আগস্ট ২৪, ২০১৯ ১৩:৪৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ আগস্ট শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • সেতুর রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৬-দৈনিক প্রথম আলো
  • দেশে বঙ্গবন্ধুর আদর্শের উল্টো কাজ হচ্ছে : ড. কামাল: দৈনিক কালেরকণ্ঠ
  • সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের প্রস্তাব জিএম কাদেরের-দৈনিক যুগান্তর
  • অধ্যাপক মোজাফফরের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা-দৈনিক ইত্তেফাক
  • ২১ আগস্ট হামলার মাস্টারমাইন্ডদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত: ওবায়দুল কাদের-দৈনিক ইনকিলাব
  • রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে: রাষ্ট্রদূত-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:        

  • বিরোধীদের নিয়ে শ্রীনগর অভিমুখে রাহুল, আটকাতে তৈরি প্রশাসনও-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • হিন্দুরা যেভাবে চাইবে ‌গোটা ভারত সেভাবেই চলবে, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার-দৈনিক আজকাল
  • ৯০ মিনিটের গুলির লড়াইয়ে উত্তপ্ত ছত্তিশগড়, নিকেশ পাঁচ মাওবাদী-দৈনিক সংবাদ প্রতিদিন

 

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার প্রশ্ন (২৪ আগস্ট, ২০১৯)

১. দ্বিতীয় দফায় রোহিঙ্গা প্রত্যাবাসন চেষ্টা ব্যর্থ হওয়ার জন্য বাংলাদেশকেই দোষারোপ করেছে মিয়ানমার। আপনার পর্যবেক্ষণ কী?

২. ইরানকে এনপিটি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা থেকে পিছু হটল আমেরিকা। এমন একটি খবর দিয়েছে অস্ট্রেলিয়ার এবিসি নিউজ। কী বলবেন এ সম্পর্কে?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ

সেতুর রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৬-দৈনিক প্রথম আলো

ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে সেতুর রেলিং ভেঙে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান ও ২০ জন আহত হন। আজ শনিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বেলা সাড়ে তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তিদের কারও নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুরে আজ শনিবার সড়ক দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে তৎপরতা চলছে।

ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কমফোর্ট লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জের পাটগাছির দিকে যাচ্ছিল। পথে ধুলদি সেতুর ডান পাশের রেলিং ভেঙে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় একটি মোটরসাইকেলও খাদে পড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এবং করিমপুর হাইওয়ে পুলিশ ও ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়।

দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা রাকিব হোসেন (২৯) প্রথম আলোকে বলেন, গোয়ালন্দ ঘাট পার হওয়ার পর থেকে চালক অত্যন্ত দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার বলা সত্ত্বেও বাসের গতি কমাননি তিনি। চালক ও সুপারভাইজার ছাড়া বাসে মোট ২৫ জন যাত্রী ছিলেন বলেও জানান তিনি।

দেশে বঙ্গবন্ধুর আদর্শের উল্টো কাজ হচ্ছে : ড. কামাল: দৈনিক কালেরকণ্ঠ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জনগণকে ক্ষমতার মালিক বানিয়ে রেখে গেছেন বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, বঙ্গবন্ধু স্বৈরতন্ত্র নয়, গণতন্ত্রের জন্য জীবন দিয়ে গেছেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই ছিল তার মূল লক্ষ্য। তিনিই জনগণকে দেশের ক্ষমতার মালিক বানিয়ে রেখে গেছেন। 

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন

আজ শনিবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে গণফোরাম আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. কামাল বলেন, বঙ্গবন্ধু সবসময় বলতেন দেশের মালিক জনগণ। তাই তিনি সংবিধানে লিখে দিয়েছিলেন দেশের মালিক জনগণ এবং এ দেশের শাসন ক্ষমতা জনগণের হাতে। 

গণফোরাম সভাপতি আরো বলেন, বঙ্গবন্ধু কারো একক পিতা নন, তিনি জাতির পিতা। বঙ্গবন্ধু কোনো একক দলের নয়, তিনি সবার। এদেশে এখন বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে তার আদর্শের উল্টো কাজ হচ্ছে। তিনি যে আদর্শ আমাদের মধ্যে রেখে গেছেন তার বাস্তবায়ন হচ্ছে না।অনুষ্ঠানে অন্যদের গণফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের প্রস্তাব জিএম কাদেরের-দৈনিক যুগান্তর

সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণে সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার রাজধানী ঢাকায় জন্মাষ্টমী উপলক্ষে ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শ্রীকৃষ্ণ সেবা সংঘ এ আলোচনা সভার আয়োজন করে।জিএম কাদের বলেন, দেশে সংখ্যালঘু মন্ত্রণালয় বা সংখ্যালঘু কমিশন থাকতে পারে। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংরক্ষণ হবে, তারা এগিয়ে যেতে পারবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টি সব সময় সংখ্যালঘুদের পাশে ছিল। আগামী দিনগুলোতেও আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকব। তাদের যৌক্তিক সব দাবিতে সংসদে ও রাজপথে ভূমিকা রাখবে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, পৃথিবীর সব ধর্মই শান্তি ও সম্প্রীতির কথা বলেছে। সব ধর্মের লক্ষ্য ও উদ্দেশ্য একই। সব ধর্মই ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে। তাই এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের কোনো বিভেদ থাকতে পারে না।

জিএম কাদের বলেন, মাত্র পাঁচ শতাংশ মানুষ ধর্মকে পুঁজি করে ব্যক্তিগত স্বার্থে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাদের এ দেশের মানুষ কখনোই গ্রহণ করেননি।

‘বাংলাদেশের বড় দলগুলোও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে।’

অধ্যাপক মোজাফফরের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা-দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যতম প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (মোজাফফর) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার সকালে অধ্যাপক মোজাফফরের জাতীয় পতাকা মোড়ানো কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। বাসস

অধ্যাপক মোজাফফর আহমদের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশ বরেণ্য এই রাজনৈতিক ব্যক্তিত্বের কফিনে ফুলেল শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে নেতৃত্ব প্রদানকারী মুজিনগর সরকারের উপদেষ্টা ছিলেন অধ্যাপক মোজাফফর আহমদ। পরে দলের জ্যেষ্ঠ নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা পৃথক আরেকটি পুষ্পাঞ্জলী তাঁর কফিনে অর্পণ করেন।

২১ আগস্ট হামলার মাস্টারমাইন্ডদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত: ওবায়দুল কাদের-দৈনিক ইনকিলাব

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার হওয়া উচিত, তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার।

শনিবার (২৪ আগস্ট) ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে তিনি এসব কথা বলেন।

মাস্টারমাইন্ডদের বিচারে কোন রাজনৈতিক বাঁধা আছে কি-না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক বাধা অতিক্রম করতে হবে। চ্যালেঞ্জ অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। আইনের শাসনের জন্যই তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার।

আইভী রহমানের কথা স্মরণ করে তিনি বলেন, আইভী রহমান ছিলেন বাংলাদেশের রাজনীতিতে নারীদের মধ্যে আধুনিক ব্যক্তি। তিনি সব সময় শ্রোতাদের কাতারে বসতেন। ২১ আগস্টেও তিনি মঞ্চের সামনে বসেছিলেন।

আইভী রহমান যদি সময় মতো চিকিৎসা পেতেন তাহলে হয়তো বেঁচে যেতে পারতেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে: রাষ্ট্রদূত-দৈনিক নয়া দিগন্ত

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে বলে শনিবার জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। তিনি বলেন, রোহিঙ্গাদের `সম্মানের সহিত ও নিরাপদে' নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অন্যান্য রাষ্ট্র মিলে যা যা করা দরকার তা সবই করা হবে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার

শনিবার সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার অস্টমীর চরে অবস্থিত নটারকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের আর্ল আর মিলার এসব কথা বলেন। 'রোহিঙ্গাদের সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের পাশে আছে, সবসময় থাকবে,' উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ উদারতার সহিত রোহিঙ্গাদের যেভাবে আশ্রয় দিয়েছে সেটা প্রশংসার দাবিদার। 

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।

বিরোধীদের নিয়ে শ্রীনগর অভিমুখে রাহুল, আটকাতে তৈরি প্রশাসনও-দৈনিক আনন্দবাজার পত্রিকা

সংবিধানের ৩৭০ ধারা রদের পর জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি বুঝতে রাহুল গাঁধীর নেতৃত্বে কংগ্রেস-সহ ৯টি বিরোধী দলের ১১ জন নেতা শনিবার সকালে দিল্লি থেকে বিমানে শ্রীনগর রওনা হয়েছেন। তাঁদের উদ্দেশ্য, সেখানকার সাধারণ মানুষ ও স্থানীয় রাজনীতিকদের সঙ্গে দেখা করা ও কথা বলা।

তবে শ্রীনগর বিমানবন্দরে নামার পর তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হবে কি না, তা নিয়ে যথেষ্টই সংশয় দেখা দিয়েছে। কারণ, শ্রীনগরের উদ্দেশে বিরোধী নেতাদের রওনা হওয়ার খবর পেয়েই জম্মু-কাশ্মীরের তথ্য ও জনসংযোগ দফতর একটি টুইট করেছে। তাতে ‘শ্রীনগর পরিদর্শন করে সাধারণ মানুষকে অসুবিধায় না ফেলা’র অনুরোধ জানানো হয়েছে বিরোধী নেতাদের কাছে। বিরোধীদের প্রতিনিধিদলে রয়েছেন সিপিএম, সিপিআই, আরজেডি, এনসিপি, টিএমসি, ডিএমকের নেতারা। রাহুলের সঙ্গে রয়েছেন দুই কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও আনন্দ শর্মাও।

হিন্দুরা যেভাবে চাইবে ‌গোটা ভারত সেভাবেই চলবে, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার-দৈনিক আজকাল

সংবিধানে লেখা ভারত ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু মহারাষ্ট্রের বিজেপি রাজ্য সভাপতি হয়তো সেটা মানেনই না। সম্প্রতি তাঁর করা একটি বিতর্কিত মন্তব্যের কারণেই এমনটা বলা হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় গণেশ উৎসবের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন চন্দ্রকান্ত পাটিল। সেখানেই তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ভারতে হিন্দুদের সংখ্যা বেশি, তাই তাঁদের কথা অনুযায়ীই দেশ চলবে। তাঁর কথায়, ‘‌‌দেশ সেভাবেই চলবে, যেভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা চাইবে। তাঁরা যদি মনে করে দুপুর ১২টার সময়েই গণেশের যাত্রাপালা দেখবে, তাহলে তখনই সেটা দেখানো হবে।

চন্দ্রকান্ত পাটিল

সরকারি আধিকারিকরাও আসলে হিন্দু। তাঁরাও নিজের পরিবারের সঙ্গে গণেশ উৎসব উদযাপন করেন। তাই সাধারণ মানুষের কখনই মনে করা উচিত না যে, সরকার বা সরকারি আধিকারিকরা তাঁদের উৎসবে বাধার সৃষ্টি করবেন।’ তবে তাঁর এই বক্তব্যের পরই নয়া বিতর্ক সৃষ্টি হয়েছে। এই প্রথম নয়, গত সপ্তাহেই পাটিলকে বন্যা দুর্গতদের উপর চিৎকার–চেঁচামেচি করতে দেখা গিয়েছিল। ঘটনাটির ভিডিও পরে প্রকাশ্যে আসতে নিন্দার ঝড়ও বয়ে গিয়েছিল।

৯০ মিনিটের গুলির লড়াইয়ে উত্তপ্ত ছত্তিশগড়, নিকেশ পাঁচ মাওবাদী-দৈনিক সংবাদ প্রতিদিন

পুলিশ-মাওবাদী সংঘর্ষে ফের উত্তপ্ত ছত্তিশগড়ের অবুজমাঢ়ের জঙ্গল৷ এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন মাওবাদীকে নিকেশ করা হয়েছে৷ আত্মরক্ষায় মাওবাদীদের ছোঁড়া পালটা গুলিতে জখম হয়েছেন দুই পুলিশকর্মী৷ তাঁদের অবস্থাও বেশ আশঙ্কাজনক৷ এই ঘটনার পর থেকে জঙ্গলে ঢাকা এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে৷

মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ের সীমান্তে অবস্থিত নারায়ণপুরের বস্তারের অবুজমাঢ়ের জঙ্গল৷ প্রায় ছ’হাজার কিলোমিটার জায়গা জঙ্গলে ঢাকা৷ সেই সুযোগে বেশ কয়েকজন মাওবাদী ওই এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বলেই খবর পায় পুলিশ৷ ধুরভেদা জঙ্গলে এক্কেবারে ক্যাম্প তৈরি করে সেখানে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে বলেই জানা যায়৷ সেই অনুযায়ী ওই এলাকায় হানা দেয় বিশাল পুলিশবাহিনী৷ তাদের উপস্থিতি টের পেতে বিশেষ সমস্যা হয়নি মাওবাদীদের৷ সঙ্গে সঙ্গে গোপন ডেরা থেকে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা৷ পালটা জবাব দেয় পুলিশকর্মীরা৷ প্রায় দেড় ঘণ্টা ধরে চলে দু’পক্ষের গুলির লড়াই৷ তাতে একে একে পাঁচজন মাওবাদীকে খতম করা হয়৷ তাদের প্রত্যেকের কাছেই ছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র৷ ওই অস্ত্রশস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে৷ এদিকে, শনিবার সকালে মাওবাদীদের ছোঁড়া গুলিতে দু’জন পুলিশকর্মীও গুরুতর জখম হন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷#

পার্সটুডে/বাবুল আখতার/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।