব্যবস্থাপনায় ডুবতে বসেছে ২২ বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। যাচাই-বাছাই ছাড়াই আগ্রাসীভাবে দেয়া হচ্ছে ঋণ, যা আদায় হচ্ছে না। ফলে বাড়ছে খেলাপি ঋণ। লাগামহীন খেলাপি ঋণের প্রভাব পড়েছে প্রতিষ্ঠানগুলোর মূলধনে। এ অবস্থায় কোনো কোনো প্রতিষ্ঠান আমানতকারীদের জমানো টাকা ফেরত দিতে পারছে না। ইতিমধ্যেই নাজুক অবস্থায় থাকা ১২ আর্থিক প্রতিষ্ঠানকে রেড জোন বা লাল তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।অর্থনীতি বিশ্লেষকরা জানান, বর্তমানে পুরো ব্যাংক খাত কয়েকটি কারণে দুরবস্থায় পতিত। একদিকে খেলাপি ঋণ বাড়ছে, তারল্য সংকট বিরাজমান ও ঋণের উচ্চ সুদহার। কিন্তু অন্যদিকে ব্যাংকের পরিচালন মুনাফা বাড়ছে। টা কোনো সামঞ্জস্যপূর্ণ নয়। এই চার সমস্যায় ঘুরপাক খাচ্ছে ব্যাংক।

গণরোষেই বেগম জিয়ার রাজনৈতিক পতন হয়েছে: তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

Image Caption

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গণরোষেই বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়েছে।’ আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিএনপি একবার বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, একবার সরকার পতনের জন্য গণআন্দোলন তৈরি করবে-এরকম বহু কথা আমরা গত ১০ বছরের বেশি সময় ধরে আমরা শুনে আসছি, যা অন্তঃসারশূণ্য হুমকি ধামকি হিসেবে প্রমাণিত। তারা হরতাল-অবরোধের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, নির্বাচন বন্ধ করার অর্থাৎ মানুষের ভোটাধিকার হরণ করার অপচেষ্টা চালিয়েছে। তাদের এসব জনবিরোধী অপতৎপরতার কারণে গণরোষে ইতোমধ্যেই বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়েছে। বরং আমি বিএনপিকে অনুরোধ জানাবো জনগণকে আস্থায় আনার চেষ্টা করতে।’

দুধে ভেজাল: মানুষ বনাম ব্যবসা-দৈনিক প্রথম আলো

ইনস্টিটিউট অব ওরিয়েন্ট অ্যান্ড এশিয়ান স্টাডিজ, ইউনিভার্সিটি অব বন এর  ভিজিটিং রিসার্চ ফেলো,ড. মারুফ মল্লিক ওই শিরোনামের কলামে লিখেছেন, কোন শব্দ ব্যবহার করব ঠিক বুঝতে পারছি না। বিষাক্ত, দূষণ না ভেজাল। চরম এক সংকটময় পরিবেশের মধ্যে বসবাস করছে বাংলাদেশের লোকজন। খাদ্যে বিষ, পানিতে ভেজাল, বাতাসে দূষণ, মাটিতেও আজকাল বিষ মিশে যাচ্ছে। চারদিকে এক বিষময় বিষাক্ত, দূষিত, ভেজাল পরিবেশ। অনেক কিছুর মধ্যে এবার আলোচনায় এসেছে দুধ। এত দিন শুনতাম, দুধে বড়জোর পানি মেশানো থাকে। কিন্তু এখন তথ্য পাওয়া যাচ্ছে প্যাকেটজাত তরল দুধে মিলছে নানা ধরনের অ্যান্টিবায়োটিকও। এই দুধ পান করলে শরীরে এমনিতেই অ্যান্টিবায়োটিক ঢুকে যাবে। ধারণা করা হচ্ছে, গরুকে নির্বিচারে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণেই দুধে অ্যান্টিবায়োটিকের অস্তিত্ব মিলছে। এ ছাড়া খাদ্য থেকেও সিসাসহ নানা ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ পশু ও মাছের দেহে ঢুকতে পারে।বিষয়টি কয়েক বছর ধরেই আলোচনা হচ্ছে।পরিবেশ ও প্রকৃতির ওপর এসব ভেজাল ও বিষাক্ত খাবারের প্রতিক্রিয়া খুবই ভয়াবহ।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক প্রথম দফা পরীক্ষা করে জানালেন, দুধে অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে। অধ্যাপক ফারুক দ্বিতীয় দফা পরীক্ষা করে জানালেন, দুধ নিরাপদ নয়।

অধ্যাপক ফারুক বড় ধরনের প্রশ্ন উত্থাপন করেছেন। অধ্যাপক ফারুকের পরীক্ষায় ভুলও থাকতে পারে। ৪৩ বছরের শিক্ষকতা ও গবেষণায় অভিজ্ঞ অধ্যাপক ফারুকের পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সরকারের লোকজন। দুধে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি নিয়ে সংসদেও আলোচনা হয়েছে। অধ্যাপক ফারুকের সমালোচনাও হয়েছে। কিন্তু অধ্যাপক ফারুকের পরীক্ষা যে ভুল, সেটা প্রমাণের জন্য সরকারি কোনো উদ্যোগ নেই। সরকারের দায়িত্ব হচ্ছে এর সঠিক বিহিত করা। কারণ, জনস্বাস্থ্যের জন্য অধ্যাপক ফারুকের তথ্য খুবই উদ্বেগজনক। পরীক্ষার কোনো উদ্যোগ না নিয়ে বরং জনসাধারণের সঙ্গে তামাশা করা হচ্ছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‘কাটমানি’ রুখতে পাল্টা স্লোগান ‘ব্ল্যাকমানি’ ফেরত দাও! ব্যালট ফেরানোর দাবিতেও সরব মমতা-দৈনিক আনন্দবাজার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

একুশে জুলাইয়ে মঞ্চ থেকে কাটমানি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রীর দাবি, ‘সরকারি প্রকল্পে যাতে প্রত্যেকের কাছে সুষ্ঠু ভাবে পৌঁছয়, সেজন্য মহৎ উদ্দেশ্য নিয়েই তার উপর নজরদারির কথা বলা হয়েছিল। কিন্তু, রাজনৈতিক স্বার্থপূরণ করতে বিজেপি কাটমানি ফেরতের দাবি তুলেছে।’ কাটমানির পাল্টা হিসেবে বিজেপির বিরুদ্ধে ব্ল্যাকমানি ফেরতের দাবিতে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এজন্য দলীয় কর্মীদের আন্দোলন শুরুর নির্দেশও দিয়েছেন তিনি।উজালার কাটমানির হিসেবেও চেয়ে তৃণমূলকর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।

পঞ্চায়েত, পুরসভা, সব ভোটই ব্যালটে করতে বলব কমিশনকে:‌ মমতা-দৈনিক আজকাল

‘ইভিএম নয়, ব্যালট চাই‌,’ রবিবার ধর্মতলায় ২১ জুলাই–এর মঞ্চ থেকে এই স্লোগান তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তাঁর প্রশ্ন, উন্নত রাষ্ট্র আমেরিকা, জাপান বা ইংল্যান্ড, নেদারল্যান্ডসের মতো ইওরোপীয় দেশগুলি সহ বিশ্বের সর্বত্রই যখন ব্যালটে ভোট হয়, তাহলে ভারতে ইভিএম–এ ভোট কেন। লোকসভার ফল ঘোষণার আগেই বিজেপি বলেছিল তারা এবার ৩০০ পেরিয়ে যাবে। সেই ফল মিলে গিয়েছে। সেই প্রসঙ্গ উত্থাপন করে এবং আগামী দিনে পঞ্চায়েত, পুরসভার ভোটগুলিও ব্যালটে করার দাবি জানিয়ে মমতা বললেন, ‘২০১৯-র লোকসভা নির্বাচন হিস্ট্রি না মিস্ট্রি- আমরা ইভিএম চাই না, আমরা চাই ব্যালটবক্স ফিরে আসুক। আমরা নির্বাচন কমিশনকে বলব রাজ্যের প্রত্যেকটি নির্বাচন যেন ব্যালটে হয়’।

মমতারও দাম ২ কোটি নয়’, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের-দৈনিক সংবাদ প্রতিদিন

রবিবার শহিদ দিবসের সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী অভিযোগ করেছিলেন যে, ২ কোটি টাকা এবং একটা পেট্রল পাম্পের লোভ দেখিয়ে তৃণমূল বিধায়কদের দলে টানছে বিজেপি৷ এবার মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যেরই উত্তর দিলেন রাজ্য বিজেপি সভাপতি৷ এবার মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ শানালেন দিলীপ ঘোষ৷ জানালেন, ‘‘রাস্তায় দাঁড়িয়ে থাকলেও তৃণমূল বিধায়কদের কেউ ২ কোটি টাকা দেবে না৷ মমতারও এত দাম নয়৷’’  

এখানেই শেষ নয়, কটাক্ষের সুরে বিজেপির রাজ্য সভাপতি জানান, এবারের শহিদ দিবস তৃণমূলের মেগা ফ্লপ শো। ২৬ বছরে সবচেয়ে কম লোক এবার হয়েছে। মমতার সভার আগে সাধারণ মানুষ চিড়িয়াখানা চলে যাচ্ছেন৷ লোক যাতে না পালিয়ে যায়, তাই পুলিশ দিয়ে ঘিরে রাখতে হচ্ছে। এদিনের জনসভায় দিলীপ ঘোষকে ‘চুনো মাছ’ ও ‘গামছাবাবু’ বলে যে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী, তারও উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ৷ জানান, ‘‘লোকসভা নির্বাচনেই প্রমাণ মিলেছে৷ আমরা যদি এতই নগণ্য হই তাহলে ৫০ মিনিটের ভাষণে চল্লিশ মিনিট আমাদের নিয়ে ব্যস্ত রইলেন কেন৷’’প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর থেকেই কাটমানি ইস্যুতে উত্তপ্ত রাজ্য৷#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১