আগস্ট ২২, ২০১৯ ১১:০৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা:২২ আগস্ট বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • রোহিঙ্গাদের থেকে যাওয়ার প্ররোচনা দিলে ব্যবস্থা: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ৩-দৈনিক ইত্তেফাক
  • শর্তবিহীন ফেরত যাওয়ার মতো একজন রোহিঙ্গাও পাওয়া যায়নি-দৈনিক প্রথম আলো
  • বেরোবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর-দৈনিক মানবজমিন
  • হাইকোর্টের ৩ বিচারপতিকে বিচারিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:          

  • অমিত শাহ কি এ বার বদলা নিলেন? প্রশ্ন কংগ্রেসের অন্দরেই- দৈনিক আনন্দবাজার
  • ‘গণতন্ত্র কাঁদছে’, চিদম্বরমের গ্রেপ্তারি নিয়ে কড়া প্রতিক্রিয়া মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বিজেপি শাসিত রাজ্যে মিড ডে মিল খেয়ে মৃত্যুর মুখে পড়ুয়ারা -দৈনিক আজকাল

 

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. একজন রোহিঙ্গাও ফেরত যেতে রাজি হয়নি-জানয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. একেএম আব্দুল মোমেন। কীভাবে দেখছেন বিষয়টিকে?

২. কাশ্মীর পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। পাশাপাশি তিনি কাশ্মীরিদের ওপর বল প্রয়োগ না করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের এ বক্তব্য সম্পর্কে কী বলবেন আপনি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

শর্তবিহীন ফেরত যাওয়ার মতো একজন রোহিঙ্গাও পাওয়া যায়নি-দৈনিক প্রথম আলো

রোহিঙ্গা প্রত্যাবাসন  প্রক্রিয়া শুরু করা সম্ভব হয় নি

মিয়ানমারের রাখাইনে প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ না থাকায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কেউ তাদের আদি নিবাসে ফিরতে চাইছেন না।

আজ বৃহস্পতিবার রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। এ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন, রোহিঙ্গাদের দেওয়া শর্ত পূরণ না হলে তাদের একজনও স্বদেশে ফিরতে চান না। প্রত্যাবাসনের তৎপরতা শুরু হলে মিয়ানমারে নাগরিকত্ব, স্বাধীনভাবে চলার নিরাপত্তা, ফেলে আসা সম্পত্তি ফেরত ও নিরাপত্তা নজরদারির শর্ত দিয়েছিল বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা।

রোহিঙ্গাদের থেকে যাওয়ার প্ররোচনা দিলে ব্যবস্থা: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার জন্য যারা প্ররোচনা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের থেকে যাওয়ার জন্য অনেকেই প্ররোচনা দিচ্ছেন। লিফলেট বিতরণ করছেন। ইংরেজিতে প্ল্যাকার্ড লিখে দিচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ‘রোহিঙ্গাদের ফেরাতে আমরা আশাবাদী। বিকাল ৪টা পর্যন্ত সময় আছে। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে,’ যোগ করেন ড. মোমেন। প্রসঙ্গত মিয়ানমারের সম্মতির পর ব্যাপক প্রস্তুতি ও উদ্যোগ থাকা সত্ত্বেও আজ রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা যায়নি। রোহিঙ্গাদের অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত এবারও আটকে গেল প্রত্যাবাসন কর্মসূচি। তবে তৃতীয় দিনের মতো তালিকাভুক্ত রোহিঙ্গাদের সাক্ষাৎকার চলছে।

বেরোবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর-দৈনিক মানবজমিন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ সময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ মুখতার ইলাহী হলের বেশ কয়েকটি কক্ষে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় কক্ষে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও। বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ৩-দৈনিক ইত্তেফাক

কক্সবাজারের টেকনাফ ও ময়মনসিংহের গফরগাঁয়ে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ তিনজন মাদককারবারী নিহত হয়েছেন। বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে বন্দুকযুদ্ধের এ সব ঘটনা ঘটে। টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদককারবারী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে হোয়াইক্যং কাটাখাল এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

ঢাকায় ৬৯ চিকিৎসকসহ ২০২ স্বাস্থ্যকর্মী ডেঙ্গুতে আক্রান্ত-দৈনিক প্রথম আলো

চিকিৎসক ফারহান ইয়াসমিন এ মাসে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন। চার দিন পর ৯ আগস্ট তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। ১৮ আগস্ট পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই চিকিৎসক। গতকাল বুধবার বিকেলে ফারহান ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘আমার বাসায় তিনজন ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। আমি ঠিক নিশ্চিত না, বাড়িতে, নাকি মুগদা মেডিকেলে আক্রান্ত হয়েছিলাম।’ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের হিসাব বলছে, গতকাল পর্যন্ত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ জন চিকিৎসক ও ২২ নার্স ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ২০ আগস্ট পর্যন্ত ঢাকা শহরে ৬৯ জন চিকিৎসক, ৮০ নার্স, ৫৩ জন সহকারীসহ মোট ২০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬ জন চিকিৎসক, ১১ জন নার্স ও ৪ জন সহকারী এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

কংগ্রেস নেতা ও সাবেকমন্ত্রী পি চিদম্বররের গ্রেফতারের খবর আজকের ভারতের প্রায় দৈনিকে বিশেষ গুরুত্বসহ প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিকগুলোতে লেখা হয়েছে, দীর্ঘ ৩০ ঘন্টা লুকোচুরির পর বুধবার রাতে ভারতের কংগ্রেস নেতা এবং সাবেক অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে হেফাজতে নিয়ে রাতভর জেরা করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

অমিত শাহ কি এ বার বদলা নিলেন? প্রশ্ন কংগ্রেসের অন্দরেই-দৈনিক আনন্দবাজার

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

রাজধানীর অশোক রোডের ৯ নম্বর বাংলোটি বরাদ্দ ছিল অরুণ জেটলির নামে। পাশের ১১ নম্বরটি সেই সময় বিজেপি সদর দফতর। জেটলি রাজ্যসভার বিরোধী দলনেতা। দুপুরের পর দরবার বসাতেন। আর প্রায় রোজই চুপ করে বসে থাকতেন এক আগন্তুক।

তিনি অমিত শাহ। সোহরাবুদ্দিন ভুয়ো সংঘর্ষ মামলায় তখন তিনি রাজ্যছাড়া। গুজরাতে প্রবেশ করতে পারতেন না। তার আগে তাঁকে গ্রেফতারও করেছিল সিবিআই। গ্রেফতারির ঠিক আগে আমদাবাদের বিজেপি দফতরে গিয়ে বলে এসেছিলেন, সব অভিযোগ মিথ্যা। পরে আদালতে নিষ্কৃতি পান।

রাজধানীর অলিন্দে অনেকেই আজকের সঙ্গে মিল পাচ্ছেন ২০১০ সালের সেই ঘটনার। তখন কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পি চিদম্বরম। আর আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিবিআই চিদম্বরমকে গ্রেফতার করল। আর ঠিক একই ভাবে কংগ্রেস দফতরে এসে চিদম্বরম দাবি করলেন, তিনি নির্দোষ।

‘গণতন্ত্র কাঁদছে’, চিদম্বরমের গ্রেপ্তারি নিয়ে কড়া প্রতিক্রিয়া মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন

পি চিদম্বরকে গ্রেফতার প্রসঙ্গে মমতা বললেন এটি খুবই নিন্দনীয়

গণতন্ত্র আজ কাঁদছে। এর চারটি স্তম্ভকে নষ্ট করে দেওয়া হচ্ছে। ভুল পদ্ধতিতে গ্রেপ্তার করা হচ্ছে এবং বিচার চলছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের গ্রেপ্তারি নিয়ে মুখ খুলে বেশ কড়া প্রতিক্রিয়াই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘অনেক সময়ে অনেক পদক্ষেপে পদ্ধতিগত ত্রুটি থেকে যাচ্ছে। আমি আইন নিয়ে কিছু বলতে পারি না। কিন্তু চিদম্বরমের মতো একজন প্রবীণ, দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন প্রাক্তন মন্ত্রীকে যেভাবে গ্রেপ্তার করা হল, তা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক।আইএনএক্স মিডিয়া মামলায় বুধবার সন্ধেয় পি চিদম্বরম সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে কংগ্রেস এর বিরোধিতায় একেবারে তেড়েফুঁড়ে নেমেছে।

বিজেপি শাসিত রাজ্যে মিড ডে মিল খেয়ে মৃত্যুর মুখে পড়ুয়ারা-দৈনিক আজকাল

পুণের একটি স্কুলে মিড ডে মিল খেয়ে ২১ জন পড়ুয়া গুরুতর অসুস্থ। এক শিক্ষকও অসুস্থ হয়ে পড়েছেন মিড ডে মিল খেয়ে। ঘটনাটি ঘটেছে বুধবার রামভাউ হালজি সেকেন্ডারি স্কুলে। সকাল ১১টা নাগাদ মিড ডে মিলে ‘‌মশলা ভাত’‌ খাওয়ার পরেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত পড়ুয়াদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ‘‌হাসপাতালে পড়ুয়াদের চিকিৎসা চলছে। এক শিক্ষকও অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে।’‌ জানা গেছে একটি বেসরকারী সংস্থা ওই স্কুলে মিড ডে মিল সরবরাহ করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে এভাবে মিড ডে মিল খেয়ে পড়ুয়ারা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় প্রশ্নের মুখে প্রশাসন।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১