আগস্ট ২৬, ২০১৯ ১২:০৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৬ আগস্ট সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • চাকরিচ্যুত হতে পারেন জামালপুরের সেই ডিসি-দৈনিক যুগান্তর
  • নুসরাত হত্যা: মাদ্রাসা চেয়ারম্যানের অবহেলা পায়নি তদন্ত কমিটি-দৈনিক ইত্তেফাক
  • তুচ্ছ ঘটনায় যুবক খুন, ক্ষুব্ধ জনতার হাসপাতালে হামলা-দৈনিক প্রথম আলো
  • ডিসি পদে বড় রদবদল আসছে-দৈনিক মানবজমিন
  • আ’লীগের দিনের ভোট লাগে না, রাতেই ভোট পায় : রিজভী-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • ফের ধাক্কা চিদম্বরমের, জামিন নিয়ে হস্তক্ষেপে রাজি নয় সুপ্রিম কোর্ট- দৈনিক আনন্দবাজার
  • দু্নীতির অভিযোগে ২২ জন অফিসারকে সরিয়ে দিল নরেন্দ্র মোদির সরকার-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১.বিচার চাওয়ায় এসিডে ঝলসে দেয়া হলো সুবর্ণচরের সেই ধর্ষিতার স্বামীকে.... এ কোন মানবতা? কি বলবেন আপনার খবর সম্পর্কে?

২.ফ্রান্স সফর শেষ করেই চীনে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী..…জাওয়াদ জারিফের এই সফর কেন এবং এসব সফরের অর্জনটা কি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

চাকরিচ্যুত হতে পারেন জামালপুরের সেই ডিসি-দৈনিক যুগান্তর

নারী অফিস সহকর্মীর সঙ্গে আপত্তিকর আচরণের ঘটনায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীর তদন্তে দোষী প্রমাণিত হলে চাকরিচ্যুত হতে পারেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওএসডি হওয়া জামালপুরের ডিসির বিরুদ্ধে সার্বিক বিষয়ে তদন্ত করা হবে। দোষী প্রমাণিত হলে তার পদাবনতি বা চাকরি থেকে অব্যাহতি দেয়া হতে পারে।

নুসরাত হত্যা: মাদ্রাসা চেয়ারম্যানের অবহেলা পায়নি তদন্ত কমিটি-দৈনিক ইত্তেফাক

অধ্যক্ষ সিরাজ উদদৌলা কর্তৃক নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির ঘটনায় ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন গভর্নিং বডির চেয়ারম্যান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এনামুল করিমের নিষ্ক্রিয়তা বা অবহেলার সত্যতা পায়নি তদন্ত কমিটি। আদালতের নির্দেশে জনপ্রশাসন সচিবের করা তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। পি কে এনামুল করিমের নিষ্ক্রিয়তার বিষয়ে তদন্ত করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) হাবিবুর রহমান।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

দু্নীতির অভিযোগে ২২ জন অফিসারকে সরিয়ে দিল নরেন্দ্র মোদির সরকার-দৈনিক আজকাল

‘‌ম্যায় খাতা ভি নেহি হুঁ, খানে ভি নেহি দুঙ্গা।এই স্লোগান নিয়েই দিল্লির মসনদে বসেছিলেন নরেন্দ্র মোদি। অর্থাৎ তিনি দুর্নীতি মুক্ত প্রশাসন তৈরি করবেন। আর এই দুর্নীতি মুক্ত করতে গিয়ে এখন ঠগ বাছতে গাঁ উজাড় হবার জোগাড়। নরেন্দ্র মোদির সরকার এবার দুর্নীতিতে অভিযুক্ত সুপারিনটেন্ডেন্ট পদের ২২ জন শীর্ষ আধিকারিককে অবসর নিতে বাধ্য করল। দুর্নীতির অভিযোগ তুলে জনস্বার্থে ২২ জন শীর্ষ সরকারি আধিকারিককে বাধ্যতামূলকভাবে অবসর নেওয়াল সিবিআইসি। জুন মাসেও দুর্নীতির অভিযোগে ১২ সিবিডিটি অফিসারসহ ২৭ জন উচ্চপদস্থ আইআরএস অফিসারকে বাধ্যতামূলকভাবে অবসর নেওয়ায় সরকার। দুর্নীতি, অন্যান্য অভিযোগ এবং সিবিআইয়ের ফাঁদে পড়ায় জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

ফের ধাক্কা চিদম্বরমের, জামিন নিয়ে হস্তক্ষেপে রাজি নয় সুপ্রিম কোর্ট-দৈনিক আনন্দবাজার

সিবিআই-এর মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা চিদম্বরমের। আইএনএক্স মিডিয়ায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতির মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর জামিনের আর্জি খারিজ করেছিল দিল্লি হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের  দ্বারস্থ হয়েছিলেন চিদম্বরমের আইনজীবীরা। আজ কার্যত সেই মামলা শুনলই না শীর্ষ আদালত। বিচারপতি আর ভানুমতির বেঞ্চ জানাল, এখন আর আগাম জামিন নয়, সরাসরি জামিনের আবেদন জানাতে পারেন চিদম্বরম। কিন্তু তার শুনানি হবে সংশ্লিষ্ট আদালতে। অর্থাৎ সেটা বিশেষ সিবিআই আদালত হতে পারে, বা দিল্লি হাইকোর্ট হতে পারে— নির্দিষ্ট করেনি সুপ্রিম কোর্ট। 

কাশ্মীরে ‘সফল' পটেলের জন্মদিনে বোঝাবে বিজেপি-দৈনিক আনন্দবাজার

প্রজাতন্ত্র দিবসের ধাঁচে নয়াদিল্লির রাজপথে ট্যাবলো, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ বছর বল্লভভাই পটলের ১৪৪তম জন্মদিন পালনের সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। ঘটনাচক্রে চলতি বছরে ৩১ অক্টোবর বল্লভভাই পটেলের জন্মদিনেই জম্মু-কাশ্মীর ভেঙে খাতায়-কলমে আত্মপ্রকাশ করবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল— জম্মু-কাশ্মীর এবং লাদাখ।তাই গোটা দেশকে বার্তা দিতেই ওই দিনটিকে বেছে নিতে চাইছে শাসক শিবির। অবশ্য বিরোধীদের মতে, গোটাটাই রাজনীতি। বছর শেষে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তা মাথায় রেখেই পটেল এবং কাশ্মীর নিয়ে আবেগ খুঁচিয়ে দিয়ে জাতীয়তাবাদের হাওয়াকে উস্কে দিতে চাইছেন নরেন্দ্র মোদী-অমিত শাহেরা।বিজেপির দাবি, স্বাধীনতার সময়ে কাশ্মীর সমস্যা সমাধানের দায়িত্বে পটেল থাকলে জল এত দূর গড়াত না।

অমিত শাহের ডাকা আন্তঃরাজ্য মাওবাদী দমন বৈঠকে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়-দৈনিক আনন্দবাজার

এক দেশ, এক নির্বাচন নীতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়েছিলেন। এ বার অমিত শাহের নেতৃত্বে আন্তঃরাজ্য নকশাল দমন বৈঠকেও যোগ দিলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ১০টি নকশাল অধ্যুষিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে সোমবার সকালে দিল্লিতে এই বৈঠক হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে বাংলার হয়ে সেখানে প্রতিনিধিত্ব করেন ডিজিপি বীরেন্দ্র এবং মুখ্যসচিব মলয় দে।এর আগে, একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধ বেধেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রকাশ্যেই নরেন্দ্র মোদী সরকারের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তিনি। কেন্দ্রের সঙ্গে দুরত্ব বজায় রাখতেই বার বার তিনি বৈঠকে যাওয়া থেকে বিরত থাকছেন বলে মত বিশেষজ্ঞ মহলের। যদিও  নবান্নের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬

ট্যাগ