সেপ্টেম্বর ০২, ২০১৯ ১১:৩৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • ঢামেকে ডেঙ্গুজ্বরে নিরাপত্তাকর্মীর মৃত্যু-দৈনিক যুগান্তর
  • মিন্নির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই-দৈনিক ইত্তেফাক
  • বাস চালানোর প্রথম দিনই কৃষ্ণার পায়ে চাপা দেন চালক-দৈনিক প্রথম আলো
  • জামিন পেলেন মির্জা ফখরুলসহ বিএনপি’র ৮ নেতা-দৈনিক মানবজমিন
  • ২০০ কোটি টাকার বিপরীতে খেলাপি ঋণ আদায় ৯১ কোটি টাকা-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • এনআরসির চূড়ান্ত তালিকার প্রথম বলি, কথা বন্ধ, খাননি, ভোরে মিলল দেহ-দৈনিক আনন্দবাজার
  • এনআরসি ইস্যুতে মুখ খুলেই বিস্ফোরক রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বন্‌ধে তাণ্ডব বিজেপির, অশান্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র–বৈশাখী-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে গেল বিদ্যালয় ভবন। মানবজমিনের এই খবরটি দুর্নীতির একটি চিত্র তুলে ধরেছে। ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন?

২. ইরানের সঙ্গে দ্বন্দ্বে কি পশ্চিমা জোট ভেঙে যাবে? -দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম এটি। নিবন্ধটি লিখেছেন ইউরোপিয়ান কাউন্সিলের পরিচালক মার্ক লিওনার্দ। আপনি কী বলবেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি।

মিন্নির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই-দৈনিক ইত্তেফাক

মিন্নির জামিন বহাল, মুক্তি পেতে বাধা নেই

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে দেওয়া হাইকোর্টের স্থায়ী জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের শুনানিতে সোমবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ দিয়েছেন। এর ফলে মিন্নির কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

জামিন পেলেন মির্জা ফখরুলসহ বিএনপি’র ৮ নেতা-দৈনিক মানবজমিন

জামিন পেলেন মির্জা ফখরুলসহ বিএনপি’র ৮ নেতা

জামিন পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ  আট নেতা। পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নিতে আজ আদালতে আত্মমসমর্পণ করেন তারা। জামিন আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী আট নেতার জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত অন্যান্যরা হচ্ছেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) ও নজরুল ইসলাম খান।

জামনি শুনানিকালে আসামি পক্ষে আইনজীবী ছিলেন জয়নুল আবেদীন, মাহবুবউদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার  প্রমুখ। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।

রোহিঙ্গা সমস্যায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাসিমের-দৈনিক মানবজমিন

আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ নাসিম​​​​​​

রোহিঙ্গা সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী মানবিক দায়িত্ব থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। এখন তাদের নিজ দেশে ফিরতে হবে। 

আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১৪ দল আয়োজিত উপমহাদেশের বাম প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদের স্মরণ ও শোক সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, রোহিঙ্গা নিয়ে যারা চক্রান্ত করছেন বন্ধ করুন।  রোহিঙ্গা কোনও রাজনৈতিক ইস্যু নয়। ঐক্যের কারণে জঙ্গি দমন সম্ভব হয়েছে। আশা করি, রোহিঙ্গা সমস্যায় সবাই ঐক্যবদ্ধভাবে সমাধান করতে পারবো।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

এনআরসি ইস্যুতে মুখ খুলেই বিস্ফোরক রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর-দৈনিক সংবাদ প্রতিদিন

এনআরসি ইস্যুতে মুখ খুললেন তৃণমূলের পথ প্রদর্শক তথা রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর। মুখ খুলেই গোটা প্রক্রিয়াকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। বিজেপিকে কাঠগড়ায় তুলে প্রশান্তের মন্তব্য, “এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর লাখ লাখ মানুষ নিজেদের দেশেই দেশহীন হয়ে পড়েছেন। এমনই হয় যখন, রাজনৈতিক দেখনদারিকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল সমস্যার সমাধান হিসেবে তুলে ধরার চেষ্টা হয়। কোনও রণকৌশল ছাড়া এবং পদ্ধতি না মেনে রাজনৈতিক উদ্দেশ্যে পদক্ষেপ করলে সাধারণ মানুষকে তাঁর চরম মূল্য দিতে হবেই।”

এনআরসির চূড়ান্ত তালিকার প্রথম বলি, কথা বন্ধ, খাননি, ভোরে মিলল দেহ-দৈনিক আনন্দবাজার

এনআরসিতে নাম না থাকায় প্রথম মৃত্যু হয়েছে ফয়জুর রহমানের

এনআরসিতে নাম নেই। শনিবার খবরটা পেয়েই থমকে গিয়েছিলেন করিমগঞ্জ জেলার বদরপুরের ফয়জুর রহমান। সারাদিন কথাবার্তা প্রায় বন্ধই ছিল। মুখে তোলেননি খাবার। রবিবার ভোরে মিলল মৃতদেহ। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮ বছরের প্রৌঢ়ের। চূড়ান্ত তালিকা প্রকাশের পর এনআরসি-র প্রথম বলি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ১৯৬০ সালে কেনা জমির দলিল দিয়েছিলেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে। কিন্তু পরিবারের ৭ জনের কারও আসেনি। এনআরসি তালিকা প্রকাশের আগেই গত কাল আশঙ্কায় আত্মঘাতী হয়েছেন শোণিতপুরের শায়েরা বেগমও।

বিজেপি এখন বোকা বানাচ্ছে হিন্দু বাঙালিদের’আজকাল

সুস্মিতা দেব ও কমলাক্ষ দে পুরকায়স্থ

হিন্দু বাঙালিদের বোকা বানাচ্ছে বিজেপি বলে অভিযোগ করলেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। পাশাপাশি, করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ অসমের বিজেপি সরকারকে ‘খুনি ও ‌অবৈধ’ সরকার বলে বর্ণনা করেছেন। সুস্মিতার বক্তব্য, ‘ভোট এলেই হিন্দু বাঙালিদের কথা মনে পড়ে বিজেপি–র।

আসামের অর্থমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা

ভারতের অনলাইন সংবাদ মাধ্যম নিউজ ১৮ কে দেয়া এক সাক্ষাতকারে আসামের অর্থমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা বলেছেন, আসামের এনআরসি বা নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা হবে। তিনি বলেছেন, এ বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে কথা বলবো ও বলবো তাদের এসব লোককে ফিরিয়ে নিতে।

বন্‌ধে তাণ্ডব বিজেপির, অশান্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র-দৈনিক আজকাল

জগদ্দলে রবিবার গোলমালের পর সোমবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ১২ ঘণ্টার বন্‌ধ ডেকেছে বিজেপি। গন্ডগোলের অভিযোগে এপর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার এবং স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিস। অশান্তি এড়াতে সারা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রজুড়ে প্রচুর পুলিস এবং র‌্যাফ মোতায়েন করা হয়েছে। তা সত্ত্বেও ব্যারাকপুর, জগদ্দল, কাঁকিনাড়া সহ বিভিন্ন জায়গা সকাল থেকেই বিজেপি কর্মীদের তাণ্ডবের ফলে অশান্ত হয়ে উঠেছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২