আগস্ট ০২, ২০১৯ ১২:২২ Asia/Dhaka
  • ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
    ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছেই-দৈনিক প্রথম আলো
  • ডেঙ্গু মোকাবিলায় সবাই এগিয়ে আসুন : ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ
  • ‘মশা মারতেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগে-দৈনিক যুগান্তর
  • সক্রিয় সিন্ডিকেট, মশার ওষুধ আমদানি অনিশ্চিত: দৈনিক ইত্তেফাক
  • রোগীদের দীর্ঘ লাইন, চিকিৎসক সঙ্কট-দৈনিক মানবজমিন

ভারতের খবর:

  • ইসলামাবাদ শর্ত দেওয়ায় কুলভূষণের সঙ্গে দেখা করলেন না ভারতীয় কূটনীতিকরা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ফের একবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চাইলেন ডোনাল্ড ট্রাম্প-দৈনিক আজকাল
  • কাশ্মীরে মোতায়েন আরও ২৮ হাজার জওয়ান, ‘অন্য মতলব’ দেখছেন ওমর  -দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছেই-দৈনিক প্রথম আলো

ডেঙ্গু রোগের প্রকোপ এখন দেশজুড়ে। প্রতিদিনই ঢাকার বাইরের জেলাগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বলা হচ্ছে, ঢাকা থেকে এলাকায় ফিরে যাওয়া ব্যক্তিরাই আক্রান্ত হচ্ছে বেশি।

Image Caption

জেলার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগীরা। তবে অনেকে হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছে।

নাটোর

গত শনিবার থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত সাত দিনে নাটোর জেলায় ১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত পাঁচ দিনে ডেঙ্গুতে আক্রান্ত চারজন নাটোর সদর হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে একজন নারী। হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আলাদা কোনো কর্নার করা হয়নি। সাধারণ ওয়ার্ডে মশারির মধ্যে রাখা হয়েছে। অন্য রোগীরা হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসা নিয়েছে।

কমলগঞ্জ (মৌলভীবাজার)

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কমলগঞ্জ উপজেলার তিন রোগী মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা তিনজনই ঢাকা ফেরত বলে জানা গেছে।

ডেঙ্গু মোকাবিলায় সবাই এগিয়ে আসুন : ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ

এডিস মশা নির্মূল এবং ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ভয়াবহভাবে এই মশার উপদ্রব উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে। এটা অস্বীকার করার উপায় নেই। বিষয়টি আমরা সিরিয়াসলি নিয়েছি।‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে আওয়ামী লীগের তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান। আজ শুক্রবার দক্ষিণ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

মশা মারতেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগে-দৈনিক যুগান্তর

ডেঙ্গু পরিস্থিতি ‘মহামারী' আকার ধারণ করেছে মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ পরিস্থিতিতেও মশা মারতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগে, এটি খুবই হাস্যকর। দায়িত্বশীলতার চূড়ান্ত অভাবের কারণেই দেশের এই চিত্র ধারণ করেছে। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বিরাজিত নৈরাজ্যিক পরিস্থিতি শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

প্রাকৃতিক দুর্যোগ বন্যা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এ সম্মেলনের আয়োজেন করে নাগরিক ঐক্য। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা মান্না বলেন, দেশে ডেঙ্গুর বাহক এডিসের ভয়াবহ বিস্তার ঘটেছে। এ কারণে দেশ আজ এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। দেশের প্রায় সব জেলা এখন ডেঙ্গু কবলিত। অথচও এমন পরিস্থিতিতেও মন্ত্রী-মেয়ররা আজ প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় বসে আছেন।

সক্রিয় সিন্ডিকেট, মশার ওষুধ আমদানি অনিশ্চিত: দৈনিক ইত্তেফাক

সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে আছে মশার ওষুধ আমদানি। দুটি কোম্পানির নিয়ন্ত্রণে মশার ওষুধ আনা হয়। এর মধ্যে একটি বিতর্কিত পাকিস্তানি কোম্পানি। পাকিস্তানি কোম্পানির কাছ থেকে ওষুধ নেওয়া নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

Image Caption

জানা গেছে, ঐ কোম্পানির মালিক জামায়াত নেতা। তাদের দেওয়া ওষুধ অকার্যকর। দীর্ঘদিন ধরে ওষুধের নামে ‘পানি’ ছিটিয়ে আসছে দুই সিটি করপোরেশন। ওষুধ ক্রয়ের অনুমোদনের আগে কীটনাশক বিশেষজ্ঞের লাইসেন্স পেতে হয়।এছাড়া বিশেষজ্ঞ কমিটি, ক্রয় কমিটি ও আইইডিসিআরের অনুমোদনের বিষয়টিও আছে। সবকিছুই যেন সিন্ডিকেটের কাছে জিম্মি। এমন নানা জটিলতা পার করে যেহেতু ওষুধ আমদনি করতে হয়, তাই এক সপ্তাহের মধ্যে কার্যকর ওষুধ আনার ক্ষেত্রে অনেকটা অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

রোগীদের দীর্ঘ লাইন, চিকিৎসক সঙ্কট-দৈনিক মানবজমিন

রোগীর সংখ্যা বিপুল। প্রায় হাসপাতালেই দীর্ঘ সাড়ি। কিন্তু রোগীর তুলনায় ডাক্তার নেই। চিকিৎসক সঙ্কটে দীর্ঘ সময় হাসপাতালের জরুরি বিভাগের লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এই অবস্থা সরকারি ছুটির দিন শুক্রবার রাজধানীর বিভিন্ন হাসপাতালের। হাসপাতালে ডেঙ্গু রোগীদের ভিড়। শিশুদের জ্বর নিয়ে আতঙ্কিত অভিভাবকরা। ঢাকা শিশু হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১২৮ শিশু ভর্তি রয়েছে।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

ইসলামাবাদ শর্ত দেওয়ায় কুলভূষণের সঙ্গে দেখা করলেন না ভারতীয় কূটনীতিকরা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করার জন্য পাকিস্তানের দেওয়া শর্তগুলির একটিও ভারত মানবে না। দিল্লির তরফে শুক্রবার এ কথা জানিয়ে দেওয়া হল। ফলে, এ দিন কুলভূষণের সঙ্গে দেখাও করলেন না ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের অফিসাররা।

পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণ যাদব

ইসলামাবাদের শর্ত কেন মানবে না, তারও কারণ জানিয়েছে দিল্লি। বলেছে, দ্য হেগে, আন্তর্জাতিক আদালতের রায়ে ইসলামাবাদকে দ্রুত ওই অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার ১০ দিনেরও বেশি সময় কেটে যাওয়ার পর, বৃহস্পতিবার পাক সরকার ওই অনুমতি দেওয়ার সময় যে শর্ত আরোপ করেছে, তা আদৌ গ্রহণযোগ্য নয়।

‌ফের একবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চাইলেন ডোনাল্ড ট্রাম্প-দৈনিক আজকাল

ফের একবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চাইলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এমনই ইচ্ছাপ্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এর পাশাপাশি এটাও বললেন, কাশ্মীর ইস্যুতে দু’‌দেশের মধ্যে তখনই মধ্যস্থতা করবে আমেরিকা, যখন ভারতের প্রধানমন্ত্রী রাজি থাকবেন।.

দীর্ঘ কয়েকদশক ধরেই কাশ্মীর ইস্যুতে যুযুধান ভারত–পাকিস্তান দুই দেশ। আর দীর্ঘকালীন এই সমস্যার সমাধানে এই দুই এশীয় প্রতিবেশী সাহায্য চাইলে তা করতে তৈরি আছে আমেরিকা। কয়েকদিন আগেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মার্কিন সফরের সময় কাশ্মীরে মধ্যস্থতা নিয়ে এই মন্তব্য করেছিলেন ট্রাম্প।

কাশ্মীরে মোতায়েন আরও ২৮ হাজার জওয়ান, অন্য মতলব দেখছেন ওমর  -দৈনিক সংবাদ প্রতিদিন

কাশ্মীরে আগেই বাড়তি ১০ হাজার আধাসেনা মোতায়েন করেছিল  কেন্দ্র। এবার আরও ২৮০ কোম্পানি অর্থাৎ প্রায় ২৮ হাজার আধাসেনা মোতায়েন করা হচ্ছে উপত্যকায়। আর এতেই দারুণভাবে চটে গিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ কেন্দ্রের এই পদক্ষেপের নেপথ্যে অন্য মতলব দেখছেন তিনি৷

শুক্রবার একটি টুইটে ওমর লেখেন, ‘কাশ্মীরে এমন কী পরিস্থিতি তৈরি হয়েছে যে সেনা ও বায়ুসেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ আমার মনে হয়না বিষয়টি আর্টিকেল ৩৫এ বা পুনর্বিন্যাস সংক্রান্ত৷ এর নেপথ্যে অন্য কোনও মতলব রয়েছে৷’ তবে অতিরিক্ত সেনা মোতায়েন কেন, তা নিয়ে অবশ্য বিস্তারিত কিছু বলেননি ওমর৷ এর আগে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুক আবদুল্লা ও তাঁর ছেলে ওমর৷ উপত্যকায় পরিস্থিতি স্বাভাবিক করে তোলার আরজি জানান তাঁরা৷#

পার্সটুডে/বাবুল আখতার/২   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।