খালেদা জিয়ার মতো ‘পরিণতির’ হুমকি পাচ্ছি: ভিপি নুরুল
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৯ আগস্ট সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- এফআর টাওয়ারের মালিক ফারুক গ্রেফতার-দৈনিক যুগান্তর
- ডেঙ্গুতে খুলনা ও ময়মনসিংহে তিনজনের মৃত্যু-দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়ার মতো ‘পরিণতির’ হুমকি পাচ্ছি: নুরুল-দৈনিক প্রথম আলো
- ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরে প্রত্যাশা দেখছে না বিএনপি-দৈনিক মানবজমিন
- শহীদ জিয়াউর রহমান কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- রাতে বিক্ষিপ্ত বিক্ষোভ শ্রীনগরে-ছন্দ ফেরানোর চেষ্টা, উপত্যকায় খুলল সরকারি অফিস, স্কুল খুললেও হাজিরা নগণ্য- দৈনিক আনন্দবাজার
- নেহরুর জন্যই হাতছাড়া আকসাই চিন, কংগ্রেসকে তোপ লাদাখের সাংসদের-দৈনিক সংবাদ প্রতিদিন
- কশ্মীরে মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে, টুইট করে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন। তার এ সফর সম্পর্কে মানবজমিন পত্রিকা শিরোনাম করেছে- ‘টার্গেট রাজনৈতিক সম্পর্ক দৃঢ়করণ’। আপনার কী মনে হয়?
২. অবশেষে জিব্রাল্টার ত্যাগ করল ইরানি তেল ট্যাংকার। ঘটনাটিকে আপনি কীভাবে দেখছেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি।
খালেদা জিয়ার মতো ‘পরিণতির’ হুমকি পাচ্ছি: নুরুল-দৈনক প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক অভিযোগ করে বলেছেন, অন্যায়-অনিয়মের প্রতিবাদ করায় তিনি ও তাঁর সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রোষানলের শিকার হচ্ছেন। সরকারের বিরোধিতা করলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন ‘খালেদা জিয়ার মতো পরিণতি’ হতে পারে—আওয়ামী লীগ ও সরকারের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাঁদের এমন হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নুরুল হক। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিপি নুরুল হক এসব কথা বলেন।নুরুল হক অভিযোগ করেন, ‘আমি কোনো অন্যায় বা অপরাধ করিনি। শুধু অন্যায়-অনিয়মের প্রতিবাদ করার কারণেই আমি ও আমার সংগঠনের নেতা-কর্মীরা বারবার ক্ষমতাসীন দলের রোষানলের শিকার হয়েছি। ক্ষমতাসীন দলের নেতা ছাড়াও সরকারের গোয়েন্দা সংস্থার লোকদের কাছ থেকে প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছি।
চামড়ায়ও বিএনপি খুঁজছেন শিল্পমন্ত্রী!-দৈনিক প্রথম আলো
দেশের মানুষ কোথাও প্রকাশ্যে বিএনপির তৎপরতা না দেখলেও সরকারের মন্ত্রীরা বিএনপিকে সুড়ঙ্গের ভেতর থেকে খুঁজে বের করতে সদা সচেষ্ট। কোনো অঘটন ঘটলেই তার পেছনে বিএনপির ষড়যন্ত্র আবিষ্কারে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। কৃষক ধানের দাম পাননি, মন্ত্রীরা বললেন, এর পেছনে বিএনপির কারসাজি আছে। গণপিটুনিতে মানুষ মারা গেছে, মন্ত্রীরা—আওয়ামী লীগের বাঘা নেতারা বললেন, এর ভেতরে বিএনপি-জামায়াত আছে। প্রথমে ঢাকা শহরে এবং পরে সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, তার ভেতরেও কেউ কেউ বিএনপির ষড়যন্ত্র আবিষ্কার করেছেন।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরে প্রত্যাশা দেখছে না বিএনপি-দৈনিক মানবজমিন
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে প্রত্যাশার কিছুই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরে আমরা খুব বেশি প্রত্যাশা দেখছি না। কারণ গত ১০ বছর ধরে আমরা শুনে আসছি এই আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক সুউচ্চ পর্যায়ে আছে। এখন পর্যন্ত তিস্তা নদীর পানির আমরা ন্যায্য হিসাব আমরা পাইনি। সীমান্তে হত্যা বন্ধ হয়নি। আমাদের যে সকল ঘাটতি রয়েছে, তা পূরণ করার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমাদের কোন সমস্যাই সমাধান হয়নি। হয়েছে ভারতের সব সমস্যার সমাধান। সেজন্যে আমরা খুব বেশি আশাবাদি হতে পারছি না।
আইন আদালত সম্পর্কিত খবরে দৈনিক যুগান্তরের শিরোনাম এরকম-
এফআর টাওয়ারের মালিক ফারুক গ্রেফতার-দৈনিক যুগান্তর
রাজধানীর বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় নকশা জালিয়াতির মামলায় এবার টাওয়ারটির মালিক এসএমএইচআই ফারুককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে গুলশান-২ থেকে দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক তাকে গ্রেফতার করেন। এর আগে এফআর টাওয়ার নকশা জালিয়াতির মামলায় টাওয়ারটির তিনটি ফ্লোরের মালিক কাসেম ড্রাইসেলের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা তাসভীর-উল ইসলামকে গ্রেফতার করে দুদক।
নকশা জালিয়াতির মাধ্যমে এফআর টাওয়ারের কয়েকটি তলা বাড়ানোর অভিযোগে ২৫ জুন তাসভীরসহ ২৩ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।
ডেঙ্গু সম্পর্কিত খবর এখনও বাংলাদেশের মিডিয়ার অন্যতম খবর হিসেবে পরিবেশিত হচ্ছে। এ সম্পর্কে দৈনিক ইত্তেফকের শিরোনাম-ডেঙ্গুতে খুলনা ও ময়মনসিংহে তিনজনের মৃত্যু
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মারা গেছেন। রবিবার রাতে ও সোমবার সকালে তারা মারা যান। তিনজনের মৃত্যুর বিষয় হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
এদিকে দৈনিক যুগান্তরের এ সম্পর্কিত খবরের শিরোনামে লেখা হয়েছে-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৬১৫ রোগী হাসপাতালে ভর্তি। বিস্তারিত খবরে বলা হয়েছে, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ জন। এছাড়া সোমবার সকাল থেকে দুপুর এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
নেহরুর জন্যই হাতছাড়া আকসাই চিন, কংগ্রেসকে তোপ লাদাখের সাংসদের-দৈনিক সংবাদ প্রতিদিন
১৯৬২ সালের চিনের আগ্রাসন রুখতে লাদাখ ও অরুণাচল প্রদেশে ‘ফরওয়ার্ড পলিসি’ নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। যার জেরে সীমান্তে ভারতীয় সেনাদের পাঠিয়েছিলেন তিনি। নেহরুর এই নীতিকেই তীব্র কটাক্ষ করলেন লাদাখের বিজেপি সাংসদ জামিয়াং শেরিং নামগিয়াল। তিনি মনে করছেন, নেহরুর এই নীতিই ‘ব্যাকওয়ার্ড পলিসি’ হয়ে গেল। নেহরুর ব্যর্থ নীতি লাদাখের দুর্ভোগের জন্য দায়ী। নামগিয়াল আরও বলেন, জম্মু ও কাশ্মীরের দেশবিরোধী শক্তির সঙ্গে তোষণের রাজনীতি করলেন নেহরু। আর লাদাখবাসীর ভাগ্যও রক্তাক্ত হল। তোষণ করা হল জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের, কিন্তু ক্ষতবিক্ষত হল লাদাখ।
নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট-আসামে বিশাল বন্দিশিবির নির্মাণের পরিকল্পনা, আতঙ্কে মুসলিমরা
ভারতে কমপক্ষে ৪০ লাখ মানুষ বিদেশী অভিবাসী ঘোষিত হওয়ার ঝুঁকিতে। এর বেশির ভাগই মুসলিম। ভারত সরকার কট্টর হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করছে। এর অধীনে নাগরিকত্বের জনপ্রিয় যে ধারা তাকে চ্যালেঞ্জ জানিয়েছে সরকার এবং নতুন করে নাগরিকত্বের সংজ্ঞা নির্ধারণ করেছে। এর ফলে আসাম রাজ্য সরকার ফরেনার ট্রাইব্যুনাল দ্রুততার সঙ্গে বৃদ্ধি করছে। পরিকল্পনা নিয়েছে নতুন নতুন বিশাল সব বন্দিশিবির নির্মাণের। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন মুসলিমরা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। সাংবাদিক জেফ্রে জেটলম্যান ও হরি কুমারের লেখা প্রতিবেদনটির শিরোনাম-‘ইন্ডিয়া প্লানস বিগ ডিটেনশন ক্যাম্পস ফর মাইগ্রেন্টস অ্যান্ড মুসলিমস আর অ্যাফ্রেইড’।
রাতে বিক্ষিপ্ত বিক্ষোভ শ্রীনগরে-ছন্দে ফেরানোর চেষ্টা, উপত্যকায় খুলল সরকারি অফিস, স্কুল খুললেও হাজিরা নগণ্য-দৈনিক আনন্দবাজার
দু’সপ্তাহ টানা ‘ঘরবন্দি’ থাকার পর স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে কাশ্মীর উপত্যকা। সোমবার কিছু স্কুল, সব সরকারি অফিস খুললেও তাতে যেন স্বতঃস্ফূর্ততার অভাব। অধিকাংশ স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল হাতে গোনা। সরকারি অফিসেও হাজিরা নামমাত্র। কার্ফু উঠলেও মোড়ে মোড়ে সেনার কড়া নজরদারি বহাল রয়েছে। মোবাইল ইন্টারনেট এখনও বন্ধ। ছাড়া হয়নি গ্রেফতার হওয়া শতাধিক রাজনৈতিক নেতাকে। সব মিলিয়ে শ্রীনগরসহ গোটা উপত্যকা জুড়ে এখনও থমথমে পরিবেশ। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি-সহ যে শতাধিক রাজনৈতিক নেতাকে গ্রেফতার করে রাখা হয়েছে, তাঁদের এখনও ছাড়া হয়নি। কবে ছাড়া হবে, সে বিষয়েও মুখ খুলতে চাইছেন না প্রশাসনিক আধিকারিকরা।
কশ্মীরে মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে, টুইট করে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর-দৈনিক আজকাল
সোমবার বিশ্ব মানবিকতা দিবসে কাশ্মীর নিয়েই টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইট করে তিনি লেখেন, ‘কাশ্মীরের মানবাধিকার, শান্তির জন্য প্রার্থনা করি৷ মানবাধিকার রক্ষা হৃদয়ের খুব কাছের বিষয়৷ ১৯৯৫ সালেও সরব হয়েছিলাম৷ মানবাধিকার রক্ষা এবং লকআপে মৃত্যুর প্রতিবাদে আমি ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি।’
এদিন সকালে তিনি টুইটে লেখেন, ‘আজ বিশ্ব মানবিকতা দিবস। সেখানে মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে কাশ্মীরে। আসুন আমরা প্রার্থনা করি যাতে কাশ্মীরে মানবাধিকার এবং শান্তি বজায় থাকে।’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯