বিএনপির নীতিনির্ধারকদের প্রশ্ন-ডেঙ্গু-ধর্ষণ-শিশু নির্যাতন-শেয়ার বাজার লুট, কোনটা গুজব?
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩০ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ডেঙ্গুতে শুধু ঢাকা মেডিকেলেই ৯ জনের মৃত্যু-দৈনিক প্রথম আলো
- ফেরিতে স্কুলছাত্রের মৃত্যু: ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট-দৈনিক যুগান্তর
- ডেঙ্গু পরীক্ষায় প্রতারণা: ইবনে সিনার চেয়ারম্যানসহ ৪জনের বিরুদ্ধে মামলা-দৈনিক ইত্তেফাক
- রাস্তা ছাড়েন, ফ্ল্যাগ নামান-ফেসবুক ডায়েরি-দৈনিক মানবজমিন
- বিএনপির নীতিনির্ধারকদের প্রশ্ন-ডেঙ্গু-ধর্ষণ-শিশু নির্যাতন-শেয়ার বাজার লুট, কোনটা গুজব?-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- উন্নাও: বিজেপি বিধায়কের নামে খুনের মামলা দায়ের-দৈনিক আনন্দবাজার
- মার্কিন চোখ রাঙানিকে থোড়াই কেয়ার, এবার আর-২৭ মিসাইল কিনল ভারত-দৈনিক সংবাদ প্রতিদিনমুসলিমদের বাড়িতে গরু থাকা লাভ জিহাদের সমান: রঞ্জিত শ্রীবাস্তব-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
প্রথমেই ডেঙ্গু সমাচার।
ডেঙ্গু নিয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম-ডেঙ্গুতে শুধু ঢাকা মেডিকেলেই ৯ জনের মৃত্যু।
বিস্তারিত খবরে লেখা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। এ নিয়ে ঢামেক হাসপাতালে চলতি মাসে ডেঙ্গু জ্বরে মারা যাওয়া মানুষের সংখ্যা নয় হলো।গতকাল সোমবার পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৯৩ জন ভর্তি রয়েছেন। ইত্তেফাকের একটি খবরের শিরোনাম-বরিশালে ডেঙ্গুতে আরো তিন জনের মৃত্যু হয়েছে। আরেকটি খবরে লেখা হয়েছে, ডেঙ্গুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নুরুল আমিন নাহিদের স্ত্রী ফারজানা (৪২) ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে মারা গেছেন।
‘দুর্নীতির কারণে মশা নিধন হচ্ছে না’বলেছেন অধ্যাপক আবু সাইয়িদ। দৈনিক যুগান্তরের এ খবরে লেখা হয়েছে, সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডেংগু, খুন, ধর্ষণের প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন ‘বর্তমানে মন্ত্রীরা যত কথা বলেন সব কথা এক জায়গায় করলে দেখা যাবে বাংলাদেশে একটি মশাও নেই, সব মরে গেছে। কিন্তু তারা শুধু কথাই বলেন, মশা মারার কোনো ব্যবস্থা করেন না। দেশে একটি মশাও তো মরে না, কারণ তারা যে ওষুধ নিয়ে আসেন সেই ওষুধের মধ্যেও দুর্নীতি করেন, যার কারণে সে ওষুধ দ্বারা মশা নিধন হয় না’।
দৈনিক ইত্তেফাকের একটি খবরের শিরোনাম-ডেঙ্গু পরীক্ষায় প্রতারণা: ইবনে সিনার চেয়ারম্যানসহ ৪জনের বিরুদ্ধে মামলা
খবরটিতে বলা হয়েছে, ডেঙ্গু রোগের পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করা হয়েছে।মামলায় অভিযোগ থেকে জানা যায়, ২৫ জুলাই বাদী জ্বর অনুভব করলে ইবনে সিনা হাসপাতালের ধানমন্ডি শাখাতে যান। আউটডোরে পরামর্শ করলে তারা ডেঙ্গু জ্বর হয়েছে কি না তা জানতে এনএসআই এজি এবং সিবিসি পরীক্ষা করানোর পরামর্শ দেন। পরে তিনি ওই পরীক্ষা দুটি করেন।
পরদিন রিপোর্ট সংগ্রহ করে তিনি দেখেন, রক্তের প্ল্যাটিলেট লেভেল ৭৮৪০০০ সিএমএম। রিপোর্ট দেখে বাদী আতঙ্কিত হন। ওই দিনই (২৬ জুলাই) তিনি বাংলাদেশ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে গিয়ে একই পরীক্ষা করান। সেখানে পরীক্ষা করে দেখেন রক্তের প্ল্যাটিলেট লেভেল দুই লাখ সিএমএম। যা সুস্থ এবং স্বাভাবিক মানুষের শরীরে বিদ্যমান থাকে।
বাদী অভিযোগ করেন, একজন সুস্থ মানুষের রক্তের প্ল্যাটিলেট লেভেল দেড় লাখ থেকে সাড়ে ৪ চার লাখ। কিন্তু ইবনে সিনার ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার রক্তের প্ল্যাটিলেট লেভেল ৭৮৪০০০ সিএমএম দেখায়। যা কোন সুস্থ বা অসুস্থ মানুষের ক্ষেত্রেই হতে পারে না। ইবনে সিনার ভুল রিপোর্টের ভিত্তিতে তিনি ওষুধ খেলে শারীরিক, মানসিক ও অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন এবং জীবননাশেরও সম্ভাবনা ছিল।
এসব অভিযোগ করে মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।
ফেরিতে স্কুলছাত্রের মৃত্যু: ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট-দৈনিক যুগান্তর
মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে তিন ঘণ্টা দেরিতে ফেরি ছাড়ায় অ্যাম্বুলেন্সে থাকা সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যুতে তার পরিবারের জন্য তিন কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করা হয়েছে। মঙ্গলবার মানবাধিকার সংগঠন লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইটসের চেয়ারম্যান জহিরুদ্দিন লিমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে আবেদনটি করেছেন।আবেদনে তিতাসের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষকে উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে নেয়া হচ্ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
তিতাস নড়াইল কালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তাকে বহন করা অ্যাম্বুলেন্সের গতি রোধ করে তিন ঘণ্টা আটকে রাখে শিমুলিয়া ঘাটের ফেরি কর্তৃপক্ষ। কারণ নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুস সবুর মন্ডল ঢাকায় ফিরবেন কুমিল্লা নামের ওই ফেরিটিতে।
তাই আহত শিক্ষার্থীর স্বজনরা শত অনুরোধ করলেও তা কানে নেননি ফেরি কর্তৃপক্ষ। যুগ্ম সচিব যাবেন ফেরিটিতে, তিনি না আসা পর্যন্ত কোনো মতে এটি ছাড়া যাবে না। এতে তিন ঘন্টা অপেক্ষার পর সচিব আসার পর ছাড়া হলো ফেরি। ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তিতাসের।তার পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ, বিআইডব্লিউটিএর কর্তাদের অনুরোধ করেও কোনো কাজ হয়নি। এমনকি সরকারি জরুরি সেবার হটলাই ৯৯৯-এ ফোন করা হলেও ফেরি দ্রুত ছাড়তে কেউ কোনো উদ্যোগ নেয়নি।
রাস্তা ছাড়েন, ফ্ল্যাগ নামান-ফেসবুক ডায়েরি-দৈনিক মানবজমিন
অধ্যাপক আসিফ নজরুল তার ফেসবুক ডায়েরিতে লিখেছেন, রাস্তা কি আপনার? নাকি আপনার বাপ-দাদার? রাস্তা কেন বন্ধ থাকবে আপনার জন্য? ফেরী-রেল-বিমান কি আপনার টাকায় কেনা? কেন থেমে থাকবে এসব আপনার অপেক্ষায়? কেন লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন কষ্ট পাবে আপনার আরামের জন্য? মানুষের করের টাকায় বেতন পান তাদের সেবা করার জন্য । আপনার গাড়ীতে কেন থাকবে ফ্ল্যাগ? কেন বাজবে মানুষকে থামানোর হুইসেল, দেখানো হবে পুলিশের লাল ডান্ডা। কোন অধিকারে? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আর এ্যম্বুলেন্সের মানুষ ছাড়া কারো চলার সময়ে এক মিনিটও রাস্তা বন্ধ থাকতে পারবে না। মন্ত্রীপর্যায়ের নীচে কারো গাড়ীতে ফ্ল্যাগ থাকতে পারবে না। এসব দাবি তুলতে হবে আমাদের।
বিএনপির নীতিনির্ধারকদের প্রশ্ন-ডেঙ্গু-ধর্ষণ-শিশু নির্যাতন-শেয়ার বাজার লুট, কোনটা গুজব?-দৈনিক নয়া দিগন্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডেঙ্গু ও বন্যা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে এখন সবকিছুকেই ‘গুজব’ বলে চালিয়ে যাচ্ছে। সরকারের কাছে প্রশ্ন রেখে বিএনপির নীতিনির্ধারক বলেন, ‘কোনটা গুজব? ডেঙ্গু মহামারি আকারে ছড়িয়ে পড়েছে এটা? মহিলাদের প্রতিনিয়ত ধর্ষণ করা হচ্ছে এটা? শিশুদের প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে এটা? শেয়ারবাজার থেকে গত দুই সপ্তাহে ২৭ হাজার কোটি টাকা লুট করা হয়েছে এটা? ব্যাংক লুট করে খালি করে দেয়া হয়েছে এটা? গুম-খুন-হত্যা করা হচ্ছে এটা? নাকি নির্বাচন কমিশন থেকে সংবিধান লংঘন করে হজ পর্যবেক্ষণে গেছে এটা গুজব? গুজব আসলে কোনটা?’
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
উন্নাও: বিজেপি বিধায়কের নামে খুনের মামলা দায়ের-দৈনিক আনন্দবাজার
উন্নাওয়ে ধর্ষিতার গাড়ি ‘দুর্ঘটনা’য় পড়ার ঘটনায় বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে সরাসরি ৩০২ (খুন), ৩০৭ (খুনের চেষ্টা) এবং ৫০৬ (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের হল। কুলদীপের ভাই মনোজ সেঙ্গার-সহ আরও ৮ জনের নাম রয়েছে এফআইআরে। ধর্ষিতার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ-কর্মীরাই যে কুলদীপকে ধর্ষিতা ও তার পরিবারের গতিবিধির ব্যাপারে তথ্য দিতেন, সে কথাও এফআইআরে রয়েছে। রাতে উত্তরপ্রদেশের মুখ্যসচিব জানান, এই ঘটনায় সিবিআই তদন্তেরই সুপারিশ করা হচ্ছে। ধর্ষণের মামলা আগেই সিবিআইয়ে গিেয়ছে। ধর্ষিতার পরিবার সিবিআই তদন্তের দাবি তুলে কালই অভিযোগ করে, হত্যার চক্রান্ত করেই গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে। পুলিশ কিন্তু এ দিনও বলছিল, বৃষ্টির মধ্যে অত্যধিক জোরে চালাতে গিয়েই হয়তো দুর্ঘটনা ঘটেছে।
মুসলিমদের বাড়িতে গরু থাকা লাভ জিহাদের সমান: রঞ্জিত শ্রীবাস্তব-দৈনিক আজকাল
আবার বেফাঁস মন্তব্য উত্তর প্রদেশের বারবাঁকির বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তবের। আগের দিন তিনি বারবাঁকি পুরসভার বোর্ড মিটিং–এ দাবি করেছিলেন গরুরা জাতিতে হিন্দু। সেজন্য সাদা কাপড়ে মুড়ে সম্পূর্ণ হিন্দু সৎকার রীতি মেনে পোড়াতে হবে। কবর দেওয়া যাবে না। এজন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে গরুদের পৃথক বৈদ্যুতিন চুল্লি তৈরির প্রস্তাব পেশ করার কথা বলেছিলেন। এবার রঞ্জিত শ্রীবাস্তবের মন্তব্য, কোনও মুসলিম বাড়িতে যদি গরু থাকে তাহলে সেটা লাভ জিহাদের সামিল। কারণ, যেভাবে কোনও হিন্দু মেয়ে কোনও মুসলিম ছেলেকে বিয়ে করলে সেটাকে লাভ জিহাদ বলা হয়, তেমনই কোনও মুসলিম পরিবার গরু পুষলেও তা লাভ জিহাদ। তাই যে সব মুসলিম পরিবারের গরু রয়েছে তাদের থেকে সেগুলি ফিরিয়ে আনার দাবি তুলেছেন রঞ্জিত শ্রীবাস্তব।
মার্কিন চোখ রাঙানিকে থোড়াই কেয়ার, এবার আর-২৭ মিসাইল কিনল ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন
মার্কিন চোখ রাঙানি উপেক্ষা করে এবার রাশিয়ার সঙ্গে অত্যাধুনিক আর-২৭ মিসাইল কেনার চুক্তি স্বাক্ষর করল ভারত। ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে কেনা হবে এই ঘাতক যুদ্ধাস্ত্র। রাশিয়ায় নির্মিত এই ক্ষেপণাস্ত্র যুক্ত করা হবে ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানে। আর-২৭ ক্ষেপণাস্ত্র কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি হওয়ার কথা জানানো হয়েছে সরকারি সূত্রে। অস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেকোনও আবহাওয়াতেও, দিন হোক বা রাত, মাঝ আকাশে নিশানায় নিখুঁত আঘাত হানতে সক্ষম এই রুশ ক্ষেপণাস্ত্র। ১০-আই প্রকল্পের অধীনে রাশিয়ার কাছ থেকে আর-২৭ ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে। গত ৫০ দিনের মধ্যে এনিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার লক্ষ্যে সব মিলিয়ে ৭ হাজার ৬০০ কোটি টাকার চুক্তি সই করেছে বায়ুসেনা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০