জুলাই ২৫, ২০১৯ ১১:৫৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম

  • মিন্নির স্বীকারোক্তি শারীরিক-মানসিক নির্যাতনে’-দৈনিক যুগান্তর
  • চট্টগ্রামে পণ্যের বদলে জাহাজভরা মদ-দৈনিক সমকাল
  • বাড্ডার গণপিটুনির ঘটনায় আরও পাঁচজন গ্রেপ্তার-দৈনিক প্রথম আলো
  • বন্যা দেখতে গিয়ে প্রাণ গেল ৫ ছাত্রীর-দৈনিক ইত্তেফাক
  • সংখ্যালঘুদের উপর নির্যাতন ও বৈষম্য অব্যাহত আছে : রানা দাশগুপ্ত-দৈনিক নয়া দিগন্ত
  • পদ্মা সেতুর বিরোধীরাই শিশুবলি ছেলেধরা গুজবের হোতা: তথ্যমন্ত্রী-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • মোদীকে চিঠির জের, ফোনে খুনের হুমকি পেলেন কৌশিক সেন -দৈনিক আনন্দবাজার
  • মোদির প্রথম ৫০ দিনে ১২ লক্ষ কোটি টাকার ক্ষতি শেয়ারবাজারে-দৈনিক আজকাল
  • এটাই সঠিক সময় চিঠি লেখার’, অসহিষ্ণুতা ইস্যুতে বিশিষ্টদের পাশে মমতা-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

চট্টগ্রামে পণ্যের বদলে জাহাজভরা মদ-দৈনিক সমকাল

চট্টগ্রামে পণ্যের বদলে জাহাজভরা মদ

সরকারি বিদ্যুৎকেন্দ্রের জন্য ক্যাপিটাল মেশিনারিজ আমদানির ঘোষণা দিয়ে চীন থেকে তিন জাহাজভর্তি মদ আমদানির চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটিত হয়েছে। ৬৬৯টি বক্সে এক হাজার ৪০৬ টন মেশিনারিজ আনার ঘোষণা দিয়ে মদের এ চালান আনা হয় দেশে। কাস্টমস থেকে নেওয়া সাময়িক অনাপত্তিপত্রে ৬৬৯ বক্স ক্যাপিটাল মেশিনারিজ থাকার কথা উল্লেখ করে জালিয়াতচক্র। এরই মধ্যে দুটি লাইটারেজ জাহাজে প্রায় ৬০০ বক্স পণ্য খালাস করে নেয় তারা। বন্দর থেকে অন্তত পাঁচ কিলোমিটার দূরে নোঙর করে রাখে তারা এ দুটি জাহাজ। অবশিষ্ট মদ খালাস করতে ঠিক করা হয়েছিল আরেকটি লাইটারেজ জাহাজ। পানামার পতাকাবাহী বড় জাহাজ থেকে এই জাহাজেও ৩৮ বক্স মদের চালান নামানো হয়েছিল। কিন্তু খালাসের এক পর্যায়ে হঠাৎ করে ভেঙে যায় কাঠের তৈরি একটি বক্স। ভাঙা বক্সে মদের বোতল দৃশ্যমান হলে ফাঁস হয়ে যায় চাঞ্চল্যকর এ ঘটনা। কাস্টমস কর্মকর্তাদের চোখকে ধুলো দিয়ে স্মরণকালের সর্ববৃহৎ এ চালান খালাসের শেষ পর্যায়ে ধরা পড়ায় চলছে তোলপাড়। প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরে সরকারি কোনো প্রকল্পের চালানে এভাবে মদ আমদানির ঘটনা এটিই প্রথম। এত বিপুল পরিমাণ মদ আমদানির ঘটনাও এটি।

ডেঙ্গু ও এডিস মশা নিয়ে চলছে তুলকালাম কাণ্ড। এ সম্পর্কে নানামুখী খবর ছাপা হয়েছে দৈনিকগুলোতে। দৈনিক মানবজমিনের খবরের শিরোনাম-ডেঙ্গু আক্রান্ত নড়াইলের আকরাম বাসেই চিরনিদ্রায় গেলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন,মশার ওষুধ কাজ করছে না বলেই এত ডেঙ্গু রোগী। তিনি বলেন মশা নিধন স্বাস্থ্যমন্ত্রণালয়ের কাজ নয়। প্রথম আলোর খবরে লেখা হয়েছে, মেয়র সাঈদ খোকন বলেছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ে ছেলেধরার মতো গুজব ছড়ানো হচ্ছে। রিজভী বলেছেন, এডিস মশার বিস্তার ঘটিয়ে মানুষ মারছে সরকার। এদিকে দুই সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে নতুন ওষুধ আমদানির প্রক্রিয়া জানতে চয়েছে হাইকোর্ট। 

মিন্নির স্বীকারোক্তি শারীরিক-মানসিক নির্যাতনে’-দৈনিক যুগান্তর

মুন্নির ওপর নির্যাতন চালানো হয়েছে-তার বাবার অভিযোগ

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার তার স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী মিন্নিকে জোর জবরদস্তি করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে।প্রভাবশালী মহলকে বাঁচাতে পুলিশ এ ঘটনায় মিন্নিকে ফাঁসাতে এমনটি করেছে।গ্রেফতারের পর মিন্নির ওপর নির্যাতন চালানো হয়েছে। তার সারা শরীরে ব্যথা। রাতে ঘুমোতে পারেন না তিনি। বুধবার এমন অভিযোগ করেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর ও তার আইনজীবী মাহবুবুল বারী আসলাম। মিন্নি স্বামী রিফাতকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছে দাবি করে মোজাম্মেল হক বলেন, আপনারা সবাই ভিডিও ফুটেজে দেখেছেন রিফাতকে বাঁচাতে মিন্নি জীবনবাজি রেখেছে। শত চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেনি। মিন্নিকে যে গ্রেফতারের পর নির্যাতন করা হয়েছে সেটি উঠে এসেছে তার আইনজীবীর কথায়ও।সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে।

বাড্ডার গণপিটুনির ঘটনায় আরও পাঁচজন গ্রেপ্তার-দৈনিক প্রথম আলো

রেনু বেগমকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে

রাজধানীর উত্তর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম হত্যার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বাড্ডার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৩ জন। এদিকে গ্রেফতার হওয়া হৃদয় বলেছে, ছেলেধরা চিৎকার শুনেই রেনুর ওপর হামলে পড়ে সে। মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে,গণপিটুনি আতঙ্কে স্মার্টকার্ড হাতে নিয়ে ভিক্ষা করছেন সাতক্ষীরার কয়েকজন ভিক্ষুক।

দেশে ফেরার অপেক্ষায় প্রিয়া সাহা-দৈনিক মানবজমিন

দেশে ফেরার অপেক্ষায় প্রিয়া সাহা

এক সাংবাদিক কল করে জানতে চান, ‘প্রিয়া সাহা কি কানাডা চলে যাচ্ছেন?’ বললাম, ‘প্রিয়া সাহা আমেরিকায় আছেন, দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেই শুনছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‘সবুজ সংকেত’ পেলে চলে যাবেন।’ ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়েছেন। বলেছেন, গ্রেপ্তার নয়, আমরা প্রিয়া সাহাকে সহায়তা দেবো। অন্য মন্ত্রীদের সুর নরম।

শেখ হাসিনা নির্দেশ দেয়ার আগ পর্যন্ত বড় বড় নেতারা স্রোতের টানে গা ভাসিয়ে দিয়েছিলেন। তাদের অনেকের কথাবার্তা ছিল চেয়ারের সাথে বেমানান। এখন তারা ‘এবাউট টার্ন’ করছেন। শ্রীমতি ইন্দিরা গান্ধীকে নিয়ে একদা কথা  বেরিয়েছিল যে, ভারতীয় পার্লামেন্টে শুধু একজন পুরুষ। একই কথা এখন বলা যায়, আমাদের সংসদে শুধু একজন পুরুষ।

তিনি শেখ হাসিনা। বুদ্ধিজীবীরা আবার প্রমাণ করেছেন, তারা উদার তো ননই, স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতাও নেই? এদিকে দৈনিক নয়া দিগন্তের একটি খবরে লেখা হয়েছে, 

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, সংখ্যালঘুদের উপর নির্যাতন ও বৈষম্য অব্যাহত আছে।

পদ্মা সেতুর বিরোধীরাই শিশুবলি ছেলেধরা গুজবের হোতা: তথ্যমন্ত্রী-দৈনিক মানবজমিন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন যারা পদ্মা সেতু চায় না তারাই শিশুবলি দেয়ার গুজবের হোতা

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু যারা চায় না, তারাই শিশুবলি আর ছেলেধরা গুজবের হোতা। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পদ্মা সেতু নিয়ে সামপ্রতিক শিশুবলি আর ছেলেধরা গুজব নিরসন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে শিশু বলি দিতে হবে- তারাই গুজব ছড়িয়েছিল যারা পদ্মা সেতু চায় না, দেশের উন্নয়ন চায় না। যারা বলেছিল, এই সরকার পদ্মা সেতু করতে পারবে না, তারাই পদ্মা সেতুতে শিশু বলি দিতে হবে বলে গুজব ছড়িয়েছে।

মহাপ্লাবনে তছনছ উত্তরাঞ্চল-দৈনিক মানবজমিন

উত্তরাঞ্চলের বন্যাকে মহাপ্লাবন বলেছেন অনেকেই

উত্তরাঞ্চলের বন্যাকে মহাপ্লাবন বলেছেন অনেকেই। ১৯৮৮ সালের প্রলয়ঙ্করী বন্যাকেও হার মানিয়েছে এবারের বন্যা। ফলে দুর্যোগ চরম আকার ধারণ করেছে। যমুনা, ব্রহ্মপুত্রের পানি ধীর গতিতে কমতে শুরু করলেও এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে আবারো পানি বৃদ্ধি পাচ্ছে তিস্তা এবং বাঙ্গালী নদীতে। ফলে বাঁধে আশ্রয় নেয়া বন্যার্তরা সহসাই নিজ বাড়িতে ফিরতে পারছে না। 

এদিকে চলমান বন্যায় বাঁধ এবং আশ্রয়কেন্দ্রগুলোতে চরম কষ্টে আছে আশ্রিতরা। বিশেষ করে নারী ও শিশুরা মানবেতর জীবন কাটাচ্ছে। দেশের চলমান বন্যায় উত্তরাঞ্চলের বেশির ভাগ জেলাগুলো এখনো পানিতে ভাসছে। মানুষ আর পশু এখন এক সঙ্গে বসবাস করছে। ফলে দুর্বিষহ হয়ে উঠছে বানভাসিদের জীবন। বিশেষ করে নারী এবং শিশুদের অবস্থা খুব করুণ হয়ে উঠেছে। 

এদিকে বন্যা পরবর্তী পানি বাহিত রোগ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এসব রোগে বেশির ভাগ আক্রান্ত হতে পারে শিশুরা।বন্যায় এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন মিডিয়ার খবরে এসেছে।আর ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, জামালপুরের সরিষাবাড়িতে বন্যার পানি দেখতে গিয়ে নৌকাডুবিতে পাঁচ ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের পাংখাস বিলে এ ঘটনা ঘটে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

মোদীকে চিঠির জের, ফোনে খুনের হুমকি পেলেন কৌশিক সেন-দৈনিক আনন্দবাজার

রামের নামে উস্কানিমূলক রণহুঙ্কার বন্ধে প্রধানমন্ত্রীকে দেশের বিশিষ্ট নাগরিকদের একাংশ চিঠি দিয়েছিলেন। গোটা দেশে ঘটে চলা বিভিন্ন বিষয় নিয়ে উৎকণ্ঠার কথাও তাঁরা জানিয়েছিলেন সেখানে। সেই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন।এর পর তাঁকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হল বলে অভিযোগ।

ইমেলে প্রধানমন্ত্রীর দফতরে ওই চিঠি পাঠানো হয় মঙ্গলবার রাতে। তার পর বুধবার কৌশিককে এক ব্যক্তি একটি অচেনা নম্বর থেকে ফোন করেতাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ। কৌশিক জানান, বুধবার বিকেল তখন প্রায় সাড়ে চারটে হবে। এর পরেই বিষয়টি পুলিশে ফোন করে জানান কৌশিক। যে নম্বর থেকে ফোন এসেছিল সেটাও পুলিশকে দেন।

এটাই সঠিক সময় চিঠি লেখার’, অসহিষ্ণুতা ইস্যুতে বিশিষ্টদের পাশে মমতা-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

অসহিষ্ণুতা ইস্যুতে এবার বিশিষ্টজনদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে গণপিটুনির বাড়বাড়ন্ত, অসহিষ্ণুতার বাতাবরণের জন্য প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন দেশের গুণীজনরা। সেই ইস্যুতেই এবার বিশিষ্টজনদের পাশে দাঁড়ালেন মমতা। গতকাল তিনি বলেন, ‘দেশে এই মুহূর্তে কী হচ্ছে সবাই জানে। দেশের বিশিষ্টজনেরা  প্রধানমন্ত্রীকে চিঠিতে যা লিখেছেন তা মানুষেরই স্বাভাবিক প্রতিবাদ। আমি মনে করি, এটাই সঠিক সময় প্রধানমন্ত্রীকে চিঠি লেখার। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে এই চিঠির বিষয়বস্তু নয়। বরং যেভাবে দেশে অসহিষ্ণুতার ঘটনা বাড়ছে তারই উদ্বেগ জানিয়ে বিদ্বজ্জনরা চিঠি লিখেছেন।

মোদির প্রথম ৫০ দিনে ১২ লক্ষ কোটি টাকার ক্ষতি শেয়ারবাজারে-দৈনিক আজকাল

মোদির প্রথম ৫০ দিনে ১২ লক্ষ কোটি টাকার ক্ষতি শেয়ারবাজারে

পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরে ভারতের অর্থনীতিতে এমন মন্দা আগে কখনও দেখা যায়নি। দ্বিতীয় মোদি সরকারের প্রথম ৫০ দিনেই প্রায় ১২ লক্ষ কোটি টাকা হারাল দালাল স্ট্রিট। মাথায় হাত বিনিয়োগকারীদের।

 ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর বাজেট অধিবেশনে ভারতের অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্যমাত্রা রেখেছিল মোদি সরকার। শুধু তাই নয়, চলতি বছরেই অর্থনীতিকে ৩ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করে  বেসরকারি বিনিয়োগকারীদের আশার আলো দেখিয়েছিল এনডিএ সরকার। কিন্তু বিনিয়োগকারীদের সমস্ত প্রত্যাশা মাটি হয়ে গিয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫