ডেঙ্গুতে আক্রান্ত ৩২ হাজার ছাড়িয়েছে
-
ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৮ আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- বাংলাদেশ এখন রপ্তানি প্রবৃদ্ধিতে দ্বিতীয়-দৈনিক প্রথম আলো
- হবিগঞ্জে পাচারকালে ২০০০ বস্তা ভিজিডির চাল জব্দ-দৈনিক কালেরকণ্ঠ
- ডেঙ্গুর প্রাদুর্ভাব জাতীয় দুর্যোগ নয়: স্বাস্থ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর
- ডেঙ্গুতে আক্রান্ত ৩২ হাজার ছাড়িয়েছে: দৈনিক ইত্তেফাক
- রোগীদের দীর্ঘ লাইন, চিকিৎসক সঙ্কট-দৈনিক মানবজমিন
- ডেঙ্গু দুর্যোগে উদাসীন আওয়ামী লীগ সরকার : রিজভী-দৈনিক নয়াদিগন্ত
ভারতের খবর:
- সিদ্ধান্ত ‘বিপজ্জনক’ প্রমাণ করতেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে পাকিস্তান, প্রতিক্রিয়া ভারতের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- নাশকতার আশঙ্কা, দেশজুড়ে হাই অ্যালার্ট-দৈনিক আজকাল
- ‘টাকা ছড়াচ্ছেন দোভাল, বিতর্কিত মন্তব্যের পরই শ্রীনগরে ঢুকতে বাধা গুলাম নবিকে-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
বাংলাদেশ এখন রপ্তানি প্রবৃদ্ধিতে দ্বিতীয়-দৈনিক প্রথম আলো
বিশ্বে যে কয়েকটি দেশের রপ্তানি আয় খুব দ্রুত বাড়ছে, তার মধ্যে বাংলাদেশ একটি। গড় হিসাবে এক দশক ধরে দেশের রপ্তানি আয়ে দুই অঙ্কের প্রবৃদ্ধি হচ্ছে। অগ্রসরমাণ অর্থনীতির দেশগুলোর মধ্যে এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, ওপরে আছে কেবল ভিয়েতনাম।

বিশ্ববাণিজ্যের এ চিত্র উঠে এসেছে বিশ্ব বাণিজ্য সংস্থার ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ-২০১৯’ শীর্ষক প্রতিবেদনে। এটি গত সপ্তাহে প্রকাশ করা হয়। সব মিলিয়ে বিশ্ববাণিজ্যে বাংলাদেশ এখন ৪২ তম বড় রপ্তানিকারক দেশ, অন্যদিকে আমদানিতে বাংলাদেশের অবস্থান ৩০তম।
হবিগঞ্জে পাচারকালে ২০০০ বস্তা ভিজিডির চাল জব্দ-দৈনিক কালেরকণ্ঠ
হবিগঞ্জ শহর থেকে পাচারকালে প্রায় ২ হাজার বস্তা সরকরি চাল জব্দ করেছে জেলা প্রশাসন। বুধবার রাতে শহরের গরুর বাজার এলাকার একটি গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।

'শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ' স্লোগান লেখা খাদ্য বান্ধব কর্মসূচির এ চাল বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হয়ে থাকে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য ভিজিএফ এর চাল সরকার থেকে বিশেষভাবে বরাদ্দ দেওয়া হয়। প্রত্যেকের মাঝে ১৫ কেজি করে বিতরণের কথা রয়েছে। আর ভিজিডি প্রত্যকের মধ্যে ৩০ কেজি করে বিতরণের কথা।
ডেঙ্গুর প্রাদুর্ভাব জাতীয় দুর্যোগ নয়: স্বাস্থ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেডেঙ্গুর প্রাদুর্ভাব বড় আকারে দেখা দিয়েছে। শুধু বাংলাদেশ নয়,সারাবিশ্বেই এখন ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ফিলিপাইনে ৬০০ জন মারা গেছেন ডেঙ্গুতে। অন্যান্য দেশেও লাখ লাখ লোক আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশক্তি দিয়ে ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় দৈনিক যুগান্তরের বোর্ডরুমে ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ ও সচেতনতায় করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
ডেঙ্গুতে আক্রান্ত ৩২ হাজার ছাড়িয়েছে: দৈনিক ইত্তেফাক
ডেঙ্গুতে প্রতিদিনই নারী, পুরুষ ও শিশু মরছে। মৃতের সংখ্যা একশ’ ছুঁইছুঁই। গত জানুয়ারি থেকে গতকাল বুধবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানালেও বেসরকারি হিসেবে এ সংখ্যা ৯৫। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার আরো ৪ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৩৪০ জন। গতকাল একদিনে সর্বোচ্চ ২৪২৮ জন আক্রান্ত হয়েছেন। এডিস মশা নির্মূল না হওয়া পর্যন্ত এ মৃত্যুর মিছিল থামবে না বলে বিশেষজ্ঞ চিকিত্সকরা জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর ২২টি হাসপাতাল দিলেও এ বছর সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব মিলিয়ে ৪০টি হাসপাতাল ডেঙ্গুর তথ্য দিচ্ছে। কিন্তু এর বাইরে আরো অনেক হাসপাতাল আছে যেগুলো তথ্য দেয় না। ফলে ডেঙ্গু রোগীর সঠিক তথ্য তারা দিতে পারছে না।
ঈদযাত্রার শুরুতেই ট্রেনের সিডিউল বিপর্যয়-দৈনিক মানবজমিন
ঈদযাত্রার শুরুতেই ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। ঢাকা থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কোনো ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারছে না।আজ বৃহস্পতিবার সকালে প্রথম ট্রেন রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস কমলাপুর ছেড়েছে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর।

নীলফামারীগামী নীলসাগর, রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের কোনোটিই নির্ধারিত সময় ছাড়েনি। ট্রেনগুলো সময়মতো ছাড়তে না পারায় কমলাপুর রেলস্টেশনে এখন মানুষের উপচে পড়া ভিড়। নির্ধারিত সময়ের অনেক আগেই যাত্রীরা চলে এসেছিলেন কমলাপুর রেল স্টেশনে। তিন-চার ঘণ্টাতেও ট্রেন না ছেড়ে যাওয়ায় সবগুলো ট্রেনের যাত্রীতে স্টেশন লোকে লোকারণ্য।
ডেঙ্গু দুর্যোগে উদাসীন আওয়ামী লীগ সরকার : রিজভী-দৈনিক নয়াদিগন্ত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, ডেঙ্গু রোগ প্রতিরোধ ব্যবস্থায় বর্তমান আওয়ামীলীগ সরকার উদাসীন। শুধু তাই নয়, ডেঙ্গু নিধনে সিটি করপোরেশন ‘মশার ঘুমের ওষুধ’ এনেছে। বৃহস্পতিবার সকালে বেইলি রোড়ে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি লিফলেট বিতরণকালে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নেতৃবৃন্দকে নিয়ে বেইলি রোড়ে ফুটপাতের দুই পাশের বিপনী বিতান ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে বিভিন্ন শ্রেনীর মানুষের কাছে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ের ওপর দলের লিফলেট বিতরণ করেন।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
সিদ্ধান্ত ‘বিপজ্জনক' প্রমাণ করতেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে পাকিস্তান, প্রতিক্রিয়া ভারতের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পাকিস্তানের পদক্ষেপের জবাব দিল ভারত। পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েও নয়াদিল্লির স্পষ্ট বার্তা, বিশ্বের কাছে বিপজ্জনক ছবি তুলে ধরার জন্যই পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করছে। তবে প্রতিবেশী দেশের এই প্রচেষ্টা কখনওই সফল হবে না— বক্তব্য ভারতীয় বিদেশ মন্ত্রকের। ৩৭০ অনুচ্ছেদ ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে ভারতের কড়া বার্তা, পাকিস্তানের এই সিদ্ধান্ত ‘একতরফা।

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই এর বিরুদ্ধে সরব পাকিস্তান। পাক সংসদেও প্রধানমন্ত্রী ইমরান খান-সহ অন্য মন্ত্রীরা কড়া সমালোচনা করেছেন। এর পর বুধবার ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিলের বৈঠকের পর ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিস্কার করে ইমরানের সরকার। এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ-সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে কার্যত ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কই ছিন্ন করে ইসলামবাদ।
নাশকতার আশঙ্কা, দেশজুড়ে হাই অ্যালার্ট-দৈনিক আজকাল
৩৭০ ধারা ইস্যুতে কাশ্মীর সহ দেশের একাধিক বিমানবন্দর এবং বড় শহরে নাশকতার ছক কষেছে জৈশ সহ পাক জঙ্গি গোষ্ঠীগুলি। এমনটাই রিপোর্ট দিয়েছে গোয়েন্দা বিভাগ। বুধবারই পাক প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি দিয়েছিলেন, কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্ত পুলওয়ামার মতো পরিস্থিতি তৈরি করেছে। সেকথা মনে রেখে এবং গোয়েন্দাদের রিপোর্টের প্রেক্ষিতে অসামরিক বিমান পরিবহন নিরাপত্তা সংগঠন বা বিসিএএস দিল্লি, কলকাতা, হায়দরাবাদ সহ দেশের ১৯টি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করেছে।

বিমানবন্দরগুলিকে নির্দেশিকায় বলা হয়েছে বিমানবন্দরে আসা প্রতিটি গাড়ির চেকপয়েন্ট টার্মিনালের এক কিলোমিটার আগে বা এমন স্থানে রাখতে হবে, যাতে টার্মিনালের আগে ব্যারিকেডের পর্যাপ্ত জায়গা থাকে। প্রতিটি গাড়ি ভালোভাবে পরীক্ষা করতে হবে।
‘টাকা ছড়াচ্ছেন দোভাল, বিতর্কিত মন্তব্যের পরই শ্রীনগরে ঢুকতে বাধা গুলাম নবিকে-দৈনিক সংবাদ প্রতিদিন
কাশ্মীরের প্রথম সারির রাজনৈতিক দলের নেতাদের আগেই গৃহবন্দি করা হয়েছিল। এবার কংগ্রেসের প্রতিনিধিদলকেও শ্রীনগরে ঢুকতে দিল না প্রশাসন। আটকে দেওয়া হল বর্ষীয়ান কংগ্রেস সাংসদ তথা রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদকে। বৃহস্পতিবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শ্রীনগর যান আজাদ এবং জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গুলাম আহমেদ মীর। কাশ্মীরের স্থানীয় কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাদের। তাদের শ্রীনগর বিমানবন্দরেই আটকে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। বুধবারই কাশ্মীর যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

তিনি উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। জঙ্গি অধ্যূষিত সোপিয়ানের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেন দোভাল। তাদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে খোশগল্প করতে এবং মধ্যাহ্নভোজন সারতে দেখা যায় তাঁকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর স্থানীয় প্রশাসনের তরফে দাবি করা হয়, উপত্যকার পরিস্থিতি একেবারে শান্ত এবং উদ্বেগের কোনও কারণ নেই। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েও বিতর্ক জড়ান আজাদ। শ্রীনগর উড়ে যাওয়া আগে তিনি বলেন, “টাকা ছড়ালে সবাইকেই সঙ্গে পাওয়া যায়।” সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বিরুদ্ধে কাশ্মীরবাসীর মধ্যে টাকা ছড়ানোর অভিযোগ করেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।