আগস্ট ২৫, ২০১৯ ১২:১৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ আগস্ট রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম

  • ডেঙ্গুর ব্যয়ভার কত শ কোটি টাকায় ঠেকবে-দৈনিক প্রথম আলো
  • কারো মুখরোচক কথায় বিদেশ যাবেন না: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • অভিযোগ প্রমাণ হলে উদাহরণ সৃষ্টির মতো শাস্তির ব্যবস্থা করা হবে ডিসির-দৈনিক ইত্তেফাক
  • ওএসডি হলেন জামালপুরের সেই ডিসি-দৈনিক মানবজমিন
  • মিয়ানমারের কৌশলে একজন রোহিঙ্গাও ফেরেনি-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • ‘হচ্ছেটা কী কাশ্মীরে? কত দিন চলবে এই জাতীয়তাবিরোধী কাজ?’ টুইটে তোপ প্রিয়ঙ্কার -দৈনিক আনন্দবাজার
  • কাশ্মীরে খর্ব নাগরিক অধিকার! প্রতিবাদে পদত্যাগ আইএএস অফিসারের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • নিগমবোধ শ্মশানঘাটে শেষকৃত্য জেটলির-দৈনিক আজকাল

 পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

ওএসডি হলেন জামালপুরের সেই ডিসি-দৈনিক মানবজমিন

Image Caption

জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে সরিয়ে দেয়া হয়েছে। রোববার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এক নারী অফিস সহকারির সঙ্গে আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে অন্যদিকে জামালপুরের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব (পিএস)  মোহাম্মদ এনামুল হক। অপর আদেশে তাকে এই নিয়োগ দেয়া হয়। সম্প্রতি আহমেদ কবীরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। গত বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেলে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি হয়। জামালপুরসহ সারাদেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

দৈনিক ইত্তেফাকের এ সম্পর্কিত খবরে লেখা হয়েছে, অভিযোগ প্রমাণ হলে ওএসডি হওয়া জামালপুরের জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে উদাহরণ সৃষ্টির মতো শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 ডেঙ্গুর ব্যয়ভার কত শ কোটি টাকায় ঠেকবে-দৈনিক প্রথম আলো

Image Caption

এ প্রতিবেদনে দৈনিকটি লিখেছে, সরকারি ও নানা স্তরের বেসরকারি হাসপাতালে অথবা বাড়িতে রেখে ডেঙ্গু চিকিৎসায় মানুষকে কত খরচ করতে হচ্ছে। রোগীর মোট সংখ্যার নিরিখে এযাবৎ ডেঙ্গুর ব্যয়ভারই–বা কত দাঁড়িয়েছে। এ দুটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রথম আলো জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য-অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ও সাবেক পরিচালক সৈয়দ আবদুল হামিদের সঙ্গে যোগাযোগ করেছিল।এরই সুবাদে ইনস্টিটিউট ‘বাংলাদেশে ডেঙ্গু রোগীর অর্থনৈতিক বোঝা’ শিরোনামে একটি সমীক্ষা শুরু করেছে। চলমান এই সমীক্ষার ১৭ আগস্ট পর্যন্ত করা খসড়া হিসাব বলছে, এযাবৎ ডেঙ্গুতে আক্রান্ত জনগোষ্ঠীর প্রায় ২০৪ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে মৃত্যুজনিত দীর্ঘমেয়াদি ক্ষতির হিসাবও আছে।

তবে সমীক্ষাটি ডেঙ্গু বাবদ সরকারের ক্ষতি বা গচ্চার হিসাব করেনি। এমনিতে গত অর্থবছরে লার্ভা ও মশা মারতে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের বরাদ্দ ছিল যথাক্রমে ২৬ ও ২৫ কোটি টাকা। ইতিমধ্যে একাধিক গবেষণা আর বাস্তব পরিস্থিতি বলে দিয়েছে, মশকনিধনে এসব ওষুধ ছিল অকার্যকর।ভাইরাস বিশেষজ্ঞ নজরুল ইসলাম বলছেন, সময়মতো এডিস মশা প্রতিরোধ না করায় মানুষ এই ক্ষতির মধ্যে পড়েছে। এই ব্যর্থতার দায়িত্ব ঢাকার দুই সিটি করপোরেশন এবং সরকারের সংশ্লিষ্ট সব কটি দপ্তরের। অন্য কোনো দেশে হয়তো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতো।

কারো মুখরোচক কথায় বিদেশ যাবেন না: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কারো মুখরোচক কথায় কিংবা দালালের খপ্পরে পড়ে প্রবাসে না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিবাসন বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এ আহ্বান জানান তিনি। কেউ যাতে দালালের ধোঁকায় না পড়ে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কিছু দালাল সোনার হরিণের স্বপ্ন দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে মানুষকে বিদেশ পাঠায়। মানুষ যাতে ওদের মুখরোচক কথায় ধোঁকাবাজিতে না পড়ে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এভাবে কোথায়ও গিয়ে কেউ যেন অকালে হারিয়ে না যায়।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‘হচ্ছেটা কী কাশ্মীরে? কত দিন চলবে এই জাতীয়তাবিরোধী কাজ?’ টুইটে তোপ প্রিয়ঙ্কার-দৈনিক আনন্দবাজার

কাশ্মীরে কী হচ্ছে! প্রশ্ন প্রিয়ঙ্কার

‘হচ্ছেটা কী? আর কত দিন চলবে এই সব জাতীয়তাবিরোধী কার্যকলাপ? কত দিন চলবে এই রাজনীতি?’ কাশ্মীর পরিস্থিতি নিয়ে রবিবার তাঁর টুইটে এই ভাবেই তোপ দাগলেন প্রিয়ঙ্কা গাঁধী। তাঁর অভিযোগ, সংবিধানের ৩৭০ ধারা রদের পর থেকেই কাশ্মীরীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। সেটা কী ভাবে হচ্ছে, তা বোঝাতে টুইটে একটি ভিডিয়োও দিয়েছেন তিনি। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কাশ্মীরে এখন কী কী ঘটছে, শ্রীনগর থেকে দিল্লিগামী বিমানে এক কাশ্মীরী মহিলা সেই সব বলছেন রাহুল গাঁধীকে। 

 কাশ্মীর পরিস্থিতি দেখতে শনিবারই রাহুলের নেতৃত্বে ৯ বিরোধী দলের ১১ জন নেতা দিল্লি থেকে গিয়েছিলেন শ্রীনগরে। কিন্তু শ্রীনগর বিমানবন্দরে নামার পর তাঁদের আর শহরে ঢুকতে দেওয়া হয়নি। শ্রীনগর বিমানবন্দর থেকেই দিল্লি রওনা করিয়ে দেওয়া হয় রাহুল-সহ বিরোধী নেতৃত্বকে। এ দিন তাঁর টুইটে ভিডিয়োটি দিয়ে প্রিয়ঙ্কা প্রশ্ন তুলেছেন, ‘‘এই সব আর কত দিন চলবে? ইনি (ওই মহিলা) সেই লক্ষ লক্ষ মানুষের এক জন, যাঁদের মুখ বন্ধ করে রাখা হয়েছে। ‘জাতীয়তাবাদ’-এর নামে।’এর একটি টুইটে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘‘কাশ্মীরে এখন যে ভাবে গণতান্ত্রিক অধিকারগুলিকে খর্ব করা হচ্ছে, তার চেয়ে বড় রাজনীতি আর বড় জাতীয়তাবিরোধী কার্যকলাপ আর কিছু হতে পারে না।’’

কাশ্মীরে খর্ব নাগরিক অধিকার! প্রতিবাদে পদত্যাগ আইএএস অফিসারের-দৈনিক সংবাদ প্রতিদিন

সাত বছরের কেরিয়ারে একাধিক কাজের জন্য প্রশংসিত হয়েছেন। কেরলের বন্যার সময় তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।বিপুল লোকসানে চলা দাদরা নগর হাভেলির বিদ্যুৎ দপ্তর তাঁর প্রশাসনিক ক্ষমতার বলেই লাভজনক সংস্থায় পরিণত হয়। এ হেন আইএএস কান্নান গোপীনাথ এবার পদত্যাগ করলেন। তাঁর দাবি, কাশ্মীরের নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদেই লোভনীয় সরকারি চাকরি ত্যাগ করেছেন ৩৩ বছর বয়সি কান্নান গোপীনাথ। দাদরা নগর হাভেলির একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের সচিব ছিলেন কান্নান।কিন্তু, কেন পদত্যাগ? ইস্তফাপত্রে ‘কাশ্মীর’ কথাটি উল্লেখ না করলেও তাৎপর্যপূর্ণভাবে তিনি লিখছেন, “ভেবেছিলাম সিভিল সার্ভিসে থেকে মানুষের বক্তব্য তুলে ধরতে পারব। দেখলাম আমার কণ্ঠই রুদ্ধ হয়ে যাচ্ছে।”#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫