জিয়াউর রহমান কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না : হানিফ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৩ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম
- ঢাকায় ডেঙ্গু কেড়ে নিল ৫ বছরের শিশুসহ দুজনের প্রাণ-দৈনিক যুগান্তর
- হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে-দৈনিক প্রথম আলো
- জিয়াউর রহমান কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না : হানিফ-দৈনিক মানবজিমন
- ধ্বংস করা হচ্ছে ট্যানারি শিল্পকে-রিজভীর অভিযোগ-দৈনিক ইত্তেফাক
ভারতের শিরোনাম:
- কাশ্মীরে প্রশাসনিক নিষেধাজ্ঞায় এখনই হস্তক্ষেপ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট -দৈনিক আনন্দবাজার
- রাজ্যপালের চ্যালেঞ্জ গ্রহণ করলেন রাহুল, স্থানীয়দের সঙ্গে কথা বলতে যাবেন কাশ্মীরে!-দৈনিক সংবাদ প্রতিদিন
- পাঁচ রাজ্যে বন্যায় মৃত্যু দুই শতাধিক, কেরলে লাল সতর্কতা-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে চামড়ার দাম এবং ডেঙ্গু সম্পর্কিত খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে।
চামড়ার দাম নিয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম-৩০০ টাকার চামড়া ৫০ টাকাও বলছেন না আড়তদারেরা। খবরটিতে লেখা হয়েছে, চট্টগ্রাম নগরের আতুরার ডিপো চামড়ার আড়তে হাটহাজারী উপজেলা থেকে ৬০০ চামড়া নিয়ে এসেছেন দিদার আলম। এসব চামড়া বিক্রির জন্য আড়তদারদের দুয়ারে দুয়ারে ধরনা দিচ্ছিলেন এই মৌসুমি ব্যবসায়ী। কিন্তু এগুলোর কেনার ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই আড়তদারদের। পরে হতাশ হয়ে সড়কের ওপর ফেলে বাড়ি যাওয়ার মনস্থির করেন তিনি।
একই অবস্থা দিদার আলমের মতো অন্যান্য মৌসুমি ব্যবসায়ীদেরও। ৩০০ থেকে ৪০০ টাকা দিয়ে চামড়া সংগ্রহ করেছেন। কিন্তু এখন ৫০ টাকা দিয়েও তা বিক্রি করতে পারছেন না। সারা দেশের মতো চট্টগ্রাম নগরেও চামড়ার দামের অস্বাভাবিক দরপতন হয়েছে। মৌসুমি ব্যবসায়ীরা এ জন্য আড়তদারদের ‘সিন্ডিকেটকে’ দায়ী করেছেন।দৈনিকটির অন্য দুটি খবরের শিরোনাম এরকম-লাখ টাকার গরুর চামড়ার দাম ৩০০ টাকা। ৩০ টাকা রিকশা ভাড়া দিয়ে চামড়া বিক্রি হলো ১০ টাকায়!
এদিকে দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে বিএনপি নেতা রিজভী আহমেদ অভিযোগ করেছেন ধ্বংস করা হচ্ছে ট্যানারি শিল্পকে। তিনি বলেন, আওয়ামী সিন্ডিকেট চামড়ার দাম কমিয়ে ট্যানারি শিল্প ধ্বংস ও গরীব-মিসকিনদের হক মারছে।আন্তর্জাতিক বাজারে দাম কমার অজুহাতে অনির্বাচিত আওয়ামী লীগের সিন্ডিকেট চামড়া নিয়ে কারসাজি করছে বেশ কয়েক বছর ধরে। এই চক্রের স্বার্থ রক্ষা করছে নিশুতি সরকার। বাণিজ্য মন্ত্রণালয় চামড়ার বর্গফুট প্রতি একটা হাস্যকর দাম বেঁধে দিয়ে তাদেরকে সহায়তা করছে। এই অল্প দামের কারণে চামড়া ব্যাপকভাবে পাচার হচ্ছে পার্শ্ববর্তী দেশে।
ডেঙ্গু জ্বর সম্পর্কে দৈনিক যুগান্তর ও প্রথম আলোর খবরে লেখা হয়েছে, ঈদের ছুটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অপর একজন মারা যায়। সামিয়া নামের আট বছরের এক শিশু আজ ভোর সাড়ে ছয়টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়।
এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ বলেছেন ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমছে। তিনি বলেন,গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে মোট ভর্তিকৃত রোগী সংখ্যা ১২০০ জন,যা একদিন আগের ২৪ ঘন্টায় ছিল ২০৯৩ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৪০ জন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
জিয়াউর রহমান কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না : হানিফ-দৈনিক মানবজমিন
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন ৭৫’র ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে কাজ করেছেন। দালাল আইন বাতিল করে সাড়ে এগারো হাজার যুদ্ধাপরাধীকে কারাগার থেকে মুক্তি দিয়ে তাদেরকে পুনর্বাসন করেছেন। এসব কারনে জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে ভাবা যায় না। তিনি কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযোদ্ধাদের পক্ষেও কাজ করেননি। তিনি আজ দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু ভাষ্কর্য উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ভারতের দৈনিকগুলোতে কাশ্মির ও বন্যা সম্পর্কিত খবর বিশেষ গুরুত্ব পেয়েছে।
কাশ্মীরে প্রশাসনিক নিষেধাজ্ঞায় এখনই হস্তক্ষেপ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট-দৈনিক আনন্দবাজার
বিস্তারিত খবরে লেখা হয়েছে, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি এখনও পর্যন্ত যথেষ্ট স্পর্শকাতর। তাই কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফেরাতে এখনই প্রশাসনিক নিষেধাজ্ঞায় হস্তক্ষেপ করতে রাজী হয়নি কেন্দ্রীয় সুপ্রিম কোর্ট। কাশ্মীর নিয়ে কোনওরকম তাড়াহুড়ো না করারও পরামর্শ শীর্ষ আদালতের। কাশ্মীরে ১৪৪ ধারা তুলে নিতে ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের মুক্তি দিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক সমাজকর্মী। তাঁর আবেদনের ভিত্তিতে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, প্রাণের মূল্যে জোর করে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা করা যাবে না। সুপ্রিম কোর্ট বলেছে, 'আমরা সবাই চাই কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হোক, কিন্তু রাতারাতি কিছু হওয়া সম্ভব নয়। এবিষয়ে সরকারের ওপর আমাদের ভরসা রাখতেই হবে।' গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরে বিশেষ মর্যাদা খারিজ করে দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি একে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। সেই সময় থেকেই কাশ্মীরে জারি ১৪৪ ধারা। বন্ধ মোবাইল, ইন্টারনেট পরিষেবা।
রাজ্যপালের চ্যালেঞ্জ গ্রহণ করলেন রাহুল, স্থানীয়দের সঙ্গে কথা বলতে যাবেন কাশ্মীরে!-দৈনিক সংবাদ প্রতিদিন
কাশ্মীর ইস্যুতে রাজ্যপাল সত্যপাল মালিক এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাক-বিতণ্ডা চরমে। সোমবার সত্যপাল মালিক রাহুলকে যে চ্যালেঞ্জ করে বলেছিলেন, কাশ্মীরের পরিস্থিতি বুঝতে হলে উপত্যকায় আসুন, প্রয়োজনে আপনার জন্য বিমান পাঠানোর ব্যবস্থা আমি করছি। আজ তা গ্রহণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তিনি জানিয়ে দিলেন, রাজ্যপালের আমন্ত্রণ গ্রহণ করে কাশ্মীরে যাবেন তিনি। সেজন্য বিমান পাঠানোরও প্রয়োজন নেই। শুধু চাই স্বাধীনতা। বিরোধী দলের নেতারা যাতে স্বাধীনভাবে উপত্যকার মানুষের সাথে কথা বলতে পারেন সেই ব্যবস্থা করলেই চলবে। তিনি জানিয়েছেন, নিজে এবং বিরোধী দলনেতাসহ একটি প্রতিনিধিদল যাবে কাশ্মীরে। রাহুল গান্ধী দাবি করেন, কাশ্মীর থেকে প্রতিনিয়ত অশান্তির খবর আসছে। ওখানকার পরিস্থিতি ঠিক নেই।
পাঁচ রাজ্যে বন্যায় মৃত্যু দুই শতাধিক, কেরলে লাল সতর্কতা-দৈনিক আজকাল
২০১৮ সালের বন্যার ধাক্কা সামলে ওঠার আগেই আবার বন্যার গ্রাসে কেরল। এপর্যন্ত সরকারি হিসেবে কেরলে ৮৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৪০ জন। রাজ্যজুড়ে ১৩৩২টি ত্রাণশিবিরে আছেন প্রায় আড়াই লক্ষ মানুষ। মঙ্গলবার অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে মঙ্গলবার- আলাপ্পুঝালা, এর্নাকুলাম এবং ইড্ডুকিতে এবং বুধবার মালাপ্পুরম এবং কোঝিকোড়ে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বর্নাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন। এদিন সকালেই বন্যাকবলিত জেলাগুলি আকাশপথে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। #
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩