আগস্ট ১৭, ২০১৯ ১১:২৯ Asia/Dhaka
  • পত্রপত্রিকার পাতার  গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ
    পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৭ আগস্ট শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শিশুকে জবাই-দৈনিক যুগান্তর
  • ডেঙ্গুতে ঢাকায় নারী, ফরিদপুরে কলেজছাত্রের মৃত্যু-দৈনিক ইত্তেফাক
  • পোড়া বস্তিতে হাতড়ে বেড়াচ্ছে ওরা-দৈনিক প্রথম আলো
  • বাড়ি ভাঙলো নদীতে, শেষ সম্বলটুকুও পুড়লো আগুনে-আকুতি  ঢাকায় ঘরপোড়া নাসিমা বেগমের-দৈনিক মানবজমিন
  • বিএনপি’র হাত ধরেই 'জঙ্গিবাদের' উত্থান : হানিফ-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • ভারতীয় হাইকমিশনের বাইরে পাকিস্তানি বিক্ষোভ-দৈনিক আনন্দবাজার
  • পাক-অধিকৃত কাশ্মীর থেকে ভারতে হামলার ছক-দৈনিক সংবাদ প্রতিদিন
  • অসমের ৪২ লাখ মানুষের কী হবে? প্রশ্ন কানহাইয়ার-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

 

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

ডেঙ্গুতে ঢাকায় নারী, ফরিদপুরে কলেজছাত্রের মৃত্যু-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ার বেগম (৪৫) মারা গেছেন। শনিবার বেলা ১টা ৫ মিনিটে তিনি মারা যান। তার বাড়ি কিশোরগঞ্জে। স্বামীর নাম সাইফুল হক। এদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে সুমন সেক (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি মাগুরা জেলার চাঁদপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। শনিবার বেলা ১০টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন পাঁচ জন রোগী।

পোড়া বস্তিতে হাতড়ে বেড়াচ্ছে ওরা-দৈনিক প্রথম আলো

রাজধানীর মিরপুর ৭ নম্বরের বস্তিতে পোড়া ধ্বংসস্তূপ হাতড়ে বেড়াচ্ছে সব–হারানো মানুষ। সেখানেই খুঁজে ফিরছে কিছু অবশিষ্ট আছে কি না। বেশির ভাগ ঘর থেকে কিছুই বের করতে পারেনি বাসিন্দারা। হাজারো ঘর পুড়ে গেছে। আগুন লাগার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পুলিশ বলছে, এ ঘটনায় চারজন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। বস্তির বাসিন্দা শামীম হাসান বলেন, ‘আমার সবকিছু শেষ হয়ে গেছে। স্থানীয় অনেক লোক বলছেন, মিরপুর ৭ নম্বরের বস্তিটি অবৈধ। এখানে বেশির ভাগ বাড়ি টিন ও কাঠের। একেকটি বাড়ি টিন দিয়েই তিন-চারতলা করা হয়েছে। গা ঘেঁষাঘেঁষি করে তৈরি করা এসব ঘরের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। বস্তির আশপাশের বাড়িগুলোতেও আগুন নিয়ে আতঙ্ক ছড়ায়। আগুনের খবর পেয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সাংসদ ইলিয়াস মোল্যা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান ঘটনাস্থলে যান। তাঁরা ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তা আশ্বাস দেন। সাংসদ ইলিয়াস মোল্যা বলেন, ৫০ থেকে ৬০ হাজার লোক বস্তিতে থাকত। সবাই ঈদে বাড়ি গিয়েছিল। কিন্তু ফিরে এসে কেউ কিছু পায়নি। এখানে যা ছিল সব শেষ হয়ে গেছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কেউ কিছু জানে না-দৈনিক প্রথম আলো

দেশে ফিরে যাওয়ার ব্যাপারে রোহিঙ্গারা কিছুই জানেন না

২২ আগস্ট থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ব্যাপারে মিয়ানমার সম্মত হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা বলছেন, তাঁরা এর কিছুই জানেন না। কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, নতুন করে প্রত্যাবাসনের ব্যাপারে তাঁর কাছে কোনো খবর নেই। রোহিঙ্গাদের দাবি, নাগরিকত্ব, সম–অধিকারসহ কয়েকটি দাবি মেনে নেওয়া না হলে তাঁরা কিছুতেই ফিরে যাবেন না।

বিএনপি’র হাত ধরেই 'জঙ্গিবাদের' উত্থান : হানিফ-দৈনিক নয়া দিগন্ত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশে বিএনপি’র হাত ধরেই 'জঙ্গিবাদের' উত্থান হয়েছে। আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার বার্ষিকীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, ‘যারা সিরিজ বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল সেই বিএনপি জামায়াত এখনো তৎপর, তারা ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেবে আওয়ামী লীগ। বিএনপি’র হাত ধরেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে।’তিনি বলেন, বিএনপি এখনও ষড়যন্ত্রের পথ খুঁজছে।

রাজনৈতিক কর্মকাণ্ড কঠিন হয়ে পড়েছে: ফখরুল-দৈনিক প্রথম আলো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে একটা কঠিন সময়। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়নে রাজনৈতিক কর্মকাণ্ড করা কঠিন হয়ে পড়েছে।গাজীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল করিম আজ শনিবার বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয়। সেই যোগদান অনুষ্ঠানেই এসব কথা বলেন মির্জা ফখরুল। আবদুল করিমকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশের ২৬ লাখ মানুষ আসামি, এক লাখ মামলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা আবদ্ধ করে রাখা হয়েছে। এ সময় আবদুল করিমের বিএনপিতে যোগদান একটি উল্লেখযোগ্য ঘটনা। তাঁর এই যোগদান আমাদের অনুপ্রাণিত করেছে যে আমরা সঠিক পথেই আছি।’মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সামনে কঠিন কাজ। জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকেই মনে করেছিল, বিএনপি ধ্বংস হয়ে যাবে। সেই বিএনপিকে খালেদা জিয়া জাগিয়ে তুলেছেন। তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। আজ সেই নেত্রী কারাগারে আবদ্ধ।’

কাশ্মীরিদের দাবার গুটির মতো ব্যবহার করা যাবে না: অ্যামনেস্টি-দৈনিক যুগান্তর

কাশ্মীরের অচলাবস্থা নিরসনে শুক্রবার আবারও ভারতের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেখানে আন্দোলনের ভয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সব রাজনৈতিক নেতাদের গণহারে গ্রেফতার করে নির্যাতন চালানো হচ্ছে বলেও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। খবর দ্যা ডনের। এক বিবৃতিতে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব কুমি নাইডু বলেন, দশ বছর পর আবারও কাশ্মীর ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উঠল।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

অসমের ৪২ লাখ মানুষের কী হবে? প্রশ্ন কানহাইয়ার-দৈনিক আজকাল

অসমের ৪২ লাখ মানুষের কী হবে? প্রশ্ন কানহাইয়ার

অসমের ৪২ লাখ নাগরিকের ভবিষ্যৎ কী হবে? দ্রুত জবাব দিক নরেন্দ্র মোদি সরকার। বৃহস্পতিবার কলকাতায় এনআরসি–বিরোধী যুক্তমঞ্চের সভায় প্রশ্ন তুললেন বামপন্থী ছাত্রনেতা কানহাইয়া কুমার। সভায় বক্তারা এনআরসি–র বিপদ সম্পর্কে মানুষকে অবহিত করেন। সেইসঙ্গে বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির হাত ধরে এনআরসি চালুর যে অপচেষ্টা চলছে, তার বিরোধিতা করা হয়। কানহাইয়া কুমারের অভিযোগ, কাশ্মীর থেকে অসম সর্বত্রই বিভেদের রাজনীতি করছে বিজেপি। অসমে এনআরসি প্রক্রিয়ায় ৪২ লাখ মানুষ নাগরিকত্ব খোয়াচ্ছেন। এর মধ্যে বেশির ভাগই হিন্দু। তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, যে ৪২ লাখ মানুষ নাগরিকত্ব খোয়াবেন, তাঁরা কোথায় যাবেন? কারণ বাংলাদেশ ইতিমধ্যেই তাঁদের ফেরত নিতে অস্বীকার করেছে। অসমেও তাঁদের থাকার উপায় নেই। তাঁর মতে, বিজেপি অসমেও হিন্দু ও মুসলিমদের মধ্যে বিরোধ বাধাতে গিয়ে বাঙালি–অসমিয়ার বিরোধ বাধিয়ে দিচ্ছে। বাংলায় সকলে একত্রিত হয়ে এনআরসি চালুর অপচেষ্টা রুখতে হবে।  ‌

পাক-অধিকৃত কাশ্মীর থেকে ভারতে হামলার ছক-সংবাদ প্রতিদিন

কাশ্মীরে নাকানিচোবানি খেয়ে এবার পাকিস্তানের জমি থেকে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করল সন্ত্রাসবাদী সংগঠনগুলি৷ সম্প্রতি পাক-অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদ থেকে একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গিরা৷ গোয়েন্দা সূত্রের খবর, জঙ্গিনেতা সৈয়দ সালাউদ্দিনের নেতৃত্বে হিজবুল মুজাহিদিন এবং ইউনাইটেড জিহাদ কাউন্সিলের মতো সংগঠনগুলিকে ভারতে হামলা চালাতে পাক সরকার নতুন করে মদত দিচ্ছে বলে খবর। সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারা রদ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর এবার ভারতের বিরুদ্ধে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে পাক জেহাদিরা।

ভারতীয় হাইকমিশনের বাইরে পাকিস্তানি বিক্ষোভ-দৈনিক আনন্দবাজার

বিক্ষোভের আঁচ লাগল লন্ডনের ভারতীয় হাইকমিশনের বাইরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। নিশানায় ছিলেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। অন্তত ৫ হাজার লোক প্রথমে পাকিস্তান, কাশ্মীরের পতাকা এবং খলিস্তানের পতাকা হাতে ইন্ডিয়া হাউসের বাইরে জমায়েত করেন। তার কিছু ক্ষণের মধ্যে প্রতিবাদীদের মধ্যে থেকে ছুটে আসে ডিম আর বোতল। কাশ্মীরে থাকা স্বজনদের সঙ্গে অনেকেই লন্ডন থেকে যোগাযোগ করার চেষ্টা করেছেন, পারেননি। এমন অনেকেই সংবাদমাধ্যমে বলেছেন, পরিবারের সঙ্গে দেখা করতে না পেরে তাঁরা উদ্বিগ্ন। তাই শান্তিপূর্ণ প্রতিবাদের কথা ভেবেছিলেন। যদিও তাতে শেষ পর্যন্ত আর শান্তি বজায় রাখা যায়নি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭