কাশ্মীর ইস্যুতে সতর্কবার্তা দিলেন র্যাব মহাপরিচালক
-
ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- সব শ্রমিক বেতন-ভাতা পাননি-দৈনিক প্রথম আলো
- অতিরিক্ত ভাড়া কোনোভাবেই সহ্য করা হবে না'-দৈনিক কালেরকণ্ঠ
- কাশ্মীর ইস্যুতে যে সতর্কবার্তা দিলেন র্যাব মহাপরিচালক-দৈনিক যুগান্তর
- বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন: দৈনিক ইত্তেফাক
- ঢাকায় ডেঙ্গু কেড়ে নিয়েছে দুই শিশুর প্রাণ -দৈনিক মানবজমিন
- নতুন ওষুধ দেশে পৌঁছেছে, শিগগিরই ছিটানো হবে : কাদের -দৈনিক নয়াদিগন্ত-
ভারতের খবর:
- কাশ্মীর নিয়ে হস্তক্ষেপের পাক দাবিতে কান দিল না রাষ্ট্রপুঞ্জ, দু’দেশকেই সংযত থাকার আর্জি -দৈনিক আনন্দবাজার পত্রিকা
- পাকিস্তানকে এবার সরাসরি হুঁশিয়ারি দিল ভারতীয় সেনাবাহিনী -আজকাল
- গুলাম নবির পর এবার শ্রীনগর বিমানবন্দরে আটক সীতারাম ইয়েচুরি-দৈনিক সংবাদ প্রতিদিন
- সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়েছে বাংলাদেশ, দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে প্রশংসা মোদির
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
সব শ্রমিক বেতন-ভাতা পাননি-দৈনিক প্রথম আলো
ঈদের বাকি আর দুই দিন। তবে ৩০ শতাংশ কারখানার শ্রমিক গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জুলাই মাসের বেতন পাননি। বোনাস পাননি ২০ শতাংশ কারখানার শ্রমিক। অন্যবারের মতো বেতন-ভাতা দেওয়ায় সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে না দেওয়ায় কারখানার মালিকেরা ইচ্ছেমতো দিচ্ছেন।

শ্রমিকনেতারা বলছেন, বড় কারখানাগুলো বেতন-ভাতা দিয়ে দিয়েছে। তবে ছোট-মাঝারি ও ঠিকায় বা সাবকন্ট্রাক্টিংয়ের কাজ করা বেশির ভাগ কারখানাই বেতন-ভাতা পরিশোধ করেনি। তারা আজ শুক্রবার ও শনিবার বেতন-ভাতা দেওয়ার আশ্বাস দিচ্ছে। ফলে অনেক শ্রমিকের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে। তা ছাড়া বোনাসের পরিমাণ নিয়েও আছে বৈষম্য। অবশ্য শ্রম মন্ত্রণালয় বলছে, ঈদুল আজহার আগে বেতন-ভাতা নিয়ে শ্রম অসন্তোষের আশঙ্কা নেই। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে, তাদের সদস্য দুটি কারখানার বেতন-ভাতা নিয়ে সমস্যা আছে। তবে তা সমাধানের চেষ্টা চলছে।
অতিরিক্ত ভাড়া কোনোভাবেই সহ্য করা হবে না'-দৈনিক কালেরকণ্ঠ
'ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ার বিষয়ে আমরা কঠোরভাবে মনিটরিং করছি। অতিরিক্ত ভাড়া কোনোভাবেই সহ্য করা হবে না। এখানে ভিজিলেন্স টিম রয়েছে। পুলিশ, র্যাব, বিআরটিএ কাজ করছে।'আজ শুক্রবার (৯ আগস্ট) সকালে গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, 'এবারকার ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ফেরিঘাটে। সমস্যা হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে, নদীতে প্রচণ্ড স্রোত। মাওয়া থেকে জাজিরা প্রান্তেও প্রচণ্ড স্রোত। সেখানে মাঝে মাঝে ফেরি বন্ধ হয়ে যায়। নদীর স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। যার কারণে গাড়ি আসতে পারছে না।'
কাশ্মীর ইস্যুতে যে সতর্কবার্তা দিলেন র্যাব মহাপরিচালক -দৈনিক যুগান্তর
কাশ্মীর নিয়ে দেশের পানি ঘোলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি বলেন, ‘কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাদের নিজস্ব বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আশা করব ভারতের অভ্যন্তরীণ বিষয়টি নিয়ে দেশে পানি ঘোলা করার চেষ্টা করবেন না।’শুক্রবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে ঈদে নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ সতর্কবার্তা দেন র্যাব ডিজি
বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন: দৈনিক ইত্তেফাক
বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সবধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার দুপুর একটা ৫০ মিনিটের দিকে সেতু পূর্ব রেলব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তরবঙ্গগামী ধুতকেতু এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।

আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। সড়ক, রেল ও নদীপথে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। যাত্রীদের চাপে ইতোমধ্যেই ট্রেনের সিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে। দেরিতে ছাড়ছে বেশিরভাগ ট্রেন। এরইমধ্যে এই দুর্ঘটনা সেই দুর্ভোগের চিত্র আরো বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকায় ডেঙ্গু কেড়ে নিয়েছে দুই শিশুর প্রাণ -দৈনিক মানবজমিন
ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাত ও ইউনাইটেড হাসপাতালে মেহরাজ হাসান নামে দুই শিশুর মৃত্যু হয়। রিফাতের পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ করেই শিশু রিফাত জ্বরে আক্রান্ত হলে একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসা করানো হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে।

রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। এই নিয়ে ঢামেক হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। রিফাতের বাবার নাম খোরশেদ আলী। তাদের গ্রামের বাড়ি জামালপুরে। এদিকে, আজ সকাল ৯টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা যায় শিশু মেহরাজ হাসান (৮)। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দ্রুত তার রক্তের প্লাটিলেট কমতে থাকে। এই অবস্থায় তার মৃত্যু হয়
নতুন ওষুধ দেশে পৌঁছেছে, শিগগিরই ছিটানো হবে : কাদের -দৈনিক নয়াদিগন্ত
নতুন ওষুধ দেশে এসে পৌঁছেছে। শিগগিরই ছিটানোর কাজ শুরু হবে। আমি মনেকরি সচেতনতা ও সাবধানতার সাথে যে কার্যকর ওষুধ আমরা প্রয়োগ করবো এবং তাতে করে ডেঙ্গু পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্তণে আসবে। শুক্রবার বেলা ১১টার সময় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঈদের সময় ডেঙ্গু যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সবার্ত্মক চেষ্টা থাকবে।

সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় যাতে পরিস্থিতি জটিল অস্থার সৃষ্টি না হয়, নিয়ন্ত্রণের বাইরে না যায়, মানুষের আতঙ্ক যাতে দূর করা যায় সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে। সেই সাথে সকল বিভাগ ও সংশ্লিষ্টদেরসবাইকে প্রস্তুত করে রাখা হয়েছে।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
কাশ্মীর নিয়ে হস্তক্ষেপের পাক দাবিতে কান দিল না রাষ্ট্রপুঞ্জ, দু’দেশকেই সংযত থাকার আর্জি -দৈনিক আনন্দবাজার পত্রিকা
কাশ্মীরের মতো দ্বিপাক্ষিক বিষয়ে হস্তক্ষেপ করার পাক দাবি কার্যত এড়িয়ে গেল রাষ্ট্রপুঞ্জ। বরং শিমলা চুক্তির প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস ভারত এবং পাকিস্তানকে কাশ্মীর নিয়ে যথাসম্ভব সংযম দেখানোর অনুরোধ জানিয়েছেন।

কাশ্মীর সমস্যা নিয়ে মধ্যস্থতার জন্য রাষ্ট্রপুঞ্জের কাছে বারবারই দরবার করে এসেছে পাকিস্তান। সম্প্রতি কাশ্মীরে ৩৭০ রদের বিরোধিতা করে পাকিস্তান ফের রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পরে ভারত রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাব ভেঙেছে বলে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি চিঠিও লেখেন গুতেরেসকে।
পাকিস্তানকে এবার সরাসরি হুঁশিয়ারি দিল ভারতীয় সেনাবাহিনী -আজকাল
পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিল ভারতীয় সেনাবাহিনী। কেউ উপত্যকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করলে তাদের নিকেশ করার হুঁশিয়ারি দিয়ে রাখল ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার দিল্লিতে পাকিস্তান পাক সেনাকে ভারতীয় সেনার চিনার কর্পস সাফ জানিয়ে দিল, অশান্তি ছড়ানোর চেষ্টা করলে ফল ভাল হবে না।

আর তাতেই পারদ চড়তে শুরু করেছে বলে খবর। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পরেই ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করতে চাইছে পাকিস্তান। ইতিমধ্যেই উপত্যকায় সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় সতর্ক করেছেন গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে খবর, ভারতে নাশকতার পরিকল্পনা করছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ–ই–মহম্মদ।এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ভারতীয় সেনা। উপত্যকায় আক্রমণ করতে এলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে, জানিয়ে দিলেন ভারতীয় সেনার চিনার কর্পসের কমান্ডার লেফটনেন্ট জেনারেল কাওয়ালজিৎ সিং। ভারতীয় সেনার চিনার কর্পসের টুইটার পেজে পোস্ট করা ভিডিওতে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ‘পাকিস্তান এবং পাক সেনা কাশ্মীরে শান্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক কিছু ঘটনা কেন্দ্র করে ভারতকে সরাসরি হুমকি দিচ্ছে পাকিস্তান। আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’
গুলাম নবির পর এবার শ্রীনগর বিমানবন্দরে আটক সীতারাম ইয়েচুরি-দৈনিক সংবাদ প্রতিদিন -দৈনিক সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার আটকানো হয় কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে৷ আর শুক্রবার শ্রীনগর বিমানবন্দরে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজাকে আটক করল পুলিশ৷ সূত্রের খবর, বিমানবন্দরে আবতরণের সঙ্গে সঙ্গে এই দুই বাম নেতাকে আটক করা হয়৷ বিমানবন্দরের বাইরে বের হতেই দেওয়া হয়নি তাঁদের৷

জানা গিয়েছে, অসুস্থ কাশ্মীরের সিপিএম বিধায়ক মহম্মদ তারিগামিকে দেখতে যাচ্ছিলেন সীতারাম ইয়েচুরি ও ডি রাজা। এবং এই কাশ্মীরে যাওয়ার বিষয়টি আগে থেকেই জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে জানান তাঁরা৷ কিন্তু তারপরেও দুই তাঁদেরকে বিমানবন্দরে আটক করায়, স্বভাবতই কেন্দ্রের বিরুদ্ধে সরব হন ইয়েচুরি ও ডি রাজা৷ তাঁদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাধা দেওয়া হয়েছে৷ সাধারণ সম্পাদকের আটক করার বিষয়টি অনৈতিক বলে ঘটনার প্রতিবাদ করেছে সিপিএম। বৃহস্পতিবার একই ভাবে শ্রীনগর বিমানবন্দরে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে আটকানো হয়। ক্ষুব্ধ কংগ্রেস নেতা সরাসরি আক্রমণ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। জানান, ‘‘পয়সা দিয়ে যাকে খুশি নিজের দিকে টানা যায়।’’
সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়েছে বাংলাদেশ, দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে প্রশংসা মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দিল্লিতে নিজের বাসভবনে আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে যে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছেন তার প্রশংসা করেন তিনি। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বাংলাদেশ সারা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে গড়ে উঠছে বলেও উল্লেখ করেন।

১৬ জনের প্রতিনিধি দল নিয়ে তিনদিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার দিল্লি পৌঁছনোর পর বুধবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল। তারপর বৃহস্পতিবার সকালে নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বৈঠকের শুরুতে ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন আসাদুজ্জামান খান।
পার্সটুডে/বাবুল আখতার/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।