জুলাই ২৮, ২০১৯ ১১:৪১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ জুলাই রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম

  • সাঁওতালপল্লীতে হামলা: ইউপি চেয়ারম্যানসহ ৯০ জনের বিরুদ্ধে চার্জশিট-দৈনিক যুগান্তর
  • হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ১০ হাজার ছাড়াল-দৈনিক প্রথম আলো
  • বিএনপি গুজবের রাজনীতি করে না : ফখরুল-দৈনিক ইত্তেফাক
  • মূল আসামি বাদ দিয়ে মিন্নিকে নিয়ে বেশি উৎসাহিত হওয়া ঠিক নয় : হাইকোর্ট-দৈনিক নয়া দিগন্ত
  • নারায়ণগঞ্জে চার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ আটক-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • কর্নাটকে নয়া মো়ড়, ১৪ বিধায়কের সদস্যপদ খারিজ করলেন স্পিকার, স্বস্তিতে বিজেপি-দৈনিক আনন্দবাজার
  • প্রত্যেক ভারতবাসী ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে দাবি প্রধানমন্ত্রীর-দৈনিক আজকাল
  • আজম খানের মতো ব্যক্তিরা আসলে লম্পট’, সাংসদকে একহাত নিলেন জাভেদ আখতার-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব

বাংলাদেশে  এখন বলা চলে ডেঙ্গু জ্বর সবচেয়ে আলোচিত বিষয়। এমনকি ছেলেধরা সন্দেহে গণপিটুনিকেও ছাড়িয়ে গেছে। তো ডেঙ্গু সমাচার নিয়ে দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে এরকম- হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ১০ হাজার ছাড়াল

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রেকর্ড সৃষ্টি করেছে

প্রথম আলোর অনুসন্ধানী এ এখবরে লেখা হয়েছে, সরকারি তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রেকর্ড সৃষ্টি করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ২০০০ সাল থেকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর তথ্য সংরক্ষণ করে। তারা বলছে, এ পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি ছিল ২০১৮ সালে। ওই বছর মোট ১০ হাজার ১৪৮ জন আক্রান্ত রোগী চিকিৎসা নেয়। গতকাল সেই রেকর্ড ভেঙেছে। কন্ট্রোল রুম জানিয়েছে, এ বছর গতকাল পর্যন্ত মোট ১০ হাজার ৫২৮ জন রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল। আর গতকাল বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৬৭১ রোগী ভর্তি ছিল। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হওয়া ৬৮৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। প্রথম আলোর অনুসন্ধান অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে ৩৫ জন মারা গেছে। তবে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ৮।

  • ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রেকর্ড সৃষ্টি করেছে
  • গতকাল বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৬৭১ রোগী ভর্তি ছিল 
  • চলতি বছর ডেঙ্গুতে ৩৫ জন মারা গেছে 
  • তবে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ৮ 
  • ডেঙ্গুর ৪টি ভাইরাসের মধ্যে ডেনভি-৩ নতুন করে দেখা দিয়েছে

মানবজমিন শিরোনাম করেছে এরকম, ডেঙ্গুতে সর্বকালের রেকর্ড ভঙ্গ, ২৪ ঘণ্টায় ভর্তি ৬৮৩। দৈনিকটির অন্যান্য শিরোনামগুলোও তুলে ধরছি। ডেঙ্গু ছড়িয়ে পড়ছে জেলায়। শাহজালালে বিশেষ সতর্কতা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ডেঙ্গু আতঙ্কে শিক্ষার্থীরা। চ্ট্রগ্রামে ডেঙ্গু পরীক্ষা নিয়ে ভোগান্তি। মির্জা ফখরুলের অভিযোগ-ডেঙ্গু নিয়ে তামাশা করছে সরকার। ডাক্তার এবিএম আবদুল্লাহ বলেছেন, আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা।

ডেঙ্গুর কার্যকর ওষুধ ছিটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর-দৈনিক যুগান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

ডেঙ্গু মোকাবেলায় কার্যকর ওষুধ ছিটাতে ঢাকার দুই সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া ডেঙ্গু আতঙ্ক দূর করতে আওয়ামী লীগ সারা দেশে সচেতনতামূলক সভা করবে বলে জানান ওবায়দুল কাদের। দেশের চলমান বন্যা পরিস্থিতি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ শুধু বন্যার সময়েই নয়, বন্যা-পরবর্তী সময়েও পুনর্বাসন পর্যন্ত বানভাসি মানুষের পাশে থাকবে। এ সময় বিএনপি ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করেছে বলে মন্তব্য করেন তিনি।

সাঁওতালপল্লীতে হামলা: ইউপি চেয়ারম্যানসহ ৯০ জনের বিরুদ্ধে চার্জশিট-দৈনিক যুগান্তর

সাঁওতালপল্লীতে হামলা  ও অগ্নিসংযোগের ঘটনায় চার্জশীট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৯০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল হয়েছে। মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রোববার সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন।৯০ আসামির মধ্যে ২৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠালেও তারা সবাই জামিনে রয়েছেন।

প্রসঙ্গত, গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে ২০১৬ সালের ৬ নভেম্বর আখ কাটা কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিকদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে তিন সাঁওতাল মারা যান। এ সময় তাদের বসতঘরগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয় বলে অভিযোগ করেন সাঁওতালরা।

বিএনপি গুজবের রাজনীতি করে না : ফখরুল-দৈনিক ইত্তেফাক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশে চলা গুজবের পেছনে বিএনপির হাত আছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেছেন, বিএনপি কখনো গুজবের রাজনীতি করে না। বিএনপি সব সময় সত্যের উপর ভিত্তি করে নিষ্ঠার সঙ্গে রাজনীতি করে। রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ডেঙ্গু বর্তমানে জাতীয় ইস্যুতে পরিনত হয়েছে। এটিকে আওয়ামী লীগ ও তার সরকার খুব খাটো করে দেখছে। ফলে এখন পর্যন্ত মশা নিধনের তেমন কোন পদক্ষেপ লক্ষণীয় নয়। সরকার ডেঙ্গু প্রতিরোধে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর উচিত ছিল যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসা নিশ্চিত করা। সুতারাং এটা গুজবের বিষয় নয়

আমার কিছুই বলার নেই-দৈনিক মানবজমিন

মুক্ত সাংবাদিকতার প্রধান শর্ত কি? এটা সবাই জানেন। তারপরও বলছি। এটা হচ্ছে মুক্ত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। গণতন্ত্র না থাকলে মুক্ত সাংবাদিকতা আশা করা যায় না। আমরা কোথায় দাঁড়িয়ে? প্রশ্নটা নিজের কাছে নিজেই করি, কোনও জবাব পাইনা। কাকে দায়ী করব? নিজেইতো সেলফ সেন্সরশিপে কাবু। নিজেকে বিকিয়ে দিয়েছি, মোসাহেবি আমার পরিচয়। মত প্রকাশের স্বাধীনতা না থাকলে ভৌগোলিক স্বাধীনতা অর্থহীন।ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাই জন মিল্টন ব্রিটিশরাজের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছিলেন? তার লড়াই বড় কিছু প্রাপ্তির জন্য নয়।

অন্ততঃ তিনটি বিষয় নিয়ে তিনি লড়াই করেছিলেন- ১. দাও আমায় স্বাধীনতা দাও, ২. মুক্তভাবে বিতর্ক করার স্বাধীনতা দাও, ৩. সবার ওপরে আমাকে মুক্তি দাও। সেই মুক্তি কিন্তু আজও দেশে দেশে অনুপস্থিত। কর্তৃত্ববাদী শাসনের ফলে স্বাধীন গণমাধ্যম অকার্যকর এক পন্থা। গণমাধ্যম বিষয়ক পণ্ডিতরা বলে গেছেন, মনে রাখতে হবে কোনও বিষয়ে তামাম দুনিয়ার মানুষ যদি একপক্ষে থাকে আর মাত্র একজন যদি থাকে অন্যপক্ষে। তবে সব মানুষের যেমন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সেই একজন মানুষের জন্যও সমান অধিকার থাকতে হবে। তাহলেই আমরা মুক্ত রাষ্ট্র, মুক্ত গণমাধ্যম পাব। সাম্পতিককালে অবশ্য এ নিয়ে প্রশ্ন রয়েছে যেগুলো অমীমাংসিত। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রীয়াজের মতে, পরিবর্তনের প্রথম শর্ত হচ্ছে শিরদাঁড়া শক্ত করে, মাথা উঁচু করে প্রশ্ন করা। 

যথার্থই বলেছেন এই অধ্যাপক। কিন্তু কে প্রশ্ন করবে? আমার তো মাথা-ই নেই। অন্যের কাছে বন্ধক রেখেছি। যোগ্যতা যেখানে কেনাবেচা হয় সেখানে এ নিয়ে কথা বলে কি লাভ? আমি তো প্রশ্ন করতে দাঁড়িয়ে নিজের পরিচয় ভুলে যাই। তবে হ্যাঁ, অন্যের কথা বলব না। আমার যে কিছুই বলার নেই।

নারায়ণগঞ্জে চার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ আটক-দৈনিক মানবজমিন

ধর্ষণের অভিযোগে মুফতি মোস্তাফিজুর রহমান জসিম

নারায়ণগঞ্জে আবারো মাদ্রাসার ৪ আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুফতি মোস্তাফিজুর রহমান জসিম নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‌্যাব। গতকাল  দুপুরে ফতুল্লার ভূঁইঘর এলাকার আল আরাফাহ্‌ রাইস মিল সংলগ্ন দারুল হুদা আল ইসলাম মহিলা মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জসিম দারুল হুদা আল ইসলাম মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ। গত ছয় বছর যাবৎ ওই এলাকার প্রবাসী আলাউদ্দিন মিয়ার বাড়ির নিচ ও দোতলা ভাড়া নিয়ে জসিম মাদ্রাসাটি পরিচালনা করে আসছিলেন। জসিমের ধর্ষণের শিকার মাদ্রাসার সাবেক দুই ছাত্রী র‌্যাব-১১’র কাছে এ বিষয়ে অভিযোগ করলে র‌্যাব তদন্ত শেষে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে গতকাল দুপুরে তাকে আটক করে। জসিমের লালসা থেকে রেহাই পায়নি অষ্টম শ্রেণিতে পড়ুয়া তার আপন ভাতিজিও। র‌্যাব এ পর্যন্ত জসিমের লালসার শিকার হয়েছে এমন ৪ ছাত্রী সম্পর্কে নিশ্চিত হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন, র‌্যাব-১১’র উপ-অধিনায়ক মেজর নাজমুস সাকিব।

কারাবন্দীরা হাসপাতালে আয়েশে-দৈনিক প্রথম আলো

খাজা শাহাদাত উল্লাহ

সোনা চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার হওয়া খাজা শাহাদাত উল্লাহ টানা সাড়ে তিন মাস ধরে হাসপাতালের বিছানায় আয়েশে দিন পার করছেন। তাঁর জটিল কোনো রোগের কথা জানা যায়নি। কারাগারের কাগজপত্রে লেখা, ‘ইনফেকশন, লো ব্যাক পেইন’। সারা দেশে তাঁর মতো শতাধিক বন্দী কারাগারের বাইরে হাসপাতালে রয়েছেন।

খাজা শাহাদাত উল্লাহ আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কারাকক্ষে। সেখানে তাঁর সহযোগীদের অবাধ যাতায়াত।খাজা শাহাদাতের এভাবে মাসের পর মাস হাসপাতালে থাকা নিয়ে বিরক্ত বিএসএমএমইউ প্রশাসন। কিন্তু অজ্ঞাত কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়ছে না। খাজা শাহাদাত উল্লাহর মতো শতাধিক কয়েদি ও হাজতি হাসপাতালে। বড় কোনো রোগ নেই।

মূল আসামি বাদ দিয়ে মিন্নিকে নিয়ে বেশি উৎসাহিত হওয়া ঠিক নয় : হাইকোর্ট-দৈনিক নয়া দিগন্ত

মূল আসামি বাদ দিয়ে মিন্নিকে নিয়ে বেশি উৎসাহিত হওয়া ঠিক নয়

পুলিশ তদন্তে রিফাত শরিফ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ পেলে অবশ্যই প্রধান সাক্ষী মিন্নি আসামি হতে পারে। তবে মূল আসামি বাদ দিয়ে মিন্নিকে নিয়ে বেশি উৎসাহিত হওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। একই সঙ্গে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বা সিআইডির তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একজন আইনজীবীর করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত। আদালত রিটকারী আইনজীবীকে উদ্দেশ্যে করে বলেন, এই রিট করার আইনজীবীর কোনো অধিকার নেই। রিট করলে মিন্নি করবে বা তার মা-বাবা করবে। পুলিশের তদন্তে অসন্তুষ্ট হলে মিন্নির পরিবারের কেউ আদালতে আসতে পারে। স্বাধীন দেশে এটা সবার অধিকার।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

কর্নাটকে নয়া মো়ড়, ১৪ বিধায়কের সদস্যপদ খারিজ করলেন স্পিকার, স্বস্তিতে বিজেপি-দৈনিক আনন্দবাজার

ফের নতুন দিকে বাঁক নিল কর্নাটকের রাজনৈতিক টানাপড়েন।  রবিবার আরও ১৪ ‘বিদ্রোহী’ বিধায়কের সদস্য পদ খারিজ করে দিলেন  স্পিকার কেআর রমেশ কুমার। ফলে, কর্নাটক বিধানসভায় এখন ম্যাজিক ফিগার হয়ে দাঁড়াল ১০৫। স্পিকারের এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তির হাওয়া বইছে বিজেপি শিবিরে। এর মধ্যেই আগামিকাল আস্থাভোটের মুখোমুখি হচ্ছেন বিএস ইয়েদুরাপ্পা।

সদস্যপদ খারিজ হওয়া বিধায়কদের মধ্যে রয়েছেন কংগ্রেসের ১১ জন ও জেডিএসের ৩ জন বিধায়ক। আগামী বিধানসভা ভোট পর্যন্ত তাঁদের সদস্যপদ খারিজ করা হয়েছে। এ দিন সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান রমেশ কুমার। এর আগেও, বৃহস্পতিবার, ৩ জন বিধায়কের সদস্যপদ খারিজ করেন তিনি। ফলে, এই নিয়ে মোট ১৭ বিধায়কের সদস্যপদ খারিজ হয়ে গেল।

আজম খানের মতো ব্যক্তিরা আসলে লম্পট’, সাংসদকে একহাত নিলেন জাভেদ আখতার-দৈনিক সংবাদ প্রতিদিন

Image Caption

বিতর্ক ও আজম খান একপ্রকার সমার্থক বললে অত্যূক্তি হবে না। লোকসভায় উত্তরপ্রদেশের এই সাংসদের বিতর্কিত মন্তব্যকে ঘিরে আপাতত সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি, বিজেপি সাংসদ রমাদেবীর উদ্দেশে করা আজমের মন্তব্যে নিন্দায় সরব হয়েছেন দেশের মহিলা সাংসদরা। সেই ইস্যুকে কেন্দ্র করে শুক্রবার লোকসভায় মহিলা এবং পুরুষ সাংসদরা দলমত নির্বিশেষে আজমের বিরুদ্ধে গর্জে উঠেছেন। আর সেই চড়া সুরেই সুর মিলিয়েছেন তৃণমূলের দুই নবনির্বাচিত মহিলা সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। এবার আজমের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিলেন স্বনামধন্য কবি তথা গীতিকার জাভেদ আখতার।

সংসদের শ্রদ্ধেয় স্পিকারের উচিত ওকে যথাযথযোগ্য শিক্ষা দেওয়া। এমন শিক্ষা দিক, যা ও কোনওদিন ভুলবে না।”    

উত্তরপ্রদেশের রামপুরের সমাজবাদী পার্টির সাংসদ আজম খানকে কটাক্ষ করে শনিবার জাভেদ একটি টুইট করেন। তিনি লেখেন, “স্পিকারের দায়িত্বে থাকা একজন মহিলা সাংসদকে আজমের এধরনের মন্তব্য করা কখনওই মেনে নেওয়া যায় না। এদের মতো ব্যক্তিরা আসলে অশ্লীল, মূর্খ, লম্পট চরিত্রের। সংসদের শ্রদ্ধেয় স্পিকারের উচিত ওঁকে যথাযথযোগ্য শিক্ষা দেওয়া। এমন শিক্ষা দিক, যা ও কোনওদিন ভুলবে না।”    

এই প্রথম অবশ্য বেঁফাস মন্তব্য করে বিতর্কে জড়াননি সমাজবাদী পার্টির নেতা আজম খান। সাম্প্রতিক অতীতেও বহুবার মহিলাদের উদ্দেশে কটূক্তি করেছেন তিনি। আর মহিলাদের প্রতি তাঁর কটূক্তিই তাঁকে একাধিকবার খবরের শিরোনামে নিয়ে এসেছে।

প্রত্যেক ভারতবাসী ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে দাবি প্রধানমন্ত্রীর-দৈনিক আজকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বালাকোট প্রত্যাঘাতের পর তা প্রচারে এনেছিলেন তিনি। এবার চন্দ্রযান–২ সফল উৎক্ষেপন হওয়ার পর রবিবার আরও বেশি করে তা প্রচারে আনলেন। সঙ্গে‌ প্রথমবারের বাঁধা থেকে সফল উৎক্ষেপণ হওয়া চন্দ্রযান–২ এখন স্থান পেল মন কি বাত অনুষ্ঠানে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে এক সপ্তাহের মধ্যেই সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। প্রত্যেক ভারতবাসী সেইভাবেই ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে।রবিবার দুপুরে ঘটনাটি প্রচারও করার পাশাপাশি লোকসভা নির্বাচনে কোণঠাসা অবস্থা থেকে ফের ক্ষমতায় ফিরে আসার কথা বোঝাতেই এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮