শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে: প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আবদুর রশীদ শুরু করছি ১২ আগস্ট সোমবারের কথাবার্তার আসর। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
- বাংলাদেশের শিরোনাম
- আনন্দ-বেদনায় রোহিঙ্গাদের ঈদ-দৈনিক যুগান্তর
- শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- ঈদের জামাতে ডেঙ্গু থেকে মুক্তির দোয়া-দৈনিক প্রথম আলো
- হাসপাতালে ৪১ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ঈদের নামাজ শেষ হতেই কাশ্মীর ফের থমথমে, বিক্ষোভের ছবি দেখাল রয়টার্স- দৈনিক আনন্দবাজার
- মেহবুবাকে দেখলেই গাল দিচ্ছেন, অন্যত্র সরানো হল গৃহবন্দি ওমর আবদুল্লাকে-দৈনিক সংবাদ প্রতিদিন
- কাশ্মীরী মহিলাদের নিয়ে মন্তব্য করা বিধায়কের বিরুদ্ধে কথা বলায় অভিযুক্ত ব্যক্তি-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
সারাদেশে ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে। তো প্রথমেই ঈদ বিষয়ক খবর তুলে ধরছি।
শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে।তিনি আরও বলেছেন, মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তারা আমাদের প্রতি বিশ্বাস রেখেছে, আমাদের ভোট দিয়েছে। মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখবে আওয়ামী লীগ। আর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ঈদযাত্রার মতো মানুষের কর্মস্থলে ফেরা স্বস্তিকর হবে।
এদিকে, মুসলমানদের বড় ধর্মীয় উতসব ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া এ বছরের দুটি ঈদই বিএসএমএমইউতে কাটিয়েছেন। আজ পরিবারের সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তাঁর সাথে সাক্ষাৎ করেছেন।
দৈনিক যুগান্তর শিরোনাম করেছে-আনন্দ-বেদনায় রোহিঙ্গাদের ঈদ
খবরটিতে লেখা হয়েছে, আনন্দ-বেদনায় ঈদুল আজহা উদযাপন করছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। ঈদের নামাজ আদায়ের পর কান্নায় ভেঙে পড়েন ইমাম ও মুসল্লিরা।সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে টেকনাফ-উখিয়ার ৩০টির বেশি রোহিঙ্গা আশ্রয় শিবিরে ঈদুর আজহার জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে ডেঙ্গু বিষয়ক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেসে ডেঙ্গু থেকে মুক্তির দোয়া করা হয়।
দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের এক জরিপ বলছে, রাজধানীর মহাখালী বাস টার্মিনাল, কমলাপুরের বিআরটিসি বাস ডিপো, কমলাপুর রেলওয়ে বস্তি, শাজাহানপুর বস্তি ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এডিস মশার লার্ভার ঘনত্ব ঝুঁকিপূর্ণ মাত্রার চেয়েও চার গুণ বেশি। আর বিভিন্ন স্থানে ফেলে রাখা পরিত্যক্ত টায়ার এ মশার সবচেয়ে বড় প্রজননস্থল বলে উঠে এসেছে জরিপে। প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে ডেঙ্গুর কারণে একেক পরিবারে একেকরম ঈদ। তাছাড়া ঢাকার বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গু চট্টগ্রাম বিভাগে বলে জানিয়েছে দৈনিকটি। আর দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, চলতি বছর রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
কড়া নিরাপত্তার মধ্যে কাশ্মীরে ঈদ উদযাপন। ঈদে জম্মু-কাশ্মীরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতা নিয়েছে প্রশাসন। এ সম্পর্কে দৈনিক আনন্দবাজারের শিরোনাম এরকম- ইদের নামাজ শেষ হতেই কাশ্মীর ফের থমথমে, বিক্ষোভের ছবি দেখাল রয়টার্স। এখবরে লেখা হয়েছে, গত এক সপ্তাহ ধরে, জম্মু-কাশ্মীরের কার্ফু-নিষেধাজ্ঞার চেনা ছবিটা হঠাৎ উধাও হয়ে গিয়েছিল সোমবার ইদের সকালে। কিন্তু, তা যেন সাময়িক। মসজিদে প্রার্থনা শেষ হতেই থমথমে পরিবেশ ফিরে এল উপত্যকায়। শুনশান হয়ে গেল রাস্তাঘাট। কোথাও কোথাও ফের জারি করা হল নিষেধাজ্ঞা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে এ দিন এ ভাবেই ইদ পালিত হল জম্মু-কাশ্মীরে। আজ কার্যত নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয় উপত্যকাকে।
কাশ্মীরে নৃশংসতা ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় কলঙ্ক-অমর্ত্য সেন-ইন্ডিয়া টুডে
কাশ্মীরে নয়াদিল্লি যে নৃশংসতা চালাচ্ছে তা ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় কলঙ্ক বলে মন্তব্য করেছেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, এটা ভারতীয় গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় কলঙ্ক। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অমর্ত্য সেন ইন্ডিয়া টুডেতে এক সাক্ষাৎকার দেন শনিবার। এতে তিনি বলেন, কাশ্মীরের জনগণ তাকিয়ে আছে। আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ। বিক্ষোভ দমন করতে ভয়ংকর ও সহিংস ব্যবস্থা নেয়া হচ্ছে, সংবাদপত্র নিষিদ্ধ করা হচ্ছে। তিনি বলেন, এতে কাশ্মীরিরা আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। এগুলো করে কাশ্মীরিদের যেভাবে শাস্তি দেয়া হচ্ছে তাতে তাদের ভারতকে আপন ভাবার কোনো কারণ নেই।
কাশ্মীরী মহিলাদের নিয়ে মন্তব্য করা বিধায়কের বিরুদ্ধে কথা বলায় অভিযুক্ত ব্যক্তি-দৈনিক আজকাল
উত্তর প্রদেশের সাহারানপুরে অন্যায় কথার প্রতিবাদ করায় উল্টে এফআইআর দায়ের হল ইআর রাও আজহর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। খাটোলি থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। থানার স্টেশন হাউস অফিসার নভরতন গৌতম জানালেন, আজহরের বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেসবুক পোস্টে লিখেছিলেন বিধায়ক বিক্রম সিং সাইনির মেয়ে নিজেই একজন কাশ্মীরী যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছেন। মুজাফ্ফরনগর পুলিস টুইটারে বলেছে, আজহরকে দ্রুত গ্রেপ্তার করা হবে। সাইনি গত সপ্তাহে বলেছিলেন, জম্মু–কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠে যাওয়ায় এবার থেকে ফরসা কাশ্মীরী মেয়েদের বিয়ে করা যাবে। সেই মন্তব্য নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। সেই কথার প্রতিবাদেই সাইনির মেয়ে সম্পর্কে ওই পোস্ট করেছিলেন আজহর।
কেরালায় ভয়াবহ বন্যায় নিহত ৭৬-বিভিন্ন দৈনিকের এ খবরে লেখা হয়েছে, ক্রমেই ভয়াল আকার ধারণ করছে ভারতের কেরালার বন্যা পরিস্থিতি।
এরইমধ্যে কেরালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। ভারতের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী গতকাল নিজে কেন্দ্র ওয়ানাডের বন্যা পরিস্থিতি দেখতে যান। এরপর আজ নিজে হাতে ত্রাণ দেয়ার পাশাপাশি মানুষের কাছে কেরালার জন্য ত্রাণ পাঠানোর আবেদন জানিয়েছেন। কেরালার প্রবল বন্যা ও রোববারের ধসে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দেশটির বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, এখনও ৩২ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২