আগস্ট ২৯, ২০১৯ ১১:১৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৯ আগস্ট বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • রোহিঙ্গা প্রত্যাবাসন: সরকারকে বিএনপির ১০ সুপারিশ-দৈনিক যুগান্তর
  • পদ্মাসেতু ২০২১ সালের জুনের মধ্যে খুলে দেয়া হবে: সেতুমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • আয়শাকে জামিন দিয়েছেন হাইকোর্ট-দৈনিক প্রথম আলো
  • শর্ত ভেঙে ঋণ রিশিডিউলের সুযোগ, জানেন না অর্থমন্ত্রী-দৈনিক মানবজমিন
  • সব আদালত কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাখার নির্দেশ-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • জলপথে ঢুকতে পারে পাক কম্যান্ডো-জঙ্গিরা, গুজরাতের সব বন্দরে জারি সর্বোচ্চ সতর্কতা- দৈনিক আনন্দবাজার
  • ফের ভারতের জন্য আকাশপথ বন্ধ করল পাকিস্তান, উদ্বেগে বিমান সংস্থাগুলি-দৈনিক সংবাদ প্রতিদিন‘কাশ্মীর
  • আবার কবে তোমাদের ছিল?’ পাকিস্তানকে কড়া প্র‌শ্ন রাজনাথের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা মুসলমানরা একটি সমাবেশ করেছে এবং সে ব্যাপারে কক্সবাজারের ডিসি একটি প্রতিবেদন পাঠিয়েছেন। এতে বলা হয়েছে যে, ওই সমাবেশ করা এবং মিয়ানমারে ফিরে যাব না বলে রোহিঙ্গারা যে বক্তব্য দিয়েছে তার পেছনে বেশ কয়েকটি এন জি ও জড়িতদের। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। আপনি কিভাবে দেখছেন এখবরটিকে?

২.ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাকের একজন এমপি। ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় আসলে কি সম্ভব?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

আয়শাকে জামিন দিয়েছেন হাইকোর্ট-দৈনিক প্রথম আলো

আয়শা সিদ্দিকা মিন্নিকে জামিন দিল আদালত

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন।রায়ে আদালত বলেন, জামিনে থাকা অবস্থায় আয়শা সিদ্দিকা তাঁর বাবার জিম্মায় থাকবেন। আয়শা সিদ্দিকা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। ব্যত্যয় ঘটলে তাঁর জামিন বাতিল হবে।

আয়শা সিদ্দিকার জামিন প্রশ্নে হাইকোর্টের রুলের ওপর শুনানি গতকাল বুধবার শেষ হয়। শুনানি শেষে এ বিষয়ে রায়ের জন্য আজ (বৃহস্পতিবার) দিন রেখেছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী আজ রায় দিলেন আদালত।

রোহিঙ্গা প্রত্যাবাসন: সরকারকে বিএনপির ১০ সুপারিশ-দৈনিক যুগান্তর

রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারকে ফের জাতীয় ঐক্য আহ্বান জানিয়ে ১০ দফা সুপারিশ দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকালে গুলশানে লেকশোর হোটেলে বিএনপির উদ্যোগে ‘রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের ভুমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা জানি, এই সরকারের কোনো নৈতিক অবস্থান নেই। তারা অনির্বাচিত সরকার। সুতরাং তাদেরকে বিশ্বজনমত তৈরি করতে হলে জনগনকে সামনে নিয়েই এই অভাবটা পুরণ করতে হবে। তিনি আরও বলেন, এই সেমিনারের মধ্য দিয়ে আমরা সরকারের কাছে পৌঁছাতে চাই। জনগনের কাছে পৌঁছাতে চাই, বিশ্বমানবতার কাছে পৌঁছাতে চাই।আন্তর্জাতিক সংস্থাগুলো ও জাতিসংঘ রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য বিশেষ ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফখরুল।

পদ্মাসেতু ২০২১ সালের জুনের মধ্যে খুলে দেয়া হবে: সেতুমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২১ সালের জুনের মধ্যে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন। সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, মূল সেতুর কাজের চুক্তিমূল্য ১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ টাকা। এ পর্যন্ত ব্যয় হয়েছে ৮ হাজার ৭৩২ কোটি ৩৮ লাখ টাকা। মূল সেতুর ব্যয় ততটা বাড়বে না। পদ্মা সেতুর ব্যয় বাড়ছে বলে যা বলা হচ্ছে তা মূলত জমির বেশি দাম ও ট্যাক্স পরিশোধের কারণে।

তিনি আরো বলেন, মূল সেতুর বাস্তবায়ন কাজের অগ্রগতি ৮৩ শতাংশ, আর্থিক অগ্রগতির ৭২ শতাংশ। নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৬২ শতাংশ এবং আর্থিক অগ্রগতির ৪৮ শতাংশ।

শর্ত ভেঙে ঋণ রিশিডিউলের সুযোগ, জানেন না অর্থমন্ত্রী-দৈনিক মানজমিন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন শর্ত ভেঙে ঋণ  রিশিডিউলের বিষয়টি তিনি জানতেন না

শর্ত ভেঙে ১১ ব্যবসায়ীকে ঋণ রিশিডিউলের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমিও এ বিষয়টি পত্রিকায় দেখেছি। আমার কাছ থেকে এ বিষয়ে কোনো অনুমোদন নেয়া হয়নি। তবে আমি এ বিষয়ে খোঁজ নেবো। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমের খবরে দেখা গেছে, ২০১৫ সালে ১১ জন ব্যবসায়ীকে ঋণ রিশিডিউল সুবিধা দেয়া হয়েছিলো। ওই সময় বলা হয়েছিলো তারা যদি ঋণ পরিশোধ না করে তাহলে তাদের আর এ ধরনের সুযোগ দেয়া হবে না।কিন্তু মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বোর্ড মিটিং আবারো তাদের নতুন করে রিশিডিউলের সুযোগ দেয়া হয়।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

জলপথে ঢুকতে পারে পাক কম্যান্ডো-জঙ্গিরা, গুজরাতের সব বন্দরে জারি সর্বোচ্চ সতর্কতা-দৈনিক আনন্দবাজার

গুজরাতের বন্দর দিয়ে ঢুকে পড়তে পারে প্রশিক্ষিত পাক কম্যান্ডো বা জঙ্গিরা। এমনই গোয়েন্দা তথ্য পেয়ে বন্দরগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করল কেন্দ্র। উপকূলরক্ষী বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী-সহ নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। কাণ্ডলা, মুন্দ্রা-সহ সব বন্দরেই জাহাজগুলির উপর কড়া নজরদারি রাখা হয়েছে। যে কোনও ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করলেই পুলিশ বা উপকূলরক্ষী বাহিনীকে জানাতে বলা হয়েছে। গোয়েন্দাদের একটি সূত্রের খবর, গুজরাতের কচ্ছের রণ এলাকায় জলপথে পাকিস্তান প্রশিক্ষিত জঙ্গি বা কম্যান্ডোরা ঢুকে পড়তে পারে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চালাতে পারে বা জঙ্গি হামলাও চালাতে পারে— এমনই ‘ইনপুট’ পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। তার পরই রাজ্যের সব বন্দরেই কড়া সতর্কতা জারি করা হয়েছে।সতর্কতা জারি করে উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে, সম্ভাব্য পাক জঙ্গি হানার আশঙ্কায় ‘‘নিরাপত্তায় সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনও রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বাহিনীকে।’’

‘কাশ্মীর আবার কবে তোমাদের ছিল?’ পাকিস্তানকে কড়া প্র‌শ্ন রাজনাথের-দৈনিক আজকাল

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ শিং

৩৭০ ধারা বিলোপের পর থেকেই জম্মু–কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে হইচই ফেলে দিয়েছে পাকিস্তান। কাশ্মীরীদের সুবিধা–অসুবিধা নিয়ে বিশ্ব দরবারে উদ্বেগ প্রকাশ করেই চলেছে তারা। এবার প্রতিবেশী রাষ্ট্রকে কড়া ভাষায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রশ্ন করলেন, ‘আমি পাকিস্তানের কাছে জানতে চাই কাশ্মীর আবার কবে পাকিস্তানের ছিল যে তার জন্য কেঁদে বেড়াচ্ছ? পাকিস্তানকেই তো ভারত থেকে কেটে বের করা হয়েছিল। আমরা পাকিস্তানের অস্তিত্বের সম্মান করি, কিন্তু তার মানে এই নয় যে ওরা কাশ্মীর নিয়ে যা খুশি তাই বিবৃতি দিয়ে বেড়াবে।’ বৃহস্পতিবার লাদাখের লেহ্‌–তে ২৬তম কিষাণ–জওয়ান বিজ্ঞান মেলা’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কাশ্মীর নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে এই বার্তা দিয়ে রাজনাথ বলেছেন পাকিস্তানের এব্যাপারে আইনত কোনও অধিকার নেই। ‌ভারত সবসময় পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে গিয়েছে। কিন্তু পাকিস্তানের উচিত ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো বন্ধ করা। মন্তব্য রাজনাথের।

ফের ভারতের জন্য আকাশপথ বন্ধ করল পাকিস্তান, উদ্বেগে বিমান সংস্থাগুলি-দৈনিক সংবাদ প্রতিদিন

পরিস্থিতির নিরিখে ভারতের জন্য বুধবার থেকে নিজেদের আকাশপথ বন্ধ করে দিল পাকিস্তান সরকার। পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আপাতত ৩১ আগস্ট অবধি ভারতের দিক থেকে পাকিস্তানের আকাশে যাত্রীবাহী বিমান উড়তে পারবে না। এই সিদ্ধান্তে বিশেষ করে ভারত থেকে বিমানে করাচি যাওয়া কার্যত স্থগিত। দেশের আকাশপথ শুধুমাত্র বায়ুসেনা ব্যবহার করবে। অন্যদিকে, টুইটারে পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরি লিখেছেন, “ভারত থেকে আফগানিস্তানে স্থলপথে বাণিজ্যিক কারণে যে আমদানি-রপ্তানির কাজ হয়, সেই পথও বন্ধ করে দেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠকে সে ব্যবস্থাই করা হচ্ছে।

সাফল্যের কোনও লিফট নেই, সিঁড়ি আছে:‌ মোদি-দৈনিক আজকাল

ফিট ইন্ডিয়া কর্মসূচির প্রচারের জন্য জাতীয় ক্রীড়া দিবসকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রচার কর্মসূচির সূচনায় দেশের জনগণকেও এর অংশ হওয়ার আহ্বান জানালেন তিনি। ২৫ আগস্ট মন কি বাত অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী ফিট ইন্ডিয়া কর্মসূচির ঘোষণা করেন। বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী বলেন, ‘সাফল্যের জন্য কোনও লিফট নেই। আপনাকে সিঁড়ি দিয়েই উঠতে হবে। আপনি মানসিকভাবে ফিট এবং শারীরিকভাবে ফিট না হলে সফল হতে পারবেন না’।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯