আগস্ট ২৭, ২০১৯ ১১:৫৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৭ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম

  • বিপুল উৎপাদন, বিশাল আমদানি, তবু পেঁয়াজের দাম চড়া-দৈনিক প্রথম আলো
  • রেনুর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট-দৈনিক যুগান্তর
  • আমি বাঁচতে চাই না: সাধনা-চাকরিচ্যুত হচ্ছেন সেই ডিসি-দৈনিক মানবজিমন 
  • মানবতাবিরোধী অপরাধ: পুঠিয়ার সামাদের মৃত্যুদণ্ড-দৈনিক ইত্তেফাক

ভারতের শিরোনাম:    

  • ‘চুরি করে বিপর্যয় সামলানো যাবে না’কেন্দ্রকে তোপ রাহুলের-দৈনিক আনন্দবাজার
  • কেন্দ্রকে সাহায্যে বড় সিদ্ধান্ত নিল RBI, রাজকোষ থেকে দেওয়া হচ্ছে ১.৭৬ লক্ষ কোটি টাকা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বিধানসভায় বসে পর্নোগ্রাফি দেখেছিলেন, তিনিই এখন কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

মানবতাবিরোধী অপরাধ: পুঠিয়ার সামাদের মৃত্যুদণ্ড-দৈনিক ইত্তেফাক

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় চার সাঁওতালসহ ১৫ জনকে হত্যার অভিযোগে রাজশাহীর পুঠিয়ার মো. আব্দুস সামাদ (মুসা) ওরফে ফিরোজ খাঁকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেয়। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগের মত মানবতাবিরোধী অপরাধের চারটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এ আসামির বিরুদ্ধে।

রেনুর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট-দৈনিক যুগান্তর

রেনুর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

রাজধানীর উত্তর বাড্ডায় স্কুলে সন্তানকে ভর্তি করানোর তথ্য জানতে গিয়ে গণপিটুনিতে হত্যার শিকার তাসলিমা বেগম রেনুর পরিবারকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে সোমবার হাইকোর্টের একই বেঞ্চ গণপিটুনিতে তাসলিমা বেগম রেনুসহ সারা দেশে যারা নিহত হয়েছেন, তাদের রক্ষা করতে না পারাকে কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা বলে ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন। সেই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়। ২৬ জুলাই রেনুর পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিটটি করা হয়েছিল।

প্রসঙ্গত গত ২০ জুলাই সকালে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন তাসলিমা বেগম। তার দুই সন্তানের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গেলে স্কুলের গেটে কয়েকজন নারী তাসলিমার নাম-পরিচয় জানতে চান। পরে লোকজন তাসলিমাকে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে নেন। কিছুক্ষণের মধ্যে বাইরে কয়েকশ লোক একত্র হয়ে তাসলিমাকে প্রধান শিক্ষকের কক্ষ থেকে বের করে নিয়ে যায়। স্কুলের ফাঁকা জায়গায় এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে। পরে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন তিনি মারা যান। এ ঘটনায় তাসলিমার বোনের ছেলে সৈয়দ নাসিরউদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় অজ্ঞাতনামা চারশ থেকে পাঁচশ মানুষকে আসামি করে মামলা করেন।

খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ আইএমএফের-দৈনিক নয়া দিগন্ত

খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ আইএমএফের

ব্যাংক খাতে অস্বাভাবিক হারে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খেলাপি ঋণের পরিমাণ কেন বাড়ছে, সংজ্ঞা পরিবর্তনের কারণে কোনো প্রভাব পড়ছে কি না তা জানতে চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে। একই সাথে উচ্চ আদালতে রিট করে বিপুল খেলাপি ঋণ হিসাবের খাতায় না রাখার বিষয়েও প্রশ্ন করেছে। এ থেকে প্রতিকারের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাঠামোগতভিত্তি শক্তিশালী করার পরামর্শ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা জানিয়েছেন, এসব বিষয়ে আইএমএফের প্রতিনিধিদের কাছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, গত ডিসেম্বর শেষে দেশে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ৯৩ হাজার কোটি টাকা। সেখানে মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা। এর বাইরে খেলাপি ঋণ অবলোপন করা হয়েছে প্রায় ৪৮ হাজার কোটি টাকা। সব মিলে মার্চ থেকে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার কোটি টাকা।

বিপুল উৎপাদন, বিশাল আমদানি, তবু পেঁয়াজের দাম চড়া-দৈনিক প্রথম আলো

পেঁয়াজের উৎপাদন ও আমদানি প্রচুর তারপরও দাম বেশি

দেশে বিপুল পরিমাণে পেঁয়াজ উৎপাদিত হয়েছে। আমদানিও প্রচুর। দুইয়ে মিলে বাজারে পেঁয়াজের সরবরাহ চাহিদার চেয়ে ৪৩ শতাংশ বেশি। তবু দামটা মানুষের নাগালে নেই।

সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর হিসাব অনুযায়ী দেশে এবার পেঁয়াজের মোট সরবরাহ হয়েছে ৩৪ লাখ ৬৬ হাজার টন। বছরে পেঁয়াজের চাহিদা ২৪ লাখ টন। সেই হিসাবে উদ্বৃত্তের পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ৬৬ হাজার টন। এতে দাম কম থাকারই কথা, যদিও তা হয়নি। ব্যবসায়ীরা সরবরাহের এই তথ্য-উপাত্তকে উড়িয়ে দিচ্ছেন। তাঁরা বলেন, উৎপাদনের হিসাবে ঘাপলা আছে। দেশে এত পেঁয়াজ থাকলে অবশ্যই বাজারে ব্যাপকভাবে আসত। কারণ, দাম এখন বেশ ভালো। ঢাকার মানুষকে এখন দেশি পেঁয়াজ ৫৫-৬০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৫০-৫৫ টাকা কেজিতে কিনতে হচ্ছে। অথচ পবিত্র ঈদুল আজহার আগে সব ধরনের পেঁয়াজ ৪০ টাকা কেজির মধ্যে ছিল। বিক্রেতাদের দাবি, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কম। অন্যদিকে ভারতীয় পেঁয়াজের দাম বেশি। তাই দেশিটারও দাম চড়া।

আমি বাঁচতে চাই না: সাধনা-চাকরিচ্যুত হচ্ছেন সেই ডিসি-দৈনিক মানবজিমন

জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীর

অফিস সহায়কের সঙ্গে জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওর প্রাথমিক সত্যতা পেয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। গত ২৪শে আগস্ট মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো এক প্রতিবেদনে  এমনটাই জানিয়েছেন তিনি। মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রশাসনের এ কর্মকর্তাকে সর্বোচ্চ শাস্তি দিতে সোচ্চার সবাই। তারাও চান এমন কর্মকর্তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেয়া হয়। এদিকে ঘটনায় জড়িত অফিস সহকারী সানজিদা ইয়াসমিন সাধনার আপত্তিকর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে হঠাৎ করে সোমবার জেলা প্রশাসকের অফিসে হাজির হন। এ সময় তার হাতে একটি ছুটির দরখাস্ত দেখা যায়। ভিডিও’র বিষয়ে জানতে চাইলে সানজিদা ইয়াসমিন সাধনা সাংবাদিকদের বলেন, এসব কিভাবে হল আমি কিছুই জানি না। আমি বাঁচতে চাই না, আমার সন্তানের জন্য আমাকে বাঁচান। তিনি বলেন, স্যারের কোন দোষ নেই। এক পর্যায়ে অফিসেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে ছুটির আবেদন রেখে তিনি অফিস ত্যাগ করেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

কোলকাতার বাংলা দৈনিকগুলোসহ ভারতের প্রায় সব দৈনিকে অর্থনীতি বিষয়ক খবরে লেখা হয়েছে, অর্থনৈতিক চাপ সামলাতে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ ভারত সরকার। সংবাদ প্রতিদিন শিরোনাম করেছে এরকম যে,কেন্দ্রকে সাহায্যে বড় সিদ্ধান্ত নিল RBI, রাজকোষ থেকে দেওয়া হচ্ছে ১.৭৬ লক্ষ কোটি টাকা

রিজার্ভ ব্যংক অব ইন্ডিয়া

আর্থিক চাপ সামলাতে রীতিমতো বেকায়দায় রয়েছে ভারত সরকার। আর সেই চাপ সামলাতে এবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ সরকারি তহবিলে স্থানান্তর করা হচ্ছে। যার পরিমাণ ২৪ বিলিয়ন ডলার।

আর বি আই

ভারতীয় মুদ্রায় এক লাখ ৭৬ হাজার কোটি রূপি। সোমবার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) পরিচালনা পরিষদ অর্থ ছাড়ের বিষয়টি অনুমোদন দেয়। আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ওই টাকা দফায় দফায় কেন্দ্রকে সাহায্য করবে রিজার্ভ ব্যাংক। যা দিয়ে সরকার ব্যাঙ্কগুলিকে আর্থিক সহায়তা দেবে ও বাজারে তারল্য বাড়াবে। ভারতের বর্তমান বার্ষিক বাজেট ৯০০ বিলিয়ন রূপি। সরকারি এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়ান রেলওয়েসহ বহু প্রতিষ্ঠানের আর্থিক সঙ্কট চরম আকার ধারণ করেছে। সরকারের ব্যয় দিন দিন বেড়েই চলছে। সরকারের আয়-ব্যয়ের ঘাটতি কমাতে সাহায্যের হাত বাড়িয়ে দিলো দেশটির রিজার্ভ ব্যাংক।

‘চুরি করে বিপর্যয় সামলানো যাবে না’, রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ারে ভাগ বসানোয় কেন্দ্রকে তোপ রাহুলের-দৈনিক আনন্দবাজার

রাহুল গান্ধী

রিজার্ভ ব্যাঙ্কের বাড়তি সঞ্চয়ে ভাগ বসানোয় এ বার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। কেন্দ্রীয় সরকার যা করছে, তা আসলে চুরির সমান বলে দাবি করেছেন তিনি। রাহুলের দাবি, দেশের অর্থনীতির দফারফা করে ছেড়েছে নরেন্দ্র মোদী সরকার। বিপর্যয় সামাল দিতে না পেরে এখন রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ারে হাত বসাচ্ছে। সোমবার নিজেদের বাড়তি সঞ্চয় থেকে কেন্দ্রকে এক লক্ষ ৭৬ হাজার কোটির বেশি অর্থসাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। বিষয়টি সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে বিশেষজ্ঞ মহলে।

বিধানসভায় বসে পর্নোগ্রাফি দেখেছিলেন, তিনিই এখন কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী-দৈনিক আজকাল

সাভাদি

বিধানসভায় অধিবেশন চলাকালীন পর্নোগ্রাফি দেখেছিলেন অন্য দুই বিধায়কের সঙ্গে। সেই লক্ষ্মণ সাভাদিকে তিন উপ মুখ্যমন্ত্রীর একজন করায় বিজেপির অন্দরেই ক্ষোভ দানা বেঁধেছে। বাকি দুই উপ মুখ্যমন্ত্রী হলেন গোবিন্দ কার্জোল এবং অশ্বনাথ নারায়ণ। মুখ্যমন্ত্রী ইয়েদিয়ুরাপ্পা সাভাদিকে পরিবহন দপ্তরের দায়িত্ব দিয়েছেন।

সাভাদির নিয়োগে ক্ষুব্ধ বিজেপি বিধায়ক তথা ইয়েডি ঘনিষ্ঠ এমপি রেনুকাচার্য বলেছেন, ‘ওনাকে মন্ত্রিসভায় নেওয়ার দরকার এবং এতো তাড়াতাড়ি মন্ত্রী করার কী ছিল যখন উনি নির্বাচনে হেরে গিয়েছেন।’ প্রসঙ্গত, গতবছরের কর্নাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মহেশ কুমাট্টালির কাছে হেরে যান সাভাদি। মহেশ অবশ্য এখন সেই বহিষ্কৃত কংগ্রেস বিধায়কদের তালিকাভুক্ত যাঁরা জোট সরকারের পতনের জন্য অভিযুক্ত।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭