সেপ্টেম্বর ০৩, ২০১৯ ১১:৫৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম

  • ইসির সার্ভারে আরও ৪৬ ভুয়া এনআইডি-দৈনিক প্রথম আলো
  • রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় বৈঠকের আহ্বান বিএনপির-দৈনিক যুগান্তর
  • সাতক্ষীরায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু-দৈনিক ইত্তেফাকঘুষ লেনদেনের মামলায় বরাখাস্ত হওয়া দুদকের
  • বাছিরের জামিন মেলেনি-দৈনিক মানবজমিন
  • ডিমলা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • ভারতের সঙ্গে সংঘাতে প্রথমে পরমাণু অস্ত্র নয়, মন্তব্য ইমরান খানের-দৈনিক আনন্দবাজার
  • স্বাধীনতার ৭৩ বছর পর প্রথম বাস পরিষেবা চালু হল তামিলনাড়ুর এই গ্রামে-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বাঁদুরে সন্ত্রাসের ভয়ে কুমারীই থেকে গিয়েছেন বিহারের ভোজপুর গ্রামের মেয়েরা। -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

ইসির সার্ভারে আরও ৪৬ ভুয়া এনআইডি-দৈনিক প্রথম আলো

রোহিঙ্গা এক নারীর ভুয়া জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নির্বাচন কমিশনের (ইসি) সুরক্ষিত সার্ভারে থাকার ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসছে থলের বিড়াল। আরও ৪৬টি ভুয়া এনআইডির তথ্য ইসির সার্ভারে পেয়েছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি। নির্বাচন কার্যালয়ের নথিপত্রে এগুলোর কোনো অস্তিত্ব নেই। তবে কীভাবে এসব তথ্য সার্ভারে দেখা যাচ্ছে, কে বা কারা জড়িত, তা শনাক্ত করতে পারেনি চট্টগ্রাম পুলিশ কিংবা ইসি।ঘটনার পর ঢাকা ও চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি কোতোয়ালি থানা-পুলিশও তদন্ত শুরু করে।

রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় বৈঠকের আহ্বান বিএনপির-দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী

এ খবরে লেখা হয়েছে, মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই সংবাদ সম্মেলনে বলেন, ‘তারেক রহমান গতরাতে লন্ডনে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধানে খালেদা জিয়ার অংশগ্রহণের মাধ্যমে সর্বদলীয় বৈঠক ডাকার যে প্রস্তাব রেখেছেন, তা বাস্তবায়নের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই প্রস্তাব রোহিঙ্গা নিয়ে দেশ ও জাতি মহাসংকট থেকে পরিত্রাণ লাভ করতে পারবে বলে মনে করেন তিনি। রিজভী বলেন, ‘রোহিঙ্গা পরিস্থিতি জাতীয় সংকটে রূপ নিয়েছে। গত দুই বছরে সরকার একজন রোহিঙ্গাকেও তাদের জন্মভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি।’

দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। এ ইস্যুতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র।

ডেঙ্গু সমাচার

সাতক্ষীরায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু-দৈনিক ইত্তেফাক

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতক্ষীরার কলারোয়ার এক গৃহবধূ খুলনার একটি বেসরকারি হাসপাতালে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে, সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট তিনজনের মৃত্যু হলো।

এদিকে দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হাসান ফকির (৪৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরখাস্ত হওয়া দুদকের পরিচালক এনামুল বাছিরকে জামিন দেয়নি হাইকোর্ট-দৈনিক মানবজমিন/নয়া দিগন্ত

ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) কারাবন্দি পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন চেয়ে হাইকোর্টে করা আবেদন ফেরত দিয়েছেন আদালত।ঘুষ লেনদেনের মামলায় গত ২৩ জুলাই এনামুল বাছিরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস। একই সঙ্গে জেলকোড অনুযায়ী তাকে ডিভিশন দেয়ার নির্দেশ দেন। ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় এনামুল বাছিরসহ পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে গত ১৬ জুলাই মামলা দায়ের করা হয়। ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিওর সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এরপর গত ২২ জুলাই তাকে গ্রেফতার করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী-এমপিসহ ৬ জনকে আইনি নোটিশ-দৈনিক মানবজমিন

জাতীয় শোক দিবস ১৫ই আগস্টের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত না গাওয়ার কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, কাজী ফিরোজ রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমানসহ ৬ জনকেলিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। নোটিশ পাওয়ার পর থেকে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায়, উল্লেখিত ৬ ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। নোটিশে অভিযোগ করা হয়, গত ২৮শে আগস্ট বিকেল ৩টায় ঢাকা ন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে ১৫ই আগস্ট উপলক্ষে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়নি।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ভারতের সঙ্গে সংঘাতে প্রথমে পরমাণু অস্ত্র নয়, মন্তব্য ইমরান খানের-দৈনিক আনন্দবাজার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তান ভারতের সঙ্গে সংঘাতে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়ে দিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। 

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে পরমাণু অস্ত্র নিয়ে গত কয়েক দিন ধরে সুর চড়িয়েছে দু’দেশই। ভারতের প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতে বদলের ইঙ্গিত দিয়ে শোরগোল ফেলেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। শনিবার পাক রেলমন্ত্রী শেখ রশিদ বলেন, ‘‘পাকিস্তানের হাতে ১২৫-২৫০ গ্রাম ওজনের পরমাণু অস্ত্র আছে। তা দিয়ে একটি নির্দিষ্ট এলাকা ধ্বংস করা যায়।’’ আজ আবার ইসলামাবাদে গিয়ে পাক বায়ুসেনার সদর দফতরে গিয়ে ভারতের ‘বিনা প্ররোচনায় হামলা’র জবাব দেওয়ার জন্য তাদের প্রশংসা করেন ইমরান। কিন্তু এর পরে লাহৌরে গভর্নরের বাসভবনে শিখেদের এক জমায়েতে ইমরান বলেন, ‘‘পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করবে না।

স্বাধীনতার ৭৩ বছর পর প্রথম বাস পরিষেবা চালু হল তামিলনাড়ুর এই গ্রামে-দৈনিক সংবাদ প্রতিদিন

স্বাধীনতার পর পেরিয়ে গিয়েছে ৭৩ বছর। বিশ্বের দরবারে ভারত পরিণত হয়েছে মহাশক্তিতে। জাপানি প্রযুক্তিতে শীঘ্রই ভারতে দৌড়াবে বুলেট ট্রেন। সফলভাবে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে চন্দ্রযান-২। ইতিমধ্যেই তার ল্যান্ডার নেমে পড়েছে চাঁদের মাটিতে। দ্রুত চন্দ্রযান-২ পাঠানো শুরু করব তথ্য। তথ্য প্রযুক্তি থেকে প্রায় সব বিভাগেই ভারত এখন প্রথম সারিতে। অথচ, এ হেন অগ্রগতির মধ্যেও ভারতে এমন একটি গ্রাম আছে যেখানে রবিবার পর্যন্ত বাস পরিষেবা চালু ছিল না। সোমবারই প্রথমবারের জন্য বাস পরিষেবা চালু হয়েছে তামিলনাড়ুর বিরুধুনগরের মীনাক্ষীপুরম  এই গ্রামটিতে। #

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩