‘গলা কাটা’ আতঙ্ক জেঁকে বসেছে দেশের প্রত্যন্ত গ্রামে'
-
পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৩ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- পুলিশ বসে নেই, দুর্বল ভাববেন না: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক প্রথম আলো
- মিন্নিকে আজও জামিন দেননি আদালত -দৈনিক যুগান্তর
- ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় থাকবে না: হাইকোর্ট-দৈনিক ইত্তেফাক
- দুইদিনে ১০,০০০ কোটি টাকার মূলধন উধাও -দৈনিক মানবজমিন
- ‘গলা কাটা’ আতঙ্ক জেঁকে বসেছে দেশের প্রত্যন্ত গ্রামে-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- মধ্যস্থতা বিতর্কে উত্তাল সংসদ, মোদী এমন অনুরোধ করেননি ট্রাম্পকে, বিবৃতি কেন্দ্রের-দৈনিক আনন্দবাজার
- উত্তরাখণ্ডের ১৩২টি গ্রামে গত তিন মাসে জন্মায়নি একটিও কন্যাসন্তান! উদ্বেগ মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
- কুমারস্বামী ইস্তফা দিয়েছেন! ভুয়ো ইস্তফাপত্র ভাইরাল সোশ্যাল মিডিয়ায়-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
মিন্নিকে আজও জামিন দেননি আদালত-দৈনিক যুগান্তর
বরগুনা সদরে চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ডে গ্রেফতার তার স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার আদালতে ১৬৪ ধারায় দেয়া মিন্নির জবানবন্দি প্রত্যাহার চেয়ে তাকে আদালতে তলবের আবেদন করেন তার আইনজীবী ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম। এ সময় আইনজীবী মিন্নি অসুস্থ বলেও দাবি করে তাকে উপযুক্ত চিকিৎসা দেয়ার আবেদন করেন। দুটি আবেদনই নামঞ্জুর করেন আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী। এর আগের দিন রোববার মিন্নির জামিন চেয়ে আবেদন করা হলে আদালত নামঞ্জুর করেন।
১৬ জুলাই মিন্নিকে গ্রেফতারের পর দিন মিন্নিকে আদালতে হাজির করা হয়। আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত মিন্নির পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। পর দিন বৃহস্পতিবার বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সংবাদ সম্মেলনে জানান, মিন্নি তার স্বামী রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর পর শুক্রবার বিকালে মিন্নি একই আদালতে তার স্বামী রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এদিকে মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোরের দাবি, মিন্নির কাছ থেকে জোর করে জবানবন্দি নেয়া হয়েছে। এ হত্যা মামলার এক নম্বর সাক্ষীকে (মিন্নি) আসামি করা ও রিমান্ডে নেয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে দায়ী করে আসছেন। তিনি বলেন, ‘সবকিছুই শম্ভু বাবুর খেলা। তার ছেলে সুনাম দেবনাথকে রক্ষা করার জন্য আমার মেয়েকে বলি দেয়া হচ্ছে।’
পুলিশ বসে নেই, দুর্বল ভাববেন না: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক প্রথম আলো
ফেসবুকে গুজব সৃষ্টিকারীদের হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, পুলিশ বসে নেই। পুলিশকে দুর্বল ভাববেন না।আজ দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ফেসবুকে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কোনো ছাড় নয়। সম্প্রতি পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজবের জেরে গণপিটুনিতে দেশের বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অনেকে।
এদিকে দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, সন্দেহজনক ঘটনা অথবা গুজবের ভিত্তিতে কোন নিরীহ মানুষকে হত্যার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সরকার। বলেছে, এ ধরনের ঘটনা হবে শাস্তিযোগ্য অপরাধ।
এদিকে দৈনিক নয়া দিগন্তের একটি খবরের শিরোনাম এরকম‘গলা কাটা’ আতঙ্ক জেঁকে বসেছে দেশের প্রত্যন্ত গ্রামে। গত কয়েকদিনে গণপিটুনির ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে ২০ জুলাই শনিবার সকালে ঢাকার উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাসলিমা বেগম রেনুকে প্রকাশে পিটিয়ে হত্যা করা হয়। মেয়েকে ভর্তির জন্য ওই স্কুলে খোঁজ নিতে গিয়েছিল রেনু বেগম।
দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, প্রকাশ্য দিবালোকে রাজধানীর উত্তর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারান তাসলিমা বেগম রেনু (৪০)। তাই মা হত্যাকারীদের বিচারের দাবিতে শত মানুষ লক্ষ্মীপুরের রায়পুর-ফরিদগঞ্জ আঞ্চলিক সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। এসময় সর্বস্তরের মানুষের সঙ্গে মা হত্যার বিচার চেয়ে তুবা চারদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে।
মাদক আইনের ৫৬ হাজার মামলা আটকে গেছে-দৈনিক প্রথম আলো
সারা দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া প্রায় ৫৬ হাজার মামলার কার্যক্রম আটকে গেছে। নতুন আইন পাস হওয়ার পর সাত মাস কেটে গেলেও সরকার আইন অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন করেনি। কাজ চালাচ্ছিল পুরোনো আইনে। এ বিষয়টি আদালতের নজরে এলে আটকে যায় মামলার কার্যক্রম।
- আইন পাসের সাত মাস পরও ট্রাইব্যুনাল গঠন হয়নি
- আইনের ধারাটিও সংশোধনের উদ্যোগ নেই
ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় থাকবে না: হাইকোর্ট-দৈনিক ইত্তেফাক
রাস্তায় কোনো ফিটনেসবিহীন গাড়ি থাকবে না বলে মন্তব্য করেছেন আদালত। আপনাদের নাকের ডগার ওপর দিয়ে কীভাবে লাখ লাখ ফিটনেসবিহীন গাড়ি চলে- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) উদ্দেশ করে এমন প্রশ্নও করেন হাইকোর্ট। এদিকে, সারাদেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি। এছাড়া ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে ৬ কোটি ৭২ লক্ষ ২৩ হাজার ৩৯২ টাকা।
দুইদিনে ১০,০০০ কোটি টাকার মূলধন উধাও-দৈনিক মানবজমিন
পুঁজিবাজারের টানা পতন রোধে গত কয়েক মাসে নানা কার্যকরী সংস্কার করা হয়েছে। তারপরও অস্বাভাবিক দরপতন হচ্ছে। বিনিয়োগকারীদের পোর্টফোলিও থেকে প্রতিনিয়ত উধাও হচ্ছে পুঁজি। ফলে প্রতিদিনই লোকসানের হিসাব কষতে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের। গতকালও শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট কমে নেমে এসেছে ৫ হাজার পয়েন্টের নিচে। যা গত আড়াই বছরে আর কখনও সূচক এতটা নামেনি। অন্যদিকে, গত দুদিনের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও থেকে উধাও হয়ে গেছে ১০ হাজার কোটি টাকা। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২০০ পয়েন্ট।
বাজারের সামপ্রতিক এ দরপতনকে ‘অস্বাভাবিক’ মনে করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি)। পতনের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
মধ্যস্থতা বিতর্কে উত্তাল সংসদ, মোদী এমন অনুরোধ করেননি ট্রাম্পকে, বিবৃতি কেন্দ্রের-দৈনিক আনন্দবাজার
ট্রাম্পের কাশ্মীর-মধ্যস্থতা মন্তব্যে বিতর্কের আঁচ বা়ড়তে দেখে ইতি টানার চেষ্টা ওয়াশিংটনের। মঙ্গলবার, মার্কিন বিদেশমন্ত্রক সূত্রে বলা হয়েছে, ‘কাশ্মীর ভারত ও পাকিস্তান দুই দেশের বিষয়। তা নিয়ে দু’দেশের আলোচনা শুরু হলে স্বাগত।’ তবে এ জন্য সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে যে কড়া পদক্ষেপ করতে হবে সেই বার্তাও দিয়েছে ট্রাম্প সরকার। ট্রাম্পের মন্তব্য নিয়ে সে দেশের ভারতীয় রাষ্ট্রদূতের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য।
সোমবার হোয়াইট হাউসে ইমরান খানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর, ওভাল অফিসে ইমরানের পাশে বসেই ট্রাম্প মধ্যস্থতার কথা তোলেন। পাক প্রধানমন্ত্রীর কাছে তিনি দাবি করেন, ‘‘জাপানের ওসাকায় জি২০ সামিটে মোদীর সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি জানতে চান, আমি মধ্যস্থতা করতে রাজি কি না। আমি প্রশ্ন করি, কোন বিষয়ে। তিনি বলেন, কাশ্মীর। ট্রাম্পের এই দাবিতে পাকিস্তান খুশি হলেও, তা নিয়ে দিল্লিতে রীতিমতো শোরগোল পড়ে যায়। মার্কিন প্রেসিডেন্টের দাবি নস্যাৎ করে দেয় নয়াদিল্লি জানায়, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কোনও অনুরোধ মার্কিন প্রেসিডেন্টকে করেননি।
কুমারস্বামী ইস্তফা দিয়েছেন! ভুয়ো ইস্তফাপত্র ভাইরাল সোশ্যাল মিডিয়ায়-দৈনিক আজকাল
রবিবার কুমারস্বামী বলেছিলেন, তিনি ক্ষমতায় আঁকড়ে থাকতে চান না। তাঁর কথায়, ‘আমার একমাত্র উদ্দেশ্য বিধানসভায় বিতর্কের মাধ্যমে সারা দেশকে বোঝানো, কীভাবে বিজেপি গণতন্ত্র তথা সরকারকে ধ্বংস করতে চায়। অন্যদিকে বিজেপির অভিযোগ, শাসক জোটের বিধায়করা দীর্ঘ বক্তৃতা দিয়ে আস্থাভোটে দেরি করিয়ে দিচ্ছেন।
এদিকে, সোমবার সন্ধ্যের দিকে মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ইস্তফার জল্পনা ছড়ায়। সেই জল্পনায় জল ঢালেন কুমারস্বামী নিজেই। তাঁর দাবি, যে ইস্তফাপত্রটি ভাইরাল হয়েছে তা ভুয়ো। তিনি বলেন, ‘অসম্মান করতেই বিজেপি এই কাজ করেছে। এই নাটক সবার সামনে ধরা পড়ে গিয়েছে।’এদিকে আজ সেখানে আস্থাভোট।
উত্তরাখণ্ডের ১৩২টি গ্রামে গত তিন মাসে জন্মায়নি একটিও কন্যাসন্তান! উদ্বেগ মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ১৩২টি গ্রামে ৩ মাসে জন্মেছে ২১৬টি শিশু। কিন্তু, অবাক করার বিষয় এই ২১৬টি শিশুর মধ্যে একটিও কন্যাসন্তান নেই! শুধু তাই নয়, আরও অন্তত ৬৬টি গ্রামে কন্যাসন্তান জন্মের হার পুত্রসন্তানের তুলনায় নগণ্য। কথা হচ্ছে এই জেলার লিঙ্গ-অনুপাতের পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক। উত্তরকাশীর ৮২টি গ্রাম চিহ্নিত হয়েছে রেড-জোন হিসেবে। সবচেয়ে উদ্বেগের পরিসংখ্যান সম্ভবত কন্যা সন্তান জন্মের হার। কিন্তু, এমনটা কীভাবে সম্ভব? উত্তর পাচ্ছেন না জেলা আধিকারিকরা। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপক হারে কন্যাভ্রুণ হত্যা না হলে চিত্রটা এমন হওয়া সম্ভব নয়। #
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩