আগস্ট ২০, ২০১৯ ১১:৪৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২০ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম

  • তিস্তা নিয়ে প্রতিশ্রুতি আছে-জয়শঙ্কর -দৈনিক প্রথম আলো
  • বঙ্গবন্ধু হত্যায় জিয়া নয় আ’লীগ নেতারাই জড়িত: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর
  • ‘অপরাধীদের শাস্তি দ্রুত নিশ্চিত না হওয়ায় ধর্ষণ বাড়ছে-হাইকোর্ট -দৈনিক মানবজিমন 
  • বেগম জিয়ার দুর্নীতির গন্ধ ছড়াবে এবার বিদেশেও: তথ্যমন্ত্রী -দৈনিক ইত্তেফাক
  • দুপুরের খাবার দেওয়া হবে সব প্রাথমিক বিদ্যালয়ে -দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:    

  • কাশ্মীর নিয়ে ট্রাম্পের সঙ্গে আধ ঘণ্টা ফোনে কথা বললেন মোদী -দৈনিক আনন্দবাজার
  • পাকিস্তানকে শিক্ষা দিতে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি! গোপন কথা ফাঁস রাওয়াতের -দৈনিক সংবাদ প্রতিদিন
  • জঙ্গি ঢুকেছে ভারতে!‌ গুজরাট–মধ্যপ্রদেশ সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট জারি -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের খবরটি আজকের সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালে বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর শিরোনাম করা হয়েছে-তিস্তা নিয়ে প্রতিশ্রুতি আছে: জয়শঙ্কর। খবরটিতে লেখা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দুই দেশের জন্য লাভজনক হয়—এমনটা বিবেচনায় নিয়ে ৫৪টি নদীর অভিন্ন পানিবণ্টনের বিষয়ে একটি ফর্মুলা বের করতে বাংলাদেশ-ভারত রাজি হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তার পানি বন্টন নিয়ে আমাদের একটি প্রতিশ্রুতি রয়েছে। এর কোনো পরিবর্তন হয়নি।’পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে আমরা উৎফুল্ল।’আর দৈনিক মানবজমিনে লেখা হয়েছে এনআরসি প্রসঙ্গে সাংবাদিকরা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ইস্যুটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।

বঙ্গবন্ধু হত্যায় জিয়া নয় আ’লীগ নেতারাই জড়িত: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বললেন সপরিবারে বঙ্গবন্ধু হত্যায় জিয়া নয় আ.লীগ নেতারাই দায়ী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নয় বরং আওয়ামী লীগের নেতারাই জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত- সরকারের মন্ত্রীদের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, দীর্ঘকাল ধরেই তারা এই ইতিহাস বিকৃত করার চেষ্টা করছেন।নিজেদের ব্যর্থতা আড়াল করতেই চামড়ার বাজারে অস্থিতিশীল অবস্থা নিয়ে বিএনপিকে জড়িয়ে অর্বাচীনের মতো বক্তব্য দিচ্ছে সরকার।সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই অবৈধ সরকার সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এখন তারা অর্থনীতি ধ্বংসের জন্য উঠেপড়ে লেগেছে।

বেগম জিয়ার দুর্নীতির গন্ধ ছড়াবে এবার বিদেশেও: তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

বেগম জিয়ার দুর্নীতির গন্ধ ছড়াবে এবার বিদেশেও বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'বেগম জিয়ার শাস্তি হয়েছে এতিমদের অর্থ আত্মসাতের অপরাধে। এ দুর্নীতির কথা সারাদেশের মানুষ জানে। তার মুক্তির জন্য বিএনপি যদি বিদেশে ধর্ণা দেয়, তাহলে খালেদা জিয়ার দুর্নীতি দেশে যে দুর্গন্ধ ছড়িয়েছে, তা এবার বিদেশেও ছড়াবে।'গতকাল বিকেল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘অপরাধীদের শাস্তি দ্রুত নিশ্চিত না হওয়ায় ধর্ষণ বাড়ছে’-হাইকোর্ট-দৈনিক মানবজমিন

‘অপরাধীদের শাস্তি দ্রুত নিশ্চিত না হওয়ায় ধর্ষণ বাড়ছে’-হাইকোর্ট

অপরাধীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত নিশ্চিত করতে না পারায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ বিশেষত শিশু ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যার মতো ঘৃণ্য অপরাধ বেড়েই চলেছে। এই অপরাধের সঙ্গে জড়িত অপরাধীর দ্রুততম সময়ে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারার দায় মূলত রাষ্ট্রের ওপরই বর্তায়। এক্ষেত্রে বিচার বিভাগও জবাবদিহিতার ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেন আদালত। বিভিন্ন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উল্লেখযোগ্য সংখ্যক ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাসমূহ বিচারের জন্য অপেক্ষমান। এর মধ্যে ৪-৫ বছরের পুরাতন মামলার সংখ্যাও কম নয়।

দুপুরের খাবার দেওয়া হবে সব প্রাথমিক বিদ্যালয়ে-দৈনিক সমকাল

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দুপুরের খাবার দেওয়া হবে। শুরুতেই এই সুবিধা দেওয়া হবে চর, হাওর ও দুর্গম এলাকার স্কুলগুলোতে। ২০২৩ সালের মধ্যেই পর্যায়ক্রমে প্রাথমিকের সব শিক্ষার্থীকে রান্না করা খাবার বা ডিম, কলা ও উন্নতমানের বিস্কুট দেওয়া হবে। এসব বিধান রেখে 'জাতীয় স্কুল মিল নীতি ২০১৯'-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নীতির খসড়া অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমানে দেশের ১০৪টি উপজেলার ১৫ হাজার ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে স্কুল মিল কর্মসূচি চালু আছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

প্রথমেই কাশ্মীর প্রসঙ্গ

'ভারতীয় হিসেবে গর্বিত নই: অমর্ত্য সেন' এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

ভারতের নোবেল বিজয়অ অর্থনীতিবিদ অমর্ত্য সেন বললেন,' ভারতীয় হিসেবে আমি গর্বিত নই'

কাশ্মীর নিয়ে ভারত সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, ‘গণতন্ত্র ছাড়া কাশ্মীর সমস্যার কোনো সমাধান হবে বলে আমি মনে করি না।’ গতকাল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় নাগরিক হিসেবে ‘গর্বিত নন’ বলে জানিয়েছেন তিনি। জম্মু ও কাশ্মীরের মূলধারার রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের সমালোচনাও করেছেন তিনি। অমর্ত্য সেন বলেন, ‘জনগণের নেতাদের কণ্ঠস্বর না শুনে আপনারা স্বচ্ছতা ও ন্যায়বিচার পাবেন বলে আমি মনে করি না। সরকার বলছে,সতর্কতার কারণে জম্মু ও কাশ্মীরে কড়া নিরাপত্তা জারি হয়েছে। অমর্ত্য সেন বলেন, ‘এটি পুরোনো ঔপনিবেশিক অজুহাত। ব্রিটিশরা এভাবেই ২০০ বছর ধরে দেশ চালিয়েছিল।’

কাশ্মীর নিয়ে ট্রাম্পের সঙ্গে আধ ঘণ্টা ফোনে কথা বললেন মোদী-দৈনিক আনন্দবাজার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ

কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক স্তরে সুর চড়াচ্ছে চিন। প্রকাশ্যে তারা ইসলামাবাদের পাশে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে আধ ঘণ্টা কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্টকে তিনি স্পষ্ট জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত একান্ত ভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে পাকিস্তান অযথা রাজনীতি করছে। হোয়াইট হাউসের উদ্দেশে মোদীর বার্তা, ভারত-বিরোধী কথাবার্তা এবং চড়া সুর দক্ষিণ এশিয়ার শান্তির পক্ষে সহায়ক নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে ফোনালাপ

এদিকে জম্মু ও কাশ্মীর পরিস্থিতি নিয়ে ‘নমনীয় ভাষা’ ব্যবহার করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনালাপে ট্রাম্প এ কথা বলেন।

পাকিস্তানকে শিক্ষা দিতে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি! গোপন কথা ফাঁস রাওয়াতের-দৈনিক সংবাদ প্রতিদিন

ফের যুদ্ধ-যুদ্ধ আবহ উসকে দিলেন দেশের সেনাপ্রধান বিপিন রাওয়াত। এবার খুলেই বললেন, পুলওয়ামার বদলায় বালাকোটই শুধু নয়, পাকিস্তানের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধের জন্য মুখিয়ে ছিল সেনা। পাক ভূখণ্ডে ঢুকে শিক্ষা দেওয়ার সমস্ত প্রস্তুতিই সারা হয়ে গিয়েছিল। সেইসঙ্গে বিকল্প একাধিক পথও ভেবে রাখা হয়েছিল। বালাকোট দিয়ে আকাশপথে হামলাও সেই বিকল্প ভাবনার মধ্যেই ছিল এবং তা দিয়েই পূর্ণাঙ্গ যুদ্ধের সূত্রপাত ঘটাতে চেয়েছিল ভারতীয় সেনা। সোমবার দিল্লিতে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে নিজেদের স্ট্র্যাটেজির কথা এভাবে ভাগ করে নিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। আর তারপরই ফের যুদ্ধ নিয়ে উত্তেজনার চোরাস্রোত বইতে শুরু করেছে।

জঙ্গি ঢুকেছে ভারতে!‌ গুজরাট–মধ্যপ্রদেশ সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট জারি-দৈনিক আজকাল

ভারতের গুজরাট ও মধ্যপ্রদেশ জুড়ে রেড অ্যালার্ট জারি

মধ্যপ্রদেশে ঢুকে পড়েছে  আফগান সন্ত্রাসবাদীরা। গুজরাট হয়েই তারা এখানে ঢুকেছে বলে  গোপন সূত্রে এই খবর নিশ্চিত করেছে গোয়েন্দা বিভাগ। তারই জেরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে গুজরাটে। বন্ধ করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক সীমান্ত। চিরুনী তল্লাশি শুরু হয়েছে সীমান্ত জুড়ে। এমনকী সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যে কোনও মুহূর্তে তারা বড়সড় হামলা চালাতে পারে। এই হুঁশিয়ারি দিয়েছে গোয়েন্দা দপ্তর। #

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০