সেপ্টেম্বর ০৫, ২০১৯ ১১:৫১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৫ সেপ্টেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম

  • ‘ইউজিসির অভিন্ন নীতিমালা উচ্চশিক্ষা ধ্বংসের নীলনকশা’-দৈনিক প্রথম আলো
  • শাহজালালে ১০ কেজি সোনাসহ কেবিন ক্রু আটক-দৈনিক যুগান্তর
  • একীভূত টেকসই সুনীল অর্থনৈতিক বেষ্টনী গড়ে তুলুন: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • জাপায় বিভক্তি, রওশনকে চেয়ারম্যান ঘোষণা একাংশের-দৈনিক মানবজমিন
  • ফখরুল কথায় সফল, কার্যক্ষেত্রে বিফল : তথ্যমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • রক্ষাকবচ মিলল না সুপ্রিম কোর্টে, বিনা বাধায় চিদম্বরমকে গ্রেফতার করতে পারে ইডি-দৈনিক আনন্দবাজার
  • বিল পাসের পরও জলপাইগুড়ির বানিয়াপড়ায় গণপিটুনিতে নিহত খাবির শেখ-দৈনিক সংবাদ প্রতিদিন
  • যোগী আদিত্যনাথের রাজ্যে ফের নাবালিকা ধর্ষণ, নির্বিকার প্রশাসন-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

একীভূত টেকসই সুনীল অর্থনৈতিক বেষ্টনী গড়ে তুলুন: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

Image Caption

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইওরা সদস্য রাষ্ট্রগুলোকে সমুদ্রের তলদেশের অনাবিস্কৃত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলে একটি অভিন্ন টেকসই সুনীল অর্থনৈতিক বেষ্টনী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সুনীল অর্থনীতিকে সামনে রেখে সমুদ্রে অব্যবহৃত ও এর তলদেশে অ-উন্মোচিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে এই অঞ্চলে যার যার টেকসই উন্নয়ন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার সুযোগ রয়েছে।’ ‘সমুদ্র সম্পদ ব্যবহার করে আমরা দারিদ্র্য বিমোচন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাসহ বিপুল কর্মসংস্থান সৃষ্টি করতে পারি।

শাহজালালে ১০ কেজি সোনাসহ কেবিন ক্রু আটক-দৈনিক যুগান্তর

সোনা চোরাচালান মামলায় আটক ক্রু রোকেয়া শেখ মৌসুমী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি সোনাসহ একটি বেসরকারি এয়ারলাইনসের একজন কেবিন ক্রুকে আটক করা হয়েছে। আটক ওই ক্রুর নাম রোকেয়া শেখ মৌসুমী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওমানের মাসকাট বিমানবন্দর থেকে শাহজালাল বিমানবন্দরে আসা একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে ওই ক্রুর কাছ থেকে এই সোনা পাওয়া যায়।প্রসঙ্গত শাহজালালে এর আগেও একাধিক নারী ক্রুর সোনা চোরাচালানের অভিযোগ পাওয়া গেছে। নারী ক্রুদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের ক্যারিয়ার হিসেবে ব্যবহার হয়ে আসছেন।

রাজনীতির খবর

ফখরুল কথায় সফল, কার্যক্ষেত্রে বিফল : তথ্যমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশের তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ (ফাইল ফটো)

বিস্তারিত খবরে লেখা হয়েছে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলার ক্ষেত্রে সফল, কিন্তু কার্যক্ষেত্রে বিফল। তথ্যমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।

তিনি বলেন, বিএনপি এবং ঐক্যফ্রন্ট নেতাদের জনগণের ওপর কোন আস্থা নেই। তাদের আস্থা বিদেশীদের ওপর। তারা বারবার কূটনীতিকদের সাথে বসে এটাই প্রমাণ করছে। তিনি বলেন, ‘কোনকিছু হলেই তারা নালিশ করতে যায় বিদেশীদের কাছে। অনেকেই বলেন, বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে।’ আগামী অক্টোবরে বিএনপি আন্দোলনে যাবে, মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, আন্দোলন কোন বছরের অক্টোবরে হবে তা কেউ জানে না। এমন আন্দোলনের ঘোষণা তারা অতীতে বহুবার দিয়েছেন। কিন্তু মাঠে তাদের কাউকে দেখা যায়নি।

আর দৈনিক প্রথম আলোর খবরের শিরোনাম-ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সবকিছু জলাঞ্জলি দিচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এ খবরে বলা হয়েছে, মুদ্রের গ্যাস রপ্তানির চুক্তির সমালোচনা করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সবকিছু জলাঞ্জলি দিচ্ছে।সমুদ্রের গ্যাস রপ্তানির সুযোগ রেখে নতুন উৎপাদন অংশীদারি চুক্তি বা পিএসসি চুক্তির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন ২০০১ সালে তিনি গ্যাস রপ্তানির চুক্তিতে সই করেননি বলে ক্ষমতায় আসতে পারেননি। আজকে কিন্তু সেই গ্যাস রপ্তানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

দৈনিক প্রথম আলো/ ও মানবজমিন লিখেছে-জাপায় বিভক্তি, রওশনকে চেয়ারম্যান ঘোষণা একাংশের

রওশান এরশাদ

খবরটিতে লেখা হয়েছে, হুসেইন মুহম্মদ এরশাদ প্রয়াত হওয়ার পর তার ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হলেও এবার এ পদে রওশন এরশাদের নাম ঘোষণা করেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।  আজ দুপুরে রওশনের গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলন করে এরশাদ পত্নীকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা দেন তিনি। 

তবে জিএম কাদের বলেছেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী এরশাদ আমাকে চেয়ারম্যান করেছেন।

আর প্রথম আলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, রংপুর সদর আসনের উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে এখনো সরকারের দিকে তাকিয়ে আছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। তারা মনোনয়নসহ দলের অভ্যন্তরীণ বিষয়ে সরকারপ্রধানের মনোভাব স্পষ্ট হতে চায়।

‘ইউজিসির অভিন্ন নীতিমালা উচ্চশিক্ষা ধ্বংসের নীলনকশা’-দৈনিক প্রথম আলো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রণীত ও শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অভিন্ন নিয়োগ ও পদোন্নতির নীতিমালাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। নীতিমালাটিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সঙ্গে ‘সাংঘর্ষিক’ বলে আখ্যা দিয়েছেন তাঁরা। এটিকে তাঁরা উচ্চশিক্ষা ধ্বংসের নীলনকশা হিসেবে অভিহিত করেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধন থেকে ওই নীতিমালা প্রত্যাখ্যানের ঘোষণা দেন শিক্ষকেরা।

প্রকৃতি ও পরিবেশ বিষয়ক খবরে দৈনিক ইত্তেফাকের শিরোনাম এরকম- ৫৯ জেলায় ৪৫ হাজার নদী দখলদার চিহ্নিত

জাতীয় নদী রক্ষা কমিশন ৫৯ জেলায় ৪৫ হাজারেরও বেশি নদী দখলদার ব্যক্তি, রাজনীতিক ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে। হাইকোর্টের আদেশ অনুযায়ী শিগগির এই তালিকা সর্বসাধারণের জন্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি প্রতি জেলায় দখলদারদের নাম-ঠিকানা উম্মুক্ত স্থানে টাঙিয়ে দেওয়া হবে। তবে রাজধানীর চারপাশের নদী দখলদারদের নাম-পরিচয় এখনো চিহ্নিত করা হয়নি বলে জানা গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশে প্রবহমান নদীর সংখ্যা ৪০৩টি। নদী রক্ষা কমিশন বলছে, প্রায় সব নদীই এখন দখল-দূষণের কবলে। নদী দখলমুক্ত করতে জেলা প্রশাসকদের অধীনে হাতে নেওয়া হচ্ছে এক বছরের ক্র্যাশ প্রোগ্রাম।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

রক্ষাকবচ মিলল না সুপ্রিম কোর্টে, বিনা বাধায় চিদম্বরমকে গ্রেফতার করতে পারে ইডি-দৈনিক আনন্দবাজার

ভারতের কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী পি চিদাম্বরাম

আইএনএক্স মিডিয়া আর্থিক দুর্নীতি মামলায় পি চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে তাঁকে গ্রেফতারের ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে আর কোনও বাধা রইল না। বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়ে দিল, ইডি-র মামলায় তাঁকে গ্রেফতারির বিরুদ্ধে কোনও রক্ষাকবচ দেওয়া হবে না। গত ১৫ দিন ধরে আইএনএক্স মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন পি চিদাম্বরম। একই সময় তাঁকে এই একই ঘটনায় অর্থ তছরুপ সংক্রান্ত বিষয়ে গ্রেফতার করতে উদ্যত হয় ইডি-ও। সেই গ্রেফতারি এড়াতেই দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিনের জন্যে আবেদন জানিয়ে ছিলেন চিদম্বরম।

অসমে পুজোর আগে ওঁদের মুখে গণআত্মহত্যার কথা!-দৈনিক আজকাল

অসমে এনআরসিতে নাম না থাকার কারণে গণআত্মহত্যার হুমকি

সামনে পুজো। আর এই উৎসবের মুখে ওঁদের মুখে আম্মহত্যার কথা!‌ গণআত্মহত্যার হুমকি। কারণ বিজেপি–শাসিত অসমে তাঁদের নাগরিকত্বে কোপ পড়েছে। বহুবার দরবার করে, সমস্ত নথিপত্র দেওয়ার পরও ঠাঁই হয়নি এনআরসি তালিকায়। বাকসার তামুলপুর অঞ্চলের অহিয়াবাড়ি, দোয়ামাখা, বড়লিয়াপার, পূর্ব কচুকাটা প্রভৃতি গ্রামের হাজার তিনেক মানুষের অভিযোগ, বেঁচে থাকার আর কোনও রাস্তা খোলা নেই তাঁদের। ফরেনার্স ট্রাইব্যুনালের ওপর নেই কোনও ভরসা। প্রায় একই ছবি, গুয়াহাটির অদূরে জাগি রোডেও। সেখানে ২০টি গ্রামের ৭ হাজার মানুষের নাম নেই। এঁদের অবস্থাও দুর্গা–প্রতিমাদের মতোই। মুসলিম অধ্যুষিত ধুবড়ি জেলায় বাদ পড়েছেন ২৫ হাজার মানুষ। বেশির ভাগই হিন্দু। নাগরিকত্বের প্রশ্নে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন অসমের ১৯ লাখ বাসিন্দা। তাঁদের উদ্বেগ কমাতে বুধবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে স্মারকপত্র জমা দিল অসম রাজ্য নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫