তারেকের সর্বোচ্চ শাস্তির জন্য আপিল করা হবে: কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২১ আগস্ট বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম
- তারেকের সর্বোচ্চ শাস্তির জন্য আপিল করা হবে: কাদের-দৈনিক প্রথম আলো
- গ্রেনেড হামলা মামলা: ৪ মাসের মধ্যে পেপারবুক, এ বছরই শুনানি -দৈনিক যুগান্তর
- ডেঙ্গুতে মৃতের সংখ্যা নিয়ে গুজব আবিষ্কারে ব্যস্ত সরকার: রিজভী -দৈনিক ইত্তেফাক
- খালেদার মুক্তির জন্য রাজপথে আন্দোলন করতে হবে-দুদু -দৈনিক মানবজমিন
- কাশ্মিরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় মনে করে বাংলাদেশ -দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- কাশ্মীর নিয়ে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের, বললেন ভারত-পাকিস্তান বৈরিতার অন্যতম কারণ ধর্ম - দৈনিক আনন্দবাজার
- দফায় দফায় বাড়িতে সিবিআই হানা, গ্রেপ্তারির আশঙ্কায় ‘উধাও’ চিদম্বরম-দৈনিক সংবাদ প্রতিদিন
- বিজেপি মুখে যা বলে কাজে তা করে না, তোপ দাগলেন অধীর -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
২১ আগস্টে নিহতদের শ্রদ্ধা জানাল আওয়ামী লীগ- এ সম্পর্কিত খবর প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে পরিবেশিত হয়েছে। এ বিষয়ে দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে এরকম, তারেকের সর্বোচ্চ শাস্তির জন্য আপিল করা হবে: কাদের-
বিস্তারিত খবরে লেখা হয়েঠেছ, ২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে উচ্চ আদালতে আপিলের সুযোগ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, মুফতি হান্নানের জবানবন্দিতে মাস্টারমাইন্ড হিসেবে তারেক রহমানের নামে এসেছে। তাঁর সর্বোচ্চ শাস্তির জন্য অবশ্যই আপিল করা হবে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ২১ আগস্টের মাধ্যমে রাজনীতির সম্পর্কের মধ্যে যে দেয়াল তুলে দিয়েছে, সেটি এড়িয়ে যাওয়া বা ভুলে যাওয়া সম্ভব নয়। আর দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা মামলার পেপারবুক আগামী চার মাসের মধ্যে তৈরির পর এ বছরই হাইকোর্টে শুনানি শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
ডেঙ্গু সম্পর্কিত খবরে দৈনিক ইত্তেফাকে লেখা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর মানবজমিন লিখেছে,-ঢাকায় ডেঙ্গুতে এক স্কুল ছাত্র মারা গেছে। এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা ও লাশের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখন ঢাকার বাইরেও ডেঙ্গু রোগীর সংখ্যা ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। সরকারের পক্ষ থেকে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির যে সংখ্যা প্রকাশ করা হচ্ছে সেটি প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম। অনেক প্রাইভেট হাসপাতাল এবং হাসপাতালে ভর্তি না হতে পেরে যারা বাসায় চিকিৎসা নিচ্ছেন তাদের সংখ্যা সরকারি পরিসংখ্যানে উল্লেখ করা হয় না। বাস্তব ঘটনা হচ্ছে সরকার ডেঙ্গু মহামারীতে আক্রান্তের প্রকৃত সংখ্যা প্রকাশ নিয়ন্ত্রণ করছেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
কাশ্মীর নিয়ে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের, বললেন ভারত-পাকিস্তান বৈরিতার অন্যতম কারণ ধর্ম-দৈনিক আনন্দবাজার
কাশ্মীরের ‘উত্তেজনাপূর্ণ’ পরিস্থিতি সামলাতে মঙ্গলবার ফের মধ্যস্থতার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদী ও ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলার পরই ওই দিন হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, কাশ্মীরে শান্তি ফেরাতে সহযোগিতা করতে পারলে তিনি খুশি হবেন। কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, “কাশ্মীর একটা খুব জটিল জায়গা। যেখানে হিন্দু আছে, মুসলিমও আছে। কিন্তু তাঁরা এক সঙ্গে খুব একটা ভাল আছে এমনটা বলতে পারি না।” দু’দেশের মধ্যে দীর্ঘকাল ধরে একটা বৈরিতার সম্পর্ক রয়েছে। ফলে পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে বলে মন্তব্য করেন ট্রাম্প। সাংবাদিকদের এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “ভারত-পাকিস্তানের মধ্যে মধুর সম্পর্ক গড়ে না ওঠার অন্যতম প্রধান কারণ ধর্ম।” আমেরিকা এই সম্পর্ককে সহজ করতে চাইছে। তার জন্য মধ্যস্থতার প্রয়োজন। আর সেটাই তিনি চান বলে জানিয়েছেন ট্রাম্প।
দফায় দফায় বাড়িতে সিবিআই হানা, গ্রেপ্তারির আশঙ্কায় ‘উধাও’ চিদম্বরম-দৈনিক সংবাদ প্রতিদিন
দিল্লি হাইকোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পর আইনএনএক্স মিডিয়া মামলায় রীতিমতো বিপাকে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। আদালতের রায়ের পরই মঙ্গলবার রাতে প্রাক্তন অর্থমন্ত্রীর বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি প্রতিনিধিদল। ততক্ষণে অবশ্য উধাও হয়ে গিয়েছিলেন পি চিদম্বরম। কিন্তু, তাতেও দমে যায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবারই প্রাক্তন অর্থমন্ত্রীর বাড়িতে একটি নোটিস সাঁটিয়ে দেওয়া হয়। দু’ঘণ্টার মধ্যে তাঁকে ডেপুটি এসপির সামনে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেয় সিবিআই। ওই নোটিসের কপি তাঁকে মেলও করা হয়। দু’ঘণ্টার মধ্যে সিবিআই দপ্তরে হাজির হননি চিদম্বরম। এদিকে, মঙ্গলবারই আইনজীবী মারফৎ সুপ্রিম কোর্টে আবেদনের সময় হিসেবে দিল্লি হাই কোর্টের রায় তিনদিন স্থগিত রাখার আবেদন করেন চিদম্বরম। কিন্তু, সেই আরজিও খারিজ হয়ে যায়। আজ সকালে ফের চিদম্বরমের বাড়িতে হানা দিয়েছে সিবিআইয়ের একটি দল।
বিজেপি মুখে যা বলে কাজে তা করে না, তোপ দাগলেন অধীর-দৈনিক আজকাল
বিজেপি–কে তীব্র ভাষায় আক্রমণ করলেন লোকসভায় কংগ্রেস নেতা সাংসদ অধীর চৌধুরি। তাঁর কথায়, ‘বিজেপি মুখে যা বলে, আসলে কাজে তা করে না। বিজেপি–র তাবড় নেতারা বলে থাকেন, প্রধানমন্ত্রী নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। কিন্তু কাজের ক্ষেত্রে সেই প্রমাণ পাওয়া যাচ্ছে না। কেননা নানা দুর্নীতিতে জড়িত নেতা–মন্ত্রীদের তারা দলে নিচ্ছে।’ সদ্য বিজেপি–তে যোগ দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি। তা নিয়ে এদিন অধীর বলেন, ‘সারদা, নারদা, রোজভ্যালি এসব নিয়ে বিজেপিই তো উঠে পড়ে লেগেছিল। সিবিআই তদন্ত চলছে। আর ওই সব ক্ষেত্রে তৃণমূলের যে সব মন্ত্রী–নেতা জড়িত রয়েছেন বলে অভিযোগ, বিজেপি তঁাদেরই সাদরে বরণ করে দলে নিচ্ছে। আগেও নেওয়া হয়েছে। তা হলে বিজেপি দুর্নীতির কথা বলে কোন মুখে?#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১