আগস্ট ০৫, ২০১৯ ১৩:৫৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৫ আগস্ট সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • মন্ত্রী ও মেয়রদের লাজ-শরম নেই : মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর
  • ঢাকায় পৌঁছেছে মশার ওষুধের নমুনা-দৈনিক ইত্তেফাক
  • ডেঙ্গু চিকিৎসায় ঢাকার ৬ হাসপাতাল পেল ৩৬ কোটি টাকা-দৈনিক প্রথম আলো
  • ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২০৬৫ জন ভর্তি-দৈনিক মানবজিমন 
  • প্রতিদিনই রেকর্ড ভাঙছে ডেঙ্গুর-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • ৩৭০ ধারা রদ, ‘ঐতিহাসিক ভুল শোধরানো হল’, মত সরকারের, কালো দিন, বলল বিরোধীরা-দৈনিক আনন্দবাজার
  • ‌জম্মু–কাশ্মীরে ১৪৪ ধারা, গৃহবন্দি ওমর, মেহবুবা, লোন-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বিরোধীদের ‘কালো দিন’, শাসকের ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় ১,৮৭০ জন হাসপাতালে ভর্তি; স্বাস্থ্যমন্ত্রী নিয়ন্ত্রণে বলার পরই রেকর্ড। আসলে ডেঙ্গু নিয়ে বাংলাদেশে হচ্ছেটা কী?

২. অনুচ্ছেদ ৩৭০ বাতিল, জম্মু-কাশ্মিরের আলাদা কোনো পতাকা থাকবে না- এটি ভারত সরকারের সিদ্ধান্ত। কী বলবেন এ সম্পর্কে? 

বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

ডেঙ্গু চিকিৎসায় ঢাকার ৬ হাসপাতাল পেল ৩৬ কোটি টাকা-দৈনিক প্রথম আলো

ডেঙ্গু চিকিৎসায় ঢাকার ৬ হাসপাতাল পেল ৩৬ কোটি টাকা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সুচিকিৎসার কথা বলে ঢাকার ছয়টি হাসপাতালের জন্য বাড়তি ৩৬ কোটি ৪৭ লাখ টাকা নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এ টাকায় শুধু ওষুধ কেনা হবে না, ডেঙ্গু রোগী ও রোগীদের সঙ্গে আসা অভিভাবকদের চাপ সামলাতে হাসপাতালের নিরাপত্তাসেবা কেনার জন্যও ব্যয় করা হবে। এ ছাড়া ব্যয় হবে পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী ও পথ্য কেনার জন্য।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ গত মঙ্গলবার ‘অতি জরুরি’ ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কাছে এ টাকা চায়। অর্থ বিভাগও এক দিনের মাথায় অর্থাৎ গত বুধবার পুরো অর্থই বরাদ্দ দিয়ে দেয়।

ঢাকায় পৌঁছেছে মশার ওষুধের নমুনা-দৈনিক ইত্তেফাক

ডেঙ্গু মশা নিধনে কীটনাশকের নমুনা ঢাকায় পৌঁছেছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যবহারের জন্য মশার ওষুধের নমুনা বিদেশ থেকে ঢাকায় এসে পৌঁছেছে। আজ সোমবার (৫ আগস্ট) দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নমুনাগুলো আনা হয় বলে জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানা গেছে, মশার ওষুধের নতুন একটি নমুনা সংগ্রহ করা হচ্ছে। ওষুধের নমুনাটি ভারত থেকে আনা হয়েছে। মঙ্গলবার ডিএসসিসিতে এই ওষুধের পরীক্ষা শেষে আইইডিসিআর এবং কীট তত্ত্ব বিভাগে পাঠানো হবে।

মন্ত্রী ও মেয়রদের লাজ-শরম নেই : মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, মন্ত্রী-মেয়রদের লাজ শরম নেই

ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে ব্যর্থতায় স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, মিডিয়া গুরুত্ব দেয়ায় মানুষ ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জানতে পারছে। না হলে এই সরকার গুজব বলে উড়িয়ে দিত। আসলে মন্ত্রী ও মেয়রদের কোনো লাজ-শরম নেই। যেটাকে এক কথায় বলা যায়- বেহায়া। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে রক্তদান কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। ডেঙ্গু আক্রান্তদের জন্য এই রক্তদান কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

জনগণের কাছে সরকারের জবাবদিহি নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই এদের উদ্দেশ্য থাকে জনগণের টাকা লুট করার। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি নেই। জনস্বার্থ এদের কাছে উপেক্ষিত। এই সরকার মানুষের স্বার্থবিরোধী সরকার। তারা মানুষের ন্যূনতম অধিকারকে লুণ্ঠন করে ক্ষমতায় থাকতে চায়।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

৩৭০ ধারা রদ, ‘ঐতিহাসিক ভুল শোধরানো হল’, মত সরকারের, কালো দিন, বলল বিরোধীরা-দৈনিক আনন্দবাজার

Image Caption

কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিল কেন্দ্র সরকার। ফলে, কার্যত নতুন করে কাশ্মীরের ইতিহাস রচনার পথে মোদী সরকার। একইসঙ্গে কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হল লাদাখকে। দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। দু’টি জায়গাতেই দু’জন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করা হবে।

Image Caption

দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ রাজ্যের একাধিক শীর্ষনেতা গৃহবন্দি। গ্রেফতারও হয়েছেন কেউ কেউ। উপত্যকার বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই জারি হয়েছে ১৪৪ ধারা। এর জেরে, উপত্যকায় কী হতে চলেছে তা নিয়ে কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। সেই জল্পনার অবসান ঘটল আজ।সোমবার, সংসদ শুরু হতেই রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা তুলে দেওয়ার কথা ঘোষণা করেন অমিত। সঙ্গে সঙ্গেই বিরোধীরা তুমুল হই হট্টগোল জুড়ে দেন। কয়েক মিনিটের জন্য মুলতুবি হয়ে যায় অধিবেশন। পরে ফের অধিবেশন শুরু হলে, বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে, জম্মু-কাশ্মীরের বিধানসভা থাকবে।

বিরোধীদের ‘কালো দিন’, শাসকের ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’-দৈনিক আজকাল

কাশ্মিরে ১৪৪ ধারা জারি

৩৭০ ধারা বাতিল করে জম্মু–কাশ্মীরকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়ায় অস্থির হয়ে উঠেছে কেন্দ্রীয় রাজনীতি। পিডিপি নেত্রী মেহবুবা মুফতি টুইটারে সোমবারকে গণতন্ত্রের পক্ষে সব চেয়ে কালো দিন বলে উল্লেখ করে লিখেছেন, ‘আমাদের মতো যেসব মানুষরা গণতন্ত্রের মন্দিরে আস্থা রাখি তাঁরা প্রতারিত হলেন। ভারতে থেকে আমরা কী পেলাম।

Image Caption

সাম্প্রদায়িকতার নিরিখে আরেকটা দেশভাগ। বিশেষ মর্যাদা আমরা উপহার পাইনি। ভারতীয় সংসদই আমাদের সেই অধিকার দিয়েছিল। ভারত এবং জম্মু–কাশ্মীরের তৎকালীন নেতৃত্ব এই চুক্তি করেছিল। আজ সেই চুক্তি লঙ্ঘিত হল। ভারত সরকারের ইচ্ছাটা খুবই পরিষ্কার আর অশুভ। তারা চাইছে ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত রাজ্যের অবস্থান বদল করতে। মুসলিমদের এতোটাই শক্তিহীন করে দিতে যাতে তাঁরা নিজেদের রাজ্যেই দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে যান।’‌

এনসিপি নেতা ওমর আবদুল্লা

এনসিপি নেতা ওমর আবদুল্লা বিবৃতি দিয়ে লিখেছেন, ‘ভারত সরকারের সিদ্ধান্ত একপেশে এবং জম্মু–কাশ্মীরবাসীর পক্ষে বিশ্বাসঘাতী। এর সুদূরপ্রসারী বিপজ্জনক ফল হবে। ভারত সরকার এবং তাদের প্রতিনিধিরা আমাদের মিথ্যা বলেছেন। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারত সরকার কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিচ্ছিল। সারা রাজ্য, প্রধানত কাশ্মীর উপত্যকা কার্যত দুর্গ হয়ে আছে। ৩৭০ এবং ৩৫এ ধারা বাতিল হওয়ায় রাজ্যের মৌলিকত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই সিদ্ধান্ত সম্পূ্র্ণ বেআইনি। এনসিপি এর বিরোধিতা করবে। সবাই প্রস্তুত থাকুন।’‌ 

কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ পরে সংসদের বাইরে বলেছেন,‘সীমান্তের একটা রাজ্য যা ভৌগলিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ঐতিহাসিকভাবে ভিন্ন সেটাকেই বেঁধে রেখেছিল ৩৭০ ধারা। ক্ষমতায় মত্ত হয়ে এবং শুধু ভোট পেতে বিজেপি সরকার সেগুলি ছেঁটে ফেলল।জম্মু–কাশ্মীর ভারত সংবিধানের মস্তক ছিল। বিজেপি সরকার আজ শিরচ্ছেদ করল। তাই কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সব ধর্ম নিরপেক্ষ দলগুলিকে আহ্বান করছি এই লড়াইয়ে সবাই একজোট হন।’ তৃণমূল, বামদলগুলি, আপ, ডিএমকে, এসপি, কেরল কংগ্রেস সহ ধর্ম নিরপেক্ষ দলগুলি ইতিমধ্যেই জম্মু–কাশ্মীর প্রসঙ্গে তাঁদের সঙ্গে একজোট হয়েছেন বলে জানান আজাদ।

অন্যদিকে, বিজেপির তরফে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ভুলের সংশোধন বলে মন্তব্য করে  টুইটারে লিখেছেন, ‘৩৭০ ধারা বাতিলের সরকারের সিদ্ধান্ত জাতীয় সংহতির পক্ষে ঐতিহাসিক সিদ্ধান্ত।

‌জম্মু–কাশ্মীরে ১৪৪ ধারা, গৃহবন্দি ওমর, মেহবুবা, লোন-দৈনিক সংবাদ প্রতিদিন

সোমবার মধ্যরাত থেকেই জম্মু–কাশ্মীরের শ্রীনগর জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না মেলা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকছে। রাজ্যজুড়ে স্থগিত মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রবিবার গভীর রাতেই মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা এবং সাজ্জাদ লোনকে গৃহবন্দি করে প্রশাসন। গৃহবন্দি করা নিয়ে মেহবুবা টুইট করেছেন, যারা উপত্যকায় শান্তির জন্য লড়েছে, সেই নির্বাচিত জনপ্রতিনিধিদের গৃহবন্দি করে বিদ্রুপ করছে কেন্দ্র।ওমর টুইটে রাজ্যবাসীকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন করেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫