'জিয়ার জন্যই শেখ হাসিনা আজ আওয়ামী লীগের সভানেত্রী'
-
ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১০ সেপ্টেম্বের মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- খালেদাকে বাড়ি দেওয়ার সময় খুব ভালো ছিলেন এরশাদ: আইনমন্ত্রী-দৈনিক প্রথম আলো
- জিয়ার জন্যই শেখ হাসিনা আজ আওয়ামী লীগের সভানেত্রী'-দৈনিক কালেরকণ্ঠ
- মহাসড়কে টোল দিলে জনগণই সুবিধা পাবে: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
- আগাম জলবায়ু অভিযোজন সমাধানের উপায় উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর: দৈনিক ইত্তেফাক
- শোকের মাতমে তাজিয়া মিছিলে হাজারো মানুষ-দৈনিক মানবজমিন
- রোহিঙ্গা মুসলিমদের গ্রাম ধ্বংস করে তৈরি করা হচ্ছে পুলিশ ব্যারাক ও ভবন: -দৈনিক নয়াদিগন্ত
ভারতের খবর:
- মোদীর ১০০ দিনে উধাও বিনিয়োগকারীদের সাড়ে ১২ লক্ষ কোটি টাকা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- চা, বস্ত্রের পর এবার চাপে তামাক শিল্প, হাহাকার করছেন গুজরাটের ব্যাবসায়ীরা-দৈনিক আজকাল
- ল্যান্ডার বিক্রমকে নিয়ে পুলিশের মর্মস্পর্শী টুইট মন কাড়ছে সোশ্যাল মিডিয়ার-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
খালেদাকে বাড়ি দেওয়ার সময় খুব ভালো ছিলেন এরশাদ: আইনমন্ত্রী-দৈনিক প্রথম আলো
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে গুলশান এলাকায় বাড়ি দেওয়ার সময় বিএনপির কাছে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ খুব ভালো লোক ছিলেন। আজ মঙ্গলবার সকালে আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এরশাদকে নিয়ে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এরশাদ খালেদা জিয়াকে গুলশানের একটি বাড়ি আর ক্যান্টনমেন্টের ভেতর সাড়ে বাইশ বিঘার একটি বাড়ি দিয়েছিলেন। তখন এরশাদ খুব ভালো লোক ছিলেন বিএনপির কাছে। যখন এরশাদ গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেন, তখন তিনি খারাপ হয়ে যান। তাদের (বিএনপি) কথা জনগণ বিশ্বাস করবে না।
'জিয়ার জন্যই শেখ হাসিনা আজ আওয়ামী লীগের সভানেত্রী'- দৈনিক কালেরকণ্ঠ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ একটি মিথ্যার কোম্পানি। সেই কোম্পানির বিজ্ঞাপনী ম্যানেজার সেজেছেন ওবায়দুল কাদের ও সহকারী বিজ্ঞাপনী ম্যানেজার হচ্ছেন তাদের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এই মিথ্যা কোম্পানির চেয়ারম্যান স্বয়ং প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় পবিত্র আশুরা উপলক্ষ্যে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। গত রবিবার সংসদে জিয়াউর রহমানকে নিয়ে দেওয়া শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কীসের গর্ব করেন? আপনার প্রতিটি পদক্ষেপ হচ্ছে হিংসা-বিদ্বেষ ছড়ানো আর কুৎসা রটানোর। আপনি আজকে আওয়ামী লীগের সভানেত্রী, এটাতো জিয়াউর রহমানের দান। আপনি তো এ পদে থাকতে পারতেন না, যদি সেদিন জিয়াউর রহমান রাষ্ট্রপতির পদে থেকে আপনাকে সুযোগ করে না দিতেন। আপনি যে আজকে আওয়ামী সভানেত্রী, এটা তো জিয়াউর রহমানের দান।
মহাসড়কে টোল দিলে জনগণই সুবিধা পাবে: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
মহাসড়কে টোল দিলে দেশের জনগণই সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বিআরটি প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি তো ফ্লাইওভার দেখাতে পারেনি। দেশে এত সড়ক-মহাসড়কের মুখ তারা দেখেনি। দেশে যে বাস র্যাপিড ট্রানজিট, এমআরটি আর মেট্রোরেল, ফ্লাইওভার ও ফোরলেন হচ্ছে এগুলো তারা স্বপ্নেও দেখেননি।`দেশে রাস্তা হবে, রাস্তা ফোর লেন হবে, সিক্স লেন হবে ও সার্ভিস লেন হবে। টোল দিলে রাস্তা চলাচলে যেই সুবিধাটুকু পাবে, এটা জনগণই পাবে।' সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর যে সব দেশে এক্সপ্রেসওয়ে, নতুন নতুন ফোর লেন, সিক্স লেন আছে সেখানেও কিন্তু টোলের ব্যবস্থা আছে। রাস্তা মেনটেইন ও সংস্কার করতে টাকা দরকার। এ টাকা কোত্থেকে আসবে?
আগাম জলবায়ু অভিযোজন সমাধানের উপায় উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর: দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দ, সরকার ও ব্যবসায়ীদের আগাম জলবায়ু অভিযোজন সমাধানের উপায় উদ্ভাবনের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ ঢাকা থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’এর নেতৃবৃন্দের সঙ্গে যোগ দিয়ে একথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, 'কমিশনের একটি নতুন গবেষণা প্রতিবেদনে দেখা গেছে যে, বাংলাদেশ অনেক পদক্ষেপ নিলেও অনেক কাজ এখনো বাকি রয়ে গেছে। যে কারণে আমি ঢাকায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের নতুন কার্যালয় খুলতে দেখে অত্যন্ত খুশি হয়েছি। এই নতুন অফিস বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের নতুন প্রচেষ্টা এবং ধারণার সঙ্গে খাপ খাওয়াতে এবং সমন্বয় সাধন করতে সহায়তা করবে। আমরা এখন পর্যন্ত যতটা সফলভাবে এই পথ অতিক্রম করেছি তা থেকে শিক্ষা লাভ করতে এটি সারা বিশ্বের জন্য ওয়েব পোর্টাল হিসেবে কাজ করবে।'
শোকের মাতমে তাজিয়া মিছিলে হাজারো মানুষ-দৈনিক মানবজমিন
আশুরা উপলক্ষে পুরান ঢাকার চানখাঁরপুল এলাকার হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের হয় সকাল সোয়া ১০টার দিকে। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে শিয়া সম্প্রদায় এই ঐতিহ্যবাহী মিছিলের আয়োজন করেছে।সকাল ১০টার দিকে কবুতর ও নিশান উড়িয়ে আনুষ্ঠানিকভাবে তাজিয়া মিছিল শুরু হয়।

হোসেনি দালান প্রাঙ্গণ থেকে তাজিয়া মিছিলটি শুরু হয়ে বকশীবাজার, উমেশ দত্ত রোড, লালবাগ চৌরাস্তা, এতিমখানা রোড, আজিমপুর মেটারনিটি, নীলক্ষেত মোড়, সিটি কলেজ, ধানমণ্ডি-২, রাইফেলস স্কয়ার হয়ে ‘অস্থায়ী কারবালায়’(বিজিবি সদর দপ্তরের গেটের উল্টো দিকে) মিছিলটি শেষ হয়। এর আগে তাজিয়া মিছিলে অংশ নিতে সকাল থেকেই হোসেনি দালান এলাকায় জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ শিয়া মুসলিমরা। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা হিজরি ৬১ সনের ১০ই মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণ করে মুসলিমবিশ্ব যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে।
রোহিঙ্গা মুসলিমদের গ্রাম ধ্বংস করে তৈরি করা হচ্ছে পুলিশ ব্যারাক ও ভবন-দৈনিক নয়াদিগন্ত
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের পুরো গ্রাম গুড়িয়ে দিয়ে তৈরি করা হয়েছে পুলিশের ব্যারাক, সরকারি ভবন এবং শরণার্থী পুনর্বাসন শিবির। বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য।
মিয়ানমার সরকারের আয়োজিত এক সফরে গিয়ে বিবিসি অন্তত চারটি স্থান খুঁজে পেয়েছে যেখানে সুরক্ষিত স্থাপনা তৈরি করা হয়েছে।

অথচ স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে দেখা গেছে এগুলো আগে ছিল রোহিঙ্গা মুসলিমদের বসতি।তবে রাখাইন রাজ্যে রোহিঙ্গা গ্রামে এসব স্থাপনা তৈরির অভিযোগ নাকচ করেছেন সরকারি কর্মকর্তারা। ২০১৭ সালে সামরিক অভিযানের জেরে সাত লাখের রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পালিয়ে যায়। জাতিসংঘ একে জাতিগত নির্মূল কর্মকাণ্ডের 'টেক্সটবুক' উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। তবে নিজেদের বাহিনীর হাতে বড় মাত্রায় হত্যাকাণ্ডের অভিযোগ নাকচ করেছে মিয়ানমার।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
মোদীর ১০০ দিনে উধাও বিনিয়োগকারীদের সাড়ে ১২ লক্ষ কোটি টাকা-দৈনিক আজকাল
ধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় বার ক্ষমতাসীন হওয়ার পর প্রথম তিন মাসে ভারতের অর্থনীতি পিছিয়ে পড়েছে প্রায় প্রতিটি ক্ষেত্রেই। ভারতের শেয়ার বাজার উড়ে গিয়েছে বিনিয়োগকারীদের লগ্নি করা সাড়ে ১২ লক্ষ কোটি টাকার সম্পদ। সেনসেক্স পড়েছে দুদ্দাড়িয়ে, ৫.৯৬ শতাংশ। পয়েন্টের নিরিখে ২ হাজার ৩৫৭। গত ৩০ মে থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি সূচক পড়েছে অন্তত ৫০। শতাংশের হিসেবে ৭.২৩। বা ৮৫৮ পয়েন্ট।
কেন? দেশের কর্পোরেট সংস্থাগুলির শরীর স্বাস্থ্যের হাল ভাল নয়। সংস্থাগুলির আয়ের পরিমাণ কমেছে। বিদেশি বিনিয়োগকারীরা আর ভারতে লগ্নিতে উৎসাহ দেখাচ্ছেন না। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতির এই মন্দার সময় যা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই বিদেশি বিনিয়োগে ঘাটতি দেখা দেওয়ার জন্য দায় যদি কারও থাকে, তা হলে তা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর তাঁর প্রথম বাজেটে বিদেশি বিনিয়োগের উপর করের বোঝা খুব বেশি বাড়িয়ে দিলেন নির্মলা। ফলে, ভারতের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীরাই সবচেয়ে বেশি করে শেয়ার বেচেছেন মোদী সরকার দ্বিতীয় বার ক্ষমতাসীন হওয়ার পর।
চা, বস্ত্রের পর এবার চাপে তামাক শিল্প, হাহাকার করছেন গুজরাটের ব্যাবসায়ীরা-দৈনিক সংবাদ প্রতিদিন
চাঁদ, অসম, কাশ্মীর নিয়ে এখন নিতান্তই চিন্তিত প্রধানমন্ত্রী। তাই সারা দেশ তো দূর অস্ত, তাঁর নিজের রাজ্যের বেহাল অর্থনৈতিক দশা তাঁর চোখে পড়ছে না। এককালে গুজরাটের শিল্পবান্ধব পরিবেশ এবং শিল্পোন্নতি নিয়ে বড়াই করতেন মোদি। শিল্পের রমরমায় গুজরাটের ভোলবদলই তাঁর প্রধানমন্ত্রীত্বের পথ সুগম করেছিল। অথচ এখন সেই গুজরাটেরই একাধিক শিল্প অর্থাভাবে ধুঁকছে। বস্ত্র এবং চা ব্যবসায়ী সংগঠন আগেই মোদির কাছে আর্থিক সহায়তার আবেদন করেছিল এই দুই শিল্পের পুনরুজ্জীবনের জন্য। এবার গুজরাটের তামাক শিল্পের তিনটি সংগঠনও আর্থিক সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর দ্বারস্থ হল। গুজরাট তামাক ব্যবসায়ী সংগঠন এবং গুজরাট তামাকচাষি ও ব্যবসায়ী সংগঠন এই শিল্পকে বাঁচাতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে সব কটি জাতীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে। চিঠিতে সংগঠন লিখেছে, আগে থেকেই তামাকচাষি এবং ব্যবসায়ীরা আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার উপর যদি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ই–সিগারেটে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে অধ্যাদেশ আনে সেটা তাঁদের পক্ষে আরও বিপজ্জনক হয়ে উঠবে।
ল্যান্ডার বিক্রমকে নিয়ে পুলিশের মর্মস্পর্শী টুইট মন কাড়ছে সোশ্যাল মিডিয়ার-দৈনিক সংবাদ প্রতিদিন
পথচারীদের সচেতন করতে নানা পন্থা অবলম্বন করে ট্রাফিক পুলিশ। আমজনতাকে ট্রাফিক আইনের বিষয়ে সতর্ক করতে বর্তমানে পুলিশের বড় হাতিয়ার সোশ্যাল মিডিয়া। তবে এবার একটু অন্যরকমভাবে ধরা দিল নাগপুর পুলিশ। সচেতনতার উদ্দেশে নয়, বরং টুইট করে নিয়মভঙ্গের সমর্থন করল তারা।
নাগপুর পুলিশের করা টুইটটি সোশ্যাল মিডিয়ার মন জয় করেছে। কিন্তু নিয়ম ভাঙাকে কেন সমর্থন করল তারা? আসলে এই টুইট, সাধারণ মানুষের জন্য নয়। করা হয়েছে চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের জন্য। চাঁদের অন্ধকার দিকের হদিশ পেতে গিয়ে যে নিজেই নিখোঁজ হয়ে গিয়েছিল। তবে একদিন পরই তার খোঁজ পায় ইসরো। কিন্তু বিক্রমের সঙ্গে কোনওরকম সংযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না। ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ অনলস প্রয়াস করে চলেছেন করার ইসরোর বিজ্ঞানীরা। এই পরিপ্রেক্ষিতেই একটি মর্মস্পর্শী টুইট করেছে নাগপুর পুলিশ। লিখেছে, “প্রিয় বিক্রম, দয়া করে সাড়া দাও। সিগন্যাল ভাঙার জন্য তোমাকে জরিমানা করা হবে না। চালানও কাটা হবে না।” এই পোস্টই এখন নেটদুনিয়ায় ভাইরাল। নাগপুর পুলিশের এমন ‘মিষ্টি’ টুইট প্রশংসা কুড়োচ্ছে নেটিজেনদের।#
পার্সটুডে/বাবুল আখতার/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ