বিএনপি ডেঙ্গু নিয়ে রাজনীতি করছে- কাদের, ডেঙ্গু রোগী বাড়ছে ব্যাপক হারে
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩ আগস্ট শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম
- বিএনপি ডেঙ্গু নিয়ে রাজনীতি করছে: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
- ‘দেশে ন্যূনতম সুরক্ষা নেই’ শাহদিন মালিক-দৈনিক প্রথম আলো
- হু হু করে বাড়ছে মশক নিধন পণ্যের দাম-দৈনিক মানবজিমন
- ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে ব্যাপক হারে-দৈনিক ইত্তেফাক
- বংশ বিস্তার রোধে পুরুষ এডিস মশাকে বন্ধ্যা করা হবে : বিজ্ঞানমন্ত্রী -দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- গুজবে কান দেবেন না, রাজ্যে শান্তি বজায় রাখুন, আহ্বান জানালেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল -দৈনিক আনন্দবাজার
- ইংরাজি ভীতির কারণে ঋষিকের আত্মহত্যা অবিশ্বাস্য! বলছে পরিবার -দৈনিক সংবাদ প্রতিদিন
- গোধরায় গণপিটুনি, ‘জয় শ্রীরাম’ না বলায় তিন মুসলিম কিশোরকে মারধর-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
প্রথমেই ডেঙ্গু সমাচার।
বিএনপি ডেঙ্গু নিয়ে রাজনীতি করছে: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
ডেঙ্গু নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে ডিএনসিসির পাঁচ নম্বর অঞ্চলের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ডেঙ্গুমুক্ত বাংলাদেশ শেখ হাসিনার নির্দেশ’—এই অঙ্গীকারে ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধে সরকার কর্মতৎপরতা শুরু করেছে। সর্বাত্মকভাবে একে লড়াই হিসেবে নিয়েছে। তিনি বলেছেন ডেঙ্গু বর্তমানে সারা বিশ্বের সমস্যা। আর দৈনিক ইত্তেফাকের খবরে বলা হয়েছে, ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে ব্যাপক হারে। এক দিনে আক্রান্ত ১৬৮৭, রাজধানীতে মারা গেছেন নারীসহ তিনজন।
এদিকে দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনাম এরকম যে, ডেঙ্গু মহামারি আকার ধারন করেছে: সুজন সম্পাদক
এ খবরে লেখা হয়েছে, ডেঙ্গু মহামারি আকার ধারন করেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেছেন, ডেঙ্গু প্রতিহত করতে যে সমন্বিত প্রচেষ্টা এবং পূর্ব প্রস্তুতির দরকার ছিল, তা গ্রহণ করা হয়নি বলেই বর্তমান অবস্থা দাঁড়িয়েছে। তিনি বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে মশক নিধন পণ্যের ওপর মানুষের চাহিদা বেড়ে গেছে। আর এই সুযোগে সিন্ডিকেট, দুর্নীতি করে মশক নিধন পণ্যের দাম বাড়ানো হচ্ছে। সুজন সম্পাদক বলেন, আমাদের দেশে দেখা যায়, রমজান এলে রমজানের প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বেড়ে যায়। ডেঙ্গু তো মানুষের জীবন-মরণ নিয়ে প্রশ্ন। মানুষ বিপদে পড়েছে- এই সুযোগটা নেয়া সঠিক না। নাগরিকের অধিকার, ভোক্তার অধিকারের দিকে সরকারকে দেখতে হবে।
এডিস মশাদের বন্ধ্যাকরণ সম্পর্কিত খবর পরিবেশিত হয়েছে দৈনিক নয়া দিগন্তের খবরটির শিরোনাম এরকম-বংশ বিস্তার রোধে পুরুষ এডিস মশাকে বন্ধ্যা করা হবে : বিজ্ঞানমন্ত্রী
ডেঙ্গু মশার প্রাদুর্ভাব মানুষকে রক্ষা করতে এবার পুরুষ এডিস মশাকে স্থায়ী বন্ধ্যাকরণের মাধ্যমে এডিস মশার বংশ হ্রাস করার স্থায়ী পদ্ধতি উদ্ভাবন করেছে আশুলিয়ার সাভার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান। শনিবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আশুলিয়ায় সাভার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে পুরুষ এডিস মশা বন্ধ্যাকরণ পদ্ধতি পরিদর্শন করে এ কথা জানান। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানান, স্ত্রী এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়। তাই মশার বংশ বিস্তার রোধে পুরুষ এডিস মশাকে গামা রশ্মির মাধ্যমে বন্ধ্যাকরণ করা হয়। এ সব বন্ধ্যা পুরষ মশা স্ত্রী এডিস মশার সাথে মিলিত হলে উক্ত মশার ডিম বা লার্ভা নিষিক্ত না হওয়ায় মশা বংশ বিস্তার হবে না। তাই এ পদ্ধতিকে অতি শিগগিরই সারাদেশে প্রয়োগ করার আহবান জানান তিনি।
দেশে ন্যূনতম সুরক্ষা নেই’ শাহদিন মালিক-দৈনিক প্রথম আলো
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেছেন, ‘দেশে ন্যূনতম সুরক্ষা নেই। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও তার জন্য জবাবদিহি না থাকা হলো একটি রাষ্ট্র অকার্যকর হওয়ার বড় লক্ষণ।’ আজ সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই আইনজীবী এ কথা বলেন। সুরক্ষা কমিটি বলছে, জেনেভায় প্রতিবেদন জমা দেয়া ইতিবাচক তবে ‘অবাস্তব প্রতিবেদন’ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানের সভাপতি শাহদীন মালিক বলেন, ‘জেনেভায় দেওয়া আইনমন্ত্রীর বক্তব্য শুনে আইনজীবী হিসেবে লজ্জা পেয়েছি। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, নির্যাতন বন্ধে প্রতিরোধ ব্যবস্থা নেই, তাই পুলিশ হেফাজতে নির্যাতন বন্ধ হচ্ছে না। আইনে না থাকলেও বাস্তবে গুম হচ্ছে। আবার নির্যাতন বন্ধে আইন আছে অনেক কিন্তু বাস্তবায়ন শূন্য।
তারেক রহমান ও প্রিয়া সাহার সঙ্গে ষড়যন্ত্র করছেন সিনহা: মুক্তিযুদ্ধমন্ত্রী-দৈনিক যুগান্তর
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, তারেক রহমান ও প্রিয়া সাহার সঙ্গে সংযোগ রক্ষা করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন যুক্তরাষ্ট্রে থাকা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসকে সিনহাকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আখ্যায়িত করে তার বিচারের দাবি তুলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী। মোজাম্মেল হক বলেন, সিনহাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে দ্রুত দেশে ফিরিয়ে আনা উচিৎ। বিচার বিভাগে এত বড় দুর্নীতিবাজ কখনোই বাংলাদেশে আসে নাই বলে মন্তব্য করেন তিনি।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
জয় শ্রীরাম নিয়ে ঘটনা প্রায়শই ঘটছে। এ সম্পর্কে দৈনিক আজকালের শিরোনাম-গোধরায় গণপিটুনি, ‘জয় শ্রীরাম’ না বলায় তিন মুসলিম কিশোরকে মারধর।
বিস্তারিত খবরে লেখা হয়েছে, ‘জয় শ্রীরাম’ না বলায় ফের একবার গণপিটুনির শিকার হতে হল সংখ্যালঘু সম্প্রদায়ের তিনজনকে। এবারের ঘটনাস্থল আবার গুজরাটের গোধরা। যেখানে জয় শ্রীরাম না বলতে চাওয়ায় তিন কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। জানা গেছে, আক্রান্ত তিন কিশোর সমীর সিদ্দিকি, সলমন ঘিটেলি এবং সোহেল ভগতও বাইকে ছিল। মাঝপথে হঠাৎই তাদের থামিয়ে মারধর দুষ্কৃতী দল। পরে অবশ্য পালিয়ে যায়। ওই ছয়জনের বিরুদ্ধেই একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
গুজবে কান দেবেন না, রাজ্যে শান্তি বজায় রাখুন, আহ্বান জানালেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল –দৈনিক আনন্দবাজার
এটা নিছকই সেনাবাহিনীর একটা রুটিন রোটেশন। পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টিও ভেবে দেখা হচ্ছে। এর পিছনে অন্য কোনও কারণ নেই— কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমন বার্তা দেওয়ার পরেও যেন আতঙ্কটা কাটছে না কাশ্মীরে। গোটা পরিস্থিতি নিয়ে শুক্রবার রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে দেখা করেন মেহবুবা মুফতি, শাহ ফয়জল, সাজ্জাদ লোন এবং ইমরান আনসারি-র মতো বিভিন্ন দলের নেতারা। গুজবে কান না দিয়ে জম্মু-কাশ্মীরে শান্তি বজায় রাখতে ওই প্রতিনিধি দলটিকে আহ্বান জানান রাজ্যপাল। সেনা তত্পরতা নিয়ে ওই দিনই উদ্বেগ প্রকাশ করেছিলেন ন্যাশনাল কনাফারেন্স নেতা ওমর আবদুল্লা। তিনি বলেন, “কাশ্মীরে এটা কী হচ্ছে! কী এমন প্রয়োজন পড়ল যার জন্য বাড়তি সেনা মোতায়েন করতে হচ্ছে?” গত ২৫ জুলাই ১০ হাজার সেনা কাশ্মীরে মোতায়েন করার পর থেকেই উদ্বেগটা বাড়ছিল রাজ্যবাসীর মধ্যে। জল্পনা শুরু হয়ে গিয়েছিল তা হলে কি এ বার ৩৫এ এবং ৩৭০ ধারা নিয়ে কোনও বড়সড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র।
ইংরেজি ভীতির কারণে ঋষিকের আত্মহত্যা অবিশ্বাস্য! বলছে পরিবার-দৈনিক সংবাদ প্রতিদিন
বিদেশি ভাষা আপন হল না, নিত্যদিনের সংযোগের মাধ্যম হিসেবে আত্মীকৃত হল না ভিনদেশি শব্দগুলো৷ শুধুমাত্র এই অভাব পূরণ করতেই কি প্রাণ বিসর্জন দিল সেন্ট জেভিয়ার্সের মেধাবী ছাত্র? নাঃ, একথা বিশ্বাস করতে পারছেন না পরিবারের কেউ৷ কলকাতার নামী কলেজের প্রথম বর্ষের ছাত্র ঋষিক কোলের সিঙ্গুরের বাড়ি গিয়ে চাপ চাপ শোকের মাঝে সেই অবিশ্বাসের ছবিটাই ধরা পড়ল৷
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩