মশা মারতে কামান দাগাতে চাই না : প্রিয়া প্রসঙ্গে কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২২ জুলাই সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- মিন্নির ২ আবেদন আদালতে খারিজ-দৈনিক প্রথম আলো
- বন্যা মোকাবেলায় জাতীয় সংলাপ অপরিহার্য: ড. কামাল-দৈনিক যুগান্তর
- মশা মারতে কামান দাগাতে চাই না : প্রিয়া প্রসঙ্গে কাদের-দৈনিক নয়া দিগন্ত
- সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নেই : ফখরুল-দৈনিক ইত্তেফাক
- গুজব গণপিটুনি নিয়ে পুলিশেও উদ্বেগ, সারাদেশে সতর্কবার্তা-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- গাঁধী পরিবারের বাইরের কেউ সভাপতি হলে ২৪ ঘণ্টার মধ্যে কংগ্রেস ভেঙে টুকরো হয়ে যাবে, মন্তব্য নটবরের-দৈনিক আনন্দবাজার
- চাঁদের অন্ধকার দিকে আলো ফেলতে পাড়ি দিল চন্দ্রযান ২-দৈনিক সংবাদ প্রতিদিন
- জঙ্গিদের কাশ্মীরের দুর্নীতিগ্রস্তদের হত্যার পরামর্শ রাজ্যপাল, শুরু চাপানউতোর-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বাংলাদেশে সম্প্র্রতি ছেলেধরা সন্দেহে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সম্পর্কে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির কারেণেই মানুষ আজ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আপনারও কী তাই মনে হয়?
২. সম্প্রতি ইরান যে ব্রিটিশ তেল ট্যাংকার আটক করেছে তাতে রাশিয়ার হাত রয়েছে ব্রিটিপশ পত্রিকা সানডে মিরর দাবি করেছে। কী বলবেন আপনি?
বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
গুজব গণপিটুনি নিয়ে পুলিশেও উদ্বেগ, সারাদেশে সতর্কবার্তা-দৈনিক মানবজমিন
সম্প্রতি কয়েকজন নিরীহ ব্যক্তি গণপিটুনিতে নিহত হওয়ায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টা নিয়ে উদ্বিগ্ন পুলিশও। ছেলেধরার গুজব বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব এবং ব্লগগুলো নজরদারির নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও ছেলেধরা-সংক্রান্ত বিভ্রান্তিকর পোস্ট দিলে বা শেয়ার করলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সোমবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-অপারেশন্স) সাঈদ তারিকুল হাসান সারাদেশের পুলিশের ইউনিটকে এই বার্তা পাঠান।
মশা মারতে কামান দাগাতে চাই না : প্রিয়া প্রসঙ্গে কাদের-দৈনিক নয়া দিগন্ত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রিয়া সাহার বিষয়ে সব জেনে শুনে সিদ্ধান্ত নিতে চাই। মশা মারতে কামান দাগাতে চাই না। তিনি আজ সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, তার (প্রিয়া) বিষয়ে আমরা ঘটনার গভীরে যেতে চাই। এর পেছনে অন্য কারো হাত আছে কি না তা খবর নেয়া হচ্ছে। কাদের বলেন, কোন তথ্যের ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এ ধরনের বক্তব্য দিয়েছে সে তথ্য সম্পর্কে তাকে ব্যাখ্যা দিতে হবে। কারণ তার এ ধরনের বক্তব্যে সারাদেশে কনফিউশন সৃষ্টি হয়েছে। প্রিয়া সাহার স্বামী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্বামী-স্ত্রী ও মেয়েরা যে একই মতাবলম্বী হবেন তা হতে পারে না। স্ত্রী দোষ করলে স্বামী কেন তার দায় নেবে?
সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নেই : ফখরুল-দৈনিক ইত্তেফাক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি ঠিকমতো খেতে পারছেন না। তাকে ১৬ মাস ধরে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। শনিবার দুপুরে নাসিমন ভবনের সামনে আয়োজিত দলটির চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে তিনি এ সব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। সমাবেশে ফখরুল বলেন, এই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। এ কারণে দেশে এ রকম বন্যা পরিস্থিতিতে সরকারকে জনগণের পাশে দেখা যাচ্ছে না। তারা গণতন্ত্রকে ভয় পায়। এ কারণে তারা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়েছে। বিএনপির কেউ বাড়িতে থাকতে পারছে না। শহরে এসে কেউ রিকশা চালাচ্ছে, কেউ হকার হয়েছে।
বন্যা মোকাবেলায় জাতীয় সংলাপ অপরিহার্য: ড. কামাল-দৈনিক যুগান্তর
বন্যা পরিস্থিতি মোকাবেলায় গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, এই ধরনের পরিস্থিতিতে সবাইকে নিয়ে বসা দরকার। সেটা কি হয়েছে? দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে মতবিনিময় করা দরকার। সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বন্যা মোকাবেলায় সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন বলে মনে করেন কি না—এ প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, অবশ্যই একটি জাতীয় সংলাপ অপরিহার্য মনে করি বন্যার জন্য। বন্যার শিকার থেকে বাঁচতে ঐক্যবদ্ধ সম্মিলিত প্রচেষ্টা ও দেশে ঐকমত্য গড়ে তোলতে হবে।
ত্রাণের জন্য বানভাসি মানুষ আহাজারি করছেন: রিজভী-দৈনিক যুগান্তর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে বানভাসি মানুষ ত্রাণের জন্য আহাজারি করছে। নারী-শিশু নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। শিশুদের কাটা মাথা পাওয়া যাচ্ছে। এগুলোই কি আওয়ামী লীগের উন্নয়ন? তারা বলছে- দেশে উন্নয়ন হয়েছে। আমি বলি- উন্নয়ন মূলত তাদের চাপাবাজিতে হয়েছে। সোমবার দুপুরে নয়াপল্টনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির নির্বাহী সভায় এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, বন্যা হচ্ছে উত্তরবঙ্গ থেকে মধ্যবঙ্গ পর্যন্ত- লালমনিরহাট, কুড়িগ্রাম, সিরাজগঞ্জসহ বিভিন্ন জায়গায়। আর দেশের এই দুর্যোগ মুহূর্তে প্রধানমন্ত্রী ১৮ দিনের ছুটিতে লন্ডন চলে গেলেন।
‘বাহ, এই হচ্ছে দায়িত্ব সরকারের। এর কারণ তাদের ভোট লাগে না, নির্বাচন লাগে না- তাদের লাগে পুলিশ আর র্যাব। আজ কুড়িগ্রাম লালমনিরহাটের মানুষ তিস্তা নদীতে ভাসছে। আর প্রধানমন্ত্রী লন্ডনে বসে বৈঠক করে যাচ্ছেন।’
মিন্নির ২ আবেদন আদালতে খারিজ-দৈনিক প্রথম আলো
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তাঁর স্ত্রী গ্রেপ্তার আয়শা সিদ্দিকা মিন্নির দুটি আবেদন খারিজ করেছেন আদালত। আজ সোমবার সকালে আয়শার চিকিৎসা ও তাঁকে আদালতে উপস্থিত করার জন্য তাঁর আইনজীবী আদালতে দুটি আবেদন করেন।
দুপুর ১২টায় বরগুনার জ্যেষ্ঠ বিচারক হাকিম আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী আবেদন দুটি খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন, জেল কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
গাঁধী পরিবারের বাইরের কেউ সভাপতি হলে ২৪ ঘণ্টার মধ্যে কংগ্রেস ভেঙে টুকরো হয়ে যাবে, মন্তব্য নটবরের
দলের সভাপতি নিয়োগ করা হোক নেহরু-গাঁধী পরিবার থেকেই। পরিবারের বাইরের কোনও ব্যক্তিকে এই পদে বসালে নিশ্চিত ভাবেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কংগ্রেস। সোমবার এমনই মন্তব্য করলেন প্রবীণ কংগ্রেস নেতা নটবর সিংহ। সঙ্গে যোগ করলেন, একমাত্র প্রিয়ঙ্কা গাঁধীই হতে পারেন এই পদের যোগ্য অধিকারী।
প্রিয়ঙ্কাকে কেন যোগ্য উত্তরসূরি হিসেবে মনে হচ্ছে তাঁর? এই প্রশ্ন করা হলে সংবাদিকদের নটবর বলেন, “উত্তরপ্রদেশের সোনভদ্রে প্রিয়ঙ্কার ভূমিকা গোটা দেশে দেখেছে। সেখানে থেকে লড়াই চালিয়ে দাবি আদায় করেছেন তিনি। সত্যিই অসাধারণ।”
দলীয় সূত্রের খবর, নটবরের মতো দলের বেশির ভাগ নেতাই চাইছেন প্রিয়ঙ্কাকে সভাপতি করা হোক। কিন্তু প্রিয়ঙ্কা এই পদ গ্রহণ করবেন কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন নটবর। এ প্রসঙ্গে তিনি বলেন, “পুরোটাই নির্ভর করছে প্রিয়ঙ্কা এবং গাঁধী পরিবারের উপর।” সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পরই রাহুল জানিয়েছিলেন, পরবর্তী সভাপতি গাঁধী পরিবারের বাইরে থেকেই যেন বেছে নেওয়া হয়। তবে রাহুলের এই সিদ্ধান্ত বদলে ফেলা উচিত, আর সেটা করতে পারবে একমাত্র গাঁধী পরিবারই। এমনটাই মনে করেন নটবর। শুধু নটবরই নন, প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ছেলে অনিল শাস্ত্রীর গলাতেও কয়েক দিন আগে একই সুর শোনা গিয়েছিল। তিনি বলেছিলেন, “অন্য কেউ নয়, প্রিয়ঙ্কা গাঁধীকেই কংগ্রেস সভাপতি করা উচিত। আর এটা ১০০ শতাংশ গ্রহণযোগ্য।”
জঙ্গিদের কাশ্মীরের দুর্নীতিগ্রস্তদের হত্যার পরামর্শ রাজ্যপাল, শুরু চাপানউতোর-দৈনিক আজকাল
বিতর্কিত মন্তব্য করে বিপাকে জম্মু–কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। রবিবার কার্গিলে খ্রি সুলতান চো স্পোর্টস্ স্টেডিয়ামে কার্গিল–লাদাখ পর্যটন উৎসবের উদ্বোধনে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে ভাষণ দেওয়ার সময় তিনি জঙ্গিদের উদ্দেশ্য করে বলেছেন, ‘তোমরা বন্দুক হাতে পুলিসকর্মী, নিরাপত্তাকর্মীদের মারছে কেন। তোমার দেশকে যারা লুঠ করেছে, কাশ্মীরের সম্পদ যারা লুঠ করেছে তাদের মারো। তোমরা কি কেউ এমন কাউকে মেরেছ? এতে কিছুই হবে না। ভারতে বন্দুক দিয়ে কেউ সরকার ফেলতে পারবে না। শ্রীলঙ্কায় শক্তিশালী জঙ্গি সংগঠন এলটিটিই–ও শেষ হয়ে গিয়েছে। এই সব নেতারা দিল্লিতে গিয়ে ভয় দেখায় এবং এখানে তোমাদের উস্কানি দেয়। আমি বারবার এদের এক সুরে কথা বলতে বলেছি।’ রবিবার বিকেলেই অনন্তনাগে পিডিপি নেতা সাজ্জাদ মুফতির নিরাপত্তারক্ষী ফারুক আহমেদ রেশিকে গুলি করে হত্যা করেছে। সেই প্রেক্ষিতেই এই মন্তব্য করেন সত্যপাল বলে মনে করছে কূটনৈতিক মহল। রাজ্যপালের এই মন্তব্যে জম্মু–কাশ্মীরজুড়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সম্পূর্ণ দিশাহীন বাজেট : মমতা-দৈনিক আজকাল
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটকে দিশাহীন বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার বাজেট শোনার পর টুইটারে মমতার প্রতিক্রিয়া, ‘এই বাজেট সম্পূর্ণ দিশাহীন। সত্যি কথা বলতে কি, পুরো দিশাটাই লাইনচ্যুত হয়ে গিয়েছে। তার উপর ওরা পেট্রোল–ডিজেলে সেসও বসিয়েছে এবং বিশেষ অতিরিক্ত শুল্ক করও বসিয়েছে। যার অর্থ পেট্রোলে লিটার প্রতি ২টাকা ৫০পয়সা এবং ডিজেলে লিটার প্রতি ২টাকা ৩০পয়সা বেড়ে যাচ্ছে। এই মূল্যবৃদ্ধির ফল পড়বে পরিবহন থেকে বাজার থেকে রান্নাঘরেও। সাধারণ মানুষ শুধুই ভুগছেন। এটাই নির্বাচনের পুরস্কার।’
বাজেটে পেট্রোল–ডিজেলে বিশেষ অতিরিক্ত শুল্ক কর, সড়ক এবং পরিকাঠামোর জন্য এক টাকা সেস বসিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছেন, যেহেতু বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নেমে গিয়েছে সেহেতু পেট্রোল–ডিজেলে শুল্ক কর এবং সেস বসানো নিয়ে তিনি চিন্তাভাবনা করতে পেরেছেন।
চাঁদের অন্ধকার দিকে আলো ফেলতে পাড়ি দিল চন্দ্রযান ২-দৈনিক সংবাদ প্রতিদিন
১৩০ কোটি ভারতবাসীর স্বপ্ন নিয়ে চাঁদমামার দেশের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান ২। সোমবার, কাউন্টডাউন শেষে ঠিক ২.৪৩ মিনিটে উড়ান ভরে ‘বাহুবলী’। সিনেমার চরিত্র নয়, বাহুবলী জিএসএলভি মার্ক-৩ রকেটের নাম। ইসরোর ওই রকেটে চেপেই চাঁদের অন্ধকার দিকের রহস্য উদঘাটনের জন্য রওনা দিল চন্দ্রযান ২। ইসরো জানিয়েছে, উৎক্ষেপণের পর পৃথিবীর চারদিকে ঘুরপাক খেয়ে চাঁদের কক্ষপথে ঢুকে পড়বে চন্দ্রযান ২।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২