বক্তৃতার নামে সিইসি, কমিশনার, সচিবদের পকেটে দুই কোটি টাকা
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৬ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম
- ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ঢাবির ৬৯ শিক্ষার্থী বহিষ্কার-দৈনিক যুগান্তর
- ডেঙ্গু পরীক্ষার কিটের সংকট কাটছে-দৈনিক প্রথম আলো
- বক্তৃতার নামে সিইসি, কমিশনার, সচিবদের পকেটে দুই কোটি টাকা-দৈনিক প্রথম আলো
- ঢাকায় ১২ ঘন্টায় ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু-দৈনিক মানবজিমন ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে ব্যাপক হারে-দৈনিক ইত্তেফাক
- কৃষি ঋণের মামলা হয়, শেয়ার বাজারের ২৭ হাজার কোটি টাকা লুটের মামলা হয় না : দুদু-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- পাক অধিকৃত কাশ্মীর ও আকসাই চিন ভারতের অংশ, লোকসভায় বিল পেশ করে বললেন অমিত -দৈনিক আনন্দবাজার
- ‘স্বৈরতন্ত্র চালাচ্ছে মোদি সরকার’, কাশ্মীর ইস্যুতে সরব কমল হাসান-দৈনিক সংবাদ প্রতিদিন
- জম্মু–কাশ্মীরের মতো আরও ১০টি রাজ্য পায় বিশেষ সুবিধা, আতঙ্কে রয়েছে রাজ্যগুলি-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
প্রথমেই ডেঙ্গু সমাচার। আজও বাংলাদেশের প্রায় সব দৈনিকে ডেঙ্গু সম্পর্কিত খবর বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশিত হয়েছে। দৈনিক মানবজমিনের এ সম্পর্কিত খবরের শিরোনাম-
ঢাকায় ১২ ঘন্টায় ৫ ডেঙ্গু রোগীর মৃত্যু
১২ ঘন্টায় ঢাকায় ডেঙ্গু রোগে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তারা প্রত্যেকেই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গু জ্বরে রক্তের প্লাল্টিলেট কমে যাওয়ায় তাদের মৃত্যু হয়। মৃতরা হচ্ছেন, আমজাদ মন্ডল (৫২), মনোয়ারা বেগম (৭৫), মোহাম্মদ হানিফ (৪০), ইতালি প্রবাসী হাফসা লিপি (৩৪) ও নকুল কুমার দাস (৪৫)। ডেঙ্গুজ্বরে মৃত্যুর আগে শিশু রাইয়ানের শেষ কথা শিরোনামে যুগান্তর লিখেছে, রাইয়ানের মৃত্যুর আগের মুহূর্ত বর্ণনায় তার মা রোমানা বলেন, রাতে ঘুমের ঘরে আমার ছেলে বলছিল- ‘সব ভেঙে চুরে আসতেছে। আসিস না, তুই আসিস না।’ বলতে বলতে কেঁদে ওঠেন রোমানা।তার মৃত্যুশোকে পাথর মা ও বাবা। এদিকে রাইয়ানের ছোট্ট বোন মালিহাও ডেঙ্গুজ্বরে হাসপাতালে ভর্তি। তার অবস্থাও গুরুতর।
মেয়রের উদ্দেশ্যে সন্তানহারা মা
অনুধাবন করার অনুভূতি কি আল্লাহপাক আপনাকে দিয়েছেন?-দৈনিক মানবজমিনের শিরোনাম এটি। ডেঙ্গুজরে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ বছর বয়সী শিশু ইরতিজা শাহাদ প্রত্যয়ের মা নিজের ফেসবুক ওয়ালে এক মর্মস্পর্শী স্ট্যাটাস দিয়েছেন।
সেই স্টাট্যাসটি এরকম যে, মাননীয় মেয়র,
আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী (উপ কর কমিশনার, জাতীয় রাজস্ব বোর্ড), যার মাধ্যমে গত অর্থবছরে রাষ্ট্র ৬৬৫ কোটি টাকা রাজস্ব আহরণ করতে পেরেছে। আমি রাষ্ট্রের দেয়া গুরু দায়িত্ব পালন করেছি অত্যন্ত নিষ্ঠার সাথে।
কিন্তু, মাননীয় মেয়র, রাষ্ট্র কি আমার বাচ্চার নিরাপত্তা দিতে পেরেছে ?
আরেকটি খবর এরকম-ডেঙ্গু কেড়ে নিলো ইতালি প্রবাসী লিপির প্রাণ।স্বামী সন্তান নিয়ে দেশে বেড়াতে এসে আর ফিরে যাওয়া হলো না। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার তিনি মারা গেছেন।
বক্তৃতার নামে সিইসি, কমিশনার, সচিবদের পকেটে দুই কোটি টাকা-দৈনিক প্রথম আলো
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের মতো সাংবিধানিক পদের পদাধিকারীদের বিরুদ্ধে বক্তৃতা না দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের সঙ্গে আছেন ইসির সচিবসহ পদস্থ কর্মকর্তারা। আর এই অর্থের পরিমাণ একেবারে কম নয়, দুই কোটি টাকার বেশি।
বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও এরপরে উপজেলা নির্বাচনে প্রশিক্ষণ উপলক্ষে শুধু ‘বিশেষ বক্তা’ হিসেবে বক্তৃতা দিয়ে তাঁরা এই অর্থ নিয়েছেন। আর এর বাইরে ‘কোর্স উপদেষ্টা’ হিসেবে নির্বাচন কমিশনের তৎকালীন সচিব (বর্তমানে স্থানীয় সরকার বিভাগের সচিব) একাই নিয়েছেন ৪৭ লাখ টাকা। তিনি ‘বিশেষ বক্তা’ হিসেবেও টাকা নিয়েছেন। তবে তা কত জানা যায়নি।বিশেষ বক্তা’, ‘কোর্স উপদেষ্টা’ ও ‘কোর্স পরিচালক’ হিসেবে তাঁদের পকেটে গেছে দুই কোটি টাকার বেশি।
এভাবে অর্থ নেওয়ার বিষয়ে যোগাযোগ করা হলে সিইসি ও চার কমিশনারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ টাকা নেওয়ার কথা অস্বীকার করেননি। তিনি বলেছেন, এ ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।ইসির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এভাবে অর্থ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ইসির ইতিহাসে এমন ব্যয়বহুল প্রশিক্ষণ হয়নি।এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব আলী ইমাম মজুমদার বলেন, নির্বাচন করা নির্বাচনের কমিশনের কাজ। কোথাও গিয়ে বক্তৃতা দিলেও সেটা কাজের অংশ। এ থেকে ভাতা নিতে হবে কেন? পুরো ব্যাপারটাই অন্যায়, অনৈতিক।
শাবাশ ইসি, শাবাশ!-দৈনিক প্রথম আলো
আমরা এত দিন জাতীয় অধ্যাপকের কথা শুনে এসেছি। রাষ্ট্রের পক্ষ থেকে নিজ নিজ ক্ষেত্রে কৃতবিদ্য শিক্ষাবিদদের এই সম্মান দেওয়া হয়। স্বাধীনতার পর থেকে অনেকে শিক্ষাবিদ এই সম্মানে ভূষিত হন। ভবিষ্যতেও হবেন। কিন্তু জাতীয় বক্তা বলে কোনো পদবি এখনো আবিষ্কৃত হয়নি। তবে আমাদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, চার কমিশনার এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতীয় বক্তা হিসেবে স্বীকৃতি দাবি করতে পারেন।
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ঢাবির ৬৯ শিক্ষার্থী বহিষ্কার-যুগান্তর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৬৯ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সভায় তাদেরকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেয়া হয় এসব শিক্ষার্থী ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, সাময়িক বহিষ্কৃত ৬৯ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে এবং সাত দিনের মধ্যে জবাব চাওয়া হবে।
সভা শেষে সাংবাদিকদের ভিসি আখতারুজ্জামান বলেন, আমরা গোয়েন্দারের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় ৬৯ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। তাদের নিরপরাধ প্রমাণের সুযোগও রাখা হচ্ছে। সাত কার্য দিবসের মধ্যে তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না-সে বিষয়ে কারণ দর্শাতে বলা হবে।
কৃষি ঋণের মামলা হয়, শেয়ার বাজারের ২৭ হাজার কোটি টাকা লুটের মামলা হয় না : দুদু-দৈনিক নয়া দিগন্ত
বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশকে যারা চালায়, যাদের ঘাড়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি, যারা উদয়াস্ত পরিশ্রম করে, যারা বাংলাদেশকে সারাবিশ্বের কাছে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযোদ্ধাদের খাইয়েছে পড়িয়েছে ও আশ্রয় দিয়েছে, এই যে ডাক্তার, জজ, প্রকৌশলী যারা বানিয়েছে তারা হলো বাংলাদেশের অসহায়, অবহেলিত, নির্যাতিত কৃষক সমাজ।
ভাবা যায় গত এক মাসের ২৭ হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে নেই হয়ে গেলো কিন্তু একটা মামলা হয়নি। একজন গ্রেফতার হয়েছে বলে কোন জায়গায় দেখি নাই। আর বন্যা কবলিত আমার অসহায় কৃষক ভাইয়েদের সবকিছু ভেসে গেছে। নেই বাড়ি, নেই তার সেই পশুটা যাকে দিয়ে সে হাল চাষ করতো। তার খাবার নেই সে চালের উপর রাস্তার উপর আশ্রয় নিয়েছে। শুধুমাত্র দুই, তিন, পাঁচ হাজার টাকার কৃষিঋণ এর জন্য তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং তাদের বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ করি এবং অনতিবিলম্বে বন্যা কবলিত এলাকার কৃষকদের কৃষি ঋণ মওকুফের দাবি জানাচ্ছি।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ভারতের প্রায় সব দৈনিকের মূল খবর হচ্ছে- কাশ্মির'র ৩৭০ ধারা বাতিল। এ সম্পর্কে দৈনিক আনন্দবাজারে একটি খবরের শিরোনাম-পাক অধিকৃত কাশ্মীর ও আকসাই চিন ভারতের অংশ, লোকসভায় বিল পেশ করে বললেন অমিত। খবরটিতে লেখা হয়েছে, লোকসভায় কাশ্মির প্রসঙ্গে কংগ্রেসের এক প্রশ্নের জবাবে- আগ্রাসী ভঙ্গিতে শাহের জবাব— পাক অধিকৃত কাশ্মীরও আমাদের, আকসাই চিনও আমাদের। এদিকে ‘ক্ষমতার অপব্যবহার দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক’, কাশ্মীর নিয়ে এমন তোপ দাগলেন রাহুল গান্ধীর।
‘স্বৈরতন্ত্র চালাচ্ছে মোদি সরকার’কাশ্মীর ইস্যুতে সরব কমল হাসান- এমন শিরোনাম করা হয়েছে দৈনিক সংবাদ প্রতিদিনে। এদিকে ‘পরিস্থিতির উপর নজর রাখছি’ জম্মু-কাশ্মীর নিয়ে মুখ খুলল এবার আমেরিকা। এ শিরোনামটি আনন্দবাজারে। তাছাড়া জাতিসংঘ কাশ্মির নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছে।
জম্মু–কাশ্মীরের মতো আরও ১০টি রাজ্য পায় বিশেষ সুবিধা, আতঙ্কে রয়েছে রাজ্যগুলি-দৈনিক আজকাল
সংবিধানের ৩৭০ ধারায় দেওয়া জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়া হল। আর সঙ্গে সঙ্গেই লুপ্ত হয়ে গেল রাজ্যে স্থায়ী বাসিন্দার সুযোগ–সুবিধা সংক্রান্ত ৩৫এ ধারা। কিন্তু জম্মু–কাশ্মীর ছাড়া আরও ১০টি রাজ্য আছে যারা সংবিধানের বিভিন্ন ধারায় বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকে। সংবিধানের ৩৬৮ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে ৩৭১ নম্বর অনুচ্ছেদে অন্তত ৯টি রাজ্যকে বেশ কিছু বিশেষ সুবিধা ও অধিকার দেওয়া হয়েছে। রাজ্যগুলো মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, অন্ধ্রপ্রদেশ, সিকিম, মণিপুর, মহারাষ্ট্র, গুজরাট ও গোয়া। ১৯৫০ সালে সংবিধান তৈরির দিন থেকে এই সুবিধা ও অধিকার দেওয়া হয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬