জুলাই ৩১, ২০১৯ ১১:৪১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩১ জুলাই বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • মৃতের সংখ্যা ৫০ ছাড়াল, ৬২ জেলায় ডেঙ্গু রোগী-দৈনিক প্রথম আলো
  • স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে মন্তব্য করতে চানা না কাদের-দৈনিক মানবজিমন
  • বিএনপির অবস্থা এখন মিথ্যাবাদী রাখালের মতো: ওবায়দুল কাদের
  • প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা নিলে ডেঙ্গু মহামারী আকার ধারণ করত না, আদালতের উদ্বেগ-দৈনিক মানবজমিন
  • রোহিঙ্গা সমস্যা সমাধানে জাপানের মধ্যস্থতার প্রস্তাব-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • দুর্নীতির অভিযোগ, এই প্রথম সিবিআই তদন্তের মুখে বিচারপতি -দৈনিক আনন্দবাজার
  • বুধবার দেশজুড়ে চিকিৎসকদের কর্মবিরতি, চরম ভোগান্তির শিকার রোগীরা -দৈনিক সংবাদ প্রতিদিন
  • অক্টোবর মাসেই বিধানসভা নির্বাচন চায় বিজেপি, ভূস্বর্গ নিয়ে তৈরি হচ্ছে নকশা-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ডেঙ্গু জ্বরে বেশ কয়েকটি মৃত্যুর খবরে দেশবাসী যখন আতঙ্কিত, স্বাস্থ্যমন্ত্রী তখন স্বপরিবারে মালয়েশিয়া সফরে গেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। কীভাবে দেখছেন বিষয়টিকে?

২. পারস্য উপসাগরে জোট গঠনের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জার্মানি। এর কারণ কী?

বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কযেকটি খবর:

মৃতের সংখ্যা ৫০ ছাড়াল, ৬২ জেলায় ডেঙ্গু রোগী-দৈনিক প্রথম আলো

ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে

চলতি বছর ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। এর মধ্যে আজ বুধবার ও গতকাল মঙ্গলবার ঢাকায় তিনজন এবং বরিশালে দুজনের মৃত্যু হয়েছে। প্রথম আলোর অনুসন্ধানে পাওয়া এই তথ্যের সঙ্গে অবশ্য সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের ব্যাপক ফারাক রয়েছে। অধিদপ্তর বলছে, এ পর্যন্ত ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে।

এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ভেঙেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যই বলছে, গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৫ হাজার ৩৬৯ জন রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হওয়া ১ হাজার ৩৩৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছর এক দিনে ভর্তি হওয়া রোগীর দিক থেকে সর্বোচ্চ।

  • এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ভেঙেছে
  • চলতি বছর ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ পর্যন্ত ডেঙ্গুতে ৮ জন মারা
  • গেছে 

২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১,৩৩৫ জন। সরকারি হিসাবে গতকাল পর্যন্ত দেশের ৬০টি জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি ছিল।

২৩৫০ স্কুল–কলেজে বন্যার ক্ষত-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের এবারের বন্যায় ২৩৫০ স্কুল–কলেজে বন্যার ক্ষত

চলমান বন্যায় দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ৩৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা ১ হাজার ৫৫৭টি এবং ৭৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগসংক্রান্ত দৈনিক প্রতিবেদন বলছে, গত সোমবার পর্যন্ত ১২টি জেলায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান মিলিয়ে ৪ হাজার ৩৩১টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩০টি প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে যা বললেন কাদের-দৈনিক যুগান্তর

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সারা দেশে মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু। এ পরিস্থিতিতে সরকার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করেছে। তবে এরই মধ্যে সপরিবারে মালয়েশিয়া সফরে গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। এ সফর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর রয়েছে, সে প্রসঙ্গে আজ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কে দেশে কে বিদেশে তা বিষয় নয়, ডেঙ্গু মোকাবেলায় কাজ হচ্ছে কিনা সেটিই মুখ্য বিষয়।

প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা নিলে ডেঙ্গু মহামারী আকার ধারণ করত না, আদালতের উদ্বেগ-দৈনিক মানবজমিন

প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা নিলে ডেঙ্গু মহামারী আকার ধারণ করত না, আদালতের উদ্বেগ

ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে ব্যবস্থা নিলে আজ মহামারী আকার ধারণ করত না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সারা দেশে ডেঙ্গু বিস্তারে উদ্বেগ প্রকাশ করে আদালত বলেছেন, ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের ন্যায় আমরাও উদ্বিগ্ন ও আতঙ্কিত। সারা দেশের আদালত প্রাঙ্গণে নিরাপত্তা চেয়ে করা এক রিটের শুনানিতে হাইকোর্ট এমন মন্তব্য করেন। 

বুধবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি হয়। রিটের শুনানি শেষে আদালত সারা দেশে কেন নিরাপত্তা জোরদার করা হবে না, এ মর্মে চার সপ্তাহের রুল জারি করেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

বুধবার দেশজুড়ে চিকিৎসকদের কর্মবিরতি, চরম ভোগান্তির শিকার রোগীরা-দৈনিক সংবাদ প্রতিদিন

ডাক্তারদের ধর্মঘটে রোগীদের ভোগান্তি চরমে

দেশব্যাপী ধর্মঘটে ব্যাহত চিকিৎসা পরিষেবা। বুধবার সকাল থেকে রাজ্যের কোনও সরকারি হাসপাতালের আউটডোরে ছিলেন না কোনও চিকিৎসক। তবে বেলা গড়াতে কয়েকটি হাসপাতালে পরিষেবা চালু হওয়ার ইঙ্গিত মিলেছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিলের প্রতিবাদে আজ দেশজুড়ে ধর্মঘট পালন করছেন চিকিৎসকরা। যাতে সমর্থন জানিয়েছে এ রাজ্যের চিকিৎসকদের সাত সংগঠন। আর এই কারণেই বহরমপুর, শিলিগুড়ি মেডিক্যাল কলেজ থেকে কলকাতা মেডিক্যাল কলেজ, এসএসকেএম; সর্বত্র একই ছবি। এর ফলে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। দূর দূরান্ত থেকে রোগীরা এসে হয়রানির শিকার হচ্ছেন।

অক্টোবর মাসেই বিধানসভা নির্বাচন চায় বিজেপি, ভূস্বর্গ নিয়ে তৈরি হচ্ছে নকশা- আজকাল

চলতি বছরের অক্টোবর মাসেই জম্মু–কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ব্যবস্থা করুক নির্বাচন কমিশন। এমনটাই চাইছে বিজেপি। তবে তা হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। ২০১৮ সালের জুন মাসে জম্মু–কাশ্মীরের বিজেপি–পিডিপি জোট ভেঙে যায়। আর নভেম্বরে ভেঙে দেওয়া হয় জম্মু–কাশ্মীর বিধানসভা। ফলে সেখানে জোট সরকার পড়ে যায়। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই মেহবুবা মুফতি মন্ত্রিসভা ভেঙে দেয় বিজেপি বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার বিধানসভা দখল করতে চায় তারা। 

দুর্নীতির অভিযোগ, এই প্রথম সিবিআই তদন্তের মুখে বিচারপতি-দৈনিক আনন্দবাজার

দুর্নীতির অভিযোগ, এই প্রথম সিবিআই তদন্তের মুখে কোনো বিচারপতি

নজিরবিহীন ভাবে হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে সিবিআই তদন্তের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। দুর্নীতির অভিযোগে ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এসএন শুক্লর বিরুদ্ধে তদন্তের আবেদন করেছিল সিবিআই। তাতে সাড়া দিয়ে শুক্লর বিরুদ্ধে সিবিআই তদন্তে সবুজ সঙ্কেত দিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এই প্রথম কর্মরত অবস্থায় সিবিআই তদন্তের সামনে পড়তে চলেছেন কোনও বিচারপতি। এর আগে অবশ্য এমন উদাহরণ দেখেনি দেশ। বিচারপতি এসএন শুক্ল ইলাহাবাদ হাইকোর্টে কর্মরত। বিতর্কের সূত্রপাত, ২০১৭ সালে লখনউয়ের জিসিআরজি ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স নামে একটি সংস্থার পক্ষে দেওয়া রায় নিয়ে। অভিযোগ ওঠে, বিচারপতি শুক্ল নিজেই তাঁর বেঞ্চের দেওয়া রায় বদলে দেন। উন্নত পরিকাঠামো না থাকায় ওই মেডিক্যাল কলেজের বিরুদ্ধে ছাত্র ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। যদিও, পরে সেই রায় অবশ্য সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১