জুলাই ২৭, ২০১৯ ১১:৪৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৭ জুলাই শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • ডেঙ্গু নিয়ে সরকারের লেজেগোবরে অবস্থা: রিজভী-দৈনিক প্রথম আলো
  • যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয় চাইবেন প্রিয়া সাহা-দৈনিক যুগান্তর
  • বিএনপির অবস্থা এখন মিথ্যাবাদী রাখালের মতো: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
  • ডেঙ্গুতে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • ‌কাশ্মীরে মোতায়েন করা হল আরও ১০ হাজার সেনা-জওয়ান, রাতারাতি নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের-দৈনিক আনন্দবাজার
  • কাশ্মীরে ‘আয়রন হ্যান্ড’ পলিসি কেন্দ্রের, পাঠানো হচ্ছে ১০ হাজার সেনা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‘সরকারের সুবিধামতো বিল পাশ হচ্ছে’, আরটিআই নিয়ে মোদিকে কটাক্ষ অনুরাগের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • এবার খাস দিল্লিতে গণপিটুনি, চোর সন্দেহে পিটিয়ে মারা হল ১৪ বছরের নাবালককে-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি বিএনপির কার্যালয়- এ মন্তব্য করেছেন আ. লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কী বলবেন আপনি?

২. ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বড় ধরনের সংঘাতের আশংকা ব্যক্ত করেছে রাশিয়া। সম্ভাব্য সংঘাত এড়াতে মধ্যপ্রাচ্যে মোতায়েন বাইরের দেশগুলোর সমস্ত সেনা প্রত্যাহারের কথা বলেছে মস্কোা। কতটা যৌক্তিক এ প্রস্তাব?

বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

বিএনপির অবস্থা এখন মিথ্যাবাদী রাখালের মতো: ওবায়দুল কাদের –দৈনিক যুগান্তর

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলরেন বিএনপি মিথ্যাচারের মাধ্যমে অপপ্রাচের লিপ্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মিথ্যাচার করে তাদের নিজেদের প্রতি জনগণের আস্থা এমনভাবে কমিয়ে ফেলেছে যে তারা এখন সত্য কথা বললেও জনগণ বিশ্বাস করে না। তিনি বলেন, ‘বিএনপি প্রতিটি বিষয় নিয়ে মিথ্যাচারের মাধ্যমে অপপ্রচারে লিপ্ত থাকে। তারা জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। তারা সত্য কথা বললেও জনগণ তা বিশ্বাস করে না।

মিথ্যাবাদী রাখাল বালকের সঙ্গে বিএনপির নেতাদের তুলনা করে সেতুমন্ত্রী কাদের আরো বলেন, বিএনপির অবস্থা বর্তমানে মিথ্যাবাদী রাখাল বালকের মতো অবস্থা হয়েছে। তারা বিএনপি নেত্রী বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা বললেও জনগণ তা মিথ্যা বলে মনে করে।

ডেঙ্গু নিয়ে সরকারের লেজেগোবরে অবস্থা: রিজভী-দৈনিক প্রথম আলো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সরকার ডেঙ্গু রোগের প্রকোপ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘ডেঙ্গুর মতো মহামারিতে দেশের মানুষের মৃত্যু যেন তাদের (সরকারের) কাছে খেলা। ডেঙ্গু নিয়ে সরকারের লেজেগোবরে অবস্থা।’

আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। রিজভী বলেন, ‘ডেঙ্গু জ্বর মহামারি আকারে সারা দেশে ছড়িয়ে পড়ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা এরই মধ্যে সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে। অথচ স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশে কমপক্ষে ৯ হাজার ৬৫৭ জন মানুষ মশাবাহিত রোগে অসুস্থ হয়েছে। সরকার ডেঙ্গু জ্বরের প্রকোপ ধামাচাপা দিতে সরকারি যন্ত্রকে ব্যবহার করছে যথেচ্ছভাবে।’

বিএনপি নেতা রিজভী বলেন, রাজধানী ঢাকার হাসপাতালগুলো ডেঙ্গু রোগীর ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালগুলোয় বলতে গেলে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। কারণ, কোনো জায়গাতেই বেড (শয্যা) খালি নেই। কয়েকটি বেসরকারি হাসপাতাল ডেঙ্গু রোগী ভর্তি বন্ধ করে দিয়েছে। হাসপাতাল থেকে অনেক রোগীকে ফেরত দেওয়া হচ্ছে।

রিজভীর বক্তব্য, এই ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাবে আতঙ্কে দিনযাপন করছেন নগরবাসী। ডেঙ্গু নিয়ে মানুষের যখন ত্রাহি অবস্থা তখন মধ্যরাতের ভোট চুরির সরকার এ নিয়ে অস্বাভাবিক আচরণ করছে। মশা নিধনের কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয় চাইবেন প্রিয়া সাহা-দৈনিক যুগান্তর

প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয়ের জন্য আবেদন করবেন

বাংলাদেশ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশের পর দেশ-বিদেশে সমালোচনার পর প্রিয়া সাহা সহসাই দেশে ফিরছেন না। নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। নিউ ইয়র্কে তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঢাকায় ফিরলে তাকে গ্রেফতার বা হয়রানির বদলে সরকার নিরাপত্তা দেবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন যে ঘোষণা দিয়েছেন তা বিশ্বাসযোগ্য হয়নি। ফলে আপাতত যুক্তরাষ্ট্রে ধর্মীয় আশ্রয়ের জন্য আবেদন করবেন প্রিয়া সাহা।

বর্তমানে নিউইয়র্কে ঘনিষ্ঠ এক আত্মীয়ের বাসায় রয়েছেন প্রিয়া সাহা। আপাতত গণমাধ্যমকর্মী কিংবা অপরিচিত কারোর সঙ্গেই দেখা করছেন না তিনি। এমনকি ফোনে কথা বলতেও নারাজ। জাতিসংঘের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে প্রিয়া সাহা তার বিষয় নিয়ে যোগাযোগ করেছেন বলে জানা গেছে।

প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যাবস্থা না নেয়া রহস্যজনক : খন্দকার মোশাররফ-দৈনিক নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন প্রিয়া সাহা যে মিথ্যা তথ্য দিয়েছে ট্রাম্পের কাছে তা কি গুজব? তিনি ওখানে কি করে গেলেন? প্রিয়া সাহার কথা রাষ্ট্রদ্রোহিতার সামিল বললেও তার বিরুদ্ধে কোন ব্যাবস্থা না নেয়া রহস্য জনক। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া পরিষদ, কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রিয়া সাহার বক্তব্যের মধ্যে গভীর ষড়যন্ত্র আছে, এর পেছনে সরকার জড়িত। এটা তাকে দিয়ে করানো হয়েছে। সরকার অস্বাভাবিক হওয়ায় দেশে অস্বাভিক ঘটনা ঘটছে মন্তব্য করে মোশাররফ বলেন, দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সরকার এটা প্রশ্রয় দিচ্ছে সরকার।

গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি বিএনপির কার্যালয়: কাদের-দৈনিক মানবজমিন

বিএনপির কার্যালয়কে গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রাজধানীর ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে এমন অভিযোগ করেন তিনি।

‘আওয়ামী লীগ একটি মিথ্যাচার পেশাদারী দল’-দৈনিক মানবজমিন

আওয়ামীলীগ একটি মিথ্যাচার পেশাদারী দল বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আসলে আওয়ামী লীগ পেশাদার মিথ্যাবাদী দল। এরা যে কতবড় জলজ্যান্ত মিথ্যা কথা বলার দল তার একটি নমূনা উল্লেখ করতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে-২০০৮ এর নির্বাচনের সময় শেখ হাসিনা বলেছিলেন-১০ টাকা কেজি চাল খাওয়াবেন, কিন্তু ২০১০-১১ সালে চালের দাম যখন ৪৫-৫০ টাকা তখন ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর অঙ্গীকারের কথা বিরোধী দলসহ গণমাধ্যমের কলামিষ্ট-সাংবাদিকরা বক্তব্য-বিবৃতি ও লেখানির মাধ্যমে তা প্রচার করলে সেই অঙ্গীকারের কথা বর্তমান প্রধানমন্ত্রী সরাসরি অস্বীকার করেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‌কাশ্মীরে মোতায়েন করা হল আরও ১০ হাজার সেনা-জওয়ান, রাতারাতি নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের-দৈনিক আনন্দবাজার

কাশ্মিরে অতিরিক্ত ১০ হাজার সেনা জওয়ান মোতায়েন করা হলো

আরও আঁটোসাঁটো হল উপত্যকার নিরাপত্তা। সারা দেশ থেকে অতিরিক্ত ১০ হাজার সেনা-জওয়ানকে মোতায়েন করা হল কাশ্মীরে। সম্প্রতি ২ দিনের কাশ্মীর সফরে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেই সফর থেকে ফেরার পরই কেন্দ্রের এই সিদ্ধান্ত। এত বিশাল সংখ্যক বাহিনী মোতায়েন এর আগে বালাকোট এয়ার স্ট্রাইকের সময় দেখেছিল উপত্যকা। দ্বিতীয় বারের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পর অজিত ডোভাল দু’দিনের সফরে জম্মু-কাশ্মীর গিয়েছিলেন। সম্প্রতি তিনি সেখান থেকে ফিরেছেন। তার পরই শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রক কাশ্মীরে তড়িঘড়ি ১০০ কোম্পানি বাহিনী মোতায়েনের অর্ডার দেয়। আচমকা এত বাহিনী কাশ্মীরে মোতায়েন করা হল কেন? মন্ত্রকের একটি সূত্রে জানানো হয়েছে, নেহাতই কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অনুপ্রবেশ রুখতে এই ব্যবস্থা।

এবার খাস দিল্লিতে গণপিটুনি, চোর সন্দেহে পিটিয়ে মারা হল ১৪ বছরের নাবালককে-দৈনিক আজকাল

দেশে বাড়ছে হিংসা। বিভিন্ন জায়গা থেকে গণপিটুনির ঘটনা সামনে আসছে। আর তাই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বিদ্বজনদের একাংশ। পাল্টা চিঠি দিয়েছিল অপর অংশও। কিন্তু আশঙ্কা যে অমূলক নয়, শুক্রবার দিল্লির আদর্শনগরের ঘটনা ফের একবার সেটা প্রমাণ করে দিল। যেখানে কেবল চোর সন্দেহে ১৪ বছরের নাবালককে পিটিয়ে মারা হল। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিস।

জানা গিয়েছে, শুক্রবার সকালে মুকেশ নামে ঘটনায় অন্যতম অভিযুক্তের বাড়িতে ঢোকে ওই নাবালক। তখনই তাকে ধরে ফেলে মুকেশ। চোর সন্দেহে ওই নাবালককে আটকে আশপাশের প্রতিবেশিদের খবর দেয়। কেন ওই বাড়িতে ঢুকেছিল সে? আদৌ চোর কি না? এ সমস্ত কিছু না ভেবেই একটি ঘরে আটকে বেধড়ক মারধর করা হয় ওই নাবালককে। শেষপর্যন্ত মারের চোটে অজ্ঞান হয়ে পড়লে পুলিসে খবর দেওয়া হয়। এরপর পুলিস এসে ওই নাবালককে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিস। ঘটনায় জড়িত থাকায় মুকেশ–সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।

‘সরকারের সুবিধামতো বিল পাশ হচ্ছে’, আরটিআই নিয়ে মোদিকে কটাক্ষ অনুরাগের-দৈনিক সংবাদ প্রতিদিন

নরেন্দ্র মোদিকে অনুরাগ কাশ্যপের টুইট নেট দুনিয়ায় ভাইরাল

সম্প্রতি দেশের ধর্মীয় অসহিষ্ণুতা এবং গণপিটুনি-সহ একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদক্ষেপ করার অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখেছিলেন দেশের ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি। সেই তালিকায় ছিলেন অনুরাগ কাশ্যপও। এবার এই খ্যাতনামা পরিচালক বিল পাশ নিয়েও মোদি সরকারকে বিঁধলেন।  সরকারকে কটাক্ষ করেই তিনি একাধিক টুইট করেছেন। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে সেই টুইটে তিনি তৃণমূলকেও উল্লেখ করেছেন। একইসঙ্গে ঠুকেছেন মোদিপন্থী পরিচালক মধুর ভাণ্ডারকরকেও।

বিল পাশ নিয়ে মোদি সরকারের সমালোচনামূলক অনুরাগের সেই টুইটগুলিই নেটদুনিয়ায় এখন ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় অনুরাগ। যার জন্য বেশ কয়েকবার গেরুয়া সরকারের সমালোচনা করে তাঁকে ট্রোলডও হতে হয়েছে। এমনকী প্রাণনাশের হুমকি, তাঁর মেয়েদের ধর্ষণের হুমকিও পেয়েছেন অনুরাগ। কিন্তু তা সত্ত্বেও দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বরাবরই স্পষ্ট কথা বলেছেন অনুরাগ। এবারও তাঁর অন্যথা হয়নি। ‘জয় শ্রীরাম’ এবং গণপিটুনি নিয়ে কথা বলে বিজেপি সমর্থকের কাছে প্রাণনাশের হুমকি খেয়েছেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭