এবারের ঈদযাত্রায় ২০৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ২২৪ জন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৮ আগস্ট রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম
- চামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট-দৈনিক যুগান্তর
- কুমিল্লায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭-দৈনিক প্রথম আলো
- এবারের ঈদযাত্রায় ২০৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ২২৪-দৈনিক মানবজিমন
- ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪৬০ জন-দৈনিক ইত্তেফাক
- মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- যোগীরাজ্যে দিনের আলোয় সাংবাদিক খুন, সাহারানপুরে তোলপাড়-দৈনিক আনন্দবাজার
- বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বনগাঁ হাসপাতাল পরিদর্শনে করলেন স্বাস্থ্য অধিকর্তা-দৈনিক সংবাদ প্রতিদিন
- এবার পাকিস্তানের সঙ্গে শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে: রাজনাথ সিং-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনার খবর আজকের প্রায় সব দৈনিকে বিশেষ গুরুত্বসহ ছাপা হয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে এ সম্পর্কে লেখা হয়েছে, কুমিল্লার লালমাই উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী–শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার জামতলি এলাকায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে দুই নারী ও দুই শিশু আছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কারও পরিচয় জানা যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে দুর্ঘটনা নিয়ে দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনাম এরকম- এবারের ঈদযাত্রায় ২০৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ২২৪
বিস্তারিত খবরে লেখা হয়েছে, ঈদুল আযহায় যাতায়াতের সময় দেশের সড়ক-মহাসড়কে ২০৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২২৪ জন নিহত ও ৮৬৬ জন আহত হয়েছে। এ তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। আজ দুপর সাড়ে ১২ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, আগের তুলনায় এবার রাস্তার-ঘাটের পরিস্থিতি কিছুটা ভালো। নৌপথে বেশকিছু লঞ্চ চালু হয়েছে, রেলপথের অবস্থাও ভালো ছিলো। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, যানজটের ভোগান্তি, রেলের সিডিউল বিপর্যয়, টিকেট কালোবাজারি, ফেরি পারাপারে ভোগান্তিসহ নানান কারণে যাত্রী হয়রানি বেড়েছে।
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪৬০ জন-দৈনিক ইত্তেফাক
আগের মাসের তুলনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হলেও গত কয়েক দিনের হিসাবে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির হার কমেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত দুদিন ধরে ঢাকা ও ঢাকার বাইরে হাসপাতালগুলোয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। সারাদেশে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৪ জেলার বিভিন্ন হাসপাতালে ১৪৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এদিকে শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো দুই জন মারা গেছে।
এদিকে, দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে, কী কাজ করবে ‘স্টপ ডেঙ্গু’ অ্যাপ? এ প্রতিবেদনে লেখা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ও দেশজুড়ে ছড়িয়ে পড়া ডেঙ্গুর ছোবল থেকে মুক্তি পেতে ‘স্টপ ডেঙ্গু’ নামের মোবাইল অ্যাপ চালু হয়েছে। সরকারের পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ এবং চারটি সংস্থা একত্রে অ্যাপটি তৈরি করেছে। অ্যাপটি তৈরির কাজ তত্ত্বাবধান করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আবদুল ওয়াহেদ বলেন, ‘স্টপ ডেঙ্গু’ অ্যাপ ব্যবহারের মাধ্যমে যেকেউ দেশের যেকোনো স্থানে মশার প্রজননস্থান স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারবেন। এর মাধ্যমে পুরো দেশের মশার প্রজননস্থানের ম্যাপিং তৈরি করা হবে।
চামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট-দৈনিক যুগান্তর
কোরবানির পশুর চামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে রিটে চামড়ার দরপতনের ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতেও বলা হয়েছে। এ ছাড়া কোরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতন কেন অবৈধ হবে না-মর্মে রুল জারিরও আর্জি জানানো হয়েছে রিটে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মহিউদ্দিন ফরহাদ হানিফ এ রিট করেন। ঈদের দিন শুরু থেকে কোরবানিদাতারা চামড়া বিক্রির লোক খুঁজে পায়নি। যারা বিক্রি করতে পেরেছেন তাও নামমাত্র মূল্যে। ন্যায্যমূল্যে না পেয়ে অনেক মাদ্রাসা ও এতিমখানার, লোকজনকে বিনাপয়সায় দিয়েছেন। দাম না পেয়ে অনেকেই চামড়া মাটিতে পুঁতে রাখে এবং সড়ক ও নদীতে ফেলে দেয়। নষ্ট হয় কয়েক লাখ চামড়া। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক হইচই শুরু হয়।
মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর-দৈনিক নয়া দিগন্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথভাবে বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাজেট দিয়েছি এবং উন্নয়ন প্রকল্প নিয়েছি। কিন্তু তা বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়কে প্রকল্প অনুযায়ী তাদের কাজের অগ্রাধিকার ঠিক করতে হবে।’ শেখ হাসিনা বলেন, তার সরকার বিশাল বাজেট পেশ করেছে এবং মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার নিয়ে তাদের ভৌত কাজ বন্যার পরই যাতে শুরু করা যায় সে লক্ষ্যে পেপার ওয়ার্ক শেষ করে দ্রুত উন্নয়ন কাজ করতে হবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
যোগীরাজ্যে দিনের আলোয় সাংবাদিক খুন, সাহারানপুরে তোলপাড়-দৈনিক আনন্দবাজার
উত্তরপ্রদেশের নামী দৈনিক পত্রিকার সাংবাদিক আশিস জানওয়ানি ও তাঁর ভাইকে দিনের আলোয় গুলি করে হত্যা করল একদল দুষ্কৃতী। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিচ্ছিল এলাকার মাফিয়ারা। স্থানীয় সূত্রে খবর, আশিস এলাকার যত্রতত্র ময়লা ফেলা নিয়ে বেশ কিছুদিন আগে বিবাদে জড়িয়ে পড়েন এই দুষ্কৃতীদের সঙ্গে। অভিযোগ পুলিশে খবর দিলেও কোনও লাভ হয়নি। এ দিন সাহারানপুরের মাধবনগর এলাকায় আশিসের বাড়িতে সরাসরি হামলা চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীেদের মতে, তিনজন সশস্ত্র দুষ্কৃতী বাইকে করে এসে এদিন মুখ বাধা অবস্থায় আশিসের বাড়িতে ঢোকে। সঙ্গে থাকা বন্দুক থেক এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে তারা। ঘটনাস্থলেই মারা যান আশিসের ভাই। দুষ্কৃতীরা পালিয়ে গেলে আশিসের পরিজনেরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় তাঁর।
এবার পাকিস্তানের সঙ্গে শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে: রাজনাথ সিং-দৈনিক আজকাল
আর কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবারই পরমাণু অস্ত্র নিয়ে তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘এখনও পর্যন্ত পরমাণু অস্ত্র নিয়ে প্রথম ব্যবহার নীতিতে চলে না ভারত। তবে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এই নীতি বদলাতেও পারে।’ আর রবিবার দুপুরে বললেন, এবার শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই পাকিস্তানের সঙ্গে কথা বলবে ভারত। তা হবে যদি জঙ্গি মদত বন্ধ করে ইসলামাবাদ। রাজনাথ সিংয়ের এই সাফ কথায় কপালে ভাঁজ পড়েছে ওয়াঘা সীমান্তের ওপারে। রবিবার হরিয়ানার পঞ্চকুলার এক সভায় কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় বিঁধেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বনগাঁ হাসপাতাল পরিদর্শনে করলেন স্বাস্থ্য অধিকর্তা-দৈনিক সংবাদ প্রতিদিন
বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ৷ আক্রান্ত রোগীদের সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলিকে৷ কেবলমাত্র বনগাঁ মহকুমাতেই এডিস মশা বাহিত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক| মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের৷ এই পরিস্থিতিতে শনিবার বনগাঁ হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় কুমার চক্রবর্তী৷ ডেঙ্গুর চিকিৎসা করতে কতটা প্রস্তুত হাসপাতাল, সেই ব্যবস্থাপনাই খতিয়ে দেখেন তিনি৷ পাশাপাশি, কথা বলেন রোগীদের সঙ্গে৷ আশ্বাস দেন ভয় না পাওয়ার৷ জানা গিয়েছে, রাজ্যজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কপালে৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮