আগস্ট ১০, ২০১৯ ১০:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১০ আগস্ট শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম

  • আজ পবিত্র হজ: লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান-দৈনিক যুগান্তর
  • খুলনা জিআরপি থানায় গৃহবধূ ধর্ষণ, ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা-দৈনিক ইত্তেফাক
  • সড়কপথে দুর্ভোগ আর স্বস্তি মিলিয়ে চলছে ঈদযাত্রা- কাদের-দৈনিক প্রথম আলো
  • খালেদা জিয়াকে বন্দি রাখা ভয়ঙ্কর অন্যায়: রিজভী-দৈনিক মানবজমিন
  • পরিবহন ব্যবসায়ীরা গলা কাটছেন-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • কেরলে বন্যায় মৃত ৪৮, মহারাষ্ট্রে ২৮, উদ্ধারে ওয়েইনাড়ে নামল নৌবাহিনীর চপার- দৈনিক আনন্দবাজার
  • ৩৭০ ঝটকায় বেসামাল পাকিস্তান, দিল্লি-লাহোর বাস পরিষেবা বন্ধ করল ইসলামাবাদ-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‘কাশ্মীর থেকেই বিয়ের জন্য মেয়ে নিয়ে আসা যাবে’, এবার কুরুচিকর মন্তব্য হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রীর -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। 

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও দায়বদ্ধতা রয়েছে: নাসিম-দৈনিক যুগান্তর

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার উৎসস্থল ধ্বংসে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে বছরব্যাপী কর্মসূচি হাতে নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। গতকাল তিনি বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে মশা নিধনের বিকল্প নেই। তবে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও দায়বদ্ধতা রয়েছে। সবাইকে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। ডেঙ্গু বর্তমানে আতঙ্ক সৃষ্টি করেছে বলে তিনি মন্তব্য করেন। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, দেশের ৬৪ জেলায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এদিকে দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, দুই সিটি কর্পোরেশন ও স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এবারের ঈদে ডেঙ্গুর ভয়াবহতায় দেশের মানুষ আতঙ্কগ্রস্ত।

ঈদে ঘরমুখী মানুষের অবস্থা সম্পর্কিত খবর প্রায় সব দৈনিকে ছাপা হয়েছে। এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম-সড়কপথে দুর্ভোগ আর স্বস্তি মিলিয়ে চলছে ঈদযাত্রা। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ঈদে ঘরমুখী বাড়তি যাত্রী ও গাড়ির চাপে সারা দেশের বিভিন্ন মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলছে। আবার কোথাও কোথাও সেতু বা উড়ালসেতুর কারণে নির্বিঘ্নেই চলছে যানবাহন। রেল সম্পর্কে দৈনিকটির খবরে লেখা হয়েছে, ট্রেনে আনন্দের ঈদযাত্রা দুর্ভোগে পরিণত হয়েছে। 

এ সম্পর্কে ইত্তেফাকের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে পুরোদমে শুরু হয়েছে ঈদযাত্রা। মানুষের ঢল নেমেছে বাসস্টেশন, রেলস্টেশন ও নৌপথে। শুক্রবার থেকে ভোগান্তি শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা তীব্র আকার ধারণ করেছে। দৈনিকটি লিখেছে রেলকর্তৃপক্ষ বলেছে, কেউ বিলম্বে যেতে না চাইলে টিকিট ফেরত দেয়া যাবে। আর নয়া দিগন্ত লিখেছে, ঈদ যাত্রায় পরিবহন ব্যবসায়ীরা গলা কাটছেন।

দৈনিক প্রথম আলোর শিরোনাম-ওবায়দুল কাদের বলেছেন, গাড়ি ধীরগতিতে চললেও যানজট নেই। বিস্তারিত খবরে লেখা হয়েছে, এবার ঈদযাত্রায় যানবাহন ধীরগতিতে চললেও কোথাও যানজট নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যানবাহনের ধীরগতির কারণ হিসেবে মহাসড়কে উচ্চগতির পাশাপাশি ধীরগতির বাহন চলাচল, মহাসড়কে নিয়মিত চলাচল করে না—এমন গাড়িগুলোর রাস্তায় নামা ও দুর্ঘটনায় পড়াকে দায়ী করেছেন তিনি। তবে গাড়ির ধীরগতির কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করেছেন মন্ত্রী।

রাজনীতির খবরে দৈনিক মানবজমিনের শিরোনাম এরকম- রিজভী বললেন খালেদা জিয়াকে বন্দি রাখা ভয়ঙ্কর অন্যায়

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিস্তারিত খবরে লেখা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা সরকারের ভয়ঙ্কর অন্যায় হয়েছে বলে উল্লেখ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা একটা প্রহসনমূলক মামলায় জেলে রাখা হয়েছে। তিনি অনেক অসুস্থ কিন্তু তাকে পরিপূর্ণ চিকিৎসাটুকু দেয়া হচ্ছেনা। বার বার ওনার জামিন আবেদন বাতিল করে দেয়া হচ্ছে। কিন্তু সরকার বলছে তারা ম্যাডামের জামিনের ব্যাপারে কোন হস্তক্ষেপ করছে না। সরকার চায় না ম্যাডাম মুক্তি পাক। কারণ দেশনেত্রী মুক্তি পেলেতো এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তিনি আরও বলেন, সরকার খালি উন্নয়নের বুলি ছাড়ে। এদিকে দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

খুলনা জিআরপি থানায় গৃহবধূ ধর্ষণ, ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা-দৈনিক ইত্তেফাক

খুলনার জিআরপি থানায় তিন সন্তানের মাকে (৩০) গণধর্ষণের ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের শিকার ওই নারী বাদি হয়ে শুক্রবার রাতে জিআরপি থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া সার্কেলের এএসপি ফিরোজ আহমেদ মামলা হওয়ার তথ্য নিশ্চিত করেন।এএসপি ফিরোজ আহমেদ বলেন, জিআরপি থানায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় আদালতের নির্দেশে ওসি উছমান গণিসহ পাঁচজনের বিরুদ্ধে পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যা নিবারণ আইনে মামলা হয়েছে। এ মামলার বাদী ভুক্তভোগী নারী নিজেই।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সংকট

জম্মু-কাশ্মির সম্পর্কিত খবরে দৈনিক আনন্দবাজার লিখেছে, জম্মু-কাশ্মীর নিয়ে এ বার ভারতের পাশে দাঁড়াল পুরনো বন্ধু রাশিয়াও। মস্কো স্পষ্ট জানিয়ে দিয়েছে, সংবিধান মেনেই জম্মু-কাশ্মীর রাজ্যের স্টেটাস বদল করেছে ভারত। তবে দৈনিকটির অন্য একটি খবরের শিরোনামে লেখা হয়েছে, কাশ্মীর থেকে বিশ্বের নজর ঘোরাতে ‘যুদ্ধের মতো পরিস্থিতি’তৈরি করতে পারে ভারত: ইমরান খান। এ খবরে বলা হয়েছে, কাশ্মীর থেকে বিশ্বের নজর ঘোরাতে ভারত ‘যুদ্ধের মতো পরিস্থিতি’ তৈরি করতে পারে বলে অভিযোগ ইমরান খানের। তবে এই দাবি উড়িয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘‘আতঙ্ক সৃষ্টি করছেন ওঁরাই। আন্তর্জাতিক মহল কোনও যুদ্ধ-পরিস্থিতি দেখছে না। এ-সবই হল ছলচাতুরী করে নজর ঘোরানোর চেষ্টা।’’

কেরলে বন্যায় মৃত ৪৮, মহারাষ্ট্রে ২৮, উদ্ধারে ওয়েইনাড়ে নামল নৌবাহিনীর চপার-দৈনিক আনন্দবাজার

বন্যায় কেরল ও মহারাষ্ট্রের অবস্থা ভয়াবহ। ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে কেরলে। ওই রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪৮। মহারাষ্ট্রে বন্যায় মৃত্যু হয়েছে ২৮ জনের। কর্নাটক, তামিলনাড়ু, ওড়িশা, গুজরাতের অবস্থাও তথৈবচ। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে কেরলের ৯টি জেলায়। কেরলে বানভাসি মানুষের উদ্ধার ও ত্রাণে শুক্রবার সকাল থেকেই সেনাবাহিনী নেমেছে।মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) আরও ১৩ কোম্পানি।

‘কাশ্মীর থেকেই বিয়ের জন্য মেয়ে নিয়ে আসা যাবে’এবার কুরুচিকর মন্তব্য হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রীর-দৈনিক আজকাল

কাশ্মীরি মহিলাদের উদ্দেশে এবার কুরুচিকর মন্তব্য করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। গতকাল ফতেহাবাদে এক অনুষ্ঠানে গিয়ে বিজেপির ওই মুখ্যমন্ত্রী–কাশ্মীরের ৩৭০ ধারা লোপ প্রসঙ্গ তুলে মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। খাট্টার বলেন, ‘আমাদের মন্ত্রী ওপি ধনকড় বলেছেন তিনি বিহার থেকে পূত্রবধূ নিয়ে আসবেন। তবে মানুষ এখন বলছেন কাশ্মীরের রাস্তা তো পরিষ্কার। তাই কাশ্মীর থেকেই বিয়ের জন্য মেয়ে নিয়ে আসা যায়।’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০